ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
সংসদে অর্থমন্ত্রী

সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় হবে করমুক্ত


সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় হবে করমুক্ত

তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্যমকে উৎসাহিত করার পাশাপাশি উদ্ভাবনী প্রযুক্তির বিকাশে সহায়তা করার উদ্দেশ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে, স্টার্টআপ প্রতিষ্ঠান, কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সদের জন্য সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাটের সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হচ্ছে। তিনি আরও বলেন, স্টার্টআপ প্রতিষ্ঠান কর্তৃক সেবা আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট এবং স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাটের সম্পূর্ণরূপে অব্যাহতির প্রস্তাব রয়েছে। এই অব্যাহতির মেয়াদ ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা

এছাড়া, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের প্রদত্ত সেবার উপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাবও সংসদে তুলে ধরেন তিনি।

এদিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আর্থিক সংকটে থাকা আটটি বিমা কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে।

নাজমুন নাহার জানতে চান, যেসব জীবন বিমা কোম্পানি বছরের পর বছর গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে মেয়াদোত্তর বিমা দাবি পরিশোধ করছে না, সেসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের জন্য সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে অর্থমন্ত্রী জানান, দেশে রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা করপোরেশন ও জীবন বিমা করপোরেশনসহ মোট ৮২টি লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে দুর্বল আর্থিক অবস্থা ও নিম্নমানের কার্যক্ষমতার কারণে আটটি বিমা কোম্পানির বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?

তিনি বলেন, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে এসব সমস্যাগ্রস্ত কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে ইতোমধ্যে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে।

দাবি পরিশোধ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দক্ষ ও নিরপেক্ষ অডিট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পৃথক ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে গ্রাহকদের পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমি দখলের অভিযোগে অসুস্থ বৃদ্ধার সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


জমি দখলের অভিযোগে অসুস্থ বৃদ্ধার সংবাদ সম্মেলন

৮০ বছর বয়সী শয্যাশায়ী আমেনা বেগমের দিন কাটছে বয়সের ভার ও অসুস্থতার সঙ্গে লড়াই করে। চিকিৎসার খরচ ঠিকমতো জুটছে না তার। জীবনের শেষ সময়ে এসে নিজের শেষ সম্বলটুকু নিয়েও তিনি অনিশ্চয়তায় পড়েছেন।

অভিযোগ উঠেছে, স্থানীয় এক ব্যক্তি সোলাইমান হোসাইন আমেনা বেগমের পৈতৃক ১০ শতাংশ জমি দখল করে রেখেছেন। জমি ফিরে পেতে তিনি বিছানায় বসেই সংবাদ সম্মেলন করেছেন। একই দাবিতে মানববন্ধন করেছেন তার সন্তান ও প্রতিবেশীরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর জেলা সদরের কৈজুরী ইউনিয়নের চর মঙ্গলকোর্ট গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমেনা বেগম মৃত আবুল হোসেন প্রামাণিকের স্ত্রী। তার দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। সংবাদ সম্মেলনে দুই ছেলে কাউছার প্রামাণিক (৬০), সেলিম প্রামাণিক (৫০) এবং মেয়ে খাদিজা বেগম (৪৫) সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, আমেনা বেগমের বাবার বাড়ি পাশের গেরদা ইউনিয়নের নিখুরদি গ্রামে। বাবার কাছ থেকে পৈতৃক সম্পত্তি হিসেবে ১০ শতাংশ জমি পেয়েছিলেন তিনি। কিন্তু প্রায় ১০ বছর ধরে ওই জমি দখল করে রেখেছেন নিখুরদি গ্রামের অ্যাডভোকেট সোলাইমান হোসাইন। জমি ফিরে পেতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বৃদ্ধার সন্তানরা।

আমেনা বেগম অভিযোগ করে বলেন, “আমি কোনোদিন জমি সোলাইমানের কাছে বেচি নাই (বিক্রি করি নাই)। ও আমার জমি দখল করছে। আজ ১০ বছর ধইর‌্যা ও খাইতেছে, আমার ছাওয়ালগো জমিতে যাবারও দেয় না, খালি ভেজাল করে সোলাইমান।”

মানববন্ধনে বৃদ্ধার ছেলে কাউছার প্রামাণিক অভিযোগ করেন, “আমার মায়ের পৈতৃক ১০ শতাংশ জমির সঙ্গে সোলাইমানের কোনো সম্পর্ক বা ওয়ারিশও নেই। আমার মায়ের নামে রেকর্ডকৃত সম্পত্তি। অথচ ক্ষমতার দাপটে দখল করে বর্তমানে মাসুদ চোকদার নামে অন্য এক ব্যক্তির কাছে ৬০ হাজার টাকায় বন্ধক রেখেছে সোলাইমান।”

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় জিয়াউল আহসানের বিচার ভার্চুয়ালি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় জিয়াউল আহসানের বিচার ভার্চুয়ালি

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার এখন থেকে কারাগারে রেখে ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সোমবার (১৬ নভেম্বর) শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করে। আদালত জানিয়েছে, কোনো আসামি অসুস্থ থাকলেও তাকে ভার্চুয়ালি হাজির করতে হবে।

প্রসিকিউশনের আবেদনের বিষয়টি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে বলে জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম। তিনি বলেন, "প্রসিকিউশনের পক্ষ থেকে শাপলা চত্বর মামলায় জিয়াউল আহসানকে ভার্চুয়ালি হাজির করানোর আবেদন করেছিলাম। শুনানি শেষে ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছে। এখন থেকে শাপলা চত্বর গণহত্যার মামলায় জিয়াউল আহসানকে জেলখানায় রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করা হবে।"

তিনি আরও বলেন, "এটি শুধু জিয়াউল আহসানের ক্ষেত্রে নয়। আদেশে বলা আছে এ মামলার যে কোনো আসামী যদি দীর্ঘদিন অসুস্থ থাকে বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, তাহলে সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্যক্রমে অংশ নিতে পারবে। এখন থেকে শাপলা চত্বর মামলায় জিয়াউল আহসানকে ভার্চুয়ালি হাজির করা হবে। অন্য কোনো আসামি আসতে না চাইলে, দীর্ঘ সময় অনুপস্থিত থাকলে বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তার ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।"

এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ বিষয়ে ট্রাইব্যুনালে আবেদন করার কথা জানিয়েছিলেন।

আমিনুল ইসলাম তখন বলেছিলেন, "জিয়াউল আহসান যেসব মামলার আসামি, সেসব মামলার কার্যক্রমে তিনি ও তার আইনজীবী বোন বাধার সৃষ্টি করছেন।"

প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, "আজ সকাল থেকে তিনি ট্রাইব্যুনালে আসবেন না। তিনি অভিনয় করছেন। কখনো তিনি অসুস্থ। কখনো কর্তব্যরত পুলিশের সাথে দুর্ব্যবহার করছেন। অবশেষে ওই প্রিজন ভ্যানে করেই জেল কর্তৃপক্ষ তাকে এনেছে। নিরাপত্তার স্বার্থে সব আসামিকে হ্যান্ডকাপ পড়িয়ে এনেছে। কিন্তু এসব নাটকীয়তার কারণে আজ আদালতের কার্যক্রম বিলম্বিত হয়েছে।"

প্রসঙ্গত, শাপলা চত্বর হত্যা মামলায় অন্তর্বর্তী সরকারের সময়ে বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ১১ আসামিকে আজ ট্রাইব্যুনালে আনা হয়। গুম ও হত্যার অভিযোগে বিচার চলছে সাবেক এই সেনা কর্মকর্তার। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে এসে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, "তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে উঠতে হবে।" তিনি জানান, "আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।"

খেলাধুলার প্রসঙ্গে তিনি বলেন, "নতুন কুঁড়ি স্পোর্টসেও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।"

শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "মাতৃভাষার পাশাপাশি প্রত্যেককে আরও একটি ভাষা শিখতে হবে।" তিনি উল্লেখ করেন, "এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এর মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।"

এ সময় ঢাকাকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, খেলাধুলা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, "তোমাদের আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


যাত্রাবাড়ীতে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৪০০ পিস ইয়াবাসহ মো. আতিকুর রহমান (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সোমবার (১৬ নভেম্বর) যাত্রাবাড়ী থানার দক্ষিণ কাজলা এলাকার নয়ানগরে একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

এই অভিযানের তত্ত্বাবধানে ছিলেন ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এবং নেতৃত্বে ছিলেন মতিঝিল সার্কেলের পরিদর্শক মুহম্মদ সাজেদুল আলম।

অভিযান চলাকালে দুইজন নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে ওই বাসার একটি কাঠের আলমারির ড্রয়ার থেকে চারটি স্বচ্ছ জিপারে রাখা ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ এবং দুটি নীল জিপারে রাখা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে গোপন সংবাদের ভিত্তিতে আতিকুর রহমানের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। তিনি আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে আইস ও ইয়াবা এনে ঢাকায় বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহের কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%