ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দুবলার চরে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব


দুবলার চরে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

সুন্দরবনের দুবলার চরে পূর্ণিমার জোয়ারের মধ্যে সমুদ্রের পানিতে পুণ্যস্নান করে শেষ হলো তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আলোরকোল সমুদ্রসৈকতে সমবেত হন। সনাতন ধর্মাবলম্বীরা প্রার্থনা ও স্নানের মাধ্যমে পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রায় তিন কিলোমিটার সৈকতজুড়ে পুণ্যার্থীদের ঢল নামে। উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ঢাকঢোলের শব্দে পুরো সৈকত মুখর হয়ে ওঠে। পাপমোচনের বিশ্বাসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরের পানিতে নামেন পুণ্যার্থীরা। এ সময় তারা নিজেদের মুক্তি, প্রিয়জনের মঙ্গল এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করেন।

আরও পড়ুন: কক্সবাজারের পর্যটনে নতুন সংযোজন আধুনিক রিভার ক্রুজ উদ্বোধন

১৯২৩ সালে সাধু হরিভজনের উদ্যোগে দুবলার চরে রাস উৎসবের সূচনা হয়। দীর্ঘকাল ধরে রাসপূর্ণিমা উপলক্ষে পূর্ণিমার তিথিতে সাগরের জলে পুণ্যস্নানকে কেন্দ্র করে এই উৎসব উদ্‌যাপিত হয়ে আসছে।

একসময় রাস উৎসবকে কেন্দ্র করে বিশাল রাসমেলা বসত। দেশ-বিদেশের লাখো মানুষের সমাগমে পুরো চর মুখর হয়ে উঠত। বিভিন্ন পণ্যের দোকান, কেনাবেচা ও নানা উৎসবের আয়োজনের মাধ্যমে এলাকা জমজমাট হয়ে উঠত। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষার লক্ষ্যে ২০২১ সাল থেকে রাসমেলা বন্ধ রয়েছে। এবারের উৎসবও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল।

শত বছরের ঐতিহ্যকে অতিক্রম করে রাস উৎসব এখন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড, নৌপুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

পূজা, পুণ্যস্নান ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরের শতবর্ষী রাস উৎসব। ধর্মীয় আবেগ ও ঐতিহ্যের এই আয়োজন শেষ হলেও সাগরপাড়ের স্মৃতি নিয়ে ফিরছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীরা।

আরও পড়ুন: শেরপুরে নিম্নমানের ধানবীজ ফেলে কৃষকদের প্রতিবাদ, ক্ষতিপূরণ দাবি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিভারপুলের কাছে হারে মার্তিনেজের সমালোচনা ইউনাইটেড কিংবদন্তির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


লিভারপুলের কাছে হারে মার্তিনেজের সমালোচনা ইউনাইটেড কিংবদন্তির

সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের খারাপ পারফরম্যান্সের কারণে লিসান্দ্রো মার্তিনেজ সবচেয়ে বেশি সমালোচিত খেলোয়াড়দের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন। লিভারপুলের বিরুদ্ধে ৪-০ গোলে হারের পর ইউনাইটেডের কিংবদন্তি গোলরক্ষক পিটার স্মাইকেল মার্তিনেজকে তীব্র সমালোচনা করেছেন। এই পরাজয় রেড ডেভিলসদের অবনমনের শঙ্কা আরও বৃদ্ধি করেছে।

ডেনিশ গোলরক্ষক স্মাইকেল মার্তিনেজ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, 'ওকে নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। সত্যি বলতে, ওকে নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না।' মার্তিনেজের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছেন স্মাইকেল। তিনি বলেন, 'সে এমন একজন, যে দায়িত্বে থাকা ব্যক্তিদের সমালোচনা করে, সতীর্থদেরও সমালোচনা করে। আমার মনে হয়, তাকে এর চেয়ে ভালো পারফর্ম করতে হবে। সত্যিই তাই মনে করি।'

বড় ব্যবধানে হারের জন্য কিছু গোলের জন্য এই ডিফেন্ডারকে আংশিকভাবে দায়ী করেছেন সাবেক গোলরক্ষক। তার ভাষায়, 'আজকের সব গোল নয়, তবে দু-একটি গোল আবার দেখে নিতে পারেন। সেখানে সে ছিল, ঘটনার কেন্দ্রেই ছিল, এবং অন্তত লিভারপুলের গোল করা আরও কঠিন করে তুলতে সে কিছু করতে পারত।'

মার্তিনেজের সমালোচনার পাশাপাশি পুরো দলের পরিস্থিতি নিয়েও উদ্বেগজনক মন্তব্য করেছেন স্মাইকেল। তিনি বলেন, 'এই দলটিকে দেখে মনে হচ্ছে, তারা অবনমিত হতে পারে। তাই এখন তাদের লক্ষ্য হওয়া উচিত রেলিগেশন এড়ানো।'

'এভাবে আরও দীর্ঘ সময় চলতে থাকলে সমস্যা তৈরি হবে,' — সতর্ক করেন তিনি। ঘুরে দাঁড়ানোর সম্ভাবনায় এখনও বিশ্বাস রাখলেও দলের শিরোপা জয়ের সামর্থ্য নিয়ে তিনি কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, 'এই খেলোয়াড়দের নিয়ে তারা কখনোই শিরোপা জয়ের দল গড়তে পারবে না।'

মার্তিনেজকে নিয়ে সাবেক ক্লাব কিংবদন্তিদের ধারাবাহিক সমালোচনার সঙ্গে স্মাইকেলের এই বক্তব্যও যুক্ত হলো। এর আগে ওয়েইন রুনি, রিও ফার্দিনান্দ, নিকি বাট এবং পল স্কোলসও প্রকাশ্যে আর্জেন্টাইন ডিফেন্ডারের সমালোচনা করেছিলেন। দলের বাজে ফর্মের কারণে আবারও সমালোচনার মুখে পড়েছেন তিনি।

মরিসিও পোচেত্তিনোর অধীনে থাকা দলটি প্রিমিয়ার লিগে এখন সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে তারা ১৯তম স্থানে রয়েছে এবং অবনমন অঞ্চলে অবস্থান করছে।

এমন পরিস্থিতিতে রেড ডেভিলসদের সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে তারা স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবে। চার ম্যাচে ছয় পয়েন্ট পাওয়া দলটির জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, শনিবার (২৮ নভেম্বর) নিজেদের মাঠে ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলবে তারা। তলানির অবস্থান থেকে বেরিয়ে আসতে এই ম্যাচে পয়েন্ট অর্জন করা তাদের জন্য অত্যন্ত জরুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

বান্দরবান, ৪ নভেম্বর, ২০২৬ : খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহারে আজ সকালে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সমাপ্ত হয়েছে।

মঙ্গলবার সকালে বিহারের দায়ক-দায়িকাদের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ দানোৎসব অনুষ্ঠিত হয়।

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ভোর ৫টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সূত্র পাঠের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশের আয়োজন করা হয়।

সকাল ৮টায় বোমাং রাজবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, কঠিন চীবর দান ও ধর্মদেশনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চীবর উৎসর্গ, শীল প্রদান ও ধর্মদেশনা পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আসাবা মহাথের, বৈখ্যংপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উত্তামাচারা মহাথের, খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ: কেতু মহাথের, আবাসিক প্রধান ভদন্ত নাইন্দাসারা ভিক্ষু ও ধর্মজ্যোতি ভিক্ষুসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি, বোমাং রাজা বোমাংগ্রী উচ প্রু, রাজপুত্র চহ্লাপ্রু জিমি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং ও চনুমং মারমা এবং খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মং ক্য শোয়েনু নেভীসহ বিহারের দায়ক-দায়িকা ও বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষরা।

জানা গেছে, বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সুতা থেকে কাপড় বয়ন এবং রং করার মাধ্যমে চীবর প্রস্তুত করা হয়। পরে সেই চীবর ভিক্ষুসংঘকে দান করা হয়। এ দানের মাধ্যমে কায়িক, বাচনিক ও মানসিক পুণ্য অর্জিত হয় বলে বৌদ্ধ শাস্ত্রে কঠিন চীবর দানকে শ্রেষ্ঠ দান হিসেবে বিবেচনা করা হয়।

প্রবারণা পূর্ণিমার পর থেকে এক মাসব্যাপী বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে দায়ক-দায়িকারা সমবেত হয়ে চীবর তৈরি করেন এবং যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিক্ষুসংঘকে তা দান করেন। এর মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দুয়ায় আ. লীগের চেয়ারম্যানসহ ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


কেন্দুয়ায় আ. লীগের চেয়ারম্যানসহ ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

নেত্রকোনার কেন্দুয়ায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ইউনিয়ন চেয়ারম্যানসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—উপজেলা কান্দিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহাবুব আলম বাবুল, নওপাড়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বলাইশিমুল ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুর রহমান ভূট্টু এবং চিরাং ইউনিয়ন ছাত্রলীগ সদস্য জুয়েল মিয়া।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে এর আগে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগও ছিল।

কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘এঘটনায় তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে রাসপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ, সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


পটুয়াখালীতে রাসপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ, সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান

পটুয়াখালী, ২৪ নভেম্বর, ২০২৬ : কুয়াকাটায় রাসপূজা ও রাস উৎসবের উদ্বোধন আনুষ্ঠানিকভাবে করেছেন পটুয়ালী-৪ (কলাপাড়া) আসনের সরকার দলীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

এ উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয় গতকাল সোমবার রাত ১০টায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মোশাররফ হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুসহ বিভিন্ন হিন্দু ও মুসলিম নেতার বক্তব্য উদ্ধৃত করে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্বের ওপর আলোকপাত করেন।

এর আগে, রাসপূজা উপলক্ষে কুয়াকাটায় আগত মতুয়া সম্প্রদায়ের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%