প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে ঘটে যাওয়া বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা করা হলেও পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। অভিযোগ উঠেছে যে, মামলার আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং বাদী পক্ষকে হুমকি দিচ্ছেন। ভুক্তভোগীর পরিবার চরম নিরাপত্তাহীনতা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছে, কারণ আসামিরা স্বাভাবিকভাবে চলাফেরা করছে এবং পুলিশ তাদের গ্রেফতার করছে না।
গত ২৩ শে অক্টোবর বিকেলে, ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে ইউপি সদস্য ইলিয়াস প্রধানের নেতৃত্বে সংঘটিত হামলায় অন্তঃসত্তা নারীসহ ৭ জন আহত হন। এই ঘটনায় ২৪ অক্টোবর গজারিয়া থানায় বাবুল হোসেন নামের ভুক্তভোগী ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার অধিকাংশ আসামী এলাকায় অবস্থান করে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে।
মামলার অন্যতম আসামী ইলিয়াস প্রধান মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে বসে অফিসিয়াল কাজকর্ম চালিয়ে যান। এদিকে, আলোচিত আসামী রিফাত ও জিওনের নেতৃত্বে ১৫/২০ সদস্যের একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। তারা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আসামিদের এই দাপটের কারণে স্থানীয় সাধারণ মানুষ ও মামলার বাদীপক্ষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী বাবুল হোসেন হতাশা প্রকাশ করে বলেন, "ঘটনার পর থানায় মামলা করেছি। পুলিশ আমাদের আসামিদের গ্রেফতার আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনও কেউ আটক হয়নি। আসামিরা এলাকায় প্রকাশ্য ঘোরাফেরা করছে এবং আমাদের প্রকাশ্য হুমকি দিচ্ছে। আমরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।" গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকিব আকরাম হোসেন বলেন, "মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। আশা করছি অচিরেই তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন