ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বেসিক ব্যাংকের নতুন এমডি হিসেবে যোগ দিলেন মোঃ নূরুল হুদা


বেসিক ব্যাংকের নতুন এমডি হিসেবে যোগ দিলেন মোঃ নূরুল হুদা

শতভাগ রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. নূরুল হুদা যোগদান করেছেন। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি ০৩ (তিন) বছরের জন্য সোমবার আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।

বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে, তিনি জনতা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কাজ করেছেন। এর আগে, তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ডিএমডি এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিনিয়োগ ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স ও ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পোর্টফোলিও ম্যানেজমেন্ট কমিটি, ট্রাস্টি কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রধান হিসেবে। এছাড়া, তিনি আইসিবি’র চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (CAMLCO) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মোঃ নূরুল হুদা ১৯৯৬ সালে অগ্রণী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং পেশায় তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে, তিনি ব্যাংকটির মহাব্যবস্থাপক হিসেবে খুলনা ও বরিশাল সার্কেল প্রধানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি অগ্রণী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, ট্রেজারি ডিভিশন, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন, প্রধান শাখা ও ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ও বিভাগে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: রমজানে পণ্যের সংকট হবে না, পর্যাপ্ত মজুত রয়েছে: ব্যবসায়ীরা

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে স্নাতক (সম্মান) এবং ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি মার্কেটিং বিষয়ে এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) ডিগ্রিও অর্জন করেছেন। জনাব হুদা ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)-এর একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট।

দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে, তিনি ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা ও বিনিয়োগসহ ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি, তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারে অংশগ্রহণ করেন। মো. নূরুল হুদা ১৯৭২ সালে পিরোজপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌদ্দগ্রামে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক ও কালভার্টের নির্মাণকাজ বন্ধ, জনদুর্ভোগ চরমে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


চৌদ্দগ্রামে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক ও কালভার্টের নির্মাণকাজ বন্ধ, জনদুর্ভোগ চরমে

কুমিল্লার চৌদ্দগ্রামে অবস্থিত গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটি, যা উপজেলা পরিষদ থেকে খিরনশাল বাজার-মিতল্লা সড়কের সংস্কারকাজের আওতায় রয়েছে, বর্তমানে বন্ধ থাকার কারণে হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এডিবি ও জিওবির অর্থায়নে নির্মাণাধীন এই সড়কের পেছাইমুড়ী রাস্তার মাথায় মাত্র ১০০ গজের মধ্যে দুটি কালভার্টের নির্মাণকাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে। এর ফলে প্রতিদিন যানবাহন ও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।

সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, নির্মাণাধীন কালভার্ট দুটির রডসহ বিভিন্ন অংশ উন্মুক্ত অবস্থায় রয়েছে। যানবাহন ও পথচারীরা সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বিশেষ করে, সড়কটি সম্পর্কে অপরিচিত চালকদের জন্য কালভার্ট দুটি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ইয়াকুব আলী জানান, ১০-১২ দিন আগে সিংরাইশ গ্রামের এক মোটরসাইকেল আরোহী কালভার্টের ওপর দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ দশমিক ২৪১ কিলোমিটার সড়ক ও কালভার্ট সংস্কারের কাজ পেয়েছে ঢাকার মিরপুরের এম এ ইঞ্জিনিয়ারিং (জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ১০ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৩০ শতাংশ বিল উত্তোলন করেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, স্থানীয় রাজনৈতিক বিরোধের কারণে কাজ শুরু করতে বিলম্ব হয়েছিল। পরে নির্মাণকাজে ব্যবহৃত উপকরণ চুরি হওয়ায় বর্তমানে কাজ বন্ধ রয়েছে। তিনি জানান, আগামী চার-পাঁচ দিনের মধ্যে পুনরায় কাজ শুরুর আশ্বাস দিয়েছেন। তবে নিজের পরিচয় জানতে চাইলে তা প্রকাশ না করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান জানান, ২০২৪ সালের ৩০ জুন কাজ শুরু হয়ে ২০২৫ সালের ২৯ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর ঠিকাদার কাজ অসমাপ্ত রেখে চলে যান। পরে চিঠি দেওয়ার পর কাজ শুরু করলেও গত দুই মাস ধরে আবারও বন্ধ রয়েছে। ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে কাজ শেষ করার চেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদানে ড্রোন হামলায় শিশুসহ ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


সুদানে ড্রোন হামলায় শিশুসহ ১৫ জন নিহত

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যের একটি গ্রামে সেনাবাহিনীর ড্রোন হামলার ফলে চার শিশুসহ ১৫ জনের মৃত্যু ঘটেছে। সোমবার এএফপির কাছে এক প্রত্যক্ষদর্শী জানান, নিহত শিশুরা ফুটবল খেলছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক আবু কালব গ্রামের ওই বাসিন্দা নিরাপত্তার কারণে বলেন, ‘আমরা ১৫ জনকে হারিয়েছি। নিহত শিশুদের দুজনের বাবা যুদ্ধের শুরুতেই মারা গিয়েছিলেন। নিহতদের মধ্যে আমার নিজের নয়জন আত্মীয়ও রয়েছেন।’

এ খবর খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

রোববারের ওই দ্বিতীয় দফার ড্রোন হামলায় আরও বেশ কয়েকজন আহত হন এবং অনেক বাড়িতে আগুন লেগে যায়।

স্থানীয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা কোরদোফান অবজারভেটরি এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি নিহতের সংখ্যা সম্পর্কেও নিশ্চিত করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্তান না হওয়ায় ইতির সংসার ভাঙল, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


সন্তান না হওয়ায় ইতির সংসার ভাঙল, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

বরিশালের হিজলায় সন্তান না হওয়ার অভিযোগে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে হয়েছে ইতি আক্তারকে। স্বামীর সংসার টিকিয়ে রাখতে কেঁদে আকুতি জানিয়েও শেষ রক্ষা হয়নি। বিচ্ছেদের পর থেমে থাকতে চান না তিনি। নতুন করে বিয়ের কথা না ভেবে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে পেয়েছেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব।

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের ইতি আক্তার। সাত বছর আগে স্বপ্ন আর ভালোবাসা নিয়ে শুরু করেছিলেন দাম্পত্য জীবন। স্বামীকে নিয়ে সুখের সংসার গড়ার স্বপ্ন থাকলেও সন্তান না হওয়াকে কেন্দ্র করে ধীরে ধীরে সেই সংসারে বাড়তে থাকে অশান্তি।

ইতি আক্তারের অভিযোগ, সন্তান না হওয়ার কারণে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে তাকে মানসিক চাপ, অপমান ও নানা কটুকথা সহ্য করতে হয়েছে। পরিস্থিতি একপর্যায়ে এতটাই জটিল হয়ে ওঠে যে প্রায় দুই থেকে আড়াই মাস একা থাকতে বাধ্য হন তিনি।

সংসারটি টিকিয়ে রাখতে স্বামীর কাছে শেষবারের মতো ছয় মাস সময় চেয়েছিলেন ইতি। এমনকি স্বামীর পা ধরে কেঁদেও সংসার না ভাঙার অনুরোধ করেন। কিন্তু তাতেও মন গলেনি স্বামী রনি খানের। শেষ পর্যন্ত তাকে ঘর থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) সকালে নিজের জীবনের এসব কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন ইতি আক্তার।

এদিকে মেয়ের সংসার টিকিয়ে রাখতে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলেন বাবা রিকিব আলী সরদার। মেয়ের সুখের কথা ভেবে জমি বন্ধক রেখেছেন, কৃষিঋণ নিয়েছেন, এমনকি গাছপালা বিক্রি করেও জামাইয়ের সংসারে সহযোগিতা করেছেন। ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে মেয়ের ছোট ছোট আবদারও পূরণ করেছেন। মা-হারা মেয়ের মুখে হাসি ফোটাতে নিজের কষ্টকে কখনো বড় করে দেখেননি তিনি।

কিন্তু এতকিছুর পরও মেয়ের সংসার ভেঙে যাওয়ায় এখন অসহায় এই বাবার একটাই প্রত্যাশা মেয়ে যেন সম্মানের সঙ্গে নিজের পায়ে দাঁড়াতে পারে।

ইতি আক্তার জানান, সংসার ভাঙার পর দেশ-বিদেশ থেকে তার কাছে বিয়ের প্রস্তাব আসছে। ভাইয়ের মাধ্যমে এবং বিভিন্ন যোগাযোগে এ পর্যন্ত তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। প্রতিদিনই ফোনে আসছে নতুন নতুন প্রস্তাব। তবে আপাতত বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই তার।

ইতির ভাষ্য, অতীতের মানসিক আঘাত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তার কিছুটা সময় প্রয়োজন। ভবিষ্যতে কখনো বিয়ের সিদ্ধান্ত নিলে এমন একজন জীবনসঙ্গী চান, যিনি ভালো মনের মানুষ হবেন এবং সন্তান না হওয়ার বিষয়টিকে ভাগ্যের বিষয় হিসেবে মেনে নেবেন। এ নিয়ে তাকে কোনো ধরনের মানসিক চাপ বা কটুকথা শুনতে হবে না।

বর্তমানে ইতির সবচেয়ে বড় চাওয়া একটি চাকরি কিংবা কর্মসংস্থানের সুযোগ। নিজের দায়িত্ব নিজে নিয়ে কাজের মাধ্যমে নতুন করে জীবন গুছিয়ে নিতে চান তিনি। এ জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাবা রিকিব আলী সরদার বলেন, মেয়ের সুখের জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন। জমি বন্ধক রাখা, কৃষিঋণ নেওয়া, গাছপালা বিক্রি করা কোনো কিছুই বাদ দেননি। সংসার ভালো রাখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও কিনে দিয়েছেন। কিন্তু সন্তান না হওয়ার অজুহাতে মেয়েকে সংসার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। সরকারের কাছে তার আবেদন, মেয়ের জন্য একটি ছোটখাটো চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যাতে সে নিজের সম্মান নিয়ে বাঁচতে পারে।

ইতির সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ব্যথিত তার সহপাঠীরাও। সহপাঠী সোহাগ বলেন, ইতি তাদের ছোটবেলার সহপাঠী। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত দুঃখজনক। সন্তান না হওয়ার বিষয়টি কোনোভাবেই শুধু একজন নারীর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে একজন নারীর পাশে দাঁড়ানো এবং তাকে মানসিকভাবে সহযোগিতা করা সমাজের সবার দায়িত্ব।

সাত বছর আগে যে সংসারকে ঘিরে ছিল নানা স্বপ্ন, সেই সংসার আজ অতীত। একসময় সংসার বাঁচাতে স্বামীর পা ধরে কেঁদেছিলেন ইতি। আর এখন তিন শতাধিক বিয়ের প্রস্তাব এলেও নতুন সংসারের চেয়ে নিজের আত্মনির্ভরশীলতা ও সম্মানজনক জীবনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তার প্রত্যাশা, কর্মসংস্থানের সুযোগ পেলে নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাই লেকে সম্পন্ন হলো ২২তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


কাপ্তাই লেকে সম্পন্ন হলো ২২তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই প্রতিযোগিতা শেষ হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সাঁতারুরা উভয় বিভাগে সাফল্য অর্জন করেছেন। বিজয়ীদের নগদ অর্থ, মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাঙামাটি সদর উপজেলার মগবান বাজারঘাট থেকে প্রতিযোগিতার সূচনা হয়। প্রায় ৮ কিলোমিটার পথ সাঁতরে ২০ জন প্রতিযোগী রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার ঘাটে পৌঁছান।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। জেলা প্রশাসক নাজমা আশরাফী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান।

প্রধান অতিথির বক্তৃতায় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজীম উল্লেখ করেন, সাঁতারকে দেশের মানুষের অংশগ্রহণমূলক ক্রীড়া হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নতুন প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর উদ্যোগে সাঁতারের প্রসারে নেওয়া কার্যক্রম দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের সাঁতারুরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন এবং ভবিষ্যতে রাঙামাটি থেকেও জাতীয় ও আন্তর্জাতিক মানের সাঁতারুরা উঠে আসবে।

বিশেষ অতিথির বক্তৃতায় সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, উদ্যোক্তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে পার্বত্য চট্টগ্রাম ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও কাপ্তাই হ্রদ সাঁতারসহ বিভিন্ন জলক্রীড়ার বিকাশে অপার সম্ভাবনা সৃষ্টি করেছে।

প্রতিযোগিতার পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর আশিফ রেজা এবং তৃতীয় হন সেনাবাহিনীর জুয়েল আহমেদ।

নারী বিভাগে প্রথম স্থান লাভ করেন বাংলাদেশ সেনাবাহিনীর মোছা. মুক্তি খাতুন। দ্বিতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার এবং তৃতীয় হন একই বাহিনীর পলি খাতুন।

অনুষ্ঠানে রাঙামাটির পুলিশ সুপার একে এম আব্দুর রকিব, জেলা পরিষদ চেয়ারম্যান দীপেন তালুকদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, কাপ্তাই হ্রদকে কেন্দ্র করে এ ধরনের জাতীয় আয়োজন পার্বত্য অঞ্চলে সাঁতার ও জলক্রীড়ার বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং তরুণ প্রজন্মকে সাঁতারে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%