সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০১:১২ পি.এম
দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন, চাঁদা দাবি এবং গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। সোমবার দুপুর ২টার দিকে টঙ্গী সেনাকল্যাণ কমার্সিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাকে অপহরণ করা হয়।
সন্ত্রাসীরা তাকে হাজী মাজার বস্তির একটি নির্জন স্থানে নিয়ে জবাই করার প্রস্তুতি নিতে গেলে তিনি তাদের কাছে সন্তানদের দোহাই দিয়ে প্রাণভিক্ষা চান। নির্যাতনের পর তাকে উলঙ্গ করে এক নারীর সাথে অশ্লীল ভিডিও ধারণ করে রাখে সন্ত্রাসীরা।
ভুক্তভোগী সাংবাদিক মহিন উদ্দিন রিপন জানান, সোমবার দুপুর ২টার দিকে সংবাদ সংগ্রহের কাজে টঙ্গী সেনাকল্যাণ কমার্সিয়াল কমপ্লেক্সের সামনে শাহ সিমেন্টের অফিসে যান। অফিসের জেনারেল ম্যানেজার আসিফ মাহমুদের সঙ্গে কাজ শেষ করে বের হওয়ার সময় মোটরসাইকেলসহ প্রায় ১০০ জন অজ্ঞাত সন্ত্রাসী তার চোখ-মুখ বেঁধে জোরপূর্বক একটি অজ্ঞাতস্থানে তুলে নিয়ে গাছের সাথে বেঁধে রাখে। সেখানে সন্ত্রাসীরা তাকে 'মিলাদ দেয়ার' (জবাই করার) প্রস্তুতি নেয়।
এসময় তিনি তাদের কাছে সন্তানদের দোহাই দিয়ে প্রাণ ভিক্ষা চান। পরে সন্ত্রাসীরা তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে, অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেয়। সন্ত্রাসীরা তার শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং মাদকের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ না করার হুমকি দেয়।
একপর্যায়ে, তাকে আরেকটি নির্জন কক্ষে নিয়ে আগে থেকেই প্রস্তুত রাখা এক নারীর সঙ্গে জোরপূর্বক উলঙ্গ করে বিভিন্ন ধরনের আপত্তিকর ও নগ্ন ভিডিও ধারণ করা হয়।
সন্ত্রাসীরা হুমকি দেয়, ভবিষ্যতে হাজীর মাজার বস্তির মাদক ও সন্ত্রাস নিয়ে কোনো ফেসবুক লাইভ বা সংবাদ প্রকাশ করা হলে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। প্রায় দুই ঘণ্টা নির্যাতনের পর তিনি জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা তাকে একটি অজ্ঞাতস্থানে ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার জ্ঞান ফিরে আসে।
এ বিষয়ে শাহ সিমেন্টের জেনারেল ম্যানেজার আসিফ মাহমুদ জানান, তিনি (সাংবাদিক রিপন) আমার সাথে অবস্থানকালে একদল অপরিচিত লোক তাকে জোরপূর্বক অজ্ঞাতস্থানে তুলে নিয়ে যায়। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় নিলখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি তাইজুল ইসলামকে স্থানীয়রা হাতেনাতে আটক করার দাবি করেছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর প্রভাবশালী কয়েকজন নেতার সহযোগিতায় ওই নারীকে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে তাইজুল ইসলামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুর রহমান মিয়াজীর সন্তান।
স্থানীয়রা দাবি করেন, ঘটনার সময় তাঁকে এক নারীর সঙ্গে কক্ষের ভেতরে আপত্তিকর অবস্থায় দেখে তাঁরা আটক করেন। পরে তিনি সেখান থেকে পালিয়ে যান। সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে ঘটনার ভিডিওটি ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে নারীদের পানিপড়া ও ঝাড়ফুঁকের মাধ্যমে কথিত চিকিৎসা দিতেন তাইজুল ইসলাম।
এভাবে নারীদের প্রভাবিত করে তাঁদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর সরদার বলেন, “চিকিৎসার কথা বলে নারীদের বাসায় এনে অনৈতিক কর্মকাণ্ড করেন তিনি। বাধা দিতে গেলে তাঁকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিতেন। এ ধরনের অপরাধের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি হওয়া প্রয়োজন।”
এদিকে, ঘটনার পর প্রভাবশালী কয়েকজন নেতার সহায়তায় ওই নারীকে সেখান থেকে চলে যেতে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযুক্ত তাইজুল ইসলামের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনায়েত হোসেন বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তাঁর বিরুদ্ধে অপরাধের বিষয়টি প্রমাণিত হলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
শিবচর থানার পরিদর্শক রাকিবুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে এবং ভিডিও পর্যালোচনা করেছে। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেননি। নিরাপত্তা চেয়ে মসজিদের ইমাম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে ঘটে যাওয়া বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা করা হলেও পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। অভিযোগ উঠেছে যে, মামলার আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং বাদী পক্ষকে হুমকি দিচ্ছেন। ভুক্তভোগীর পরিবার চরম নিরাপত্তাহীনতা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছে, কারণ আসামিরা স্বাভাবিকভাবে চলাফেরা করছে এবং পুলিশ তাদের গ্রেফতার করছে না।
গত ২৩ শে অক্টোবর বিকেলে, ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে ইউপি সদস্য ইলিয়াস প্রধানের নেতৃত্বে সংঘটিত হামলায় অন্তঃসত্তা নারীসহ ৭ জন আহত হন। এই ঘটনায় ২৪ অক্টোবর গজারিয়া থানায় বাবুল হোসেন নামের ভুক্তভোগী ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার অধিকাংশ আসামী এলাকায় অবস্থান করে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে।
মামলার অন্যতম আসামী ইলিয়াস প্রধান মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে বসে অফিসিয়াল কাজকর্ম চালিয়ে যান। এদিকে, আলোচিত আসামী রিফাত ও জিওনের নেতৃত্বে ১৫/২০ সদস্যের একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। তারা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আসামিদের এই দাপটের কারণে স্থানীয় সাধারণ মানুষ ও মামলার বাদীপক্ষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী বাবুল হোসেন হতাশা প্রকাশ করে বলেন, "ঘটনার পর থানায় মামলা করেছি। পুলিশ আমাদের আসামিদের গ্রেফতার আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনও কেউ আটক হয়নি। আসামিরা এলাকায় প্রকাশ্য ঘোরাফেরা করছে এবং আমাদের প্রকাশ্য হুমকি দিচ্ছে। আমরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।" গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকিব আকরাম হোসেন বলেন, "মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। আশা করছি অচিরেই তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পুরাতন সংলগ্ন পদ্মা সেতুর ৪ নাম্বার পিলারের কাছে গোসল করতে গিয়ে ২ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটকদের মধ্যে রয়েছেন ঢাকার খিলগাঁও এলাকার মো. মারুফ (৪০) এবং পটুয়াখালীর মো. রাসেল (৩৫)। উভয়েই শরীফ ল্যান্ডমার্ক লিমিটেড নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার শরীফ ল্যান্ড মার্ক লিমিটেডের (৪২২/সি) ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব আলম (৫০) এবং চেয়ারম্যান মাকসুদা আক্তারের (৪৫) নেতৃত্বে অফিসের ৮ জন কর্মী দুপুর ১টার দিকে মাওয়া পদ্মা সেতু এলাকায় ঘুরতে আসেন। দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন রাহাত (৩০), আবিদা আক্তার (২২), জুলেখা (১৬), বাবুল হোসেন (৪৫), শাকিল (২২), রাসেল (৪০) এবং মারুফ (২২)। ঘোরাঘুরির একপর্যায়ে দলটি চরের পথ ধরে হেঁটে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের কাছে পৌঁছায় এবং সবাই একসঙ্গে নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে পানির তীব্র স্রোতে পড়ে রাসেল ও মারুফ তলিয়ে যান এবং নিখোঁজ হয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওয়া নৌ পুলিশ ও মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার সাথে সাথে দুর্ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে পদ্মার বিভিন্ন পয়েন্টে জোর তৎপরতা চালানো হচ্ছে। উদ্ধার অভিযান শেষ হলে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে নৌ পুলিশ।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে প্রতিষ্ঠানটির আটজন কর্মী একসঙ্গে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪ নম্বর পিলারসংলগ্ন নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে নদীর তীব্র স্রোত ও গভীরতার কারণে তাঁদের মধ্যে দুজন তলিয়ে যান। এ সময় সঙ্গে থাকা অন্য ছয়জন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও মারুফ ও রাসেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুপুর ২টা ২০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করে। তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টামেক হাসপাতালের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, চিকিৎসাসেবার মান উন্নত করার জন্য এবং রোগীদের স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, চিকিৎসকদের অবহেলায় কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীলতা প্রয়োজন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ (টামেক) হাসপাতালের সম্মেলনকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, টাঙ্গাইলের প্রায় ৫০ লাখ মানুষের চিকিৎসার জন্য জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালই প্রধান ভরসা। ঢাকার সমমানের চিকিৎসাসেবা পাওয়ার আশায় মানুষ এ হাসপাতালের ওপর আস্থা রাখছে, যা অত্যন্ত ইতিবাচক। এই আস্থা ধরে রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং যার যার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি হাসপাতালের বিদ্যমান জনবল সংকট দ্রুত দূর করার আশ্বাসও দেন।
উচ্চপর্যায়ের এই সমন্বয় সভায় হাসপাতালের চিকিৎসক ও স্টাফ সংকট দূরীকরণ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, প্যাথলজিক্যাল পরীক্ষার মানোন্নয়ন, ওয়ার্ডের পরিবেশ ও খাবারের মান বৃদ্ধি এবং চিকিৎসকদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে তাগিদ দেওয়া হয়। এছাড়া হাসপাতাল থেকে দালালচক্রের দৌরাত্ম্য নির্মূল, প্রধান ফটকের অবৈধ দোকান উচ্ছেদ, টয়লেটের পরিচ্ছন্নতা, দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, ফরেনসিক বিভাগ চালু এবং অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন নিয়ে বিশদ আলোচনা করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্যে হাসপাতালের সার্বিক চিত্র ও উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস। টামেক হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফখরুল আমিন বাদলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) সভাপতি ডা. আব্দুল মতিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ