প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ।
বাঁহাতি এই স্পিনারকে প্রথম টেস্ট চলাকালে দল থেকে ছেড়ে দেওয়ার পর ৫০ ওভারের দলের অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। তবে মহারাজ দ্বিতীয় টেস্টে অংশগ্রহণ করবেন না। দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন সাইমন হারমার।
এদিকে, বাঁহাতি স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুস্বামীকে সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে টেস্ট দলের নিয়মিত বেশিরভাগ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলমান টেস্ট দলের মধ্যে মাত্র তিনজন- অ্যানরিক নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জি ওয়ানডে দলে স্থান পেয়েছেন।
২০২৩ বিশ্বকাপের আগে সর্বশেষ ওয়ানডে খেলা নরকিয়া দ্বিতীয় টেস্টে খেলার জন্য ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, বশ ও ডি জর্জি এখনও চলমান টেস্ট সিরিজে খেলেননি।
বাভুমার পাশাপাশি মার্করাম, ম্যাথিউ ব্রিটজ, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো জানসেনের মতো সাদা বলের ক্রিকেটের প্রতিষ্ঠিত কয়েকজন খেলোয়াড়কেও বিশ্রাম দেওয়া হয়েছে। গ্রীষ্মের পরবর্তী সময়ে ইংল্যান্ডের বিপক্ষে আরও তিনটি টেস্টকে সামনে রেখে নির্ভরযোগ্য খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার বিষয়টি দলীয় সূত্রে জানানো হয়েছে।
নেপাল প্রিমিয়ার লিগে খেলার কারণে ডেভিড মিলারকেও ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দল থেকেই বাদ রাখা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার জন্য একটি বড় স্বস্তির খবর হলো, পেসার লুঙ্গি এনগিডি দলে ফিরেছেন। চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটের প্রথম রাউন্ডে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট কাটিয়ে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এই পেসার।
এনগিডির সঙ্গে পেস আক্রমণে থাকছেন নরকিয়া, বশ, জেরাল্ড কোয়েটজি, ডুয়ান জানসেন ও নকোবানি মোকোয়েনা।
ব্যাটিং লাইনআপে নেতৃত্ব দেবেন কুইন্টন ডি কক, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও ট্রিস্টান স্টাবস। টাইটানসের হয়ে ঘরোয়া টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ফিরেছেন সিনেথেম্বা কেশিলে।
২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে কেশিলের। তবে টাইটানসের হয়ে ঘরোয়া টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে সাত ইনিংসে ১৯৭.৮৫ স্ট্রাইক রেটে ২৭৭ রান করেছেন। তাঁর ইনিংসগুলোর মধ্যে ছিল মাত্র ১৪ বলে করা ঘরোয়া টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম অর্ধশতক।
দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড এনগিডির প্রত্যাবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি নরকিয়াকে দলে রাখার গুরুত্বও তুলে ধরেছেন, যাতে ৫০ ওভারের ক্রিকেটে ছন্দ ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়।
এক বিবৃতিতে কনরাড বলেন, “এনগিডিকে ফিরে পেয়ে দারুণ লাগছে। টেস্ট দলের সঙ্গে থেকে পুনর্বাসনের শেষ ধাপগুলো সম্পন্ন করেছে সে। আবার মাঠে ফেরার জন্য মুখিয়ে ছিল। গত মৌসুমে সাদা বলের ক্রিকেটে আমাদের হয়ে সে কতটা কার্যকর ছিল, তা আমরা দেখেছি। আশা করি, আগের জায়গা থেকেই সে আবার শুরু করতে পারবে।”
নিয়মিত অধিনায়ক মার্করামসহ বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়ে টি-টোয়েন্টি সিরিজের জন্য পরীক্ষামূলক দলও ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
চলতি বছরের শুরুতে নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া বিয়র্ন ফোর্টুইন এবার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দলে ফিরেছেন কোয়েনা মাফাকা।
তবে হ্যামস্ট্রিংয়ের চোট আবার ফিরে আসায় পেসার ওটনিয়েল বার্টম্যানকে নির্বাচনের জন্য বিবেচনা করা হয়নি।
কনরাড বলেন, দুই সাদা বলের সিরিজই উদীয়মান খেলোয়াড়দের যাচাই এবং আগামী বছরের বিশ্বকাপের আগে দলের বিভিন্ন সমন্বয় পরীক্ষা করার সুযোগ করে দেবে।
তিনি আরও বলেন, “এই দুই সাদা বলের সিরিজ আমাদের বৃহত্তর পরিকল্পনায় থাকা কয়েকজন খেলোয়াড়কে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণের যথেষ্ট সুযোগ দেওয়ার জন্যই নির্ধারিত হয়েছিল। পাশাপাশি আগামী বছরের বিশ্বকাপের দল গঠনের কথা মাথায় রেখে কয়েকটি ভিন্ন সমন্বয় পরীক্ষা করার সুযোগও এটি।”
বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফোর্টুইন, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, নকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, অ্যানরিক নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।
বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল: বিয়র্ন ফোর্টুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, কোয়েনা মাফাকা, নকোবানি মোকোয়েনা, নকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।
সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন