প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : জুলাই মাসের গণঅভ্যুত্থানের ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক সকলের জন্য উন্মুক্ত প্রদর্শন করার ঘোষণা দিয়েছেন জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ।
আজ রাজধানীর শেরেবাংলা নগরে জাদুঘরের মনসুন থিয়েটারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে মহাপরিচালক এহসান মাহমুদ সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তৃতায় বলেন, জুলাই ছিল একটি সাধারণ আন্দোলন নয়, বরং এটি ছিল ফ্যাসিবাদবিরোধী একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান। শহীদদের আত্মত্যাগের কারণে আজ আমরা মুক্ত বাংলাদেশে কথা বলার সুযোগ পাচ্ছি। শহীদদের এই মহান অবদান জাতি যেন কখনো ভুলে না যায়, সেই স্মৃতিকে চিরকাল জাগ্রত রাখার জন্য আমাদের এই আয়োজন।
তিনি জানান, আগামী ২৮ ও ২৯ নভেম্বর (শনিবার ও রোববার) জাদুঘরের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক এই বিশেষ প্রদর্শনী। উভয় দিন সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সরকারি গেজেট অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে এ পর্যন্ত ৮৫৬ জন শহীদ হয়েছেন। তাদের মধ্যে জাদুঘরের নিয়মিত গ্যালারিতে স্থান সংকুলান না হওয়ায় মাত্র ২০৫ জন শহীদের স্মারক প্রদর্শন করা সম্ভব হচ্ছে। তবে জাদুঘরের সংগ্রহশালায় ইতোমধ্যে ৫৯০ জন শহীদের স্মৃতিচিহ্ন জমা পড়েছে। এবারের দুই দিনব্যাপী উন্মুক্ত প্রদর্শনীতে সেই ৫৯০ জন শহীদের ২ হাজারেরও বেশি ব্যক্তিগত স্মৃতিস্মারক ও ব্যবহার্য সামগ্রী সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে।
প্রদর্শনীতে শহীদদের রক্তমাখা শার্ট, প্যান্ট, জুতো, জায়নামাজ, তসবিহ, টুপি, চশমা, স্কুল ও কলেজের ব্যাগ, সাইকেল এবং মুঠোফোন স্থান পাবে। এছাড়া শহীদ সাংবাদিক ও আলোকচিত্রী তাহির জামান প্রিয়রের ব্যবহৃত ক্যামেরা এবং নতুন একজোড়া জুতোসহ সাধারণ রিকশাচালক, শিক্ষার্থী, শিশু রিয়া গোপ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার শহীদদের আত্মত্যাগের অনন্য নিদর্শন এখানে প্রদর্শিত হবে।
প্রদর্শনীর পেছনের প্রেক্ষাপট ও আবেগ প্রসঙ্গে মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, প্রতিদিন শহীদদের মা-বাবা, ভাই-বোন ও স্বজনেরা জাদুঘরে আসেন। সম্প্রতি এক শহীদের মা এসে প্রশ্ন করেছিলেন—‘আমার সন্তানের জিনিসগুলো কি শুধু লকারে বন্দি রাখার জন্য নিয়ে এসেছেন?’ মায়ের এই কথাই আমাদের পুরো টিমকে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। গ্যালারির সীমিত পরিসরের বাইরে এসে জাদুঘরের ১৭ দশমিক ৬১ একরের বিশাল উন্মুক্ত প্রাঙ্গণে বড় পরিসরে শহীদদের সব স্মারক মানুষের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিই আমরা।
তিনি আরও জানান, অবশিষ্ট শহীদদের স্মারক সংগ্রহের জন্য জাদুঘরের পক্ষ থেকে দেশবাসীর প্রতি উন্মুক্ত আহ্বান জানানো হয়েছে এবং এতে ব্যাপক সাড়া মিলছে।
বিশেষ অতিথি ও শহীদ পরিবারের উপস্থিতি
এহসান মাহমুদ জানান, দুই দিনব্যাপী এই আয়োজনে অংশ নেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদুর রহমান সম্মতি জানিয়েছেন। এছাড়া ইতোমধ্যে ৪০টিরও বেশি শহীদ পরিবারের সদস্যরা এই প্রদর্শনীতে উপস্থিত থেকে তাদের শহীদ স্বজনদের বীরত্ব ও স্মৃতিচারণ করবেন বলে নিশ্চিত করেছেন।
মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের মূল চেতনা—বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার মানুষের হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন