ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সন্তান না হওয়ায় ইতির সংসার ভাঙল, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব


সন্তান না হওয়ায় ইতির সংসার ভাঙল, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

বরিশালের হিজলায় সন্তান না হওয়ার অভিযোগে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে হয়েছে ইতি আক্তারকে। স্বামীর সংসার টিকিয়ে রাখতে কেঁদে আকুতি জানিয়েও শেষ রক্ষা হয়নি। বিচ্ছেদের পর থেমে থাকতে চান না তিনি। নতুন করে বিয়ের কথা না ভেবে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে পেয়েছেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব।

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের ইতি আক্তার। সাত বছর আগে স্বপ্ন আর ভালোবাসা নিয়ে শুরু করেছিলেন দাম্পত্য জীবন। স্বামীকে নিয়ে সুখের সংসার গড়ার স্বপ্ন থাকলেও সন্তান না হওয়াকে কেন্দ্র করে ধীরে ধীরে সেই সংসারে বাড়তে থাকে অশান্তি।

ইতি আক্তারের অভিযোগ, সন্তান না হওয়ার কারণে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে তাকে মানসিক চাপ, অপমান ও নানা কটুকথা সহ্য করতে হয়েছে। পরিস্থিতি একপর্যায়ে এতটাই জটিল হয়ে ওঠে যে প্রায় দুই থেকে আড়াই মাস একা থাকতে বাধ্য হন তিনি।

আরও পড়ুন: মেয়েকে বাঁচাতে গিয়ে টমটমের চাপায় নিহত হলেন স্কুলশিক্ষিকা আসমা বেগম

সংসারটি টিকিয়ে রাখতে স্বামীর কাছে শেষবারের মতো ছয় মাস সময় চেয়েছিলেন ইতি। এমনকি স্বামীর পা ধরে কেঁদেও সংসার না ভাঙার অনুরোধ করেন। কিন্তু তাতেও মন গলেনি স্বামী রনি খানের। শেষ পর্যন্ত তাকে ঘর থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) সকালে নিজের জীবনের এসব কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন ইতি আক্তার।

এদিকে মেয়ের সংসার টিকিয়ে রাখতে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলেন বাবা রিকিব আলী সরদার। মেয়ের সুখের কথা ভেবে জমি বন্ধক রেখেছেন, কৃষিঋণ নিয়েছেন, এমনকি গাছপালা বিক্রি করেও জামাইয়ের সংসারে সহযোগিতা করেছেন। ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে মেয়ের ছোট ছোট আবদারও পূরণ করেছেন। মা-হারা মেয়ের মুখে হাসি ফোটাতে নিজের কষ্টকে কখনো বড় করে দেখেননি তিনি।

কিন্তু এতকিছুর পরও মেয়ের সংসার ভেঙে যাওয়ায় এখন অসহায় এই বাবার একটাই প্রত্যাশা মেয়ে যেন সম্মানের সঙ্গে নিজের পায়ে দাঁড়াতে পারে।

আরও পড়ুন: জিয়াউল বিরূপ আচরণ করলে বোনের বিরুদ্ধে আবেদনের বিকল্প থাকবে: চিফ প্রসিকিউটর

ইতি আক্তার জানান, সংসার ভাঙার পর দেশ-বিদেশ থেকে তার কাছে বিয়ের প্রস্তাব আসছে। ভাইয়ের মাধ্যমে এবং বিভিন্ন যোগাযোগে এ পর্যন্ত তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। প্রতিদিনই ফোনে আসছে নতুন নতুন প্রস্তাব। তবে আপাতত বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই তার।

ইতির ভাষ্য, অতীতের মানসিক আঘাত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তার কিছুটা সময় প্রয়োজন। ভবিষ্যতে কখনো বিয়ের সিদ্ধান্ত নিলে এমন একজন জীবনসঙ্গী চান, যিনি ভালো মনের মানুষ হবেন এবং সন্তান না হওয়ার বিষয়টিকে ভাগ্যের বিষয় হিসেবে মেনে নেবেন। এ নিয়ে তাকে কোনো ধরনের মানসিক চাপ বা কটুকথা শুনতে হবে না।

বর্তমানে ইতির সবচেয়ে বড় চাওয়া একটি চাকরি কিংবা কর্মসংস্থানের সুযোগ। নিজের দায়িত্ব নিজে নিয়ে কাজের মাধ্যমে নতুন করে জীবন গুছিয়ে নিতে চান তিনি। এ জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাবা রিকিব আলী সরদার বলেন, মেয়ের সুখের জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন। জমি বন্ধক রাখা, কৃষিঋণ নেওয়া, গাছপালা বিক্রি করা কোনো কিছুই বাদ দেননি। সংসার ভালো রাখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও কিনে দিয়েছেন। কিন্তু সন্তান না হওয়ার অজুহাতে মেয়েকে সংসার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। সরকারের কাছে তার আবেদন, মেয়ের জন্য একটি ছোটখাটো চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যাতে সে নিজের সম্মান নিয়ে বাঁচতে পারে।

আরও পড়ুন: বেতাগীতে আ. লীগের সাংগঠনিক সম্পাদক সংগ্রাম গ্রেপ্তার

ইতির সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ব্যথিত তার সহপাঠীরাও। সহপাঠী সোহাগ বলেন, ইতি তাদের ছোটবেলার সহপাঠী। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত দুঃখজনক। সন্তান না হওয়ার বিষয়টি কোনোভাবেই শুধু একজন নারীর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে একজন নারীর পাশে দাঁড়ানো এবং তাকে মানসিকভাবে সহযোগিতা করা সমাজের সবার দায়িত্ব।

সাত বছর আগে যে সংসারকে ঘিরে ছিল নানা স্বপ্ন, সেই সংসার আজ অতীত। একসময় সংসার বাঁচাতে স্বামীর পা ধরে কেঁদেছিলেন ইতি। আর এখন তিন শতাধিক বিয়ের প্রস্তাব এলেও নতুন সংসারের চেয়ে নিজের আত্মনির্ভরশীলতা ও সম্মানজনক জীবনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তার প্রত্যাশা, কর্মসংস্থানের সুযোগ পেলে নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাই লেকে সম্পন্ন হলো ২২তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


কাপ্তাই লেকে সম্পন্ন হলো ২২তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই প্রতিযোগিতা শেষ হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সাঁতারুরা উভয় বিভাগে সাফল্য অর্জন করেছেন। বিজয়ীদের নগদ অর্থ, মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাঙামাটি সদর উপজেলার মগবান বাজারঘাট থেকে প্রতিযোগিতার সূচনা হয়। প্রায় ৮ কিলোমিটার পথ সাঁতরে ২০ জন প্রতিযোগী রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার ঘাটে পৌঁছান।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। জেলা প্রশাসক নাজমা আশরাফী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান।

প্রধান অতিথির বক্তৃতায় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজীম উল্লেখ করেন, সাঁতারকে দেশের মানুষের অংশগ্রহণমূলক ক্রীড়া হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নতুন প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর উদ্যোগে সাঁতারের প্রসারে নেওয়া কার্যক্রম দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের সাঁতারুরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন এবং ভবিষ্যতে রাঙামাটি থেকেও জাতীয় ও আন্তর্জাতিক মানের সাঁতারুরা উঠে আসবে।

বিশেষ অতিথির বক্তৃতায় সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, উদ্যোক্তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে পার্বত্য চট্টগ্রাম ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও কাপ্তাই হ্রদ সাঁতারসহ বিভিন্ন জলক্রীড়ার বিকাশে অপার সম্ভাবনা সৃষ্টি করেছে।

প্রতিযোগিতার পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর আশিফ রেজা এবং তৃতীয় হন সেনাবাহিনীর জুয়েল আহমেদ।

নারী বিভাগে প্রথম স্থান লাভ করেন বাংলাদেশ সেনাবাহিনীর মোছা. মুক্তি খাতুন। দ্বিতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার এবং তৃতীয় হন একই বাহিনীর পলি খাতুন।

অনুষ্ঠানে রাঙামাটির পুলিশ সুপার একে এম আব্দুর রকিব, জেলা পরিষদ চেয়ারম্যান দীপেন তালুকদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, কাপ্তাই হ্রদকে কেন্দ্র করে এ ধরনের জাতীয় আয়োজন পার্বত্য অঞ্চলে সাঁতার ও জলক্রীড়ার বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং তরুণ প্রজন্মকে সাঁতারে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনন্ত জলিলের পাশে ওমর সানী, সংকট সামলানোর আশা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


অনন্ত জলিলের পাশে ওমর সানী, সংকট সামলানোর আশা প্রকাশ

পোশাকশিল্পের ব্যবসায়ী হিসেবে পরিচিত অনন্ত জলিল সিনেমায় এসে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। हाल ही में একটি ব্যাংকে তার ২২৬ কোটি টাকার বেশি ঋণের খবর প্রকাশিত হওয়ার পর তিনি নতুন করে আলোচনায় এসেছেন।

এই পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিভিন্ন আলোচনা ও সমালোচনা। এমনকি কিছু মানুষ তার দেউলিয়া হওয়ার আশঙ্কাও প্রকাশ করছেন। এই পরিস্থিতিতে অভিনেতা ওমর সানী অনন্ত জলিলের পাশে দাঁড়িয়েছেন।

ওমর সানী তার ওপর আস্থা প্রকাশ করে বলেছেন, তিনি একজন ভালো মনের মানুষ এবং লড়াকু ব্যক্তি। বর্তমান পরিস্থিতি সামলে নেওয়ার সক্ষমতা তার রয়েছে বলেও বিশ্বাস করেন এই অভিনেতা।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ওমর সানী নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।

ভিডিওতে অনন্ত জলিলের সঙ্গে নিজের পরিচয় ও অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি ভালো মনের মানুষ এবং খুব ভালো একজন ফাইটার। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এটা তার কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। তিনি বিষয়টি সামলে ফেলবেন।’

অনন্ত জলিলকে ঘিরে চলমান আলোচনা-সমালোচনার প্রসঙ্গে ওমর সানী আরও বলেন, ‘যে ধরনের কথাবার্তা উঠছে, আমার মনে হয় অনন্ত জলিলের জন্য বিষয়টি সামলে নেওয়া কঠিন হবে না। তার ওপর আমার আত্মবিশ্বাস আছে। এত আলোচনা করে তাকে ছোট করার কোনো অর্থ দেখি না, আবার অযথা বড় করারও প্রয়োজন নেই।’

ভিডিও বার্তায় সরাসরি অনন্ত জলিলের উদ্দেশেও কিছু কথা বলেন এই অভিনেতা। তিনি বলেন, ‘হয়তো এ ধরনের গসিপ না হলে আরও ভালো হতো। যেহেতু বিষয়টি হয়েই গেছে, আপনি সংক্ষেপে সমাধান করে ফেলবেন। এটি বাস্তব। অল দ্য বেস্ট। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো জানি এবং খুব ভালো জানি। আপনি খুব ভালো একজন মানুষ, এটি আমি বিশ্বাস করি।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


সিরাজগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ, ১৬ নভেম্বর, ২০২৬ : খাদ্যে ভেজাল প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার উদ্দেশ্যে সিরাজগঞ্জে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলনকক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম মন্তব্য করেন, "অনিরাপদ খাদ্য, অতিরিক্ত কীটনাশক, অ্যান্টিবায়োটিক ও ক্ষতিকর প্রক্রিয়াজাত খাবারের কারণে মানুষ নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।"

তিনি আরও বলেন, "অতিরিক্ত মুনাফার আশায় খাদ্যে ভেজাল মেশালে এর বিরূপ প্রভাব ভবিষ্যৎ প্রজন্মকেও ভোগ করতে হবে।" নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণের জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া, জৈব বালাইনাশক ব্যবহার করে সবজি চাষ এবং নিরাপদ খাদ্য কর্নার স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন নিরাপদ খাদ্যের সঙ্গে জনস্বাস্থ্যের গভীর সম্পর্ক তুলে ধরে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় বলেন, "নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তাসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।" তিনি জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

কর্মশালায় আরও বক্তব্য দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুর রহমান খান, হেইফার রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার ফাতেমা কানিজ, মো. ওমর ফারুক প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল স্পেনে অনুষ্ঠিত হবে: স্পেন ফুটবল প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল স্পেনে অনুষ্ঠিত হবে: স্পেন ফুটবল প্রধান

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল স্পেনে অনুষ্ঠিত হবে, এই তথ্য পুনর্ব্যক্ত করেছেন স্পেনের ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রধান রাফায়েল লুসান। তিনি জানান, যদিও তাঁর দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, স্পেনের আয়োজক হওয়ার দাবি প্রত্যাহার করার কোনো পরিকল্পনা তাঁর নেই।

স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে। তবে ফাইনাল কোথায় হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ২০২৮ সালে।

ফাইনাল আয়োজনের জন্য স্পেনের পছন্দের স্থান হচ্ছে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম। পর্তুগালের কোনো উপযুক্ত স্টেডিয়াম নেই, তবে মরক্কো কাসাব্ল্যাঙ্কার কাছে নির্মাণাধীন ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার হাসান দ্বিতীয় স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের প্রস্তাব দিয়েছে।

মাদ্রিদের উপকণ্ঠে আরএফইএফের সিউদাদ দেল ফুটবল সম্মেলনে লুসান বলেন, “ফাইনাল স্পেনে আয়োজনের বাইরে আমাদের অন্য কোনো পরিকল্পনা নেই।”

তিনি আরও উল্লেখ করেন, “স্পেনের কাছ থেকে আয়োজক হওয়ার দাবি প্রত্যাহারের বিষয়টি আমি এখন বিবেচনাই করছি না। কারণ, স্পেন ফাইনাল আয়োজন করবে না এমন সম্ভাবনা আমাদের আলোচনায় নেই।”

ডানপন্থী পিপলস পার্টির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহোর বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে লুসান এসব মন্তব্য করেন।

৫ নভেম্বর এক টেলিভিশন সাক্ষাৎকারে ফেইহো বলেছিলেন, ২৯ নভেম্বরের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী হলে মরক্কোকে বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়া হলে স্পেনের আয়োজক হওয়ার দাবি প্রত্যাহারের পক্ষে অবস্থান নেবেন তিনি।

লুসান বলেন, বিষয়টি সম্পূর্ণ কাল্পনিক। তিনি আরও বলেন, “এমন কোনো ধারণারই অস্তিত্ব নেই।” ফিফার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব মহাদেশগুলোর মধ্যে পর্যায়ক্রমে বণ্টনের ঐতিহ্য উল্লেখ করে তিনি বলেন, ফাইনাল আয়োজনের দায়িত্ব “ইউরোপীয় মহাদেশেরই প্রাপ্য।”

লুসান জানান, টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করা স্পেনের বিভিন্ন স্টেডিয়াম পরিদর্শনে গত সপ্তাহে ফিফার কারিগরি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল দেশটিতে এসেছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%