০৭:৩৬ পি.এম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি অটোরিকশার গ্যারেজে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গ্যারেজের মালিকের অভিযোগ অনুযায়ী, ডাকাতরা নৈশপ্রহরী ও এক গাড়িচালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৯২টি ব্যাটারি, চার্জার এবং একটি থ্রি-হুইলার অটোরিকশা লুট করে নিয়ে গেছে। এ সময় গ্যারেজে উপস্থিত দুইজনের হাত, পা ও মুখ বেঁধে ফেলে ডাকাতদল।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি পশ্চিমপাড়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্যারেজের মালিক মো. মাহবুবুর রহমান (৩৬) অজ্ঞাতনামা ১০-১২ জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বাদী মাহবুবুর রহমান উল্লেখ করেন, জালকুঁড়ি পশ্চিমপাড়া এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলারের গ্যারেজ রয়েছে। ওই গ্যারেজে এলাকার ১৫-২০ জন চালক ভাড়ায় গাড়ি নিয়ে জীবিকা নির্বাহ করেন। গ্যারেজের নিরাপত্তা ও দেখাশোনার জন্য রাতে সেখানে মালিকের বাবা অবস্থান করতেন।
আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত
অভিযোগে বলা হয়েছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে অধিকাংশ গাড়ি গ্যারেজে জমা হলেও একটি গাড়ি ফিরতে দেরি হওয়ায় ওই গাড়ি বুঝে নেয়ার জন্য মালিকের বাবা গ্যারেজে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন। পরে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত গ্যারেজের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে ছিল ছুরি, চাপাতি, রামদা সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে গ্যারেজে থাকা মালিকের বাবা ও এক গাড়িচালককে জিম্মি করে তাদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
পরে ডাকাতরা গ্যারেজে থাকা ২৩টি অটোরিকশার মোট ৯২টি ব্যাটারি ও চার্জার খুলে একটি পিকআপ গাড়িতে তুলে নেয়। একই সঙ্গে বড় একটি থ্রি-হুইলার অটোরিকশাও গাড়িতে তুলে নেয়। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাকাতদল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন