ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

দুদক কর্মকর্তা শরীফ জ্যেষ্ঠতা ও বকেয়া বেতনসহ চাকরি ফিরে পেলেন


দুদক কর্মকর্তা শরীফ জ্যেষ্ঠতা ও বকেয়া বেতনসহ চাকরি ফিরে পেলেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ তার চাকরি ফিরে পেয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষে দুদক তাকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্তের কথা জানায়।

এছাড়া, কমিশন তার চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে বিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: ধর্মঘটের পোস্টার সাঁটানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

দুদকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শরীফ উদ্দিন ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেন। তার আবেদনটি ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় উপস্থাপন করা হয়। সভায় আদালতের রায় ও তার আবেদন পর্যালোচনা করে চাকরি থেকে অপসারণের আগের আদেশ প্রত্যাহার এবং তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নেয়া হয়।

এ সিদ্ধান্ত অনুযায়ী, দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে শরীফ উদ্দিনের চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় কমিশনের চাকরিতে বহাল করা হয়েছে। আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বিধি অনুযায়ী তিনি তার পূর্ববর্তী জ্যেষ্ঠতা এবং বকেয়া সব বেতন-ভাতাসহ প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন। আদেশ জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর মাধ্যমে দীর্ঘ সাড়ে চার বছরের আইনি লড়াইয়ের পর দুদকের চাকরিতে ফিরছেন শরীফ উদ্দিন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হচ্ছেন ক্যারিক, পচেত্তিনো হতে পারেন উত্তরসূরি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হচ্ছেন ক্যারিক, পচেত্তিনো হতে পারেন উত্তরসূরি

ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে, কারণ তারা প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে নেমে গেছে। এই পরিস্থিতিতে ক্লাবটি প্রধান কোচ মাইকেল ক্যারিককে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছে। ক্লাব কর্তৃপক্ষ ক্যারিকের উত্তরসূরি খুঁজে পাওয়ার দিকেও নজর দিয়েছে। যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ মাউরিসিও পচেত্তিনো ক্যারিকের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে অগ্রসর রয়েছেন। এই তথ্যটি ইএসপিএন সূত্রে জানা গেছে।

ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে, যার নেতৃত্ব দিচ্ছেন ইউনাইটেডের সহ-চেয়ারম্যান জোয়েল গ্লেজার, সংখ্যালঘু মালিক জিম র‍্যাটক্লিফ, প্রধান নির্বাহী ওমর বেরাদা এবং ফুটবল পরিচালক জেসন উইলকক্স। ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে তারা আলোচনা করছেন।

ইউনাইটেড তাদের ইতিহাসের সবচেয়ে বাজে শুরুর মুখোমুখি হয়েছে, যেখানে তারা ১০ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে। পয়েন্ট তালিকার তলানির দলের চেয়ে তারা মাত্র এক পয়েন্ট এগিয়ে রয়েছে।

সূত্রগুলো ইএসপিএনকে জানিয়েছে, এই বিষয়ে আলোচনা চলমান রয়েছে এবং আগামী কয়েক দিনও তা অব্যাহত থাকবে। তবে দলের পারফরম্যান্স ও ফলাফলের কারণে কোচ পরিবর্তনের প্রয়োজনীয়তা এখন ক্লাবের কর্মকর্তাদের কাছে স্বীকৃত।

৫৪ বছর বয়সী পচেত্তিনো গত আগস্টে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন। চলতি গ্রীষ্মে অনুষ্ঠিত বিশ্বকাপে তার অধীনে যুক্তরাষ্ট্র শেষ ষোলোতে পৌঁছায়।

ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সঙ্গে পচেত্তিনোর চুক্তিতে ১ কোটি ডলারের একটি রিলিজ ক্লজ রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডকে তাকে নিয়োগ দিতে হলে এই অর্থ পরিশোধ করতে হবে।

ইউনাইটেডের কর্মকর্তাদের পছন্দের তালিকায় নিউক্যাসলের সাবেক কোচ এডি হাওয়ে এবং বর্তমানে কোনো ক্লাবের দায়িত্বে না থাকা ইয়ুলিয়ান নাগেলসমানও রয়েছেন। ২০২৪ সালে ইউনাইটেডের কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দেওয়া কিয়ারান ম্যাককেনার প্রতি কিছু কর্মকর্তার সমর্থন রয়েছে।

তবে, পচেত্তিনোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি এর আগে তিনবার ইউনাইটেডের কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দিয়েছেন। ক্লাবের বিশ্বাস, প্রিমিয়ার লিগে তার অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব দলকে বিপদ থেকে বের করে এনে আবারও সাফল্যের পথে ফিরিয়ে আনতে সহায়তা করবে।

গত গ্রীষ্মে ইউনাইটেডের সঙ্গে দুই বছরের চুক্তি করেছিলেন ক্যারিক। জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি দলকে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনে সহায়তা করেছিলেন।

সূত্রগুলো জানিয়েছে, গত মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে ক্যারিকের সাফল্যের পর ইউনাইটেডের কর্মকর্তারা মনে করেছিলেন, তাকে দীর্ঘমেয়াদি চুক্তি দেওয়া উচিত। যদিও তার কোচিংয়ের অভিজ্ঞতা ছিল কেবল চ্যাম্পিয়নশিপের দল মিডলসব্রোর দায়িত্বে।

কিন্তু চলতি মৌসুমে দলের পারফরম্যান্স ও ফলাফলের অবনতি ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের বিস্মিত করেছে। গত মাসে ক্যারিককে পরিস্থিতি পরিবর্তনের জন্য সময় দেওয়া হয়েছিল। সেই সুযোগে তিনি চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছেন। ফলে ক্লাবের কোচ হিসেবে তার ভবিষ্যৎ এখন ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে।

আগামী ২২ নভেম্বর অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাতক শেখ হাসিনা পাসপোর্ট-এনআইডি পাবেন কীভাবে, প্রশ্ন রিজভীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


পলাতক শেখ হাসিনা পাসপোর্ট-এনআইডি পাবেন কীভাবে, প্রশ্ন রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মন্তব্য করেছেন, ‘যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তিনি কীভাবে পাসপোর্ট ও এনআইডি পাবেন?’

‎

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিজভী। এই আয়োজনের দায়িত্বে ছিল জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

রুহুল কবির রিজভী বলেন, ‘২০২৪ সালে একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পতন হয়েছে। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অথচ এখন বলা হচ্ছে, তিনি পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করবেন। একজন পলাতক ব্যক্তি কীভাবে এসব সুযোগ পাবেন, সেই প্রশ্নের জবাব দিতে হবে।’

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এমনকি তিনি লন্ডনে বক্তব্য দিলেও তা প্রচার করা যাবে না বলে বলা হয়েছিল। তখন তৎকালীন আইনমন্ত্রী বলেছিলেন, পলাতক ব্যক্তির বক্তব্য প্রচার করা যায় না। তাহলে এখন একজন পলাতক ব্যক্তির পাসপোর্ট ও এনআইডি পাওয়ার বিষয়টি কীভাবে বিবেচিত হচ্ছে?’

রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ তুলে বলেন, ‘তারেক রহমান পলাতক ছিলেন না। তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। তিনি প্রায় পঙ্গুত্বের পর্যায়ে চলে গিয়েছিলেন। চিকিৎসার প্রয়োজনে তিনি দেশ ছেড়েছিলেন। এরপর তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা সবার চোখের সামনে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।’

তিনি আরো বলেন, ‘আবু সাঈদের রক্ত, আহনাফের, মুগ্ধর রক্ত এবং এক হাজার ৪০০ শিশু কিশোর ও তরুণের আত্মত্যাগের স্মৃতি এখনো মুছে যায়নি। মানবতাবিরোধী অপরাধের বিচার আমাদের আইন ও সংবিধান অনুযায়ী নিশ্চিত করতে হবে।’

রিজভী বলেন, ‘সত্যকে জনগণের সামনে উন্মুক্ত করা এবং আইনের শাসন নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। এ নির্বাচনে আমি ডামি কিংবা মিডনাইট নির্বাচনের মতো পরিস্থিতি ছিল না। সব পক্ষের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

বর্তমান সরকার আইনের যথাযথ ও ন্যায়সংগত প্রয়োগ নিশ্চিত করবে জানিয়ে তিনি বলেন, ‘আইন ও আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সেই নীতিই বাস্তবায়ন করবে।’

বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের প্রশংসা করে রিজভী বলেন, ‘তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা ও সৃজনশীলতা অত্যন্ত সম্ভাবনাময়। তাদের মধ্যে ভবিষ্যতের আইনস্টাইন ও নিউটন হওয়ার মতো প্রতিভা রয়েছে। এসব তরুণ একদিন বিজ্ঞানী হয়ে বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতজুড়ে দীপাবলির আগুনে নিহত অন্তত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


ভারতজুড়ে দীপাবলির আগুনে নিহত অন্তত ৪৩

হিন্দু ধর্মাবলম্বীদের আলোর উৎসব দীপাবলি, যা আনন্দ ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে পরিচিত, এ বছর ভারতের বিভিন্ন রাজ্যে একটি বিভীষিকাময় ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। আতশবাজির অতি ব্যবহারের কারণে, আবাসিক ও বাণিজ্যিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ফলে ভারতজুড়ে অন্তত ৪৩ জন প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে প্রায় ৫০০ জনেরও বেশি মানুষ গুরুতর দগ্ধ হয়ে এবং চোখের মারাত্মক আঘাত নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান ও ওড়িশা সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে একের পর এক মৃত্যুর খবর এসেছে, যা উৎসবকেন্দ্রিক অগ্নিসুরক্ষা ও প্রশাসনিক প্রস্তুতির বড় ধরনের ঘাটতি প্রকাশ করছে।

মধ্যপ্রদেশে দীপাবলির রাতে সবচেয়ে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজ্যের সেওনি, উজ্জয়িনী এবং কাটনি জেলায় পৃথক আবাসিক অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। সেওনি জেলার একটি আবাসিক বাড়িতে ভয়াবহ আগুন লেগে একই পরিবারের ছয় সদস্যসহ মোট ১২ জন প্রাণ হারান। উৎসবের আনন্দের মধ্যে বাড়িটি আগুনের শিখায় ঢেকে গেলে ভেতরে আটকা পড়া বাসিন্দারা বের হওয়ার সুযোগ পাননি। অন্যদিকে, উজ্জয়িনী জেলায় একটি বাসাবাড়িতে আগুন লেগে এক বয়স্ক ব্যক্তির করুণ মৃত্যু ঘটে।

কাটনি জেলার বাড়হি শহরে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। দীপাবলির রাতে একটি তিনতলা আবাসিক-কম-বাণিজ্যিক ভবনে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে এক শিশু, দুই মাস বয়সী এক নবজাতক এবং তিন শিশুসহ একই পরিবারের ছয়জন সদস্য জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। এই ঘটনার পর ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে দমকল বাহিনীর চারটি ইউনিট পৌঁছালেও ঘণ্টার পর ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে। শেষ পর্যন্ত ওই ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। কাটনির কালেক্টর আশিষ তিওয়ারি নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং স্বীকার করেছেন যে, ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে থাকা সত্ত্বেও প্রশাসন এই ছয়টি মূল্যবান প্রাণ বাঁচাতে পারেনি।

মহারাষ্ট্রে পৃথক একাধিক আগুনে অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। রাজ্যের ধারাশিব এলাকায় একটি মুদি দোকানের ওপর তৈরি বাসাবাড়িতে আগুন লাগলে ধোঁয়ায় দমবন্ধ হয়ে একই পরিবারের ছয়জন সদস্য মারা যান। রাজধানী মুম্বাইয়ের লোকান্ডওয়ালা এলাকাতেও অগ্নিকাণ্ডে এক ব্যক্তি প্রাণ হারান। এছাড়া মুম্বাইয়ের মালবাণী (মাল্লাড ওয়েস্ট) এলাকার একটি পটকা মজুদ রাখার গুদামে রাত ৯টা ৫৬ মিনিটে বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় একতলা দোকানটির ওপরের স্ল্যাব ধসে পড়ে এবং ভেতরে আগুন ধরে যায়। এই ঘটনায় শাহনেওয়াজ নিয়াজ খান নামের ১৬ বছরের এক কিশোর নিখোঁজ হয়। পরে রাত ১০টা ৩৬ মিনিটে মুম্বাই ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণে আনলে দোকানটির ভেতর থেকে তার শতভাগ ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়। কান্দিভালির বিডিবিএ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দীপাবলি উপলক্ষে কেবল মুম্বাই শহরেই ১৪২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১৩৭টি আগুনের উৎস ছিল ফায়ারক্র্যাকার বা বাজি। তবে সৌভাগ্যবশত এই ঘটনাগুলোতে আলাদা করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া পুণেতে লক্ষ্মীপূজার রাতে সাতারা রোড, মঙ্গলবার পেঠ এবং রেঞ্জ হিলসসহ একাধিক এলাকায় মোট ৯৪টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

দিল্লিতে বাজির আঘাতে শিশু মৃত্যু ও হাসপাতালে ৫০০ চিকিৎসাধীন

ভারতের রাজধানী দিল্লিতে বাজির ভয়াবহতায় প্রাণ গেছে এক শিশুর এবং হাসপাতালে ভিড় জমিয়েছেন শত শত আহত মানুষ। দিল্লির নারেলা এলাকায় বাড়ির সামনে বাজি ফোটানোর সময় ১০ বছরের এক শিশু ঋষির বুকে সরাসরি একটি স্কাইরকেট (আকাশে ওঠার বাজি) এসে আঘাত করে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার থেকে চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলা হয়েছে।

দীপাবলির এই উৎসবের দিনগুলোতে দিল্লি ও তার আশপাশের হাসপাতালগুলোতে বাজি ও অন্যান্য দুর্ঘটনায় দগ্ধ ও আহত হয়ে প্রায় ৫০০ জন চিকিৎসা নিয়েছেন। এইমসের ড. রাজেন্দ্র প্রসাদ সেন্টার ফর অপথালমিক সায়েন্সে ৮ নভেম্বর এবং ৯ নভেম্বরের ভোরে প্রায় ১১০ জন চোখের আঘাত নিয়ে ভর্তি হন, যাদের বেশিরভাগই শিশু ও তরুণ। এদের মধ্যে ৭২ জনের আঘাত দৃষ্টিশক্তির জন্য আশঙ্কাজনক না হলেও ১৮ জনের চোখের কর্নিয়া ছিঁড়ে বা ফেটে যাওয়ায় জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। আরও ২০ জন রোগীর অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এমসের প্লাস্টিক ও বার্ন সার্জারি বিভাগে ৪২ জন দগ্ধ রোগী আসেন, যার মধ্যে ৩৭ জনই বাজি এবং ২ জন পটাশ বিস্ফোরণে দগ্ধ হন। এই বিভাগে ভর্তি হওয়া এক ৮ বছরের শিশুর শরীরের ৪৫ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সাফদারজং হাসপাতালে আউটপেশেন্ট বিভাগে বাজি ও প্রদীপের আগুনে দগ্ধ ১৩৫ জন শিশু ও বয়স্ক চিকিৎসা নেন, যার মধ্যে ৩৫ জনই ছিল ১২ বছরের কম বয়সী শিশু। এছাড়া রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে ৪১ জন এবং গুরু তেগ বাহাদুর (জিটিবি) হাসপাতালে ১৭২ জন আহত রোগী চিকিৎসা গ্রহণ করেন। আকাশ হেলথকেয়ারেও ১১ জন চোখের গুরুতর আঘাতসহ ১৫ জন ভর্তি হন, যাদের চোখে বাজির বিষ্ফোরিত কণা গেঁথে গিয়েছিল।

উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ও ছাই হওয়া প্রাণ

দীপাবলি উদযাপনের মধ্যে উত্তরপ্রদেশজুড়ে এক রক্তক্ষয়ী চিত্র দেখা গেছে। রাজ্যটিতে ৯ নভেম্বর ঘটে যাওয়া ছয়টি বড় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত এবং ৫৫ জন মারাত্মকভাবে আহত হয়েছেন।

এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মুজাফফরনগর জেলার জাগাহেড়ি গ্রামের কাছে। হরিয়ানা থেকে হরিদ্বারের উদ্দেশ্যে যাওয়া একটি কার সড়ক নির্দেশক ও বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা খেয়ে উল্টে যায়। মুহূর্তের মধ্যে কারটিতে আগুন ধরে যায় এবং গাড়ির ভেতরে থাকা হরিয়ানার ছয় তরুণ জীবন্ত পুড়ে ছাই হয়ে যান। এছাড়া চিত্রকূটে একটি ট্রাক্টর-ট্রলি উল্টে গিয়ে এবং লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে একটি বাস দুর্ঘটনায় আরও একাধিক যাত্রীর মৃত্যু ঘটে।

উৎসবের রাতে রাজস্থানের ফালনা শহরে একটি বাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ জন প্রাণ হারিয়েছেন এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। দোকানের ভেতর বাজি মজুত থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে ব্যাপক বেগ পেতে হয়।

অন্যদিকে, ওড়িশার কটক শহরের দরগা বাজার এলাকায় একটি বাসাবাড়িতে আচমকা আগুন লেগে সাত বছরের এক নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাশাপাশি হায়দ্রাবাদে বাজি ফোটানোর সময় চোখে আঘাত পেয়ে অন্তত ৩২ জন (যার মধ্যে অধিকাংশই শিশু) সরোজিনী দেবী আই হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, পুরো ভারতজুড়ে এক দীপাবলিকে কেন্দ্র করে ৪৩ জনেরও বেশি মানুষের করুণ মৃত্যু এবং শত শত মানুষের দগ্ধ হওয়া ও দৃষ্টিশক্তি হারানোর ঘটনাটি কেবল কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। আবাসিক এলাকায় অনিয়ন্ত্রিত বাজি সংরক্ষণ, বাজির বেপরোয়া ব্যবহার, সড়ক নিরাপত্তায় অসচেতনতা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার দ্রুত সাড়াদানের ঘাটতি—সব মিলিয়ে আনন্দের উৎসবটি এক বিষাদময় শোকের মাতমে পরিণত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমার মতো হাঁটু হলে বুঝতে! নেইমারের ২০৩০ সালে কিংস লিগে খেলার ইচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


আমার মতো হাঁটু হলে বুঝতে! নেইমারের ২০৩০ সালে কিংস লিগে খেলার ইচ্ছা

নেইমার, যিনি চোটের সঙ্গে দীর্ঘ সময় ধরে লড়াই করছেন, ক্লান্ত নন। একাধিক অস্ত্রোপচারের প্রভাব তাঁর শরীরে কতটা পড়েছে, তা বোঝাতে গিয়ে তিনি ২০৩০ সালকে পেশাদার ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বছর হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, হাঁটুর বর্তমান অবস্থার কারণে অন্য কেউ খেলোয়াড়ি জীবনের মেয়াদ সম্পর্কে ধারণা করতে পারবেন না।

ব্রাজিলের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ক্রিস গুয়েদেসের সঙ্গে এক আলাপচারিতায় নেইমার জানিয়েছেন, ২০৩০ সালে তিনি মিডিয়াভিত্তিক ফুটবল প্রতিযোগিতা কিংস লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেন। তখন তাঁর বয়স হবে ৩৮ বছর। গুয়েদেস বিষয়টি শুনে বিস্ময় প্রকাশ করেন এবং তাঁর ধারণা, নেইমারের সামনে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে আরও পাঁচ-ছয় বছর খেলার সামর্থ্য রয়েছে।

নেইমার গুয়েদেসের প্রশ্নের জবাবে নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘তোমার যদি আমার মতো হাঁটু থাকত, তাহলে বুঝতে পারতে।’ ৩৪ বছর বয়সী নেইমার একাধিক গুরুতর চোট ও অস্ত্রোপচারের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে যাওয়া-আসার মধ্যে রয়েছেন। শারীরিক সমস্যার প্রভাব তাঁর ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি করেছে। তবে ২০৩০ সালকে অবসরের সম্ভাব্য সময় হিসেবে উল্লেখ করলেও সেটি আনুষ্ঠানিক অবসরের ঘোষণা নয়।

নেইমার ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কিংবদন্তি পেলের গোলসংখ্যা ছাড়িয়ে তিনি এই রেকর্ড গড়েছেন। ক্লাব ফুটবলেও তাঁর রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। বার্সেলোনার হয়ে তিনি উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, পাশাপাশি স্পেন ও ফ্রান্সের ঘরোয়া ফুটবলেও একাধিক শিরোপা অর্জন করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%