মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৩৮ পি.এম
নেত্রকোনার কেন্দুয়ায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ইউনিয়ন চেয়ারম্যানসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—উপজেলা কান্দিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহাবুব আলম বাবুল, নওপাড়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বলাইশিমুল ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুর রহমান ভূট্টু এবং চিরাং ইউনিয়ন ছাত্রলীগ সদস্য জুয়েল মিয়া।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে এর আগে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগও ছিল।
কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘এঘটনায় তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পটুয়াখালী, ২৪ নভেম্বর, ২০২৬ : কুয়াকাটায় রাসপূজা ও রাস উৎসবের উদ্বোধন আনুষ্ঠানিকভাবে করেছেন পটুয়ালী-৪ (কলাপাড়া) আসনের সরকার দলীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
এ উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয় গতকাল সোমবার রাত ১০টায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মোশাররফ হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুসহ বিভিন্ন হিন্দু ও মুসলিম নেতার বক্তব্য উদ্ধৃত করে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্বের ওপর আলোকপাত করেন।
এর আগে, রাসপূজা উপলক্ষে কুয়াকাটায় আগত মতুয়া সম্প্রদায়ের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
স্থানীয় বাসিন্দারা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন উপজেলায় অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলওয়ে স্টেশনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর ফলে এক ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বরিশল গ্রামকে আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এ ইউনিয়নকে উপজেলা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এর অংশ হিসেবে মাছিহাতা ইউনিয়নসহ তিনটি ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
প্রতিবাদের অংশ হিসেবে মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশনসংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপির নেতাদের নেতৃত্বে এই সমাবেশে অংশগ্রহণ করেন মাছিহাতা ইউনিয়নের বাসিন্দারা। পরে সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা রেলপথ অবরোধ করে। এর ফলে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস পাঘাচং স্টেশনে আটকা পড়ে।
জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার বলেন, ‘সদর উপজেলা থেকে মাছিহাতা ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এটি কোনোভাবেই মানা যাবে না এবং কোনো অবস্থাতেই আমরা বরিশলে যুক্ত হব না। দাবি না মানলে আন্দোলন আরো দীর্ঘায়িত হবে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এর আগে গত ৮ নভেম্বর একই ইস্যুতে সদর উপজেলার কোড্ডা রেলকেবিন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। সে সময় প্রায় চার ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখেন স্থানীয়রা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী, ২৪ নভেম্বর, ২০২৬ : রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ পৃথক অভিযানের মাধ্যমে এই ১৫৬ জনকে গ্রেফতার করে এবং মাদকদ্রব্য উদ্ধার করে।
গতকাল ২৩ নভেম্বর (সোমবার) রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। আজ মঙ্গলবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দায়ের হওয়া মোট ৫৭টি মামলার মধ্যে ২টি খুনের ঘটনা, ১টি দস্যুতা, ২টি চুরি, ২টি নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য ৫০টি মামলা রয়েছে। তবে খুনসহ ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন ও দ্রুত বিচার আইনে কোনো মামলা দায়ের হয়নি। এ ছাড়া, এই সময়ে সাতটি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।
গ্রেফতারকৃত ১৫৬ জনের মধ্যে ৫৪ জন পরোয়ানামূলে, ১৫ জন সাজাপ্রাপ্ত, ৮১ জন তদন্তাধীন মামলায় এবং ৬ জন অন্যান্য (প্রতিরোধমূলক) কারণে গ্রেফতার হয়েছেন। এদের মধ্যে ১৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে গ্রেফতার হয়েছেন। গ্রেফতার ও উদ্ধার অভিযানের অংশ হিসেবে রেঞ্জ জুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান চলাকালে এসআরবি কর্তৃক ২টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বিজিবি কর্তৃক ১৯টি ককটেলও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, মাদকদ্রব্যের মধ্যে ২০ গ্রাম হেরোইন, ১১০ পিস ইয়াবা, ২০ পিস ট্যাপেন্টাডল, ৫০০ গ্রাম গাঁজা, ২৫ লিটার চোলাই মদ ও ২৫ লিটার ওয়াশ জব্দ করা হয়েছে। তবে কোনো চোরাচালান পণ্য উদ্ধারের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশি সেবা কার্যক্রমেও গতিশীলতা দেখা গেছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২ জন এবং চলতি মাসে এ পর্যন্ত মোট ২১ হাজার ৯৮৬ জন সেবাগ্রহীতা পুলিশি সেবা গ্রহণ করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এবং কার্যক্রম নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে তৈয়বুর রহমান নামে এক বিএনপি নেতার দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। অভিযুক্ত তৈয়বুর রহমান কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় চিঠিতে উল্লেখ করা হয়েছে, তৈয়বুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া, দলে থেকে আওয়ামী লীগের কাছে তথ্য পাচার এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ছবি থাকার কারণে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ স্থগিত করা হলো।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এ বিষয়ে মন্তব্য করে বলেন, "পতিত ফ্যাসিবাদী সরকারের এমপি-মন্ত্রী থেকে শুরু করে অনেকের সঙ্গেই তৈয়বুর রহমানের সুসম্পর্ক ছিল।" তিনি আরও জানান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্থানীয় আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে বিএনপির তথ্য পাচারের অভিযোগ রয়েছে তৈয়বুর রহমানের বিরুদ্ধে। সবকিছু বিবেচনা করে দলীয় সিদ্ধান্তে তার সব পদ স্থগিত করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ