ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

নামিবিয়া প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ল


নামিবিয়া প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ল

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : আইসিসির সহযোগি দেশ নামিবিয়া ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

নামিবিয়া পঞ্চম ও শেষ ওয়ানডেতে আইসিসির পূর্ণ সদস্য আয়ারল্যান্ডকে ৫ উইকেটে পরাজিত করেছে। এর ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নামিবিয়া ৩-২ ব্যবধানে জয়লাভ করেছে। এটি ছিল নামিবিয়ার জন্য দ্বিতীয় ওয়ানডে সিরিজ, যেখানে তারা জয়ের স্বাদ পেল।

গত সেপ্টেম্বরে, প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছিল নামিবিয়া, যা ২০২৭ সালের বিশ্বকাপের সহ-স্বাগতিক দেশ হিসেবে তাদের জন্য একটি কঠিন অভিজ্ঞতা ছিল।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডেতে নিজেদের ইতিহাসসেরা অবস্থানে আফগানিস্তান

প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের কাছে নামিবিয়া ৫৫ রানে পরাজিত হয়। তবে পরবর্তী ম্যাচে তারা ৩১ রানে জয়লাভ করে সিরিজে সমতা ফিরিয়ে আনে। এটি ছিল আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে নামিবিয়ার প্রথম জয়। তৃতীয় ম্যাচে নামিবিয়া ৬৩ রানে জিতে ২-১ ব্যবধানে লিড নেয়। কিন্তু চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ড ১৩০ রানে জয়লাভ করে সিরিজে ২-২ সমতা এনে দেয়।

উইন্ডহুকে সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নামিবিয়ার বোলারদের সামনে ৩৩.১ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন জর্ডান নিল। নামিবিয়ার জেজে স্মুথ ৪টি এবং জ্যাক ব্রাসেল ৩টি উইকেট নেন।

জবাবে, নামিবিয়া ২১.২ ওভার ব্যাট করে জয় নিশ্চিত করে। ওপেনার লরেন স্টিসকাম্প ৪৬ রান করেন এবং অধিনায়ক জেরহার্ড ইরাসমুস ১৮ বলে ৩০ রান করেন।

২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্মুথ এবং সিরিজ সেরা হন ইরামুস, যিনি ২৬৪ রান ও ৪ উইকেট নিয়ে সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখান।

আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের অবনমনের সম্ভাবনা দেখছেন সাবেক কোচ টেন হ্যাগ

আগামী বছর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সাথে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে নামিবিয়া থাকবে। স্বাগতিক দেশ হওয়ায় সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। কিন্তু নামিবিয়া সরাসরি অংশগ্রহণ করতে পারবে না এবং আইসিসির সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপ বাছাইয়ে তাদের অংশ নিতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তা শঙ্কায় আল নাসরের স্কোয়াডে রোনালদো নেই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


নিরাপত্তা শঙ্কায় আল নাসরের স্কোয়াডে রোনালদো নেই

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচে আল নাসর ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই খেলতে যাচ্ছে, যিনি আগের ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় এসেছিলেন। পর্তুগিজ মহাতারকা উজবেকিস্তানের ক্লাব পাহতাকরের বিরুদ্ধে ম্যাচটির জন্য দলের সঙ্গে যাননি। নিরাপত্তা শঙ্কার কারণে তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোনালদোর সঙ্গে দলের সদস্য কিংসলে কোম্যান ও মোহাম্মদ সিমাকানও উজবেকিস্তানে যাচ্ছেন না। কোচ অ্যাঞ্জ পোস্টেকোগলু জানিয়েছেন, টানা ম্যাচ ও ভ্রমণের চাপের কারণে তাদের বিশ্রাম দেয়া হয়েছে।

সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সপ্তাহে নিরাপত্তা শঙ্কার কারণে রিয়াদে খেলতে যেতে অস্বীকৃতি জানায় আল-ওয়াসল, যার ফলে আল নাসরের পূর্ববর্তী চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটি স্থগিত হয়। এর আগে, ক্ষেপণাস্ত্র হামলার খবরের কারণে দলটির একটি ম্যাচের কিক-অফ এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছিল।

এদিকে, ৭ জানুয়ারি সৌদি আরবে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনেইয়াসু মিয়ামোতো মন্তব্য করেছেন, "বিভিন্ন খবর থেকে যা জেনেছি, তাতে পরিস্থিতি এখনও অনিরাপদ, তাই এই মুহূর্তে আমার মনে হয় না সেখানে (এশিয়ান) কাপ আয়োজন করা সহজ হবে।"

তবে এএফসি সভাপতি শেখ সালমান জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নভেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষা করা সম্ভব। প্রয়োজনে টুর্নামেন্ট ২০২৮ সালেও পিছিয়ে নেয়া হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া ও ইউক্রেনের সতর্কতা অ্যাপে সাইবার হামলা, ভুল তথ্য ছড়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


রাশিয়া ও ইউক্রেনের সতর্কতা অ্যাপে সাইবার হামলা, ভুল তথ্য ছড়াল

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ওলেশকি শহরের চারপাশে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই উভয় দেশের বিমান হামলার জরুরি সতর্কীকরণ অ্যাপগুলো সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

আল জাজিরার সোমবার (২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউক্রেন তাদের বিমান হামলা সতর্কীকরণ অ্যাপের হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর রাশিয়া জানায় যে, তাদের জরুরি সতর্কবার্তা অ্যাপগুলো ব্যাপক সাইবার আক্রমণের শিকার হয়েছে।

সোমবার ভোরে টেলিগ্রামে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সাইবার হামলার কারণে অ্যাপটিতে ‘ভুল তথ্য’ ছড়িয়ে পড়েছে। এই অ্যাপটি ব্যবহারকারীদের ড্রোন হামলার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে থাকে। সাইবার হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে মন্ত্রণালয় কোনো তথ্য প্রদান করেনি।

এর আগে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, ব্যবহারকারীরা কিয়েভ ও এর আশপাশের এলাকায় পারমাণবিক ও রাসায়নিক হুমকির বিষয়ে ভুয়া সতর্কবার্তা পেয়েছেন; পাশাপাশি সেখানে সম্ভাব্য লড়াইয়ের ব্যাপারে সতর্ক করা হয়। ওই ভুল বার্তায় আরও বলা হয়েছে, রাশিয়া তাদের হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।

ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, ‘মনে হচ্ছে বিমান হামলা সতর্কবার্তা অ্যাপটি শত্রুপক্ষের হামলার শিকার হয়েছে। কোনো রেডিয়েশন ঝুঁকি নেই! শান্ত থাকুন এবং আমাদের চ্যানেলে দেয়া আপডেটগুলো অনুসরণ করুন।’

ইউক্রেনের স্ট্রাটেজিক কমিউনিকেশনস সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এই হ্যাকিংয়ের জন্য রাশিয়াকে দায়ী করেছে।

রুশ অধিকৃত খেরসন অঞ্চলের ওলেশকি শহরে মস্কো ও কিয়েভের ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই দুই দেশের বিমান হামলার জরুরি সতর্কীকরণ অ্যাপগুলো সাইবার হামলার শিকার হয়।

গত মঙ্গলবার (২৯ অক্টোবর) শুরু হওয়া এই সাময়িক যুদ্ধবিরতিটি রোববার শেষ হয়। দীর্ঘস্থায়িত্বের দিক থেকে এটিই ছিল চলতি সংঘাতের মধ্যে সবচেয়ে বড় বিরতি।

সূত্র: আল জাজিরা, বিবিসি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট

হাইকোর্ট ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিংবডি বাতিল করার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত স্থগিত করেছে।

বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সোমবার (২ নভেম্বর) এই আদেশ প্রদান করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।

এর আগে, ১৯ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) কর্তৃপক্ষ দেশের সকল ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল করে। এই তথ্য ইআবির রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস আদেশে জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয় যে, ১৫ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডি কমিটি বাতিল করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩ (খ) এর ধারা (১) খ (১), (৩) অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের উদ্দেশ্যে জেলা সদরে অবস্থিত মাদ্রাসার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরে অবস্থিত মাদ্রাসার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসককে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া, বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে।

মাদ্রাসাগুলোর অ্যাডহক কমিটি অনুমোদনের প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুন্দর দেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুন্দর দেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, সরকার প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। তিনি উল্লেখ করেন, অতীতের সরকারের ধারাবাহিকতা পরিত্যাগ করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে চায় সরকার।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই প্রক্রিয়ায় ছাত্র-জনতাকে অগ্রসর হতে হবে।

আজ রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী (জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস, ২০২৬) উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি যদি প্রতিশ্রুতি দেয়, তাহলে তা বাস্তবায়ন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা গড়ে তোলা হবে। সরকারের সক্ষমতা অনুযায়ী ধীরে ধীরে মানুষের সব চাহিদা পূরণ করা হবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী জানান, একটি জাতির উন্নয়নের জন্য তার শিক্ষা ব্যবস্থার উন্নতি অপরিহার্য। বর্তমান সরকার এই কাজটি করছে, কিন্তু পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে রেখেছিল।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছি। দেশের বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। যেসব শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হবে না, তারা কারিগরি শিক্ষা গ্রহণ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়সমূহকে প্রযুক্তিভিত্তিক, মেধানির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং আধুনিক বাংলাদেশ গঠনে চিরাচরিত শিক্ষার বাইরে গিয়ে প্রযুক্তিগত জ্ঞান ও মেধার বিকাশ ঘটানো জরুরি। এ লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবনী গবেষণা, আধুনিক তথ্য প্রযুক্তির চর্চা ও মেধাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে উদ্যোগী হতে হবে।

তিনি আরও বলেন, দেশের স্বার্থে এবং জনগণের কল্যাণে রাজনৈতিক পটপরিবর্তনের পরেও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখা উচিত।

মন্ত্রী বলেন, আমাদের মূল নীতি হওয়া উচিত ‘সবার আগে বাংলাদেশ, সবার আগে জনগণ’। দেশ মানে শুধুমাত্র ভূখণ্ড বা পতাকা নয়, এর পেছনে রয়েছে জনগণের স্বাধিকার ও মালিকানার মেলবন্ধন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করে মন্ত্রী বলেন, শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ অন্যান্য ছাত্রনেতাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক ইচ্ছায় ১৯৯৫ সালে এই প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়। পরবর্তীতে বিএনপি সরকারের মেয়াদে ২০০৫ সালে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়।

বর্তমান ক্যাম্পাস ছাড়াও কেরানীগঞ্জে ২০০ একর জমির ওপর স্বতন্ত্র ও আধুনিক আবাসিক সুবিধা সংবলিত নতুন ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া পূরণের বিষয়ে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা জানান।

শিক্ষাব্যবস্থা ও উচ্চশিক্ষা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, শুধুমাত্র সনদ বা জিপিএ-৫ অর্জনের মাধ্যমে একটি জাতি উন্নত হতে পারে না। এর জন্য গুণগত পরিবর্তন ও গবেষণামুখী শিক্ষা অপরিহার্য। বিশ্ববিদ্যালয়গুলো কেবল কর্মসংস্থানের জন্য নয়, বরং মুক্তবুদ্ধির চর্চা ও উচ্চতর গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে ওঠা উচিত।

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, সবাইকে কেবল সাধারণ শিক্ষায় উচ্চ ডিগ্রি অর্জন করে বেকার না থেকে, আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তিতে রূপান্তর করতে হবে।

সেমিকন্ডাক্টর শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তি-নির্ভর আধুনিক অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলার ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, আগামী দিনের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সনাতনী ব্যবস্থার পাশাপাশি ইনোভেটিভ আইডিয়া, প্রযুক্তি-নির্ভর জ্ঞান ও মেধানির্ভর জনবল সৃষ্টির কোনো বিকল্প নেই।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ও দেশপ্রেমকে ধারণ করে জাতীয় ঐক্য বজায় রেখে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস, ২০২৬ উপলক্ষ্যে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, চারুকলা প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%