ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান যোগদান করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে।

আজ শনিবার সকালে রাজধানী ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মিলন, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা উপস্থিত রয়েছেন।

সম্মিলনে প্রধানমন্ত্রী সকাল ১০টা ২০ মিনিটে পৌঁছান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করা হয়।

আরও পড়ুন: ফ্যাসিস্টদের ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এর এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে— ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

উচ্চশিক্ষার মান উন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই সম্মিলন আয়োজন করা হয়েছে।

এছাড়া, দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করার উদ্দেশ্যও রয়েছে এই আয়োজনের।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করছে।

আরও পড়ুন: শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিকল্প নেই: আখতার হোসেন

সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বৃদ্ধি করা হবে, পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

আরও পড়ুন: ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে প্রধানমন্ত্রী, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে: আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে: আবহাওয়া অফিস

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : আবহাওয়া অফিসের তথ্যমতে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।

এ তথ্য আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপে ৩৩ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, রংপুর বিভাগের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশের কোন এলাকায় বৃষ্টিপাতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থার বিষয়ে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতি ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার রয়েছে।

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৭৮ শতাংশ ছিল। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৩ মিনিটে ঘটবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরব ও হুতিদের রাজধানীতে পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


সৌদি আরব ও হুতিদের রাজধানীতে পাল্টাপাল্টি হামলা

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : সৌদি আরবের সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা রিয়াদে লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। শনিবার এই ঘোষণা আসার আগে, ইয়েমেনে সৌদি হামলার খবর প্রকাশ করেছে হুতিদের সংবাদমাধ্যম।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত গ্রীষ্মে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে সৌদি নেতৃত্বাধীন জোট, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থক, নিয়মিতভাবে ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে আসছে।

হুতিরা এর জবাবে প্রায় প্রতিদিন সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব হামলায় সৌদি আরবের জ্বালানি স্থাপনা, বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের আর্থিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ‘হুতি সন্ত্রাসী মিলিশিয়াদের পক্ষ থেকে রিয়াদ অঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তা প্রতিহত ও ধ্বংস করেছে।’

অন্যদিকে, হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদ সংস্থা সাবা জানায়, সৌদি বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে।

সংস্থাটি টেলিগ্রামে একটি পোস্টে জানায়, ‘সানার আল-তাহরির জেলার বির আবু শামলা আবাসিক এলাকায় সৌদি শত্রু বাহিনীর হামলায় আটটি বাড়ি ও তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।’

হুতিদের সংবাদমাধ্যম আল-মাসিরাহর তথ্য অনুযায়ী, এই হামলায় ১৩ জন আহত হয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে কোকা চাষের জন্য পরিচিত একটি নদী উপত্যকায় দেশটির বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে আটজন নিহত হয়েছেন এবং পাইলট গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আপুরিমাক, এনে ও মানতারো নদীর অববাহিকা নিয়ে গঠিত প্রত্যন্ত উপত্যকা অঞ্চলে একটি টহল দলের সদস্যদের উদ্ধারের উদ্দেশ্যে যাওয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয়ভাবে স্প্যানিশ ভাষায় এই অঞ্চলটি ‘ভ্রায়েম’ নামে পরিচিত।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টারটি এবং এতে থাকা নয়জন সামরিক সদস্যকে উদ্ধার করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘হেলিকপ্টারের পাইলট এনজো এসপিনোজা রোকে একমাত্র জীবিত ব্যক্তি। তাকে উন্নত চিকিৎসার জন্য লিমায় স্থানান্তর করা হয়েছে।’

পেরুর সবচেয়ে বড় কোকা উৎপাদনকারী উপত্যকা ভ্রায়েম। মাদক পাচার এবং শাইনিং পাথ নামের গেরিলা গোষ্ঠীর অবশিষ্ট সদস্যদের উপস্থিতির কারণে এই এলাকায় সামরিক তৎপরতা কয়েক দশক ধরে জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এর আগে আয়াকুচো অঞ্চলের প্রত্যন্ত সানাবাম্বা এলাকায় তিনজন সেনাসদস্যকে উদ্ধার করেছিল এটি।

কী কারণে ওই সেনাসদস্যদের উদ্ধারের প্রয়োজন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে উদ্ধার করা ওই তিন সেনাসদস্যও হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে পেরুর দক্ষিণাঞ্চলে আরেকটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৫ জনের সবাই নিহত হন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে কোকা পাতা ও কোকেন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে পেরু অন্যতম শীর্ষস্থানীয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ভিক্টোরিয়ার নির্বাচনে জয়ের আশা রক্ষণশীলদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ভিক্টোরিয়ার নির্বাচনে জয়ের আশা রক্ষণশীলদের

অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্ন অবস্থিত ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে। শনিবার অঙ্গরাজ্যটির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার পর দেশটির রক্ষণশীল রাজনৈতিক জোট ক্ষমতাসীন লেবার পার্টিকে বড় ব্যবধানে পরাজিত করার প্রত্যাশা করছে।

লেবার পার্টির পরাজয় হলে এটি প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

‘দ্য গার্ডেন স্টেট’ নামে পরিচিত ভিক্টোরিয়া রাজ্যটি গত ১২ বছর ধরে মধ্য-বামপন্থী লেবার পার্টির শাসনাধীন রয়েছে।

তবে চলতি সপ্তাহে প্রকাশিত জনমত জরিপগুলো নির্দেশ করছে, এবার লেবার পার্টি অঙ্গরাজ্যের ক্ষমতা হারাতে পারে। লিবারেল পার্টির নেতা জেস উইলসন দলটিকে পরাজিত করে ক্ষমতায় আসতে পারেন। ৩৬ বছর বয়সী এই রাজনীতিক প্রথমবারের মতো আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন এবং তিনি ঋণগ্রস্ত অঙ্গরাজ্যটির আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার প্রকাশিত নিউজপোলের জরিপে লিবারেল-ন্যাশনাল রক্ষণশীল জোটের বড় ব্যবধানে জয়ের আভাস দেওয়া হয়েছে।

বর্তমান লেবার সরকারের নেতা বেন ক্যারলকে পরাজিত করতে পারলে জেস উইলসন ভিক্টোরিয়ার ইতিহাসে প্রথম নারী লিবারেল দলীয় মুখ্যমন্ত্রী হবেন। দেশটির ব্যবসাবিষয়ক দৈনিক ‘ফিন্যান্সিয়াল রিভিউ’ ভিক্টোরিয়ার মুখ্যমন্ত্রীর দায়িত্বকে ‘অস্ট্রেলিয়ার সবচেয়ে কঠিন কাজ’ হিসেবে বর্ণনা করেছে।

অঙ্গরাজ্যটির দেশের মধ্যে সর্বোচ্চ ঋণের বোঝা কমাতে ২০ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের (১৩ বিলিয়ন মার্কিন ডলার) বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উইলসন। এসব পরিকল্পনার মধ্যে পয়োনিষ্কাশন ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার একটি বিতর্কিত প্রস্তাবও অন্তর্ভুক্ত রয়েছে।

তবে জয়ের বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন তিনি।

চ্যানেল সেভেনকে উইলসন বলেন, ‘আমি জানি, অনেক জনমত জরিপ হচ্ছে, অনেক শিরোনাম প্রকাশিত হচ্ছে। কিন্তু এই নির্বাচন মানুষ যতটা ভাবছে, তার চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

অস্ট্রেলিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত ভিক্টোরিয়ায় লেবার পার্টি হেরে গেলে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। তিনি বর্তমানে তার দ্বিতীয় মেয়াদের মাঝামাঝি সময়ে রয়েছেন।

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাপক অসন্তোষের মধ্যে আলবানিজের জনপ্রিয়তা রেকর্ড পরিমাণ কমেছে।

এদিকে চলতি মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আবারও সুদের হার বাড়িয়ে গত ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং অব্যাহত মূল্যস্ফীতির চাপকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে ব্যাংকটি।

- লেবার পার্টির বিদায় নিশ্চিত -

শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা। তবে আগাম ভোটের মাধ্যমে ইতোমধ্যে লাখ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জনমত জরিপে আরও ইঙ্গিত পাওয়া গেছে, অভিবাসনবিরোধী রাজনৈতিক দল ওয়ান নেশন এবার প্রথমবারের মতো ভিক্টোরিয়ার পার্লামেন্টে আসন পেতে পারে।

জাতীয় পর্যায়ে কট্টর ডানপন্থী রাজনীতিক পলিন হ্যানসনের নেতৃত্বাধীন ওয়ান নেশন দলটি দীর্ঘদিন ধরে প্রান্তিক রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত ছিল। তবে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের ব্যাপক অসন্তোষকে পুঁজি করে দলটি এখন অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

হ্যানসন ইঙ্গিত দিয়েছেন, ভিক্টোরিয়ার পরবর্তী সরকার গঠনে তার দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমনকি লেবার পার্টির সম্ভাব্য পরাজয়ের কৃতিত্বও আগেভাগে দাবি করেছেন তিনি।

শনিবার ভিক্টোরিয়ায় ওয়ান নেশনের নেতা ওয়ারেন পিকারিংয়ের সঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হ্যানসন বলেন, ‘আমরা জানি, অঙ্গরাজ্যে লেবার পার্টির বিদায় নিশ্চিত। তাদের রাজনৈতিক অধ্যায় শেষ।’

তিনি আরও বলেন, ‘তারা আর সরকারে থাকবে না। আর এটি নিশ্চিত করতে ওয়ান নেশন বড় ভূমিকা রেখেছে।’

হ্যানসনের দাবি, ‘লিবারেল পার্টি একা এই নির্বাচনে জিততে পারত না। কোনোভাবেই না।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%