প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাদারীপুরের শিবচর এলাকায় অর্থের অভাবে চিকিৎসা করাতে অক্ষম এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। তার উদ্যোগের ফলে স্থানীয় ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সহযোগিতায় ১৫ বছর বয়সী জান্নাতুল আক্তারের গলার টনসিলের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বিনামূল্যে।
শুক্রবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার পাঁচ্চর রয়েল হাসপাতালে জান্নাতুলের অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর ইউএনও হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।
জান্নাতুল শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আল-বাইতুল মামুর ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, আট বছর বয়সে জান্নাতুলের গলায় টনসিলের সমস্যা দেখা দেয়। প্রথমে সমস্যা তেমন গুরুতর না হলেও গত পাঁচ-ছয় মাসে ব্যথা বৃদ্ধি পায়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। কিন্তু আর্থিক সংকটের কারণে পরিবারটি চিকিৎসার খরচ জোগাড় করতে পারছিল না।
জান্নাতুলের বাবা ঢাকায় একটি রডের দোকানে শ্রমিকের কাজ করেন। পাঁচ সদস্যের পরিবারের খরচ চালাতে তিনি হিমশিম খাচ্ছিলেন। মেয়ের অস্ত্রোপচারের খরচ জোগাড় করতে না পেরে তার মা বিভিন্ন জায়গায় সহযোগিতা চান। কোথাও সাড়া না পেয়ে একপর্যায়ে ইউএনওর শরণাপন্ন হন তিনি।
বিষয়টি জানার পর ইউএনও এইচ এম ইবনে মিজান জান্নাতুলের চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেন। তিনি শিবচর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতির সঙ্গে যোগাযোগ করেন। তার অনুরোধে সমিতির পক্ষ থেকে বিনামূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।
জান্নাতুলের পরিবারের সদস্যরা জানান, মেয়ের কষ্ট দেখে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ঘুরেও কোনো ব্যবস্থা করতে পারেননি। ইউএনওর সহযোগিতায় মেয়ের অস্ত্রোপচার হয়েছে, এজন্য তারা তার প্রতি কৃতজ্ঞ।
শিবচর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি আবুল খায়ের খান বলেন, ইউএনও বিষয়টি জানানোর পর তারা সহযোগিতায় এগিয়ে আসেন। সমিতির পক্ষ থেকে বিনা মূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে চান তারা।
এইচ এম ইবনে মিজান কালের কণ্ঠকে জানান, মেয়েটির অসহায়ত্বের কথা জানার পর চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেন তিনি। এ কাজে সহযোগিতা করায় ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ইউএনও বলেন, সমাজে অনেক অসহায় রোগী রয়েছেন, যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না। এসব মানুষের পাশে দাঁড়াতে ক্লিনিক মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন