প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতার ২০২৬ এর রানার্সআপ হিসেবে নির্বাচিত হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের দল ‘অ্যারো ভেনম’। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় দলটি তাদের তৈরি অ্যারিয়াল প্রজেক্ট ও ড্রোন প্রযুক্তির প্রদর্শনী করেছে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর লালমনিরহাট ক্যাম্পাসে।
টিম অ্যারো ভেনম প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরেছে। দ্বিতীয় স্থান অর্জনের জন্য টিমকে ষাট হাজার টাকা পুরস্কারের ডেমো চেক প্রদান করা হয়। এ আয়োজনে দলের সঙ্গে উপস্থিত ছিলেন রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের প্রধান এবং দলের উপদেষ্টা অধ্যাপক ড. মাসুদ রানা। দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন ২০২০–২১ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তাকি তামিম ও ইমন চৌধুরী এবং একই বর্ষের যন্ত্রকৌশল বিভাগের মোহাম্মদ খুবায়েব ও মজনুরুল আলম।
এছাড়াও ২০২২–২৩ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের আব্দুল্লাহ আল মারযুক, নাইমুর আলম আশিক ও রাফি উদ্দীন সোহাগ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের নাবিল আজাদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইশতিয়াক আহমেদ ইমন এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের মাহমুদুল হাসান মেহরাজ ও তাহমিদ হাসান ফুয়াদ অংশগ্রহণ করেন। বর্তমানে দলটিতে বিভিন্ন বিভাগের প্রায় ১৫ জন সদস্য কাজ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা দেশের তরুণদের মেধা, সাহস ও সম্ভাবনা বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি তরুণদের উদ্ভাবনকে শুধুমাত্র প্রতিযোগিতা বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে কৃষি, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনকল্যাণে কার্যকর সমাধান তৈরিতে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি তরুণদের চাকরি প্রার্থী হওয়ার পাশাপাশি উদ্ভাবক, গবেষক ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ, গবেষণা ও দেশীয় প্রযুক্তির বিকাশ জরুরি। এ ক্ষেত্রে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন ও রোবটিক্স প্রযুক্তিতে আগ্রহী তরুণ, উদ্ভাবক ও প্রযুক্তি প্রেমীদের জন্য একটি প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করাই এই আয়োজনের উদ্দেশ্য। এর মাধ্যমে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ধারণা তুলে ধরার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, গবেষক ও উদ্ভাবকদের মধ্যে যোগাযোগ, জ্ঞান বিনিময় ও সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।
উদ্বোধনীর পর প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিশেষায়িত গবেষণাগার এবং অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও স্পেস প্রযুক্তি সরেজমিনে পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, বিশেষায়িত গবেষণাগারের সুযোগ-সুবিধা এবং অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস প্রযুক্তির অগ্রগতিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে অবহিত করেন।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭৪টি দলের মোট ২৯৬ জন প্রতিযোগী চারটি বিভাগে অংশ নিচ্ছেন। বিভাগগুলো হলো: রোটরক্রাফট, ফিক্সড উইং, সকার বট ও স্পেস রোবোটিক্স। এর মধ্যে রোটরক্রাফট বিভাগে ১৬টি দলের ৬৯ জন, ফিক্সড উইং বিভাগে ১৭টি দলের ৮০ জন, সকার বট বিভাগে ৩৭টি দলের ১১৭ জন এবং স্পেস রোবোটিক্স বিভাগে ৪টি দলের ৩০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, বিমানবাহিনী প্রধান, লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য, এএইউবির উপাচার্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শুক্রবার (২০ নভেম্বর) প্রতিযোগিতার দ্বিতীয় দিনের কার্যক্রম ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হবে এই আয়োজন। আয়োজকদের মন্তব্য, প্রতিযোগিতার লক্ষ্য শুধুমাত্র বিজয়ী নির্বাচন নয়; বরং সম্ভাবনাময় তরুণ প্রতিভা খোঁজা, উদ্ভাবকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র তৈরি এবং ধারণার সঙ্গে গবেষণা, বাস্তব প্রযুক্তি ও ভবিষ্যৎ শিল্পের সংযোগ স্থাপন করা। দেশের অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবোটিকস ও মহাকাশ প্রযুক্তি খাতে নিজস্ব সক্ষমতা, প্রযুক্তিগত স্বনির্ভরতা, নতুন শিল্প এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে এএইউবি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন