ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

নাটোরে ৪৫ বছর বন্ধ গ্যাসকূপ পুনঃখননের দাবি, মন্ত্রীর আশ্বাস


নাটোরে ৪৫ বছর বন্ধ গ্যাসকূপ পুনঃখননের দাবি, মন্ত্রীর আশ্বাস

স্থানীয়রা নাটোরের সিংড়া উপজেলার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা গ্যাসকূপ পুনঃখননের দাবি জানিয়েছে। ৪৬ বছর আগে খনন করা এই কূপ থেকে কিছু খনিজ পদার্থ বের হলেও, জিয়াউর রহমানের মৃত্যুর দুই দিন পর কূপটি বন্ধ করে দেয়া হয়। দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা গ্যাসকূপের জায়গায় এখন অবকাঠামো নির্মাণ করা হয়েছে। তাই এলাকাবাসীর দাবি, দ্রুত পরীক্ষা করে গ্যাসকূপটি পুনরায় চালু করা হোক। জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এ বিষয়ে দ্রুত পুনঃপরীক্ষার কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছেন।

১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্যাসকূপ খননের উদ্যোগ নেন। তিনটি স্থানে পরীক্ষার পর চলনবিলের কান্তানগর-কয়রাবাড়ির এই স্থান থেকে গ্যাস উত্তোলনের জন্য কূপটি স্থাপন করা হয়। ১৯৮১ সালে কূপটি থেকে অপরিশোধিত তেল উত্তোলন শুরু হয়। তবে ওই বছরের মধ্যে জিয়াউর রহমানের মৃত্যুর দুই দিনের মাথায় কূপটি বন্ধ করে দেয়া হয়, পাথরের সাথে হাজার হাজার বস্তা সিমেন্ট দিয়ে। ১৯৮১ সালের পর থেকে খনিজ পদার্থ উত্তোলনের জন্য সরকারের অধিগ্রহণ করা প্রায় ৩ একর জমি দীর্ঘদিন পরিত্যক্ত থাকলেও, বর্তমানে সেগুলো দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ কারণে স্থানীয়রা বর্তমান সরকারের কাছে কূপটি পুনঃখননের দাবি জানাচ্ছেন।

আব্দুর রশিদ জানান, ৮১ সালে এই কূপ থেকে কালো তেল উত্তোলন করা হয়েছিল। তেল উত্তোলন শুরু হওয়ার ২/১ দিনের মধ্যেই অনেক তেল চলনবিলে ছড়িয়ে পড়ে। চলনবিলের যে অংশে তেল ছড়িয়ে পড়েছিল, সে অংশের মাছ মারা গিয়েছিল।

আরও পড়ুন: কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়লো

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর দুই দিন পর ৪টি হেলিকপ্টার প্রথমে আসে। বিদেশি লোকজন কিছু কাজ করে। এরপর শত শত টন সিমেন্ট ও হাজার হাজার বস্তা সিমেন্ট দিয়ে দুই দিন ধরে কূপটি বন্ধ করা হয়।

লেলিন মন্তব্য করেন, যদি জিয়াউর রহমান জীবিত থাকতেন, তাহলে কূপটি বন্ধ হতো না। ৭৯ সালে তিনি কূপ খনন দেখতে এসেছিলেন এবং তখন চলনবিলে ৪ ধরনের খনিজ পদার্থ পাওয়া গেছে বলে জানানো হয়েছিল।

আসমা জানান, তারা খনন করা কূপের জায়গা কিনে কূপের ওপর বাড়ি নির্মাণ করেছেন। তিনি দাবি করেন, এটি সরকারি জায়গা নয়।

জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গ্যাসফিল্ডটি পুনরায় পরীক্ষা করা হবে এবং পরীক্ষার পর পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন: পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের টিকিট ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু

সিংড়ার এই গ্যাস ফিল্ড থেকে খনিজ পদার্থ উত্তোলনের দায়িত্ব দেয়া হয়েছিল রোমানিয়ার একটি কোম্পানিকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের হামলার হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


ইরানের হামলার হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের পক্ষ থেকে প্রাণনাশের কঠোর হুমকি পাওয়ার পর ওয়াশিংটন ডিসির নিজের বিলাসবহুল বাসস্থান ত্যাগ করে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। এই তথ্য মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত মাসের শেষের দিকে সতর্কবার্তা প্রদান করেন। তিনি জানান, মার্কিন নাগরিক ও কর্মকর্তাদের ওপর ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।

গত আগস্ট মাস থেকে ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা অভিযানের মূল নেতৃত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করা এবং কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালি 'হরমুজ' পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে তেহরানকে বাধ্য করা এই অভিযানের অন্যতম উদ্দেশ্য। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েলি হামলার পর থেকে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথটি বন্ধ রয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র এক ইমেইল বার্তায় জানান, "ইরানি শাসকগোষ্ঠীর কোনো হুমকিতেই অর্থমন্ত্রী দমে যাবেন না। তিনি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ পরিচালনা এবং অর্থনৈতিক অবরোধ বজায় রাখতে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, যা ইতিমধ্যেই ইরানের ভঙ্গুর অর্থনীতিকে ধসিয়ে দিচ্ছে।"

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালে বেসেন্টের ১২ দশমিক ৫ মিলিয়ন ডলারের জর্জটাউন ম্যানশনের একটি স্যাটেলাইট ছবি প্রকাশিত হয়। ছবিটি প্রকাশের পর তার সঠিক অবস্থান চিহ্নিত করা সহজ হয়ে পড়ে, যার ফলে তার নিরাপত্তা ঝুঁকি অনেক বেড়ে যায়। পরবর্তীতে সর্বোচ্চ সুরক্ষার সুবিধার্থে তাকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দায়িত্বশীল সংবাদমাধ্যমগুলোর উচিত পাবলিক ফিগারদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা।

তবে ইরানের তরফ থেকে মার্কিন ভূখণ্ডে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা নাগরিকের ওপর হামলার পরিকল্পনার খবর সবসময় অস্বীকার করা হয়ে আসছে। মার্কিন কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক ভূখণ্ডে বড় ধরনের হামলা চালানোর ক্ষমতা ইরানের বর্তমানে অনেকটাই সীমিত।

উল্লেখ্য, সম্প্রতি ইরান ও লেবাননে মার্কিন-ইসরায়েলি হামলায় কয়েক হাজার মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এসব অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ একাধিক শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নিহত হয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জের জলপাইয়ের হাট জমে উঠেছে, দাম ৬০০-১ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


সিরাজগঞ্জের জলপাইয়ের হাট জমে উঠেছে, দাম ৬০০-১ হাজার টাকা

সিরাজগঞ্জে মৌসুমি ফল জলপাইয়ের ভালো ফলন পাওয়ার ফলে স্থানীয় ব্যবসায়ীরা লাভের মুখ দেখছেন। বিভিন্ন আকারের জলপাই প্রতিমণ ৬০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় চাহিদা পূরণের পর পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে এই জলপাই দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি, ফুলকোঁচা, ধলডোপ, ভদ্রঘাট, ঘোড়াচড়া সহ বেশ কিছু গ্রামে বাণিজ্যিকভাবে জলপাই চাষ না হলেও, গ্রামের সড়কের পাশে ও বাড়ির আঙিনায় অসংখ্য জলপাই গাছ দেখা যায়। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। তাই ব্যবসায়ীরা এখন প্রতিদিন গাছ থেকে জলপাই নামাতে ব্যস্ত সময় পার করছেন। মৌসুম শুরুর আগে স্থানীয় ফড়িয়া ব্যবসায়ীরা জলপাই গাছগুলো ১ বছরের জন্য কিনে নেন। প্রতিটি গাছে ৮ থেকে ১০ মণ জলপাই পাওয়া যায়। পরিপক্ক হলে জলপাই গাছ থেকে নামিয়ে বস্তায় ভরে বাগবাটি হাটে নিয়ে আসা হয়।

জলপাই ব্যবসায়ী আব্দুল হামিদ জানান, প্রতি বছর এই মৌসুমে ক্রেতা-বিক্রেতার ভিড়ে বাগবাটির জলপাই হাট জমজমাট হয়ে ওঠে। প্রায় তিন মাস ধরে জলপাই কেনাবেচার জন্য হাটটি প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সরগরম থাকে। তারা প্রথমে গাছ থেকে জলপাই পেরে হাটে নিয়ে আসেন। পরে জলপাইগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হয়।

অন্যদিকে, পাইকারি ব্যবসায়ী আশরাফ আলী বলেন, ধুয়ে প্রস্তুত করা জলপাই বস্তায় চলে যায় দেশের বিভিন্ন জেলায়। আকারভেদে প্রতিমণ জলপাই ৫০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চলতি বছর পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় লাভ খুব একটা হচ্ছে না বলে তিনি জানান।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক আনোয়ার সাদাত বলেন, জলপাইয়ের আবাদ বাড়ানোর পাশাপাশি কৃষকদের বাণিজ্যিকভাবে চাষের জন্য প্রশিক্ষণ ও বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে সিরাজগঞ্জে ১০১ হেক্টর জমিতে জলপাই উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৯০৫ মেট্রিকটন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরার মাহারাত মডেল মাদ্রাসার ২৩তম ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


উত্তরার মাহারাত মডেল মাদ্রাসার ২৩তম ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত মাহারাত মডেল মাদ্রাসার ম্যানেজিং কমিটির ২৩তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে মাদ্রাসার মিলনায়তনে এই সভার সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ডড. মো. নুরুল্লাহ আল মাদানী।

সভায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতি প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার মান ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার উৎকর্ষ সাধন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশ এবং প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

সভায় প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এবং কৌশলগত পয়েন্টে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকা।

বিজিবির পক্ষ থেকে বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ঢাকার মিরপুরে ১ প্লাটুন, সাভার ও হেমায়েতপুর এলাকায় ২ প্লাটুন, জিরানী এলাকায় ২ প্লাটুন, আশুলিয়া এলাকায় ৯ প্লাটুন এবং জামগড়া এলাকায় ২ প্লাটুন মোতায়েন করা হয়েছে। গাজীপুরের চন্দ্রা এলাকায় ১ প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় ২ প্লাটুন, মৌচাক এলাকায় ১ প্লাটুন, আমবাগ-কাটা এলাকায় ১ প্লাটুন, কাশিমপুর এলাকায় ১ প্লাটুন, নাওজোর এলাকায় ১ প্লাটুন, ভোগড়া বাইপাস এলাকায় ১ প্লাটুন, গাছা এলাকায় ১ প্লাটুন এবং সালনা এলাকায় ১ প্লাটুন বিজিবি উপস্থিত রয়েছে। নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় ২ প্লাটুন, জালকুড়ি এলাকায় ২ প্লাটুন, বিসিক শিল্পনগরী এলাকায় ১ প্লাটুন, চাষাড়া মোড়ে ১ প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

এদিকে, বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রয়েছে।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ মোতায়েন ও তৎপরতা অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%