ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালো, পুলিশ নীরব ভূমিকা পালন করছে


মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালো, পুলিশ নীরব ভূমিকা পালন করছে

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে ঘটে যাওয়া বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা করা হলেও পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। অভিযোগ উঠেছে যে, মামলার আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং বাদী পক্ষকে হুমকি দিচ্ছেন। ভুক্তভোগীর পরিবার চরম নিরাপত্তাহীনতা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছে, কারণ আসামিরা স্বাভাবিকভাবে চলাফেরা করছে এবং পুলিশ তাদের গ্রেফতার করছে না।

গত ২৩ শে অক্টোবর বিকেলে, ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে ইউপি সদস্য ইলিয়াস প্রধানের নেতৃত্বে সংঘটিত হামলায় অন্তঃসত্তা নারীসহ ৭ জন আহত হন। এই ঘটনায় ২৪ অক্টোবর গজারিয়া থানায় বাবুল হোসেন নামের ভুক্তভোগী ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার অধিকাংশ আসামী এলাকায় অবস্থান করে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে।

মামলার অন্যতম আসামী ইলিয়াস প্রধান মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে বসে অফিসিয়াল কাজকর্ম চালিয়ে যান। এদিকে, আলোচিত আসামী রিফাত ও জিওনের নেতৃত্বে ১৫/২০ সদস্যের একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। তারা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আসামিদের এই দাপটের কারণে স্থানীয় সাধারণ মানুষ ও মামলার বাদীপক্ষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত

এ বিষয়ে মামলার বাদী বাবুল হোসেন হতাশা প্রকাশ করে বলেন, "ঘটনার পর থানায় মামলা করেছি। পুলিশ আমাদের আসামিদের গ্রেফতার আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনও কেউ আটক হয়নি। আসামিরা এলাকায় প্রকাশ্য ঘোরাফেরা করছে এবং আমাদের প্রকাশ্য হুমকি দিচ্ছে। আমরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।" গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকিব আকরাম হোসেন বলেন, "মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। আশা করছি অচিরেই তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পদ্মা সেতুর ৪ নাম্বার পিলারের কাছে

লৌহজংয়ে গোসল করতে নেমে ঢাকার ২ পর্যটক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


লৌহজংয়ে গোসল করতে নেমে ঢাকার ২ পর্যটক নিখোঁজ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পুরাতন সংলগ্ন পদ্মা সেতুর ৪ নাম্বার পিলারের কাছে গোসল করতে গিয়ে ২ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটকদের মধ্যে রয়েছেন ঢাকার খিলগাঁও এলাকার মো. মারুফ (৪০) এবং পটুয়াখালীর মো. রাসেল (৩৫)। উভয়েই শরীফ ল্যান্ডমার্ক লিমিটেড নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার শরীফ ল্যান্ড মার্ক লিমিটেডের (৪২২/সি) ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব আলম (৫০) এবং চেয়ারম্যান মাকসুদা আক্তারের (৪৫) নেতৃত্বে অফিসের ৮ জন কর্মী দুপুর ১টার দিকে মাওয়া পদ্মা সেতু এলাকায় ঘুরতে আসেন। দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন রাহাত (৩০), আবিদা আক্তার (২২), জুলেখা (১৬), বাবুল হোসেন (৪৫), শাকিল (২২), রাসেল (৪০) এবং মারুফ (২২)। ঘোরাঘুরির একপর্যায়ে দলটি চরের পথ ধরে হেঁটে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের কাছে পৌঁছায় এবং সবাই একসঙ্গে নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে পানির তীব্র স্রোতে পড়ে রাসেল ও মারুফ তলিয়ে যান এবং নিখোঁজ হয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওয়া নৌ পুলিশ ও মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার সাথে সাথে দুর্ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে পদ্মার বিভিন্ন পয়েন্টে জোর তৎপরতা চালানো হচ্ছে। উদ্ধার অভিযান শেষ হলে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে নৌ পুলিশ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে প্রতিষ্ঠানটির আটজন কর্মী একসঙ্গে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪ নম্বর পিলারসংলগ্ন নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে নদীর তীব্র স্রোত ও গভীরতার কারণে তাঁদের মধ্যে দুজন তলিয়ে যান। এ সময় সঙ্গে থাকা অন্য ছয়জন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও মারুফ ও রাসেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুপুর ২টা ২০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করে। তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টামেক হাসপাতালে স্বচ্ছ অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


টামেক হাসপাতালে স্বচ্ছ অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টামেক হাসপাতালের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, চিকিৎসাসেবার মান উন্নত করার জন্য এবং রোগীদের স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, চিকিৎসকদের অবহেলায় কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীলতা প্রয়োজন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ (টামেক) হাসপাতালের সম্মেলনকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, টাঙ্গাইলের প্রায় ৫০ লাখ মানুষের চিকিৎসার জন্য জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালই প্রধান ভরসা। ঢাকার সমমানের চিকিৎসাসেবা পাওয়ার আশায় মানুষ এ হাসপাতালের ওপর আস্থা রাখছে, যা অত্যন্ত ইতিবাচক। এই আস্থা ধরে রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং যার যার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি হাসপাতালের বিদ্যমান জনবল সংকট দ্রুত দূর করার আশ্বাসও দেন।

উচ্চপর্যায়ের এই সমন্বয় সভায় হাসপাতালের চিকিৎসক ও স্টাফ সংকট দূরীকরণ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, প্যাথলজিক্যাল পরীক্ষার মানোন্নয়ন, ওয়ার্ডের পরিবেশ ও খাবারের মান বৃদ্ধি এবং চিকিৎসকদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে তাগিদ দেওয়া হয়। এছাড়া হাসপাতাল থেকে দালালচক্রের দৌরাত্ম্য নির্মূল, প্রধান ফটকের অবৈধ দোকান উচ্ছেদ, টয়লেটের পরিচ্ছন্নতা, দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, ফরেনসিক বিভাগ চালু এবং অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন নিয়ে বিশদ আলোচনা করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্যে হাসপাতালের সার্বিক চিত্র ও উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস। টামেক হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফখরুল আমিন বাদলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) সভাপতি ডা. আব্দুল মতিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা দেশে ফিরলে বেআইনি পরিস্থিতির শিকার হবেন না: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


শেখ হাসিনা দেশে ফিরলে বেআইনি পরিস্থিতির শিকার হবেন না: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়া চলমান থাকবে এবং ন্যায়বিচারের মাধ্যমে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেছেন, তিনি দেশে ফিরলে বিচারের মুখোমুখি হবেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেশে আসার পর আইনগত প্রক্রিয়ায় যা হওয়ার, তা-ই হবে। তাকে কোনো ধরনের বেআইনি পরিস্থিতির সম্মুখীন হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, “আমরা যাকে চাই, তিনি আসলেন, আপনি হ্যাপি? আমাদের তাহলে ধরে-বেঁধে আনতে হলো না। উনি আসলেন, উনি বিচারের মুখোমুখি হবেন। উনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। উনি আসার পর লিগ্যাল প্রসেসে যা যা হওয়ার, তাই হবে।”

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে নির্দিষ্ট সময়সীমা না দেওয়ার পক্ষে উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে বারবার আলোচনা হলে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলতে থাকবে।

এ প্রসঙ্গে তিনি ডিসেম্বর ও পরবর্তী জুন মাসের উদাহরণ দেন। তার বক্তব্য, যদি শেখ হাসিনা কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফিরতে না পারেন, তবে নতুন সময়সীমা নিয়ে আলোচনা শুরু হবে। এভাবে একই বিষয় নিয়ে বারবার জল্পনা চলতে থাকবে।

শেখ হাসিনার নিরাপত্তা ও বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে তিনি আবারও বলেন, দেশে ফিরলে তাকে মবের মুখোমুখি হতে হবে না কিংবা কোনো বেআইনি পরিস্থিতির শিকার হতে হবে না। তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়টি ন্যায়বিচারের মাধ্যমেই হবে।

এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের উদাহরণ টেনে জাহেদ উর রহমান বলেন, নব্বইয়ের পর এরশাদ দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি মন্ত্রিসহ দেশে ছিলেন, জেলে থেকেছেন এবং পাঁচটি আসনে জয়ীও হয়েছেন। তার দলের ৩৫টি আসন ছিল।

কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের (সিপিবি) কার্যালয়ে হামলাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ার আগে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, অপরাধ প্রতিরোধে সরকারের বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। অনেক ঘটনা আগেই প্রতিরোধ করা হয়, যেগুলোর বিষয়ে সাধারণ মানুষ জানেন না।

তিনি বলেন, পুলিশের এমন একটি সংস্থা রয়েছে, যা আগাম অপরাধের সম্ভাবনা শনাক্ত করতে পারে। ওই সংস্থার প্রতিবেদন ও তথ্যের ভিত্তিতে অনেক অপরাধ সংঘটিত হওয়ার আগেই ঠেকানো সম্ভব হয়।

দেশের অর্থনীতিসহ বিভিন্ন ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, এই সময়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তবে এসব ঘটনায় সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অনুমান না করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে সফরের সময় নিয়ে অনুমাননির্ভর আলোচনা না করাই ভালো।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী কবে ভারতে যাবেন, এ রকম কোনো কথা সরকারি দিক থেকে অফিশিয়ালি হয়নি। সুতরাং এটা নিয়ে আমাদের আসলে স্পেকুলেট না করাই ভালো হবে।”

ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সাংবাদিক ও ক্রসফায়ার-সংক্রান্ত বক্তব্য নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। আইজিপি আগের অবস্থান থেকে সরে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়টি নিয়ে তার প্রতি যেন অবিচার করা না হয়। তবে আইজিপির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে তা প্রধানমন্ত্রীর এখতিয়ার।

একজন মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা। ঘটনার সঙ্গে একটি রাজনৈতিক দলের জড়িত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এর পরিণতি ওই দলকে ভোগ করতে হবে।

জাহেদ উর রহমান বলেন, একজন মানুষ মারা যাওয়ার পর তার মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ কেউ পছন্দ করেন না। যারা এমন কাজ করেন, শেষ পর্যন্ত তারা সমাজে নিন্দিত হবেন। এ ধরনের কর্মকাণ্ডের জন্য তারা জনসমর্থনও পাবেন না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে রাজধানী ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এই ঘটনা ঘটে। সচিবালয়, বাংলাদেশ ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়। পরে বেলা আড়াইটার দিকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ফিরতে শুরু করে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অধিকাংশ এলাকার সংযোগ স্বাভাবিক করা হয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মহাখালী, মগবাজার, বনশ্রী ও খিলগাঁও এলাকাতেও বিদ্যুৎ ছিল না। একই সময়ে চট্টগ্রামের একাংশ এবং নরসিংদীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।

তবে জাতীয় গ্রিডে ঠিক কী ধরনের ত্রুটি দেখা দিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পরপরই পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট প্রকৌশলীরা কাজ শুরু করেন।

ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, জাতীয় গ্রিডের ব্যবস্থা পুনরুদ্ধার করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে। ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের উদ্যোগ নেন।

বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে অধিকাংশ এলাকার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত সরবরাহ নিশ্চিত করার আশা করা হচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম জানিয়েছেন, গ্রিড মেরামতের কাজ চলছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ছিল।

বিদ্যুৎ না থাকায় ট্রাইব্যুনালের বিচারকাজ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রমেও। বিদ্যুৎ না থাকায় ট্রাইব্যুনালের বিচারকাজ ব্যাহত হয়। প্রায় আধঘণ্টা অপেক্ষার পরও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় সেদিনের মতো বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, "বিদ্যুৎ না থাকার কারণে এর আগে কখনো ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ হয়েছিল কি না, তা তাঁর মনে পড়ছে না।"

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ সরকারি ও আর্থিক কার্যক্রমে বিঘ্ন ঘটে।

চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম ছিল ২৯৮ মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৬০১ মেগাওয়াট। ওই সময় উৎপাদন হয়েছিল ১৪ হাজার ৩০৩ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার তুলনায় উৎপাদন কম ছিল ২৯৮ মেগাওয়াট।

তবে বিদ্যুতের এই ঘাটতির সঙ্গে জাতীয় গ্রিডের বিপর্যয়ের কোনো সম্পর্ক ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারাও তাৎক্ষণিকভাবে বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি।

আগেও বড় বিপর্যয়ে বিদ্যুৎহীন হয়েছিল দেশের বড় অংশ। বাংলাদেশে এর আগেও জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। ২০২২ সালের ৪ অক্টোবর বেলা ২টা ৫ মিনিটে পূর্বাঞ্চলীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বড় একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিভিন্ন এলাকায় তিন থেকে আট ঘণ্টার মধ্যে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

এর আগে ২০১৪ সালের ১ নভেম্বর জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে সারা দেশে প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

মঙ্গলবারের বিপর্যয়ের পরও সংশ্লিষ্ট প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ চালিয়ে যান। তবে ঠিক কী কারণে এবার গ্রিডে বিপর্যয় ঘটেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%