প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুন্দরবনের দুবলার চরে পূর্ণিমার জোয়ারের মধ্যে সমুদ্রের পানিতে পুণ্যস্নান করে শেষ হলো তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আলোরকোল সমুদ্রসৈকতে সমবেত হন। সনাতন ধর্মাবলম্বীরা প্রার্থনা ও স্নানের মাধ্যমে পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রায় তিন কিলোমিটার সৈকতজুড়ে পুণ্যার্থীদের ঢল নামে। উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ঢাকঢোলের শব্দে পুরো সৈকত মুখর হয়ে ওঠে। পাপমোচনের বিশ্বাসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরের পানিতে নামেন পুণ্যার্থীরা। এ সময় তারা নিজেদের মুক্তি, প্রিয়জনের মঙ্গল এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করেন।
১৯২৩ সালে সাধু হরিভজনের উদ্যোগে দুবলার চরে রাস উৎসবের সূচনা হয়। দীর্ঘকাল ধরে রাসপূর্ণিমা উপলক্ষে পূর্ণিমার তিথিতে সাগরের জলে পুণ্যস্নানকে কেন্দ্র করে এই উৎসব উদ্যাপিত হয়ে আসছে।
একসময় রাস উৎসবকে কেন্দ্র করে বিশাল রাসমেলা বসত। দেশ-বিদেশের লাখো মানুষের সমাগমে পুরো চর মুখর হয়ে উঠত। বিভিন্ন পণ্যের দোকান, কেনাবেচা ও নানা উৎসবের আয়োজনের মাধ্যমে এলাকা জমজমাট হয়ে উঠত। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষার লক্ষ্যে ২০২১ সাল থেকে রাসমেলা বন্ধ রয়েছে। এবারের উৎসবও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল।
শত বছরের ঐতিহ্যকে অতিক্রম করে রাস উৎসব এখন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব, কোস্টগার্ড, নৌপুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
পূজা, পুণ্যস্নান ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরের শতবর্ষী রাস উৎসব। ধর্মীয় আবেগ ও ঐতিহ্যের এই আয়োজন শেষ হলেও সাগরপাড়ের স্মৃতি নিয়ে ফিরছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন