ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফেনীতে আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও অলিম্পিয়াড অনুষ্ঠিত


ফেনীতে আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও অলিম্পিয়াড অনুষ্ঠিত

ফেনী, ২৫ নভেম্বর ২০২৬ : আজ ফেনী জেলায় ‘আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও সম্প্রীতি অলিম্পিয়াড-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে দেশের ৬টি জেলার ১৩টি উপজেলার তরুণ শান্তি সহায়কদের অংশগ্রহণের জন্য ফেনীর একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক তায়বুল হক।

‘দক্ষ যুব, গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করেছে।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম, এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর লুবনা এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ফেনীর উপ পরিচালক মো: জাকির হোসেন।

আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা

বক্তারা আলোচনা করেন, পৃথিবীতে কোনো মানুষ একা একা ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য প্রয়োজন পরিবেশ, প্রতিবেশী, সমাজ ও রাষ্ট্রের ভালো থাকা। সুতরাং, সবাইকে নিয়ে ভালো থাকার আয়োজন করতে হবে এবং এ দায়িত্ব তরুণদের নিতে হবে। প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।

তারা উল্লেখ করেন, যাদের সাথে আমাদের কথা মেলে, তাদের কথা আমাদের ভালো লাগে, আর যাদের সাথে আমাদের কথা মেলেনা, তাদের কথায় আমরা উগ্র হয়ে যাই। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের সব মত ও পথের মানুষের কথা শুনতে হবে। সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখতে পারলে আমাদের সমাজ ও রাষ্ট্র আরও সুন্দর হয়ে উঠবে।

অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মো: রাসেল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া ও পিএফজির ফেনী সদর কো-অর্ডিনেটর মোর্শেদ হোসেন।

জেলা পর্যায়ে শান্তি সহায়ক তরুণদের পক্ষে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জোবায়ের আহমেদ, মুন্সিগঞ্জের জারা, নরসিংদীর মাহফুজ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার জারিন মুনতাহা, কুমিল্লার মাহমুদুল হাসান এবং ফেনীর মিরাজ হোসেন ও আরিফ হোসেন শুভ। অনুষ্ঠানের সমাপ্তিতে সম্প্রীতি অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ী ১৫ তরুণকে ক্রেস্ট ও মেডেল প্রদান করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় বিএনপির মিছিল, নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


কলাপাড়ায় বিএনপির মিছিল, নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদ

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির একটি বিশাল শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং হত্যার প্রতিবাদে আয়োজন করা হয়। বুধবার দুপুর বারোটায় শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, জেলা বিএনপির নেতা সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক এবং কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, পদবঞ্চিত সাধারণ সম্পাদক এড. হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড শাহজাহান পারভেজ, কলাপাড়া উপজেলা যুবদল আহ্বায়ক মো হারুন আর রশিদ, ছাত্রদল সভাপতি মোঃ তুষারসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এড. খন্দকার নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এবিএম মোশাররফ হোসেন বলেন, "আওয়ামী লীগের কিছু কথা নেতা তারা দিবা স্বপ্ন দেখে। শেখ হাসিনা দেশে আসার কথা বলা আর পাগলের মাথা খারাপ হওয়ার কথা বলা সমান কথা।" তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্তিতে থাকার আহ্বান জানান এবং আগুন সন্ত্রাস বাদ দেওয়ার কথা বলেন। এসময় তিনি আওয়ামী আমলে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলার বিভিন্ন বর্ণনা তুলে ধরেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বরাষ্ট্রমন্ত্রী: আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


স্বরাষ্ট্রমন্ত্রী: আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলায়নের পর, এই দলের রাজনৈতিক দল হিসেবে কোনো স্বীকৃতি নেই। দেশের জনগণও তাদেরকে স্বীকৃতি দেবে না।

আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইতিহাস সাক্ষী যে জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও আর রাজনীতিতে ফিরতে পারেনি।

মন্ত্রী আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও দেশে আর কখনো প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না। তিনি উল্লেখ করেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কেবল প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুসারেই দেশে ফিরতে পারেন। সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে এবং তারা আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

মন্ত্রী বলেন, ‘আসিব আসিব বলিয়া’ কতদিন পার হবে- কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, পলাতক নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্ব অঞ্চলে অবস্থান করে দেশে লুকিয়ে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন বা হরতালের মতো নাশকতামূলক কর্মসূচির নির্দেশনা দিচ্ছে। পলাতক শক্তি দেশে থাকা নেতা-কর্মীদের প্রতারণা ও ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। দেশের জনগণ কখনোই তাদের এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো প্রাণহানি ও সম্পদহানি ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলে তাদের পূর্বের সকল অপচেষ্টা ভণ্ডুল করে দিয়েছে। ভবিষ্যতেও কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস বা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে অত্যন্ত কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেখানে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে, সেখানে পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতায়েন করা হচ্ছে।

তিনি বলেন, মহান বিজয় দিবস সুচারুভাবে ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে সকল নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি চলমান বিচারিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে দল ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত রেখেছে।

গোপালগঞ্জে নাশকতা ও পুলিশের কতিপয় কর্মকর্তার সম্পৃক্ততা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা দেওয়া হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে।

গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষের বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সম্মতিতে এবং মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ন্যূনতম মজুরি নির্ধারণ ও স্বাক্ষরিত হয়েছে। এতে প্রকৃত শ্রমিক ও মালিকরা সন্তুষ্ট।

তিনি বলেন, বর্তমানে শ্রমিক অঞ্চলে গুজব ছড়িয়ে যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নন, বরং একটি মহল এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে এবং পেছনের ইন্ধনদাতাদের খতিয়ে দেখা হচ্ছে।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এনসিপি’র কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সাথেও আলোচনার পরিকল্পনা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি: প্রাণিসম্পদ খাত দেশের প্রাণিজ আমিষের ৫৬% জোগান দেয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


রাষ্ট্রপতি: প্রাণিসম্পদ খাত দেশের প্রাণিজ আমিষের ৫৬% জোগান দেয়

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে, দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশের জোগান গবাদিপশু ও পোলট্রি খাত থেকে আসে।

তিনি আজ ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে প্রদত্ত এক বাণীতে বলেন, প্রাণিসম্পদ খাতের অবদান গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতি আরও জানান, গবাদিপশু ও পোলট্রি খাতের মাধ্যমে দুধ, ডিম ও মাংসের জোগান দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি, নারী ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলার ক্ষেত্রেও এই খাতের অবদান উল্লেখযোগ্য।

তিনি বলেন, বর্তমান বিশ্বে নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়ন, উন্নত প্রজনন প্রযুক্তির সম্প্রসারণ, মানসম্মত খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, প্রাণিজ পণ্যের গুণগত মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন ও রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে হবে। এর ফলে দেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদন এবং অর্থনৈতিক সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে।

তিনি আশা প্রকাশ করেন যে, ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উদ্যাপনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের অর্জন, সম্ভাবনা ও উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে খামারি, উদ্যোক্তা, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে উঠবে।

রাষ্ট্রপতি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সমৃদ্ধ ও টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থা গড়ে উঠবে। এর মাধ্যমে স্বনির্ভর, স্বয়ংসম্পূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।

তিনি জানান, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর দেশব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হচ্ছে, এ কথা জানিয়ে তিনি আনন্দিত।

এ উপলক্ষ্যে, খামারি, উদ্যোক্তা, গবেষক, সম্প্রসারণকর্মী ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

তিনি ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যালো ডিসি’তে আবেদনে সাড়া, পা হারানো শাহিনের পাশে ডিসি ফরিদা খানম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


হ্যালো ডিসি’তে আবেদনে সাড়া, পা হারানো শাহিনের পাশে ডিসি ফরিদা খানম

দুরারোগ্য রোগের কারণে দুই পা হারানোর পাশাপাশি হাতের আঙুলগুলোও নষ্ট হয়ে গেছে তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত মো. শাহিন ভূঁইয়ার। শারীরিক প্রতিবন্ধকতা এবং চরম আর্থিক সংকটের মধ্যে থাকা এই ব্যক্তির জীবিকা নির্বাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। এই সহায়তা রাজধানীর জিয়া উদ্যানে ছোট ব্যবসা শুরু করার সুযোগ তৈরি করতে দেওয়া হয়েছে, যাতে শাহিন স্বাবলম্বী হতে পারেন।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে শাহিনের জীবনসংগ্রামের কথা শুনে জেলা প্রশাসক ফরিদা খানম তার হাতে আর্থিক অনুদান তুলে দেন। এই সহায়তার মাধ্যমে শাহিন যেন নতুন করে জীবিকা শুরু করার সুযোগ পান, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।

ফরিদা খানম এ সময় বলেন, শাহিনের জীবনসংগ্রামের কথা শুনে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তার বেঁচে থাকা এবং স্বাবলম্বী হওয়ার আকাঙ্ক্ষা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি আশা করেন, শাহিন নিজের সামর্থ্য অনুযায়ী একটি ব্যবসা শুরু করে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারবেন। সমাজের অসহায়, প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। জেলা প্রশাসন সবসময় তাদের জন্য সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সচেষ্ট।

শাহিনের আদি বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের বিদ্যামপাড়ায়। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এলাকায় বসবাস করছেন। মাত্র সাত বছর বয়সে তার মা তাকে ছেড়ে চলে যান এবং এরপর সৎমায়ের সংসারে বেড়ে ওঠেন। ২০১১ সালে নবম শ্রেণিতে পড়ার সময় ‘মাদুরা ফুট’ নামের একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হন শাহিন। রোগের জটিলতায় একপর্যায়ে তার একটি পা কেটে ফেলতে হয়। পরে পরিবারের পক্ষ থেকে তাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার চেষ্টা করা হলে বাবার সঙ্গে মনোমালিন্য তৈরি হয় এবং জীবিকার সন্ধানে ঢাকায় চলে আসেন তিনি।

শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও থেমে থাকেননি শাহিন। হুইলচেয়ারে চলাফেরা করে রাজধানীর জিয়া উদ্যানে পানি বিক্রি করতেন। সেই সামান্য আয়েই চলত তার জীবন। কিন্তু ২০২৪ সালে একই রোগে আক্রান্ত হয়ে তার দ্বিতীয় পাটিও কেটে ফেলতে হয় এবং হাতের আঙুলগুলোও নষ্ট হয়ে যায়। ফলে পানি বিক্রির কাজ বন্ধ হয়ে যায়।

তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিয়মিত উপার্জনের সুযোগও সীমিত হয়ে পড়ে শাহিনের। চিকিৎসা, আবাসন এবং দৈনন্দিন ব্যয় মেটাতে গিয়ে তিনি চরম অর্থকষ্টে পড়েন। একপর্যায়ে তার জীবন ধারণই কঠিন হয়ে ওঠে।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা জেলা প্রশাসনের মানবিক কার্যক্রম দেখে ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে সহায়তার আবেদন জানান শাহিন। তার আবেদন পাওয়ার পর মানবিক বিবেচনায় পাশে দাঁড়ান জেলা প্রশাসক ফরিদা খানম।

আর্থিক সহায়তা পেয়ে এখন শাহিন জিয়া উদ্যানে ছোট একটি ব্যবসা শুরু করতে চান। নিজের উপার্জনে জীবিকা নির্বাহের পাশাপাশি আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন তিনি। দীর্ঘদিনের শারীরিক ও আর্থিক প্রতিকূলতার মধ্যে জেলা প্রশাসনের এই সহায়তা তার ঘুরে দাঁড়ানোর নতুন সম্ভাবনা তৈরি করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%