ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পুরুষদের তুলনায় নারীদের বেশি শীত লাগার কারণ


পুরুষদের তুলনায় নারীদের বেশি শীত লাগার কারণ

একই তাপমাত্রায় অবস্থান করলেও অনেক সময় নারীরা পুরুষদের তুলনায় বেশি শীত অনুভব করেন। এমনকি ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও অনেক নারী গরম পোশাক বা কম্বলের প্রয়োজন অনুভব করেন। শীতকাল ছাড়াও স্বাভাবিক পরিবেশে নারীদের ঠান্ডা লাগার প্রবণতা দেখা যায়। কিন্তু এর কারণ কী?

চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে, নারী ও পুরুষের শরীরের গঠন, পেশির পরিমাণ, বিপাকীয় হার, রক্ত সঞ্চালন এবং হরমোনের পার্থক্যের কারণে ঠান্ডা অনুভবের ক্ষেত্রে ভিন্নতা দেখা দিতে পারে।

পেশির পরিমাণ ও বিপাকীয় হারের পার্থক্য

আরও পড়ুন: রাতে গভীর ঘুম এনে দেয় যেসব খাবার

সাধারণত পুরুষদের শরীরে নারীদের তুলনায় পেশির পরিমাণ বেশি থাকে। পেশি শরীরের তাপ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে পেশির পরিমাণ বেশি হলে শরীর তুলনামূলকভাবে বেশি তাপ তৈরি করতে সক্ষম হয়।

অন্যদিকে, নারীদের গড় বিপাকীয় হার বা মেটাবলিক রেট তুলনামূলকভাবে কম হতে পারে। খাবার থেকে শক্তি উৎপাদনের সময় শরীরে তাপ তৈরি হয়। তাই বিপাকীয় হার কম হলে বিশ্রামরত অবস্থায় শরীরে তাপ উৎপাদনের পরিমাণও কম হতে পারে। এ কারণে নারীরা তুলনামূলকভাবে বেশি ঠান্ডা অনুভব করতে পারেন।

হাত-পা দ্রুত ঠান্ডা হয়ে যায় কেন?

অনেক নারীর হাত-পা পুরুষদের তুলনায় দ্রুত ঠান্ডা হয়ে যায়। এর পেছনে রক্ত সঞ্চালন ও রক্তনালির সংকোচনের ভূমিকা রয়েছে।

আরও পড়ুন: শীতের শুরুতে শিশুর ত্বকের ৫টি যত্নের পরামর্শ

ঠান্ডা পরিবেশে শরীর গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গগুলোর তাপমাত্রা ধরে রাখতে হাত-পায়ের মতো শরীরের বাইরের অংশে রক্তপ্রবাহ কমিয়ে দেয়। নারীদের ক্ষেত্রে কিছু পরিস্থিতিতে এই প্রতিক্রিয়া তুলনামূলকভাবে বেশি হতে পারে। ফলে হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ার পাশাপাশি সামগ্রিকভাবে শীতের অনুভূতিও বাড়তে পারে।

শরীরের চর্বি ও গঠনের প্রভাব

নারীদের শরীরে সাধারণত পুরুষদের তুলনায় চর্বির অনুপাত বেশি থাকে। শরীরের চর্বি অভ্যন্তরীণ অঙ্গগুলোকে তাপ ধরে রাখতে সাহায্য করলেও পেশির মতো তাপ উৎপাদনে ভূমিকা রাখে না।

এ ছাড়া শরীরের আকার, ত্বকের আয়তন এবং শরীরের ভর বা ওজনের অনুপাতও তাপ হারানোর ক্ষেত্রে প্রভাব ফেলে। এসব শারীরিক পার্থক্য নারী-পুরুষের ঠান্ডা অনুভবের তারতম্যের অন্যতম কারণ।

আরও পড়ুন: শীতে গমের পাশাপাশি ভুট্টার রুটি খাওয়া ভালো

হরমোনের ওঠানামায় বদলে যায় তাপমাত্রার অনুভূতি

নারীদের শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের পরিবর্তন শরীরের তাপমাত্রা এবং রক্তনালির কার্যক্রমে প্রভাব ফেলে।

বিশেষ করে মাসিক চক্রের বিভিন্ন পর্যায়ে শরীরের তাপমাত্রায় পরিবর্তন দেখা যায়। ডিম্বস্ফোটনের পর প্রোজেস্টেরনের মাত্রা বাড়লে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। অন্যদিকে, ইস্ট্রোজেনের ওঠানামাও রক্তনালির প্রসারণ ও সংকোচনে প্রভাব ফেলতে পারে।

এ ছাড়া হরমোনভিত্তিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের কারণে কারও কারও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে পরিবর্তন আসতে পারে।

আরও পড়ুন: শীত মৌসুমে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে

অতিরিক্ত শীত লাগলে কখন সতর্ক হবেন?

নারীদের তুলনামূলক বেশি ঠান্ডা লাগা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক শারীরবৃত্তীয় পার্থক্যের কারণে হতে পারে। তবে সব সময় বিষয়টিকে স্বাভাবিক ভেবে উপেক্ষা করা উচিত নয়।

অতিরিক্ত শীত লাগার পাশাপাশি দুর্বলতা, ক্লান্তি, হাত-পায়ে অবশ ভাব, ব্যথা বা ফোলাভাব দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশেষ করে হাত-পায়ের আঙুল বারবার সাদা বা নীল হয়ে গেলে তা রক্ত সঞ্চালনজনিত সমস্যার লক্ষণ হতে পারে।

এ ছাড়া অতিরিক্ত ঠান্ডা লাগার পেছনে রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা বা অন্যান্য শারীরিক কারণও থাকতে পারে।

আরও পড়ুন: সময়ের সাক্ষী বিউটি বোর্ডিং, হারানো সাহিত্য-আড্ডার ঠিকানা

সব মিলিয়ে, পুরুষদের তুলনায় নারীদের বেশি শীত লাগার পেছনে একক কোনো কারণ নেই। পেশির পরিমাণ, বিপাকীয় হার, রক্ত সঞ্চালন, শরীরের গঠন ও হরমোনের সম্মিলিত প্রভাবেই এই পার্থক্য তৈরি হতে পারে। তবে ব্যক্তি ভেদে ঠান্ডা অনুভবের মাত্রা আলাদা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগরীর উন্নয়ন কাজে কোনো এলাকাকে পিছিয়ে রাখা হবে না: চসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


নগরীর উন্নয়ন কাজে কোনো এলাকাকে পিছিয়ে রাখা হবে না: চসিক প্রশাসক

চট্টগ্রাম, ২১ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, নগরীর উন্নয়ন কার্যক্রমে কোনো এলাকাকে পিছিয়ে রাখা হবে না।

তিনি উল্লেখ করেন, নগরীর অনেক অলিগলি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এজন্য প্রধান সড়ক থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডের ছোট-বড় সব অলিগলি পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে।

আজ শনিবার নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চসিকের অর্থায়নে পাঁচটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর প্রতিটি এলাকার মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক নির্মাণ ও সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। বর্ষা মৌসুম শেষ হওয়ায় আগামী পাঁচ থেকে ছয় মাস, অর্থাৎ শীত ও বসন্ত মৌসুমজুড়ে নগরীর বিভিন্ন এলাকায় সড়ক সংস্কারের কাজ চলবে। এসব উন্নয়নকাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

তিনি আরও জানান, গত দুই বছরে নগরীতে সড়ক, অবকাঠামো, নালা ও ড্রেন সংস্কারসহ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক উন্নয়নকাজ চলমান রয়েছে। কিছু ওয়ার্ডে ১২৫ থেকে ১৫০ কোটি টাকা এবং কিছু ওয়ার্ডে ২২৫ থেকে ২৫০ কোটি টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডেও ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে।

এ সময় চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন এবং নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও শাফকাত আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে কালিয়ায় ‘অগ্নিসংযোগ-লুটপাটের’ ঘটনায় পুলিশ বলছে মিথ্যা অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


নড়াইলে কালিয়ায় ‘অগ্নিসংযোগ-লুটপাটের’ ঘটনায় পুলিশ বলছে মিথ্যা অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগকে জেলা পুলিশ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বেন্দারচর গ্রামে কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের উপর বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।’

শনিবার (২১ নভেম্বর) নড়াইল জেলা পুলিশের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।

জেলার পুলিশ সুপার দ্বারা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘আগের ধারনকৃত ও এআই দ্বারা নির্মিত ভিডিও চিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষুন্ন করছে।’

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, ‘বেন্দারচর এলাকায় কোন হিন্দু বসতি নেই। পাশাপাশি উক্ত ঘটনায় কোন হিন্দু সদস্যের কোন পরিবারের উপর হামলা বা কোন ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনা ঘটেনি।’

এতে আরো বলা হয়, ‘মূলত নড়াইল জেলায় গত ১৮ নভেম্বর সন্ধ্যা অনুমান ৬টায় কালিয়া থানাধীন বেন্দারচর সুইচ গেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীগণ বিএনপির মিছিলে হামলা করে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ ও কালিয়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে (৪০) হত্যা করা হয়। তাৎক্ষনিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামি দিশা বিশ্বাস (৩১), রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করা হয়।’

হত্যাকাণ্ডের পর গতকাল বিকাল পৌনে ৫টায় ভুক্তভোগীর বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন ও উত্তেজিত অন্যান্য লোকজন আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালায়। পরে খবর পেয়ে কালিয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


হাম উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু

দেশের সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে হাম ও এর উপসর্গ দেখা গেছে ৯২৫ জনের শরীরে।

শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর এই তথ্য প্রকাশ করেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৩৮ জন। এছাড়া, মারা যাওয়াদের মধ্যে ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৬ জনের মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২১ জন, চট্টগ্রামে ১২৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৫, বরিশালে ৭০, খুলনায় ৬০ এবং রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ৯২৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৯৪ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন। তাদের মধ্যে ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে অসহায় ছাত্রীর বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করলেন ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


শিবচরে অসহায় ছাত্রীর বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করলেন ইউএনও

মাদারীপুরের শিবচর এলাকায় অর্থের অভাবে চিকিৎসা করাতে অক্ষম এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। তার উদ্যোগের ফলে স্থানীয় ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সহযোগিতায় ১৫ বছর বয়সী জান্নাতুল আক্তারের গলার টনসিলের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বিনামূল্যে।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার পাঁচ্চর রয়েল হাসপাতালে জান্নাতুলের অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর ইউএনও হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

জান্নাতুল শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আল-বাইতুল মামুর ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, আট বছর বয়সে জান্নাতুলের গলায় টনসিলের সমস্যা দেখা দেয়। প্রথমে সমস্যা তেমন গুরুতর না হলেও গত পাঁচ-ছয় মাসে ব্যথা বৃদ্ধি পায়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। কিন্তু আর্থিক সংকটের কারণে পরিবারটি চিকিৎসার খরচ জোগাড় করতে পারছিল না।

জান্নাতুলের বাবা ঢাকায় একটি রডের দোকানে শ্রমিকের কাজ করেন। পাঁচ সদস্যের পরিবারের খরচ চালাতে তিনি হিমশিম খাচ্ছিলেন। মেয়ের অস্ত্রোপচারের খরচ জোগাড় করতে না পেরে তার মা বিভিন্ন জায়গায় সহযোগিতা চান। কোথাও সাড়া না পেয়ে একপর্যায়ে ইউএনওর শরণাপন্ন হন তিনি।

বিষয়টি জানার পর ইউএনও এইচ এম ইবনে মিজান জান্নাতুলের চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেন। তিনি শিবচর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতির সঙ্গে যোগাযোগ করেন। তার অনুরোধে সমিতির পক্ষ থেকে বিনামূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।

জান্নাতুলের পরিবারের সদস্যরা জানান, মেয়ের কষ্ট দেখে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ঘুরেও কোনো ব্যবস্থা করতে পারেননি। ইউএনওর সহযোগিতায় মেয়ের অস্ত্রোপচার হয়েছে, এজন্য তারা তার প্রতি কৃতজ্ঞ।

শিবচর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি আবুল খায়ের খান বলেন, ইউএনও বিষয়টি জানানোর পর তারা সহযোগিতায় এগিয়ে আসেন। সমিতির পক্ষ থেকে বিনা মূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে চান তারা।

এইচ এম ইবনে মিজান কালের কণ্ঠকে জানান, মেয়েটির অসহায়ত্বের কথা জানার পর চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেন তিনি। এ কাজে সহযোগিতা করায় ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ইউএনও বলেন, সমাজে অনেক অসহায় রোগী রয়েছেন, যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না। এসব মানুষের পাশে দাঁড়াতে ক্লিনিক মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%