প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিরাজগঞ্জে মৌসুমি ফল জলপাইয়ের ভালো ফলন পাওয়ার ফলে স্থানীয় ব্যবসায়ীরা লাভের মুখ দেখছেন। বিভিন্ন আকারের জলপাই প্রতিমণ ৬০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় চাহিদা পূরণের পর পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে এই জলপাই দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি, ফুলকোঁচা, ধলডোপ, ভদ্রঘাট, ঘোড়াচড়া সহ বেশ কিছু গ্রামে বাণিজ্যিকভাবে জলপাই চাষ না হলেও, গ্রামের সড়কের পাশে ও বাড়ির আঙিনায় অসংখ্য জলপাই গাছ দেখা যায়। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। তাই ব্যবসায়ীরা এখন প্রতিদিন গাছ থেকে জলপাই নামাতে ব্যস্ত সময় পার করছেন। মৌসুম শুরুর আগে স্থানীয় ফড়িয়া ব্যবসায়ীরা জলপাই গাছগুলো ১ বছরের জন্য কিনে নেন। প্রতিটি গাছে ৮ থেকে ১০ মণ জলপাই পাওয়া যায়। পরিপক্ক হলে জলপাই গাছ থেকে নামিয়ে বস্তায় ভরে বাগবাটি হাটে নিয়ে আসা হয়।
জলপাই ব্যবসায়ী আব্দুল হামিদ জানান, প্রতি বছর এই মৌসুমে ক্রেতা-বিক্রেতার ভিড়ে বাগবাটির জলপাই হাট জমজমাট হয়ে ওঠে। প্রায় তিন মাস ধরে জলপাই কেনাবেচার জন্য হাটটি প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সরগরম থাকে। তারা প্রথমে গাছ থেকে জলপাই পেরে হাটে নিয়ে আসেন। পরে জলপাইগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হয়।
অন্যদিকে, পাইকারি ব্যবসায়ী আশরাফ আলী বলেন, ধুয়ে প্রস্তুত করা জলপাই বস্তায় চলে যায় দেশের বিভিন্ন জেলায়। আকারভেদে প্রতিমণ জলপাই ৫০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চলতি বছর পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় লাভ খুব একটা হচ্ছে না বলে তিনি জানান।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক আনোয়ার সাদাত বলেন, জলপাইয়ের আবাদ বাড়ানোর পাশাপাশি কৃষকদের বাণিজ্যিকভাবে চাষের জন্য প্রশিক্ষণ ও বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে সিরাজগঞ্জে ১০১ হেক্টর জমিতে জলপাই উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৯০৫ মেট্রিকটন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন