০৩:২৪ পি.এম
বরগুনায় ডেঙ্গু প্রতিরোধের জন্য চিকিৎসা বা ওষুধের উপর নির্ভর না করে সামাজিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়েছে। মশার বংশবিস্তার বন্ধ করার লক্ষ্যে শহরের সড়কে সাইকেল র্যালি এবং জলাশয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা তথ্য অফিস, বরগুনার উদ্যোগে ‘আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন এবং বরগুনা সাইক্লিং কমিউনিটি এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে।
সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে সাইকেল র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমান এবং বিভিন্ন সংগঠনের সদস্য ও যুব স্বেচ্ছাসেবকরা।
আরও পড়ুন: কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়লো
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করে সাধারণ মানুষকে সচেতন করেন। পরে পৌর এলাকার নাথপট্টি লেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা এবং বিভিন্ন পাত্রে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই সপ্তাহে অন্তত এক দিন বাড়িঘর ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। শুধু সরকারি উদ্যোগের উপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সম্মিলিত সামাজিক উদ্যোগ গড়ে তুলতে হবে। এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: ইনানীতে একাধিক স্থান থেকে বের হচ্ছে আগুন ও কালো ধোঁয়া
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন