০৪:৩৭ পি.এম
॥ একেএম রাশেদ শাহরিয়ার ॥
ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬ : কৃষক কার্ড কর্মসূচি কৃষকদের আর্থিক সুরক্ষা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও কৃষিতে সামাজিক নিরাপত্তা জোরদারের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এই কর্মসূচির আওতায় আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হবে প্রায় ৫ লাখ কৃষকের। ইতোমধ্যে ৪ লাখ ৪৩ হাজার ৪৮৪ জন কৃষকের তথ্য হালনাগাদ সম্পন্ন হয়েছে। বাকি ৫৬ হাজার ৫১৬ জনের তথ্য যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, নভেম্বর মাসের মধ্যেই এই তথ্য হালনাগাদ করা সম্ভব হবে।
আরও পড়ুন: নড়াইলে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকদের আগ্রহ বাড়ছে
আইবাস++ এর মাধ্যমে যাচাই করা ব্যাংক হিসাবের ভিত্তিতে ৪ লাখ ৬ হাজার ৫৯১ জন কৃষক এই দুই কর্মসূচিতে সহায়তা পাবেন। নির্ধারিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেবেন।
কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান, কৃষি উপকরণ ক্রয়ে সহযোগিতা এবং কৃষকদের তথ্যভিত্তিক নিবন্ধন ও সরকারি সহায়তা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই দুই জেলার কর্মসূচি কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কৃষি অর্থনীতিতে অর্থপ্রবাহ এবং গ্রামীণ জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি কৃষি। দেশের বিপুল জনগণের জীবন-জীবিকা কৃষির ওপর নির্ভরশীল হলেও কৃষি উৎপাদনের ব্যয় বৃদ্ধি, বাজারদরের ওঠানামা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং প্রাকৃতিক দুর্যোগ কৃষকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন অব্যাহত রাখতে মৌসুমি অর্থসংকট ও কৃষি উপকরণের ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলা করতে হয়।
এ পরিস্থিতিতে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান এবং কৃষিসেবাকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে সরকার কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুন: ঈশ্বরদীর শাহিনের টপ লেডি পেঁপে চাষে বৃষ্টির ক্ষতি
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী চার বছরে দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, কৃষক কার্ডের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বছরে ২ হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। এই অর্থ বীজ, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সংগ্রহে কৃষকদের সহায়ক হবে। সরাসরি কৃষকের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ফলে কৃষি উৎপাদন কার্যক্রমে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরকারি সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজ হবে।
কৃষক কার্ড কর্মসূচির সর্বশেষ সরকারি সারসংক্ষেপ অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় কৃষি উপকরণ সহায়তা কর্মসূচি বাস্তবায়িত হবে।
২ ডিসেম্বর কুষ্টিয়ার কর্মসূচির আওতায় খুলনা ও ঢাকা বিভাগের সংশ্লিষ্ট এলাকায় মোট ২ লাখ ৮৯ হাজার ২৫৩ জন কৃষক কৃষি উপকরণ সহায়তার আওতায় রয়েছেন। তাঁদের মধ্যে আইবাস++ এর মাধ্যমে যাচাই করা ব্যাংক হিসাব রয়েছে ২ লাখ ৬৮ হাজার ৮৩৬ জনের। এই কর্মসূচিতে কৃষকদের জন্য ২ হাজার ৫০০ টাকা হারে মোট ৬৭ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা কৃষি উপকরণ সহায়তা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ টাকা
এই কর্মসূচির আওতায় খুলনা বিভাগের ১০টি উপজেলায় ১১০টি কৃষি ব্লকে ১ লাখ ৪০ হাজার ৫৯৭ জন কৃষক এবং ঢাকা বিভাগের ১৩টি উপজেলায় ১৪৭টি কৃষি ব্লকে ১ লাখ ৫২ হাজার ২২০ জন কৃষক রয়েছেন।
অন্যদিকে, ৫ ডিসেম্বর গাইবান্ধার কর্মসূচির আওতায় রংপুর বিভাগের আটটি উপজেলার ৫০টি কৃষি ব্লকে ১ লাখ ৫৪ হাজার ২৩১ জন কৃষক কৃষি উপকরণ সহায়তার আওতায় রয়েছেন। তাঁদের মধ্যে আইবাস++ এর মাধ্যমে যাচাই করা ব্যাংক হিসাব রয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৫৫ জনের। এই কর্মসূচিতে কৃষকদের জন্য মোট ৩৪ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা সহায়তা নির্ধারণ করা হয়েছে।
দুই কর্মসূচি মিলিয়ে পাঁচ লাখ কৃষক কৃষি উপকরণ সহায়তার আওতায় রয়েছেন। এর মধ্যে আইবাস++ এর মাধ্যমে যাচাই করা ব্যাংক হিসাবের সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৫৯১। দুই কর্মসূচিতে কৃষি উপকরণ সহায়তার মোট অর্থের পরিমাণ ১০১ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। কৃষকের সংখ্যার সাথে এই অর্থও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
কুষ্টিয়া সদর উপজেলার একটি কৃষি ব্লকে ২ হাজার ৮৫০ জন কৃষকের হাতে কৃষক কার্ড বিতরণ করা হবে।
আরও পড়ুন: নাটোরে ঔষধি গ্রামের চাষীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
একইভাবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একটি কৃষি ব্লকে ১ হাজার ৯৯০ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে। কার্ড বিতরণে সোনালী ব্যাংক পিএলসি সংশ্লিষ্ট থাকবে।
কৃষক কার্ড কর্মসূচির বাস্তবায়নে কৃষকদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং ব্যাংক হিসাব সংযুক্তির কার্যক্রম এগিয়ে চলছে। কৃষক কার্ড কর্মসূচির ২৬ নভেম্বরের সর্বশেষ সরকারি সারসংক্ষেপ অনুযায়ী, দেশব্যাপী কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে ২৬ দশমিক ৯৮ লাখ জনের। কমিটি কর্তৃক অনুমোদিত কৃষকের সংখ্যা ১৯ দশমিক ০২ লাখ। ব্যাংক হিসাব সংযুক্ত হয়েছে ১৬ দশমিক ৫২ লাখ এবং আইবাস++ এর মাধ্যমে যাচাই করা ব্যাংক হিসাব ও কৃষকের সংখ্যা ১৫ দশমিক ৩২ লাখ।
মন্ত্রণালয় জানিয়েছে, কৃষকের পরিচয় ও কৃষি কার্যক্রমের তথ্য সমন্বিতভাবে সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে কৃষি সহায়তা, প্রণোদনা এবং বিভিন্ন সরকারি সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।
কৃষিখাতকে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনার ক্ষেত্রে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: নীলফামারীর চাষিরা আগাম আলুতে লাভের প্রত্যাশা করছেন
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কৃষক কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত কৃষকদের শনাক্তকরণ, ব্যাংক হিসাব যাচাই এবং তথ্যভিত্তিক নিবন্ধনের মাধ্যমে সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আইবাস++ এর যাচাই প্রক্রিয়ার মাধ্যমে সহায়তা বণ্টনের ক্ষেত্রে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
একসময় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মৌসুমি খাদ্যসংকট, কর্মসংস্থানের অভাব ও দারিদ্র্যের কারণে মানুষের জীবনযাত্রা ছিল কঠিন। বিশেষ করে রংপুর অঞ্চলে ‘মঙ্গা’ শব্দটি ছিল অভাব ও অনিশ্চয়তার প্রতীক। কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার সম্প্রসারণ, উন্নত জাতের ফসল, কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষিভিত্তিক কর্মসংস্থানের প্রসারে সেই পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটেছে।
কৃষক কার্ডের মতো সরাসরি সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন পরিকল্পনা গ্রহণে আর্থিক সহায়ক ভূমিকা রাখতে পারে। ক্ষুদ্র কৃষকের হাতে কৃষি উপকরণ সহায়তা পৌঁছালে বীজ, সারসহ প্রয়োজনীয় উপকরণ কেনার ক্ষেত্রে তাদের আর্থিক চাপ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কৃষি উৎপাদন ও বাজার ব্যবস্থাপনার সঙ্গে কৃষকদের সম্পৃক্ততা বাড়লে গ্রামীণ অর্থনীতিতে অর্থপ্রবাহ বাড়তে পারে।
উত্তরাঞ্চলের কৃষি সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে কৃষি অর্থনৈতিক অঞ্চল, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, সংরক্ষণাগার, হিমাগার এবং কৃষিপণ্যের বাজারজাতকরণ অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: হিলি বাজারে নতুন আলুর দাম ৮০ টাকা কেজি
কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ ও শিল্পায়নের সুযোগ সৃষ্টি হলে কৃষকের উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন, কর্মসংস্থান এবং স্থানীয় অর্থনীতির বিকাশের সম্ভাবনা বাড়বে।
কৃষক কার্ড কর্মসূচির পাশাপাশি কৃষকদের উৎপাদন সহায়তা, সার ও বীজ সরবরাহ, কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, কৃষি যান্ত্রিকীকরণ এবং আবহাওয়াভিত্তিক তথ্য সরবরাহের কার্যক্রম কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ পৌঁছে দেওয়ার ব্যবস্থা কৃষি কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর সুযোগ তৈরি করছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, কৃষক কার্ড কর্মসূচি পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলার কৃষকদের আওতায় সম্প্রসারণ করা হবে। কৃষকদের তথ্যভিত্তিক নিবন্ধন ও যাচাই কার্যক্রমের মাধ্যমে সহায়তা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত কৃষকদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কৃষক কার্ড শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদানের একটি মাধ্যম নয়, এটি কৃষকদের রাষ্ট্রীয় সহায়তা ব্যবস্থার সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার একটি উদ্যোগ হিসেবেও বিবেচিত হচ্ছে। কৃষকের উৎপাদন ব্যয়, কৃষি উপকরণ সংগ্রহ, কৃষি কার্যক্রম পরিচালনা এবং গ্রামীণ অর্থনীতিতে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কুষ্টিয়া ও গাইবান্ধায় কৃষক কার্ড কর্মসূচির সম্প্রসারণ তাই কৃষি সহায়তা কার্যক্রমের একটি উল্লেখযোগ্য পর্ব।
কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, উৎপাদন কার্যক্রমে সহায়তা এবং কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার মাধ্যমে এই উদ্যোগ দেশের কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, কৃষক কার্ড কর্মসূচি মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের যোগাযোগ ও সেবা কার্যক্রমকে আরও সুসংহত করবে। এই কর্মসূচির আওতায় কৃষকদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং নিবন্ধনের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করা হচ্ছে, যাতে সরকারি সহায়তা যথাযথভাবে তাদের কাছে সহজে পৌঁছানো যায়।
তিনি বলেন, কৃষি উপকরণ সহায়তার পাশাপাশি উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ এবং আবহাওয়াভিত্তিক কৃষি পরামর্শের সমন্বয় ঘটাতে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। কৃষক কার্ড কৃষকের সঙ্গে কৃষি সম্প্রসারণ সেবার একটি কার্যকর সংযোগ তৈরি করবে।
এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম খান রাষ্টীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে দেশের প্রকৃত কৃষকদের কাছে সরকারি কৃষি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার একটি কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের কল্যাণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে কৃষক কার্ড কর্মসূচি পর্যায়ক্রমে দেশের কৃষকদের আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষি উপকরণ সংগ্রহে সহায়তা প্রদান তাদের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে এবং আর্থিক চাপ মোকাবিলায় সহায়ক হবে।
কৃষি সচিব বলেন, কৃষকের তথ্যভিত্তিক নিবন্ধন, ব্যাংক হিসাব যাচাই এবং স্বচ্ছতার সঙ্গে সহায়তা বিতরণের মাধ্যমে আমরা কৃষিসেবাকে আরও সহজ, কার্যকর ও কৃষকবান্ধব করতে চাই। কুষ্টিয়া ও গাইবান্ধায় এই কর্মসূচির সম্প্রসারণ কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশা করছি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন