ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জুলাই গণঅভ্যুত্থানের ৫৯০ শহীদের স্মারক উন্মুক্ত প্রদর্শন করবে এহ্সান মাহমুদ


জুলাই গণঅভ্যুত্থানের ৫৯০ শহীদের স্মারক উন্মুক্ত প্রদর্শন করবে এহ্সান মাহমুদ

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : জুলাই মাসের গণঅভ্যুত্থানের ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক সকলের জন্য উন্মুক্ত প্রদর্শন করার ঘোষণা দিয়েছেন জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ।

আজ রাজধানীর শেরেবাংলা নগরে জাদুঘরের মনসুন থিয়েটারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মহাপরিচালক এহসান মাহমুদ সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তৃতায় বলেন, জুলাই ছিল একটি সাধারণ আন্দোলন নয়, বরং এটি ছিল ফ্যাসিবাদবিরোধী একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান। শহীদদের আত্মত্যাগের কারণে আজ আমরা মুক্ত বাংলাদেশে কথা বলার সুযোগ পাচ্ছি। শহীদদের এই মহান অবদান জাতি যেন কখনো ভুলে না যায়, সেই স্মৃতিকে চিরকাল জাগ্রত রাখার জন্য আমাদের এই আয়োজন।

আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা

তিনি জানান, আগামী ২৮ ও ২৯ নভেম্বর (শনিবার ও রোববার) জাদুঘরের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক এই বিশেষ প্রদর্শনী। উভয় দিন সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সরকারি গেজেট অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে এ পর্যন্ত ৮৫৬ জন শহীদ হয়েছেন। তাদের মধ্যে জাদুঘরের নিয়মিত গ্যালারিতে স্থান সংকুলান না হওয়ায় মাত্র ২০৫ জন শহীদের স্মারক প্রদর্শন করা সম্ভব হচ্ছে। তবে জাদুঘরের সংগ্রহশালায় ইতোমধ্যে ৫৯০ জন শহীদের স্মৃতিচিহ্ন জমা পড়েছে। এবারের দুই দিনব্যাপী উন্মুক্ত প্রদর্শনীতে সেই ৫৯০ জন শহীদের ২ হাজারেরও বেশি ব্যক্তিগত স্মৃতিস্মারক ও ব্যবহার্য সামগ্রী সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে।

প্রদর্শনীতে শহীদদের রক্তমাখা শার্ট, প্যান্ট, জুতো, জায়নামাজ, তসবিহ, টুপি, চশমা, স্কুল ও কলেজের ব্যাগ, সাইকেল এবং মুঠোফোন স্থান পাবে। এছাড়া শহীদ সাংবাদিক ও আলোকচিত্রী তাহির জামান প্রিয়রের ব্যবহৃত ক্যামেরা এবং নতুন একজোড়া জুতোসহ সাধারণ রিকশাচালক, শিক্ষার্থী, শিশু রিয়া গোপ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার শহীদদের আত্মত্যাগের অনন্য নিদর্শন এখানে প্রদর্শিত হবে।

প্রদর্শনীর পেছনের প্রেক্ষাপট ও আবেগ প্রসঙ্গে মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, প্রতিদিন শহীদদের মা-বাবা, ভাই-বোন ও স্বজনেরা জাদুঘরে আসেন। সম্প্রতি এক শহীদের মা এসে প্রশ্ন করেছিলেন—‘আমার সন্তানের জিনিসগুলো কি শুধু লকারে বন্দি রাখার জন্য নিয়ে এসেছেন?’ মায়ের এই কথাই আমাদের পুরো টিমকে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। গ্যালারির সীমিত পরিসরের বাইরে এসে জাদুঘরের ১৭ দশমিক ৬১ একরের বিশাল উন্মুক্ত প্রাঙ্গণে বড় পরিসরে শহীদদের সব স্মারক মানুষের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিই আমরা।

আরও পড়ুন: শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: শ্রমমন্ত্রী

তিনি আরও জানান, অবশিষ্ট শহীদদের স্মারক সংগ্রহের জন্য জাদুঘরের পক্ষ থেকে দেশবাসীর প্রতি উন্মুক্ত আহ্বান জানানো হয়েছে এবং এতে ব্যাপক সাড়া মিলছে।

বিশেষ অতিথি ও শহীদ পরিবারের উপস্থিতি

এহসান মাহমুদ জানান, দুই দিনব্যাপী এই আয়োজনে অংশ নেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদুর রহমান সম্মতি জানিয়েছেন। এছাড়া ইতোমধ্যে ৪০টিরও বেশি শহীদ পরিবারের সদস্যরা এই প্রদর্শনীতে উপস্থিত থেকে তাদের শহীদ স্বজনদের বীরত্ব ও স্মৃতিচারণ করবেন বলে নিশ্চিত করেছেন।

মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের মূল চেতনা—বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার মানুষের হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবে।

আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির যৌথ টহল অব্যাহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউলকে ‘পৃথিবী থেকেই অবাঞ্ছিত’ ঘোষণা করার দাবি চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


জিয়াউলকে ‘পৃথিবী থেকেই অবাঞ্ছিত’ ঘোষণা করার দাবি চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মন্তব্য করেছেন যে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ‘পারসোনা নন-গ্রাটা ফ্রম দি ওয়ার্ল্ড’ বা ‘পৃথিবী থেকেই অবাঞ্ছিত’ ঘোষণা করা উচিত।

বুধবার (২৫ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলায় প্রসিকিউশনের পক্ষে দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপনের সময় তিনি এই মন্তব্য করেন। প্রসিকিউশনের বাকি যুক্তি উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

জিয়াউলকে ১১৫ জনকে হত্যার দায়ে এমন শাস্তি দেওয়ার দাবি জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, "তিনি পৃথিবীতে অবাঞ্ছিত হয়ে যান। কারণ, যাদের তিনি হত্যা করেছেন, তাদের কোনো অপরাধ ছিল না।"

‘পারসোনা নন-গ্রাটা’ বলতে তার উদ্দেশ্য কী ছিল, তা জানতে চাইলে তিনি বলেন, "আমরা বুঝিয়েছি, তাকে যেন সর্বোচ্চ শাস্তি দিয়ে দুনিয়া থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ করা হয়। এ ‘পারসোনা নন-গ্রাটা’ শুধু সেনানিবাসের ভেতরে নয়। এমন মানুষের দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নেই।"

তিনি আরও বলেন, "অপরাধ প্রমাণিত হলে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হতে পারে। বিষয়টি বোঝাতেই জিয়াউলকে দুনিয়া থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ করার কথা বলেছেন তারা।"

আমিনুল ইসলাম উল্লেখ করেন, "আক্ষরিক বা প্রতীকী অর্থে বলেছি যে, ‘হি শুড বি পারসোনা নন-গ্রাটা ফ্রম দি ওয়ার্ল্ড’। অর্থাৎ তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তবে যুক্তিতর্কের সমাপনী পর্যায়ে দণ্ড ও দোষী সাব্যস্ত করার বিষয়ে আমরা বক্তব্য দেব।"

ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপনের সময় তিনি জিয়াউল আহসানের বিভিন্ন অপকর্মের বিবরণ দেন। তিনি বলেন, "জিয়াউল আহসান কোনোভাবেই ছাড় পাওয়ার যোগ্য নন। এ মামলার প্রথম সাক্ষী তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, জিয়াউলকে সেনানিবাস থেকে ‘পারসোনা নন-গ্রাটা’ ঘোষণা করা হয়েছিল, যেন তিনি সেখানে প্রবেশ করতে না পারেন। তবে এ ধরনের ব্যক্তিকে গোটা পৃথিবী থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ ঘোষণা করা উচিত। অর্থাৎ তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। তাই তাকে পৃথিবী থেকেই অবাঞ্ছিত ঘোষণা করা উচিত।"

একজন মানুষ কীভাবে ১১৫ জনকে হত্যা করতে পারেন- এ প্রশ্ন রেখে চিফ প্রসিকিউটর বলেন, "যদিও আমাদের সাক্ষীর বক্তব্যে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার কথা এসেছে। এ বিষয়ে আরও তদন্তের প্রয়োজন হতে পারে। তাই ট্রাইব্যুনালের কাছে আমাদের আবেদন তাকে (জিয়াউল) এমনভাবে শাস্তি বা দণ্ড দেওয়া উচিত, যেন তিনি গোটা পৃথিবী থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ হয়ে যান। বেঁচে থাকার কোনো অধিকারই তার থাকতে পারে না। কারণ তিনি যেসব মানুষকে হত্যা করেছেন, তাদের কোনো অপরাধ ছিল না।"

যুক্তিতর্কের একপর্যায়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলের কিছু সেনা কর্মকর্তার বিবরণ তুলে তিনি বলেন, "সেনা কর্মকর্তারা আমাদের জানমালের নিরাপত্তা দেবেন। কিন্তু তারা আমাদের রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন।"

পরে এ বিষয়ে সাংবাদিকদের আমিনুল ইসলাম বলেন, "জিয়াউল আহসানের বিচার ট্রাইব্যুনালে হওয়া ন্যায়সংগত কি না, এ বিষয়ে আজকের যুক্তিতর্কে তথ্য ও আইনের ব্যাখ্যা উপস্থাপন করেছি আমরা। এছাড়া প্রসিকিউশনের উপস্থাপন করা সব সাক্ষীই জিয়াউল আহসানের সহকর্মী। তারা ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন। প্রত্যেকেই প্রত্যক্ষদর্শী। তাদের সামনে বা অংশগ্রহণে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।"

তিনি বলেন, "সাক্ষীদের জবানবন্দি থেকে আমরা জানতে পেরেছি, প্রতিটি অভিযানে চার-পাঁচজন, কখনও ১১ জন বা এর বেশি মানুষকে নিয়ে যাওয়া হতো। ট্রলারে করে তাদের বরিশালের চরদুয়ানী বা বলেশ্বর নদীর দুর্গম এলাকায় নেওয়া হতো। সেখানে বিভিন্ন ধরনের ঘটনা সাজিয়ে তাদের হত্যা করা হতো। কাউকে বালিশ ঠেকিয়ে গুলি, কারও পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো।"

চিফ প্রসিকিউটর বলেন, "এভাবে লাশ পানিতে ভাসিয়ে দেওয়ার কারণে সেসব উদ্ধারের সম্ভাবনা ছিল না। জলজ প্রাণীর কারণে কিছুদিনের মধ্যেই লাশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে ১৬ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি আমরা। এর মধ্যে দুজনের লাশ পাওয়া গেছে। একজন নজরুল, অপরজন সজল। টঙ্গীর আসলাম মাস্টার ব্রিজের ওপর জিয়াউল আহসান নিজে গুলি করে সজলকে হত্যা করেন বলে প্রত্যক্ষদর্শী ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হয়েছে।"

মামলার তিনটি চার্জে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, "বিভিন্ন সময়ে জিয়াউল আরও ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করেছেন বলে দাবি করেছেন সাক্ষীরা। তবে তদন্তে আমরা ১১৫ জনের হত্যার তথ্য পেয়েছি। এ সংখ্যা চূড়ান্ত নয়, আরও বেশি হতে পারে। কেননা গুমের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। সেখান থেকেও আরও তথ্য পাওয়া যেতে পারে।"

আমিনুল ইসলাম বলেন, "সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী ২০ থেকে ২৫ বার বরিশালের চরদুয়ানী বা বলেশ্বর নদীতে অভিযান চালাতে গেছেন জিয়াউল। প্রতিবারই একাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। কোনো কোনো অভিযানে সর্বোচ্চ ১১ জনকে হত্যা করা হয়েছে বলে সাক্ষীরা জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারি করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

রিট আবেদনটি কয়েকজন ‘জুলাই যোদ্ধার’ পক্ষে অ্যাডভোকেট এ এস এম শাহরিয়ার কবির দায়ের করেন। এই রিটে উল্লেখ করা হয়েছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে বর্তমানে শরীরে গুলি বহনকারী ‘জুলাই যোদ্ধা’ (হেলথ কার্ডধারী) এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেনসহ অন্যান্য জনস্বার্থে ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে রিট আবেদনটি করা হয়েছে। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ মোট ৯ জনকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে যারা আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইছেন, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা ন্যায্যতা দিচ্ছেন এবং ‘জুলাই যোদ্ধাদের’ ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করছেন, তাদের বিরুদ্ধে পেনাল কোডের কয়েকটি ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসিকে নির্দেশ দেয়ার আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দলটির সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল অপসারণ বা ব্লক করার পাশাপাশি সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও মদদদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনের প্রধান প্রেক্ষাপট ও যুক্তিসমূহ: অস্থায়ী নির্বাহী আদেশের পরিবর্তে স্থায়ী আইন: রিটে উল্লেখ করা হয়, গত বছরের ১২ই মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের (এসআরও নং ১৩৭-আইন/২০২৫) মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। কিন্তু এই নির্বাহী আদেশটি সাময়িক হওয়ায় সংসদে আইন পাস বা অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ, বিলুপ্ত, সম্পদ বাজেয়াপ্ত এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা প্রয়োজন। এর আগে ১৯ই নভেম্বর বিবাদীদের ২৪ ঘণ্টার সময় দিয়ে আইনি নোটিশ (নোটিশ ডিমান্ডিং জাস্টিস) পাঠানো হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় রিটটি করা হয়।

আবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সহিংসতা ও রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ: রিট আবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০২৬ সালের ১০ নভেম্বর থেকে দেশজুড়ে আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং থানা, হাসপাতাল ও সরকারি-বেসরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছে। এর মধ্যে ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ ও বিজিবির চারটি গাড়িতে আগুন, ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা মো. শাহীন ও সোহেল মোল্লাকে হত্যা, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী থাকা অবস্থায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে হামলা, ১০ই থেকে ১৬ই নভেম্বরের মধ্যে গ্রামীণ ব্যাংকের ২০ থেকে ৩৭টি শাখায় অগ্নিসংযোগ ও হামলার চেষ্টা এবং ১৮ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করা হয়েছে।

রিটে উল্লেখ করা হয়, গত ১৮ই নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সম্পর্কে বলেছেন, “তারা কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী; দেশে ও বিদেশে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা বারবার এটি প্রমাণ করেছে”। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কর্তৃক অনুপস্থিতিতে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ দলটির পলাতক নেতারা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করে অডিও বার্তা, টেলিফোন ও আন্তর্জাতিক গণমাধ্যমে (এপি, আইএএনএস, এএফপি) সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশে সহিংসতা ও সরকার উৎখাতের নির্দেশনা দিচ্ছেন এবং রাতের আঁধারে সীমান্ত অতিক্রম করে দেশে এসে বৈঠক করছেন বলে রিটে অভিযোগ করা হয়।

এতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনের অধীনে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। এই কমিটি ১৯৭২-১৯৭৫ সময়ের রক্ষীবাহিনীর কর্মকাণ্ড ও সিরাজ সিকদার হত্যা, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান, ২০০৯-২০২৪ সময়ের গুম-খুন (‘আয়নাঘর’), শ্বেতপত্র অনুযায়ী প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার, সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে অগ্নিসংযোগ ও বিরোধীদের ওপর দায় চাপানো এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিদেশি সম্পৃক্ততার বিষয়ে তদন্ত করে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দেবে। পাশাপাশি দেশ-বিদেশে দলটির অর্থের উৎস ও সংশ্লিষ্ট কোম্পানি-ব্যক্তিদের চিহ্নিত করে তহবিল জব্দ করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ-কে ৩০ দিনের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি সরকার ও দূতাবাসগুলোকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে অবহিত করা, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১৯ ধারা অনুযায়ী দলটিকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ (এফটিও) হিসেবে তালিকাভুক্ত করতে ওয়াশিংটন দূতাবাসের মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাব অনুযায়ী ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা এবং দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ ট্রাইব্যুনালের আসামিদের প্রত্যর্পণে কূটনৈতিক পদক্ষেপ নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিশুদের মধ্যে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন।

শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, "তোমরা দেশটাকে ভালোবাসবে। আমাদের দেশই আমাদের অস্তিত্ব। এই দেশই আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের জীবিকা ও আশ্রয় দেয়। দেশকে ভালোবেসে আমরা সামনে এগিয়ে যেতে চাই এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।"

বুধবার (২৫ নভেম্বর) বঙ্গভবন পরিদর্শন কর্মসূচির তৃতীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে রাজধানীর বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি প্রতিনিধিদল বঙ্গভবন পরিদর্শন করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরভী আক্তারের নেতৃত্বে ৩৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এ পরিদর্শনে অংশগ্রহণ করেন।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, "আজকের শিশুদের মধ্য থেকেই কেউ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী কিংবা সশস্ত্র বাহিনীর সদস্য হবে। কেউ সরকারি দায়িত্ব পালন করবে, আবার কেউ দেশ পরিচালনার দায়িত্ব নেবে।"

এজন্য তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নে মনোযোগ দিয়ে লেখাপড়া করা, বই পড়ার অভ্যাস গড়ে তোলা, বাবা-মা ও শিক্ষকদের সম্মান করা এবং দেশকে ভালোবাসার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, "বর্তমানে অনেক শিশু বই পড়ার পরিবর্তে মোবাইল ফোনে বেশি সময় ব্যয় করে। মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে শিশুদের বই পড়ার দিকে ফিরিয়ে আনতে হবে।"

শিশুদের ভবিষ্যৎ স্বপ্ন ও সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, "তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমরাই দেশটাকে গড়ে তুলবে। তোমরাই একদিন দেশ পরিচালনা করবে। তাই এখন থেকেই নিজেদের লক্ষ্য ঠিক করতে হবে এবং সেই লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।"

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের কাছে বঙ্গভবন ঘুরে দেখার অভিজ্ঞতা জানতে চান। এ সময় শিক্ষার্থীরা তাদের পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে জানায়, বঙ্গভবনের ঐতিহাসিক নিদর্শন, তোশাখানা জাদুঘরে সংরক্ষিত মূল্যবান সামগ্রী, এয়ার রেইড শেল্টার ও হরিণ পার্ক ঘুরে দেখে তারা খুবই আনন্দিত হয়েছে।

একইসঙ্গে তারা রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও শিক্ষার্থীদের উৎসাহিত করেন রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরের নওয়াপাড়ায় অর্ধকোটি টাকার সরকারি গম ও লাইটার জাহাজ জব্দ, ৫ আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


যশোরের নওয়াপাড়ায় অর্ধকোটি টাকার সরকারি গম ও লাইটার জাহাজ জব্দ, ৫ আটক

যশোরের বানিজ্য শহর নওয়াপাড়ায় এসআরবি কর্তৃক অর্ধকোটি টাকা মূল্যের চোরাই সরকারি গম ও একটি লাইটার জাহাজ জব্দ করা হয়েছে। এই ঘটনার পর জাহাজের ৫ জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলের দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এই গম জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপু এই গমসহ লাইটার জাহাজটি জব্দ করেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন জাহাজের সুকানি মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষীপুর গ্রামের শহিদুজ্জামান শেখের ছেলে আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের পিকুল মোল্লার ছেলে মো. হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নয়ন, নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের খলিল মিয়ার ছেলে রায়হান উদ্দিন, নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষী্মীপাশা গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে খালিদ হাসান, এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার চান্দেরবাড়ি গ্রামের জলিল হকের ছেলে হাসান ইসলাম।

এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) বাগেরহাটের মোংলা হারবারিয়া থেকে চোরাই ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ রাত ৩টার দিকে নওয়াপাড়ার নৌবন্দরে আসে। পরে জাহাজটি বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন এলাকার রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল ১০টায় মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন এমভি সূর্য্যবানু ১১ নামক কার্গো জাহাজটিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মোট ৩৮০ বস্তায় থাকা ১৫০ টন গম এবং কার্গো জাহাজটি জব্দ করা হয়। জব্দকৃত গমের আনুমানিক বাজার মূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। এছাড়াও জাহাজের দুই সুকানিসহ ৭ জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে ২ জনকে ছেড়ে দেয়া হয়। এদিকে গম নওয়াপাড়ায় খালাস প্রক্রিয়ার সাথে জড়িত মূল হোতা নওয়াপাড়া হানিফা ট্রান্সপোটের প্রতিনিধি শাহাবুদ্দিনকে দফারফার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে বলে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ উঠেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%