০৩:২৪ পি.এম
মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হিসেবে পরিচিত। জেলার সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে সমন্বিত পরিকল্পনার আওতায় এনে আকর্ষণীয় পর্যটন সার্কিট হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে মানিকগঞ্জের পর্যটন সম্ভাবনা বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহাতাব।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং সাটুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত স্টেকহোল্ডার কনসালটেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহাতাব, এনডিসি। সভাটি সঞ্চালনা করেন সাটুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার।
আরও পড়ুন: ইনানীতে একাধিক স্থান থেকে বের হচ্ছে আগুন ও কালো ধোঁয়া
প্রধান অতিথি বক্তব্যে উল্লেখ করেন, "মানিকগঞ্জ ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি জেলা। এখানে ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ি সহ সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আকর্ষণীয় পর্যটন সার্কিট হিসেবে গড়ে তোলা হবে। এতে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।"
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) ও যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, "জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠন প্রকল্প মানিকগঞ্জের পর্যটন সম্ভাবনা বিকাশে একটি প্রশংসনীয় উদ্যোগ। জেলা প্রশাসন ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থানগুলোর যথাযথ সংরক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আধুনিক পর্যটন সুবিধা নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা করবে।"
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বিবি করিমুন্নেছা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মোছাঃ নাহিদ সুলতানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মো. মাজহারুল ইসলাম, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আজিজ, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইউসুফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাকসুদ হোসেন এবং বিএনপির সাটুরিয়া উপজেলার সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রামেক হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু
এর আগে প্রধান অতিথি ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি জমিদার বাড়ির ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্যশৈলী ঘুরে দেখেন। পাশাপাশি স্থাপনাটির যথাযথ সংরক্ষণ ও পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে বালিয়াটি জমিদার বাড়িকে কেন্দ্র করে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অংশীজনরা জমিদার বাড়ির ভেতরে ক্যাফেটেরিয়া বা ক্যানটিন স্থাপন, আশপাশের পুকুরগুলোকে ঘিরে বিনোদনমূলক প্রকল্প গ্রহণ, ঢাকা থেকে বালিয়াটিতে যাতায়াতের যোগাযোগ ও পরিবহনব্যবস্থার উন্নয়ন এবং ডিসি পার্ককে আরও আধুনিক ও আকর্ষণীয় করে গড়ে তোলার প্রস্তাব দেন।
আলোচনায় বক্তারা মন্তব্য করেন, বালিয়াটি জমিদার বাড়ির ঐতিহাসিক গুরুত্ব ও অনন্য স্থাপত্যশৈলী দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট সম্ভাবনা রাখে। পরিকল্পিত সংরক্ষণ, উন্নত যোগাযোগব্যবস্থা এবং প্রয়োজনীয় পর্যটন সুবিধা নিশ্চিত করা গেলে এই ঐতিহাসিক স্থাপনাটি মানিকগঞ্জের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।
আরও পড়ুন: সেনাবাহিনীর অর্থায়নে লংগদুতে তৈরি হচ্ছে হেরিংবোন সড়ক
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন