মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫৭ পি.এম
পাবনার চাটমোহরে হট্টগোল ও ভাঙচুরের মাধ্যমে গোডাউন থেকে ৬১১ বস্তা সার লুটের ঘটনায় পুলিশ জহুরুল ইসলাম (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া জহুরুল ইসলাম (২৮) উপজেলার লাঙলমোড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সার গোডাউন ভাঙচুর ও লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় সোমবার (৯ নভেম্বর) রাতে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ বস্তা সার জব্দ করা হয়। এখন পর্যন্ত সব মিলিয়ে ১০৭ বস্তা সার ফেরত পাওয়া গেছে। গ্রেফতার জহুরুলকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (৯ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে ডিলার প্রদীপ কুমার পাল সার বিতরণ করছিলেন। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে ও দেরিতে সার দেয়া নিয়ে হট্টগোল শুরু হয়। এ সময় ছাইকোলা বাজারে আরও দুজন ডিলার সার বিতরণ করছিলেন।
কিন্তু ওই দুই ডিলার সার বিতরণ হঠাৎ করে বন্ধ করে দেয়ায় সবাই ডিলার প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। এ সময় সার না পেয়ে কৃষকরা ক্ষিপ্ত হয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে এবং সার লুটপাট শুরু করে। এ সময় পুলিশ ও ডিলারের লোকজন বাধা দিতে গেলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মাইকিং করে কৃষকদের নেয়া সার ফেরত দেয়ার আহ্বান জানানো হয়।
সার লুটের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।
সোমবার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য দুই সদস্য হলেন: পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) লুৎফর রহমান। অফিস আদেশে কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও আট জনের। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৫ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যুবরণকারী ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন এবং খুলনা বিভাগে ১ জন রয়েছেন। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪৭৪ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৯৫ জনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ২০৬ জন, খুলনা বিভাগে ২২০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ২১১ জন এবং সিলেট বিভাগে ২০ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গুরোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ তার চাকরি ফিরে পেয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষে দুদক তাকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্তের কথা জানায়।
এছাড়া, কমিশন তার চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে বিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দুদকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শরীফ উদ্দিন ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেন। তার আবেদনটি ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় উপস্থাপন করা হয়। সভায় আদালতের রায় ও তার আবেদন পর্যালোচনা করে চাকরি থেকে অপসারণের আগের আদেশ প্রত্যাহার এবং তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নেয়া হয়।
এ সিদ্ধান্ত অনুযায়ী, দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে শরীফ উদ্দিনের চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় কমিশনের চাকরিতে বহাল করা হয়েছে। আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বিধি অনুযায়ী তিনি তার পূর্ববর্তী জ্যেষ্ঠতা এবং বকেয়া সব বেতন-ভাতাসহ প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন। আদেশ জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর মাধ্যমে দীর্ঘ সাড়ে চার বছরের আইনি লড়াইয়ের পর দুদকের চাকরিতে ফিরছেন শরীফ উদ্দিন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে, কারণ তারা প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে নেমে গেছে। এই পরিস্থিতিতে ক্লাবটি প্রধান কোচ মাইকেল ক্যারিককে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছে। ক্লাব কর্তৃপক্ষ ক্যারিকের উত্তরসূরি খুঁজে পাওয়ার দিকেও নজর দিয়েছে। যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ মাউরিসিও পচেত্তিনো ক্যারিকের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে অগ্রসর রয়েছেন। এই তথ্যটি ইএসপিএন সূত্রে জানা গেছে।
ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে, যার নেতৃত্ব দিচ্ছেন ইউনাইটেডের সহ-চেয়ারম্যান জোয়েল গ্লেজার, সংখ্যালঘু মালিক জিম র্যাটক্লিফ, প্রধান নির্বাহী ওমর বেরাদা এবং ফুটবল পরিচালক জেসন উইলকক্স। ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে তারা আলোচনা করছেন।
ইউনাইটেড তাদের ইতিহাসের সবচেয়ে বাজে শুরুর মুখোমুখি হয়েছে, যেখানে তারা ১০ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে। পয়েন্ট তালিকার তলানির দলের চেয়ে তারা মাত্র এক পয়েন্ট এগিয়ে রয়েছে।
সূত্রগুলো ইএসপিএনকে জানিয়েছে, এই বিষয়ে আলোচনা চলমান রয়েছে এবং আগামী কয়েক দিনও তা অব্যাহত থাকবে। তবে দলের পারফরম্যান্স ও ফলাফলের কারণে কোচ পরিবর্তনের প্রয়োজনীয়তা এখন ক্লাবের কর্মকর্তাদের কাছে স্বীকৃত।
৫৪ বছর বয়সী পচেত্তিনো গত আগস্টে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন। চলতি গ্রীষ্মে অনুষ্ঠিত বিশ্বকাপে তার অধীনে যুক্তরাষ্ট্র শেষ ষোলোতে পৌঁছায়।
ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সঙ্গে পচেত্তিনোর চুক্তিতে ১ কোটি ডলারের একটি রিলিজ ক্লজ রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডকে তাকে নিয়োগ দিতে হলে এই অর্থ পরিশোধ করতে হবে।
ইউনাইটেডের কর্মকর্তাদের পছন্দের তালিকায় নিউক্যাসলের সাবেক কোচ এডি হাওয়ে এবং বর্তমানে কোনো ক্লাবের দায়িত্বে না থাকা ইয়ুলিয়ান নাগেলসমানও রয়েছেন। ২০২৪ সালে ইউনাইটেডের কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দেওয়া কিয়ারান ম্যাককেনার প্রতি কিছু কর্মকর্তার সমর্থন রয়েছে।
তবে, পচেত্তিনোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি এর আগে তিনবার ইউনাইটেডের কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দিয়েছেন। ক্লাবের বিশ্বাস, প্রিমিয়ার লিগে তার অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব দলকে বিপদ থেকে বের করে এনে আবারও সাফল্যের পথে ফিরিয়ে আনতে সহায়তা করবে।
গত গ্রীষ্মে ইউনাইটেডের সঙ্গে দুই বছরের চুক্তি করেছিলেন ক্যারিক। জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি দলকে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনে সহায়তা করেছিলেন।
সূত্রগুলো জানিয়েছে, গত মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে ক্যারিকের সাফল্যের পর ইউনাইটেডের কর্মকর্তারা মনে করেছিলেন, তাকে দীর্ঘমেয়াদি চুক্তি দেওয়া উচিত। যদিও তার কোচিংয়ের অভিজ্ঞতা ছিল কেবল চ্যাম্পিয়নশিপের দল মিডলসব্রোর দায়িত্বে।
কিন্তু চলতি মৌসুমে দলের পারফরম্যান্স ও ফলাফলের অবনতি ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের বিস্মিত করেছে। গত মাসে ক্যারিককে পরিস্থিতি পরিবর্তনের জন্য সময় দেওয়া হয়েছিল। সেই সুযোগে তিনি চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছেন। ফলে ক্লাবের কোচ হিসেবে তার ভবিষ্যৎ এখন ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে।
আগামী ২২ নভেম্বর অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মন্তব্য করেছেন, ‘যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তিনি কীভাবে পাসপোর্ট ও এনআইডি পাবেন?’
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিজভী। এই আয়োজনের দায়িত্বে ছিল জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
রুহুল কবির রিজভী বলেন, ‘২০২৪ সালে একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পতন হয়েছে। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অথচ এখন বলা হচ্ছে, তিনি পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করবেন। একজন পলাতক ব্যক্তি কীভাবে এসব সুযোগ পাবেন, সেই প্রশ্নের জবাব দিতে হবে।’
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এমনকি তিনি লন্ডনে বক্তব্য দিলেও তা প্রচার করা যাবে না বলে বলা হয়েছিল। তখন তৎকালীন আইনমন্ত্রী বলেছিলেন, পলাতক ব্যক্তির বক্তব্য প্রচার করা যায় না। তাহলে এখন একজন পলাতক ব্যক্তির পাসপোর্ট ও এনআইডি পাওয়ার বিষয়টি কীভাবে বিবেচিত হচ্ছে?’
রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ তুলে বলেন, ‘তারেক রহমান পলাতক ছিলেন না। তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। তিনি প্রায় পঙ্গুত্বের পর্যায়ে চলে গিয়েছিলেন। চিকিৎসার প্রয়োজনে তিনি দেশ ছেড়েছিলেন। এরপর তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা সবার চোখের সামনে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।’
তিনি আরো বলেন, ‘আবু সাঈদের রক্ত, আহনাফের, মুগ্ধর রক্ত এবং এক হাজার ৪০০ শিশু কিশোর ও তরুণের আত্মত্যাগের স্মৃতি এখনো মুছে যায়নি। মানবতাবিরোধী অপরাধের বিচার আমাদের আইন ও সংবিধান অনুযায়ী নিশ্চিত করতে হবে।’
রিজভী বলেন, ‘সত্যকে জনগণের সামনে উন্মুক্ত করা এবং আইনের শাসন নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। এ নির্বাচনে আমি ডামি কিংবা মিডনাইট নির্বাচনের মতো পরিস্থিতি ছিল না। সব পক্ষের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
বর্তমান সরকার আইনের যথাযথ ও ন্যায়সংগত প্রয়োগ নিশ্চিত করবে জানিয়ে তিনি বলেন, ‘আইন ও আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সেই নীতিই বাস্তবায়ন করবে।’
বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের প্রশংসা করে রিজভী বলেন, ‘তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা ও সৃজনশীলতা অত্যন্ত সম্ভাবনাময়। তাদের মধ্যে ভবিষ্যতের আইনস্টাইন ও নিউটন হওয়ার মতো প্রতিভা রয়েছে। এসব তরুণ একদিন বিজ্ঞানী হয়ে বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ