ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কৃষিভিত্তিক সমন্বিত ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর ‘স্বর্ণভূমি’


কৃষিভিত্তিক সমন্বিত ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর ‘স্বর্ণভূমি’

কৃষি, প্রাণিসম্পদ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং সমাজকল্যাণকে একত্রিত করে একটি নতুন সম্ভাবনার সূচনা করেছে বসুমতি এগ্রোর প্রথম উদ্যোগ ‘স্বর্ণভূমি’। গত ১০ নভেম্বর প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের জন্য প্রকল্পের শেয়ার মালিকানার সুযোগও উন্মুক্ত করা হয়েছে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হড়রায় প্রায় ৬৫ বিঘা জমির ওপর স্বর্ণভূমি প্রকল্পটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য বসুমতি এগ্রো ইতোমধ্যে প্রায় ১৫ বিঘা জমি অধিগ্রহণ করেছে। সেখানে একটি রিসোর্টও প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, জমি অধিগ্রহণের মাধ্যমে প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রমের প্রাথমিক ভিত্তি স্থাপন করা হয়েছে।

স্বর্ণভূমির আওতায় চারটি পৃথক উদ্যোগকে সমন্বিত ব্যবসায়িক কাঠামোর অধীনে পরিচালনা করা হবে। এই উদ্যোগগুলো হলো—পশুসম্পদ গবেষণা, প্রজনন ও বিপণন কেন্দ্র; বীজ গবেষণা, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র; বিলাসবহুল রিসোর্ট এবং ইসলামিক ফাউন্ডেশন ও কৃষিভিত্তিক সমাজকল্যাণ কেন্দ্র।

আরও পড়ুন: ডলারের দামে কারসাজি হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

প্রকল্পটিতে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে শরিয়াহসম্মত মুশারাকা অংশীদারত্ব মডেলে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি শেয়ারের মূল্য ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আগ্রহীরা কোনো ডাউন পেমেন্ট ছাড়াই ১৮ মাসে মাসিক ১৬ হাজার ৭০০ টাকা কিস্তিতে শেয়ার মালিক হওয়ার সুযোগ পাবেন। চুক্তির শর্ত অনুযায়ী শেয়ার ও জমিতে অংশীদারত্ব নির্ধারণের পাশাপাশি সাব-কবলা দলিল নিবন্ধনের মাধ্যমে জমির আইনগত মালিকানা হস্তান্তরের ব্যবস্থা রাখা হয়েছে। প্রকল্পের কৃষি ও খামারভিত্তিক ব্যবসা থেকে অর্জিত মুনাফা নির্ধারিত চুক্তি অনুযায়ী অংশীদারদের মধ্যে বণ্টন করা হবে।

এছাড়া শেয়ারহোল্ডাররা খামারে উৎপাদিত দুধ ও ফল কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় এবং রিসোর্টকেন্দ্রিক বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

প্রকল্পের উদ্বোধন উপলক্ষে বসুমতি গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন মন্তব্য করেন, “স্বর্ণভূমি কেবল একটি ব্যবসায়িক প্রকল্প নয়; এটি টেকসই কৃষিব্যবস্থা, সম্মিলিত সমৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধকে একসঙ্গে এগিয়ে নেওয়ার উদ্যোগ। স্বচ্ছতা, জমির বাস্তব মালিকানা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এমন একটি উদ্যোগ গড়ে তুলতে চাই, যেখানে অংশীদারদের পাশাপাশি সমাজের বৃহত্তর জনগোষ্ঠীও উপকৃত হবে। আর্থিক অর্জনের চেয়ে মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণ, কৃষকদের জীবনমানের উন্নয়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।”

বসুমতি এগ্রোর উদ্দেশ্য হলো, কৃষি ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষক, উদ্যোক্তা এবং সাধারণ মানুষের অংশগ্রহণে একটি টেকসই ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা। প্রকল্পটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর মাধ্যমে আগ্রহী বিনিয়োগকারীদের জন্যও অংশীদার হওয়ার সুযোগ উন্মুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: আস্থা ফিরলে করপোরেট আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ার অগ্নিসংযোগ তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


কুষ্টিয়ার অগ্নিসংযোগ তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে গঠিত তদন্ত কমিটির তিন দিনের মেয়াদ শেষ হচ্ছে সোমবার, এবং এদিন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

তিনি উল্লেখ করেন, ঘটনার দিন তিনি কোনো চূড়ান্ত বক্তব্য দেননি এবং তদন্তকে প্রভাবিত করার উদ্দেশ্য তার ছিল না।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

এর আগে, নুসরাত তাবাসসুম তার বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্ববর্তী বক্তব্যের প্রসঙ্গ টেনে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, সংসদে ঘটনাটিকে ‘শর্ট সার্কিট’ ও ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উপস্থাপন করায় তা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তার এই শঙ্কার জবাব দিয়ে জানান, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন ১২ ডিসেম্বর সংসদে বিষয়টি বিরোধী দলের চিফ হুইপ উত্থাপন করলে তিনি তার প্রেক্ষিতে একটি তথ্যবহুল স্টেটমেন্ট দিয়েছিলেন। ঘটনার দিন সকালে তিনি ফায়ার সার্ভিসের ডিজি, বিজিবির ডিজি, এসপি এবং জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেন এবং বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককে (ডিডিএলজি) প্রধান করে বিজিবির মেজর পদমর্যাদার কর্মকর্তা, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবং ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেই তদন্ত দলের কপি ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্টদের ফরোয়ার্ড করা হয়েছিল এবং তাদের শুক্রবার ও শনিবারসহ তিন দিনের সময় দেওয়া হয়েছিল। আজ রোববার তদন্তের মেয়াদ শেষ হচ্ছে এবং আগামীকাল (সোমবার) তারা তদন্ত রিপোর্ট জমা দেবে।

প্রাথমিক ধারণার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি সেদিন যা বলেছিলেন তা ছিল প্রাথমিক ধারণা। ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্টরা তখন ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত দেখতে পাননি এবং শর্ট সার্কিট হতে পারে বলেও ধারণা করা হয়েছিল। তবে তিনি কোনো চূড়ান্ত বা কনক্লুসিভ মন্তব্য করেননি এবং তদন্ত শেষ হওয়ার পরেই যে কথা বলা সম্ভব, তা স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন।

ভিডিও ফুটেজ ও মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেখানে একটি ছাগল মারা যাওয়ার বিষয়টি সত্য এবং পাশাপাশি গরুও ছিল বলে তিনি শুনেছেন। বাড়ি থেকে মানুষ বের হয়নি-এমন কথা তিনি কখনো অস্বীকার করেননি। পরে তিনিও ভিডিওটি দেখেছেন, যেখানে একজন মহিলাকে তার শিশু সন্তান কোলে নিয়ে বের হয়ে আসতে দেখা গেছে। এগুলো সবই তদন্তের বিষয়।

এছাড়া ঘটনার দিন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল এবং পরবর্তী সময়ে মামলার বিষয়টিও আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে বলে জানান তিনি।

টেলিফোনে হুমকির বিষয়ে কলাবাগান থানায় করা জিডি এবং সাইবার অপরাধীদের শনাক্তকরণে আইনানুগ প্রক্রিয়া চলছে বলেও জানান মন্ত্রী।

‘তদন্ত প্রভাবিত করা’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি বা এই মহান সংসদের কেউ তদন্ত প্রভাবিত করার জন্য কোনো স্টেটমেন্ট দেননি।

তিনি মন্তব্য করেন, যেকোনো সংসদ সদস্যের ওপর আক্রমণ এবং জানমালের ওপর হামলা অত্যন্ত কঠোরভাবে দেখা উচিত।

এ সময় স্পিকার বিষয়টি নিয়ে রুলিং দিয়ে বলেন, সংসদ সদস্যের মনে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকতেই পারে, এটি কোনো অসংসদীয় কথা নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তদন্তের ব্যবস্থা নিচ্ছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন, তাই ফলাফল দেখার জন্য অপেক্ষা করার পরামর্শ দেন স্পিকার। একইসঙ্গে তিনি নুসরাত তাবাসসুমকে ধৈর্য ধরার আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনানীর গ্যাসের আগুন ২০ দিন ধরে, বন্ধের পরিকল্পনা বাপেক্সের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


ইনানীর গ্যাসের আগুন ২০ দিন ধরে, বন্ধের পরিকল্পনা বাপেক্সের

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুন ২০ দিন ধরে জ্বলছে। দীর্ঘ পর্যবেক্ষণ, একাধিক দফা বিশেষজ্ঞ পরিদর্শন এবং আগুন স্বাভাবিকভাবে নিভে যাওয়ার ১৫ দিন অপেক্ষার পর, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি—বাপেক্স এবার আগুন নিয়ন্ত্রণে চূড়ান্ত কারিগরি অভিযানে নেমেছে। সংস্থাটির প্রায় ৩০ সদস্যের কারিগরি দলের সদস্যরা প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও বিশেষ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে কাজ শুরু করেছেন।

বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, গ্যাস নির্গমনের মুখে ২০ ইঞ্চি ব্যাসের একটি বিশেষ পাইপ স্থাপন করে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করা হবে। পরবর্তী ধাপে সিমেন্ট ও বিশেষ রাসায়নিক মিশ্রিত কাদা প্রয়োগ করে গ্যাসের নির্গমন বন্ধের চেষ্টা করা হবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধারণা, যদি পরিকল্পনা অনুযায়ী মূল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়, তবে মাত্র ৩০ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব। তবে পুরো অভিযান সফল হবে কি না, তা কারিগরি কার্যক্রমের ওপর নির্ভর করছে।

গত ১৪ নভেম্বর থেকে বাপেক্সের প্রকৌশলী ও কারিগরি দল ঘটনাস্থলে প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন ও আগুন নিয়ন্ত্রণের প্রস্তুতিমূলক কাজ শুরু করে। একই দিনে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা গ্যাস নির্গমনের মুখ, প্রবাহের চাপ এবং আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আগুন নেভানোর জন্য নিরাপদ ও কার্যকর পদ্ধতি নির্ধারণে কারিগরি বিষয়গুলোও পর্যালোচনা করা হয়।

বুয়েটের সহযোগী অধ্যাপক শাহরিয়ার মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী, গ্যাস বের হওয়ার মুখে ২০ ইঞ্চি ব্যাসের পাইপ বসিয়ে প্রথমে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। এরপর বিশেষ রাসায়নিক মিশ্রিত সিমেন্টের কাদা ব্যবহার করে নির্গমনের পথ বন্ধ করা হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য আরও ১৫ থেকে ২০টি বড় ট্রাক বা ট্রেইলারে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম আনার প্রয়োজন হতে পারে।

বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন, বর্তমানে প্রায় ছয় ইঞ্চি মুখ দিয়ে যে গ্যাস বের হচ্ছে, তা সরাসরি বাণিজ্যিকভাবে উত্তোলনের উপযোগী নয়। গ্যাসের প্রকৃত মজুত, চাপ ও উৎপাদনক্ষমতা নির্ধারণে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। তবে তাঁদের প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করে গ্যাসের অনিয়ন্ত্রিত প্রবাহ বন্ধ করা।

১৫ দিনের পর্যবেক্ষণেও নিভেনি আগুন

গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকার সিকদারপাড়ায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহর বাড়ির আঙিনায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। প্রায় এক হাজার ফুট গভীরতায় খননকাজ চলাকালে ভূগর্ভ থেকে প্রচণ্ড চাপে গ্যাস ও পানি বেরিয়ে আসতে শুরু করে। একপর্যায়ে নির্গত গ্যাসে আগুন ধরে যায়। সেই থেকে টানা ২০ দিন আগুন জ্বলছে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু গ্যাসের অব্যাহত প্রবাহের কারণে আগুন নেভানো সম্ভব হয়নি। পরে বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ধারণা দিয়েছিল, গ্যাসের নির্গমন স্বাভাবিকভাবে বন্ধ হয়ে গেলে এক সপ্তাহের মধ্যে আগুন নিভে যেতে পারে। কিন্তু সেই সময়সীমা পার হলেও আগুন জ্বলতে থাকে।

পরবর্তী সময়ে বাপেক্সের উচ্চপর্যায়ের কর্মকর্তারা আরও ১৫ দিন পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানান। দীর্ঘ পর্যবেক্ষণেও গ্যাসের প্রবাহ বন্ধ না হওয়ায় বিকল্প কারিগরি পদ্ধতিতে আগুন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাপেক্সের বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে দেখা গেছে, দীর্ঘ সময় ধরে প্রায় একই গতি ও চাপে গ্যাস বের হচ্ছে। এতে ভূগর্ভে গ্যাসের উৎসের স্থায়িত্ব ও সম্ভাব্য মজুত নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তবে এটি বড় কোনো গ্যাসক্ষেত্র বা বাণিজ্যিক মজুতের অস্তিত্বের নিশ্চিত প্রমাণ নয়।

গ্যাসের পাশাপাশি তেলের সম্ভাবনাও খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। ইনানীতে ভূগর্ভ থেকে গ্যাস উদ্গিরণের ঘটনায় কক্সবাজার উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ সময় ধরে একই চাপ ও প্রবাহে গ্যাস নির্গত হওয়ার বিষয়টি বিশেষজ্ঞদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে গ্যাসের প্রকৃত উৎস, ভূতাত্ত্বিক গঠন এবং সম্ভাব্য মজুত সম্পর্কে নিশ্চিত হতে আরও বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

বাপেক্সের কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনার পর ওই এলাকায় ভূতাত্ত্বিক পরীক্ষা ও সিসমিক জরিপ পরিচালনা করা হবে। এর মাধ্যমে ভূগর্ভে কী পরিমাণ গ্যাস রয়েছে, সেটি কোনো বিচ্ছিন্ন গ্যাসের স্তর নাকি বড় কোনো ভূগর্ভস্থ রিজার্ভারের অংশ, তা যাচাই করা হবে।

বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের সম্ভাবনা পাওয়া গেলে নতুন করে অনুসন্ধানী কূপ খননের বিষয়টিও বিবেচনায় আসতে পারে।

তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার আগে গ্যাসের মজুত কিংবা বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

আগুন নেভানো নিয়ে স্থানীয়দের উদ্বেগ

এদিকে দীর্ঘদিন ধরে গ্যাসের আগুন জ্বলতে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এখন আগুন নেভানোর উদ্যোগ নেওয়ায় তাঁদের মধ্যে নতুন করে কিছু প্রশ্ন দেখা দিয়েছে। গ্যাসের প্রবাহ বন্ধ করার সময় ভূগর্ভে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে কি না, আশপাশের বসতবাড়ি ও পরিবেশের ওপর কোনো প্রভাব পড়বে কি না—এসব বিষয়ে তাঁরা আশ্বস্ত হতে চান।

স্থানীয়দের দাবি, আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি তাঁদের জানমাল, বসতভিটা ও পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এই এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুত থাকলে তা যেন যথাযথ বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে যাচাই করা হয় এবং ভবিষ্যতে উত্তোলনের কোনো উদ্যোগ নেওয়া হলে স্থানীয় মানুষের স্বার্থ ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়।

২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা, নিয়ন্ত্রণে সাধারণ মানুষের চলাচল।

ঘটনার পর থেকে দুর্ঘটনাস্থলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে উপজেলা প্রশাসন। সম্ভাব্য বিস্ফোরণ ও অন্যান্য দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি বেড়া দিয়ে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

সব মিলিয়ে ২০তম দিনে এসে ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্সের বিশেষ কারিগরি অভিযান নতুন আশার সঞ্চার করেছে। তবে ২০ ইঞ্চি পাইপ স্থাপন এবং বিশেষ রাসায়নিক মিশ্রিত কাদা প্রয়োগের পরিকল্পনা কতটা সফল হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগুন নেভানোর মধ্য দিয়ে শুধু একটি দীর্ঘস্থায়ী অগ্নিকাণ্ডের অবসানই নয়, কক্সবাজার উপকূলের ভূগর্ভে থাকা সম্ভাব্য প্রাকৃতিক গ্যাসসম্পদ সম্পর্কে নতুন অনুসন্ধানের পথও উন্মোচিত হতে পারে। আপাতত মানুষের নিরাপত্তা নিশ্চিত করে গ্যাসের অনিয়ন্ত্রিত প্রবাহ বন্ধ করাই বাপেক্সের প্রধান চ্যালেঞ্জ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হৃদয়ের অবিশ্বাস্য সেঞ্চুরি, লিটন ও তানজিদের ব্যাটে স্বপ্নের মতো দিন বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


হৃদয়ের অবিশ্বাস্য সেঞ্চুরি, লিটন ও তানজিদের ব্যাটে স্বপ্নের মতো দিন বাংলাদেশের

প্রবাদটি সত্যি, শেষ ভালো যার, সব ভালো তার। জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ইনিংসের সঙ্গে এই কথাটি খুব ভালোভাবে মিলে যায়। কাগিসো রাবাদার দাপটে ভয়ঙ্করভাবে শুরু হলেও বাংলাদেশ দিনটি দারুণভাবে শেষ করেছে। যদিও দিনের শেষ বলে তাওহীদ হৃদয় আউট হয়ে গেছেন, তবে তার আগে তিনি খেলেছেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস। লিটন দাসের সঙ্গে হৃদয়ের ২০৬ রানের জুটিতে টাইগাররা দিনটি নিজেদের করে নিয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩২৭ রান। দিনের শেষ বলে আউট হওয়ার আগে তাওহীদ হৃদয় সেঞ্চুরি হাঁকিয়েছেন। আগামীকাল দিন শুরু করবেন লিটন দাসও সেঞ্চুরির স্বপ্ন নিয়ে।

দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা ৫ উইকেট শিকার করেছেন। দিনের শেষ বলে তাওহীদ হৃদয়কে আউট করেছেন মার্কো ইয়ানসেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের হত্যা মামলার পলাতক আসামী মো. রামিম কক্সবাজারে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


চট্টগ্রামের হত্যা মামলার পলাতক আসামী মো. রামিম কক্সবাজারে গ্রেফতার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পতেঙ্গা মডেল থানায় দায়ের হওয়া একটি চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রবিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মো. রামিম (২১) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি হিসেবে চিহ্নিত।

এসআরবি-১৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজার এবং এসআরবি-৭, সিপিএসসি, পতেঙ্গা, চট্টগ্রামের সদস্যরা গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে রামিমের অবস্থান কক্সবাজারে শনাক্ত করা হয়।

পরে দুই ইউনিটের সমন্বয়ে যৌথ আভিযানিক দল গঠন করে রবিবার দুপুরে বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন, একটি মানিব্যাগ ও নগদ ২২৭ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার রামিমের পিতা মৃত রহিম উল্লাহ এবং মাতা শাকেরা বেগম। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় অবস্থিত।

এসআরবি জানায়, গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং আন্তঃইউনিট সমন্বয়ের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%