মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৩৭ পি.এম
বান্দরবান, ৪ নভেম্বর, ২০২৬ : খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহারে আজ সকালে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সমাপ্ত হয়েছে।
মঙ্গলবার সকালে বিহারের দায়ক-দায়িকাদের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ দানোৎসব অনুষ্ঠিত হয়।
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ভোর ৫টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সূত্র পাঠের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশের আয়োজন করা হয়।
সকাল ৮টায় বোমাং রাজবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, কঠিন চীবর দান ও ধর্মদেশনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চীবর উৎসর্গ, শীল প্রদান ও ধর্মদেশনা পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আসাবা মহাথের, বৈখ্যংপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উত্তামাচারা মহাথের, খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ: কেতু মহাথের, আবাসিক প্রধান ভদন্ত নাইন্দাসারা ভিক্ষু ও ধর্মজ্যোতি ভিক্ষুসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি, বোমাং রাজা বোমাংগ্রী উচ প্রু, রাজপুত্র চহ্লাপ্রু জিমি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং ও চনুমং মারমা এবং খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মং ক্য শোয়েনু নেভীসহ বিহারের দায়ক-দায়িকা ও বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষরা।
জানা গেছে, বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সুতা থেকে কাপড় বয়ন এবং রং করার মাধ্যমে চীবর প্রস্তুত করা হয়। পরে সেই চীবর ভিক্ষুসংঘকে দান করা হয়। এ দানের মাধ্যমে কায়িক, বাচনিক ও মানসিক পুণ্য অর্জিত হয় বলে বৌদ্ধ শাস্ত্রে কঠিন চীবর দানকে শ্রেষ্ঠ দান হিসেবে বিবেচনা করা হয়।
প্রবারণা পূর্ণিমার পর থেকে এক মাসব্যাপী বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে দায়ক-দায়িকারা সমবেত হয়ে চীবর তৈরি করেন এবং যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিক্ষুসংঘকে তা দান করেন। এর মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ইউনিয়ন চেয়ারম্যানসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—উপজেলা কান্দিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহাবুব আলম বাবুল, নওপাড়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বলাইশিমুল ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুর রহমান ভূট্টু এবং চিরাং ইউনিয়ন ছাত্রলীগ সদস্য জুয়েল মিয়া।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে এর আগে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগও ছিল।
কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘এঘটনায় তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পটুয়াখালী, ২৪ নভেম্বর, ২০২৬ : কুয়াকাটায় রাসপূজা ও রাস উৎসবের উদ্বোধন আনুষ্ঠানিকভাবে করেছেন পটুয়ালী-৪ (কলাপাড়া) আসনের সরকার দলীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
এ উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয় গতকাল সোমবার রাত ১০টায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মোশাররফ হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুসহ বিভিন্ন হিন্দু ও মুসলিম নেতার বক্তব্য উদ্ধৃত করে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্বের ওপর আলোকপাত করেন।
এর আগে, রাসপূজা উপলক্ষে কুয়াকাটায় আগত মতুয়া সম্প্রদায়ের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
স্থানীয় বাসিন্দারা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন উপজেলায় অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলওয়ে স্টেশনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর ফলে এক ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বরিশল গ্রামকে আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এ ইউনিয়নকে উপজেলা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এর অংশ হিসেবে মাছিহাতা ইউনিয়নসহ তিনটি ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
প্রতিবাদের অংশ হিসেবে মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশনসংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপির নেতাদের নেতৃত্বে এই সমাবেশে অংশগ্রহণ করেন মাছিহাতা ইউনিয়নের বাসিন্দারা। পরে সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা রেলপথ অবরোধ করে। এর ফলে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস পাঘাচং স্টেশনে আটকা পড়ে।
জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার বলেন, ‘সদর উপজেলা থেকে মাছিহাতা ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এটি কোনোভাবেই মানা যাবে না এবং কোনো অবস্থাতেই আমরা বরিশলে যুক্ত হব না। দাবি না মানলে আন্দোলন আরো দীর্ঘায়িত হবে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এর আগে গত ৮ নভেম্বর একই ইস্যুতে সদর উপজেলার কোড্ডা রেলকেবিন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। সে সময় প্রায় চার ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখেন স্থানীয়রা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী, ২৪ নভেম্বর, ২০২৬ : রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ পৃথক অভিযানের মাধ্যমে এই ১৫৬ জনকে গ্রেফতার করে এবং মাদকদ্রব্য উদ্ধার করে।
গতকাল ২৩ নভেম্বর (সোমবার) রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। আজ মঙ্গলবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দায়ের হওয়া মোট ৫৭টি মামলার মধ্যে ২টি খুনের ঘটনা, ১টি দস্যুতা, ২টি চুরি, ২টি নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য ৫০টি মামলা রয়েছে। তবে খুনসহ ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন ও দ্রুত বিচার আইনে কোনো মামলা দায়ের হয়নি। এ ছাড়া, এই সময়ে সাতটি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।
গ্রেফতারকৃত ১৫৬ জনের মধ্যে ৫৪ জন পরোয়ানামূলে, ১৫ জন সাজাপ্রাপ্ত, ৮১ জন তদন্তাধীন মামলায় এবং ৬ জন অন্যান্য (প্রতিরোধমূলক) কারণে গ্রেফতার হয়েছেন। এদের মধ্যে ১৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে গ্রেফতার হয়েছেন। গ্রেফতার ও উদ্ধার অভিযানের অংশ হিসেবে রেঞ্জ জুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান চলাকালে এসআরবি কর্তৃক ২টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বিজিবি কর্তৃক ১৯টি ককটেলও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, মাদকদ্রব্যের মধ্যে ২০ গ্রাম হেরোইন, ১১০ পিস ইয়াবা, ২০ পিস ট্যাপেন্টাডল, ৫০০ গ্রাম গাঁজা, ২৫ লিটার চোলাই মদ ও ২৫ লিটার ওয়াশ জব্দ করা হয়েছে। তবে কোনো চোরাচালান পণ্য উদ্ধারের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশি সেবা কার্যক্রমেও গতিশীলতা দেখা গেছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২ জন এবং চলতি মাসে এ পর্যন্ত মোট ২১ হাজার ৯৮৬ জন সেবাগ্রহীতা পুলিশি সেবা গ্রহণ করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ