ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শীতে গমের পাশাপাশি ভুট্টার রুটি খাওয়া ভালো


শীতে গমের পাশাপাশি ভুট্টার রুটি খাওয়া ভালো

শীতকালীন সময়ে রুটি খাওয়ার প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পায়। তবে প্রতিদিন একই ধরনের আটার রুটি খাওয়া অনেকের কাছে আকর্ষণীয় নয়। এই কারণে শীতের মৌসুমে আটার রুটির পাশাপাশি বাজরা, ভুট্টা, রাগি এবং জোয়ারের রুটি খাওয়ার প্রবণতা দেখা যায়।

আসলে এই সব আটার নিজস্ব পুষ্টিগুণ রয়েছে, যা রুটির স্বাদ পরিবর্তন করার পাশাপাশি খাদ্য তালিকায় নতুন বৈচিত্র্য নিয়ে আসে। তাহলে চলুন জেনে নেওয়া যাক শীতে গম ছাড়া কোন কোন আটার রুটি খাওয়া যেতে পারে।

গমের  আটা

আরও পড়ুন: রাতে গভীর ঘুম এনে দেয় যেসব খাবার

বহু পরিবারে প্রতিদিনের খাবারের অংশ হিসেবে গমের আটার রুটি তৈরি করা হয়। গমের মধ্যে গ্লুটেন থাকার কারণে এই আটা মাখতে কোনো সমস্যা হয় না। গমের আটা ব্যবহার করে সহজেই রুটি বা পরোটা প্রস্তুত করা সম্ভব। যারা নরম রুটি পছন্দ করেন, তাদের জন্য এটি একটি উৎকৃষ্ট বিকল্প।

ভুট্টার আটা

শীতকালে ভুট্টার আটার রুটি খাওয়ার প্রবণতা অনেকের মধ্যে দেখা যায়। ভুট্টার আটায় গমের আটার মতো আঠালো ভাব থাকে না। ভুট্টার আটার রুটি বেলতে কিছুটা সমস্যা হতে পারে। তাই অনেকেই এই রুটি হাতের তালুর সাহায্যে চেপে তৈরি করেন। ভুট্টার রুটি খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং এটি শাকসবজি, মাখন বা গুড়ের সঙ্গে পরিবেশন করা যেতে পারে।

জোয়ারের আটা

আরও পড়ুন: পুরুষদের তুলনায় নারীদের বেশি শীত লাগার কারণ

প্রতিদিনের একঘেয়ে খাবারের স্বাদ পরিবর্তন করতে জোয়ারের আটার তৈরি রুটিও একটি ভালো বিকল্প। ফাইবার সমৃদ্ধ জোয়ারের আটা প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত। তবে এটি গমের মতো আঠালো নয়। এই কারণে জোয়ারের আটা মাখার সময় হালকা গরম জল ব্যবহার করলে রুটি তৈরি করা সহজ হয়।

রাগির আটা

ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবারের মতো পুষ্টি উপাদানে সমৃদ্ধ রাগির আটা খাবারের স্বাদে বৈচিত্র্য আনতে সক্ষম। গ্লুটেনমুক্ত এই আটার রুটির স্বাদও কিছুটা ভিন্ন হয়ে থাকে। এই আটা মাখার সময় সামান্য গরম জল ব্যবহার করলে রুটি বানাতে সুবিধা হয়। রাগির আটার তৈরি রুটি পছন্দ অনুযায়ী টকদই ও শাকসবজি সহযোগে উপভোগ করা যেতে পারে।

আরও পড়ুন: শীতের শুরুতে শিশুর ত্বকের ৫টি যত্নের পরামর্শ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙা টিনের ঘরে ইন্দ্রজিৎ দে’র শেষ বয়স, নিরাপদ আশ্রয় চান তিনি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


ভাঙা টিনের ঘরে ইন্দ্রজিৎ দে’র শেষ বয়স, নিরাপদ আশ্রয় চান তিনি

একসময় গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে শিশু-কিশোরদের প্রাইভেট পড়িয়ে সংসার চালাতেন ইন্দ্রজিৎ দে। তাঁর শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি পাস। কিন্তু বর্তমানে, জীবনের শেষ বয়সে এসে তিনি চরম অভাব-অনটন এবং মানবেতর পরিবেশে দিন কাটাচ্ছেন। নিরাপদ থাকার জন্য ঘর নেই, নেই নিয়মিত আয়ের কোনো উৎস। ৭০ বছর বয়সী ইন্দ্রজিৎ দে ভাঙাচোরা টিনের ঘরের ওপর পলিথিন টাঙিয়ে স্ত্রীকে নিয়ে কোনোরকমে বেঁচে আছেন। মৃত্যুর আগে তাঁর একটাই চাওয়া, মাথা গোঁজার মতো একটি নিরাপদ আশ্রয় পাওয়া।

পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান গ্রামের প্রয়াত জিতেন্দ্রনাথ দের ছেলে ইন্দ্রজিৎ দে ১৯৭৪ সালে এসএসসি পাস করেন। দরিদ্র পরিবারে জন্ম নেওয়ার কারণে পড়াশোনা শেষ করার পরও কোনো চাকরি পাননি। জীবিকার তাগিদে ছোটবেলা থেকেই তিনি গ্রামের বিভিন্ন বাড়িতে শিশুদের প্রাইভেট পড়াতে শুরু করেন। এই সামান্য আয় দিয়েই তাঁর সংসার চলত।

বাবা-মায়ের মৃত্যুর পর, বাবার রেখে যাওয়া সামান্য জমির ওপর একটি খুপরিঘরে স্ত্রী এবং একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করতেন তিনি। মেয়েকে বিয়ে দিয়ে জামাইয়ের হাতে তুলে দেওয়ার পর, মেয়েটি স্বামীর সংসারে ভালোই আছেন। তবে বয়সের কারণে এখন আর আগের মতো বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়ানো সম্ভব হচ্ছে না ইন্দ্রজিৎ দের। শারীরিক অসুস্থতার কারণে অন্য কোনো কাজ করেও জীবিকা নির্বাহ করার সামর্থ্য নেই তাঁর।

বর্তমানে বাবার রেখে যাওয়া সামান্য জমিতে থাকা কয়েকটি সুপারি ও অন্যান্য গাছই তাঁর আয়ের একমাত্র অবলম্বন। মাঝে মাঝে মেয়ে-জামাই কিংবা শ্বশুরবাড়ির লোকজন চাল-ডাল ও কিছু টাকা দিয়ে সহযোগিতা করেন। সেই সহযোগিতায় কোনোরকমে চলছে স্বামী-স্ত্রীর সংসার। অনেক সময় অর্ধাহারে-অনাহারেও দিন কাটাতে হয় তাঁদের।

ইন্দ্রজিৎ দের বসতঘরের অবস্থা অত্যন্ত করুণ। ভাঙাচোরা টিনের চাল ও বেড়ার ওপর পলিথিন টাঙিয়ে রোদ-বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন তাঁরা। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। দিনের বেলাতেও ঘরের ভেতর পর্যাপ্ত আলো প্রবেশ করে না। ফলে অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে চলাফেরা করতে হয়। একসময় ঘরে বিদ্যুৎ সংযোগ থাকলেও ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে তিনি জানান।

সরেজমিনে কুমিয়ান গ্রামের তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, বসবাসের অনুপযোগী প্রায় ভেঙে পড়া ঘরটিতে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন এই বৃদ্ধ দম্পতি। ঘরের চালের বিভিন্ন অংশ ভাঙা, কোথাও টিনের পরিবর্তে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘরের ভেতরে স্বাভাবিক বসবাসের পরিবেশ নেই। সামান্য ঝড়-বৃষ্টি কিংবা দুর্যোগে ঘরটি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

নিজের জীবনের দুঃখ-দুর্দশার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ইন্দ্রজিৎ দে। তিনি জানান, অসুস্থ হয়ে পড়লেও অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি। কয়েকটি সুপারি বিক্রি করে পাওয়া সামান্য টাকা দিয়ে কিছু ওষুধ কিনেছিলেন। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারলেও আগের মতো কাজ করার শক্তি নেই। একসময় বেশ কিছুদিন তাঁকে বিছানায় পড়ে থাকতে হয়েছে।

তাঁর স্ত্রী ঝর্ণা রানী পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলার জলাবাড়ি গ্রামের বাসিন্দা। বয়স হলেও তাঁর শরীরে এখনো কিছুটা শক্তি-সামর্থ্য রয়েছে। কিন্তু সংসারে অভাব থাকায় প্রয়োজনীয় চিকিৎসা ও জীবনযাপনের ন্যূনতম চাহিদা পূরণ করাও তাঁদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। মানুষের সঙ্গে সময় কাটিয়ে নিজেদের দুঃখ-কষ্ট ভুলে থাকার চেষ্টা করেন তিনি।

ইন্দ্রজিৎ দে আক্ষেপ করে বলেন, ‘সারা জীবন মানুষের সন্তানদের পড়িয়েছি। লেখাপড়া শিখেও নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারিনি। এখন বয়স হয়েছে, শরীরে আর শক্তি নেই। অসুস্থ হলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। থাকার ঘরটিও ভেঙে গেছে। বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি পড়ে। জীবনের শেষ সময়ে এসে আমার আর কিছু চাওয়ার নেই। মৃত্যুর আগে অন্তত মাথা গোঁজার মতো একটি ঘর পেলে স্ত্রীকে নিয়ে বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে পারতাম।’

একটি নিরাপদ ঘর, দুবেলা খাবার এবং প্রয়োজনীয় চিকিৎসা-জীবনের শেষ বয়সে এসে ইন্দ্রজিৎ দে ও তাঁর স্ত্রীর চাওয়া এখন এতটুকুই। সমাজের বিত্তবান, মানবিক ও সচেতন ব্যক্তি এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে তাঁদের আকুল আবেদন, অসহায় এই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়ে তাঁদের জন্য একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা হোক। জীবনের শেষ দিনগুলো যেন অন্তত একটু স্বস্তি ও নিরাপত্তার মধ্যে কাটাতে পারেন তাঁরা, এটাই জীবনের শেষ চাওয়া বলে জানান ইন্দ্রজিৎ দে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ওই পরিবারের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের জন্য কিছু করার উদ্যোগ নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিয়ে নিয়ে কথা বললেন মিমি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিয়ে নিয়ে কথা বললেন মিমি

টালিউড নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী মিমি চক্রবর্তীর সম্পর্ক একসময় টালিপাড়ার অন্যতম আলোচিত বিষয় ছিল। তাদের সম্পর্কের সময়কাল ছিল প্রায় চার বছর। ২০১৬ সালে সামাজিক মাধ্যমে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসলে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এমনকি একসময় তাদের মধ্যে বিয়ে নিয়ে কথাবার্তাও হয়েছিল। তবে বিচ্ছেদের পর সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী খোলামেলা আলোচনা করেন সম্পর্কটি নিয়ে। যদিও অভিনেত্রী কখনোই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে কথা বলতে স্বচ্ছন্দ ছিলেন না।

তিনি জানান, রাজের সঙ্গে তার চার বছরের সম্পর্ক ছিল এবং তিনি সেই সম্পর্ককে সম্মান করেন। সাক্ষাৎকারে তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল— রাজের সঙ্গে কখনো বিয়ে নিয়ে আলোচনা হয়েছিল কিনা? এমন প্রশ্নের উত্তরে দীর্ঘক্ষণ চুপ থাকার পর অভিনেত্রী জানান— হ্যাঁ, তাদের মধ্যে বিয়ে নিয়ে কথাবার্তা হয়েছিল।

বিচ্ছেদের পর অভিনেত্রী জানতে পারেন রাজের জীবনে নতুন করে বসন্ত এসেছে শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে। এ বিষয়ে মিমিকে প্রশ্ন করা হলে তিনি দুজনের মঙ্গল কামনা করেন। অতীতের সম্পর্ক নিয়ে তিক্ততা প্রকাশ না করে ধীরে ধীরে নিজের জীবন ও কাজের দিকে মনোযোগ দেন মিমি চক্রবর্তী।

এ নির্মাতার সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে মিমি চক্রবর্তীর নাম জড়িয়েছে। কখনো সহকর্মী, কখনো চলচ্চিত্রজগতের বাইরের কারও সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব বিষয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি অভিনেত্রী।

২০২০ সালে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মিমি চক্রবর্তী বলেছিলেন, 'আমার জীবনে বিয়ে কী যোগ করবে? আমি বিয়ের পরিকল্পনা করছি না।' তিনি জানান, বিয়ে তার কাছে জীবনের অপরিহার্য কোনো বিষয় নয়। এমনকি নতুন করে কোনো সম্পর্কে জড়ানোর মতো মানসিক অবকাশও তখন তার ছিল না। জীবনে আর এ ধরনের জটিলতার জায়গা রাখতে চান না বলেও জানান এ অভিনেত্রী।

এদিকে সম্প্রতি মিমি চক্রবর্তীর সাতপাকে বাঁধা পড়ার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিয়ে নিয়ে জল্পনা এখন তুঙ্গে। সম্ভাব্য জীবনসঙ্গী হিসেবে সিদ্ধার্থ দত্তের নাম আলোচনায় এসেছে। তিনি বিনোদনজগতের কেউ নন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, মিমি চক্রবর্তীর হবু বর ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচিত। পরে কিছু সংবাদমাধ্যমে তাকে বাণিজ্যিক জাহাজের সঙ্গে যুক্ত মেরিন ইঞ্জিনিয়ার বলা হয়েছে। তবে তার পেশা সম্পর্কে প্রকাশিত তথ্যের স্বাধীন ও আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনো মেলেনি। যদিও দুর্গাপূজার সময় তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে বলে জানা গেছে। আবার কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে সম্পর্ক ছিল, যা এতদিন প্রকাশ্যে আসেনি।

মিমি চক্রবর্তীর বিয়ের আয়োজন নিয়েও নেটিজেনদের মাঝে নানা তথ্য সামনে এসেছে। ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় বিয়ের আনুষ্ঠানিকতা ও অন্যান্য মাঙ্গলিক আয়োজন অনুষ্ঠিত হবে। এরপর ৩ থেকে ৫ ডিসেম্বর কালিম্পংয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। আবার জলপাইগুড়ির পান্ডাপাড়ায় মিমি চক্রবর্তীর মামাবাড়িতেও চলছে প্রস্তুতি।

তবে পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আত্মীয়স্বজনের মধ্যে এ নিয়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। অভিনেত্রীর মামা রাম চক্রবর্তীও আয়োজনের কথা জানিয়েছেন। তবে হবু বর সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।

এদিকে বিয়ের আমন্ত্রণপত্র নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। কার্ডে বর-কনের পাশাপাশি জায়গা পেয়েছে মিমি চক্রবর্তীর তিন আদরের পোষ্য— চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু। পোষ্যদের প্রতি অভিনেত্রীর ভালোবাসার কথা ভক্ত-অনুরাগীদের অজানা নয়। তাই বিয়ের কার্ডে তাদের উপস্থিতিও নজর কেড়েছে বলে জানা গেছে।

বিয়ের খবর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখেও সরাসরি কিছু বলতে চাননি মিমি চক্রবর্তী। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ঘুরে বেড়ানো একটি অনুষ্ঠানে বিয়ের কার্ড নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে বিষয়টি সম্পর্কে কিছু জানেন না— এমন ভঙ্গি করেন অভিনেত্রী। তবে পরে তিনি বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে জীবনে কাউকে হতাশ করে না। আমি খুব মজার মানুষ। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।

অন্যদিকে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের খবর নিয়ে মিমি চক্রবর্তী বলেছিলেন— আমি নিশ্চিতও করছি না, আবার অস্বীকারও করছি না। সঠিক সময় এলে সবাই জানতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোর পেনাল্টি মিস, আল নাসর ৩-১ গোলে হারল আল আহলির কাছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


রোনালদোর পেনাল্টি মিস, আল নাসর ৩-১ গোলে হারল আল আহলির কাছে

ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের ৯৮৬তম গোলটি করেছেন। ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক থেকে তিনি এখন মাত্র ১৪ গোল দূরে অবস্থান করছেন। তবে এই গোলের দিনটি আল নাসরের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। সৌদি প্রো লিগের নবম রাউন্ডে তারা আল আহলির কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে।

খেলার ১৪তম মিনিটে রোনালদো আল নাসরকে এগিয়ে দেন। প্রতিপক্ষের অর্ধে বলটি কেড়ে নেন সামু কোস্তা। দ্রুত তিনি বলটি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার কাছে পাঠান। প্রথম ছোঁয়াতেই পেনাল্টি এলাকায় রোনালদো জাল খুঁজে পান।

২০২৬-২৭ মৌসুমে নয় ম্যাচে এটি রোনালদোর অষ্টম লিগ গোল। এই বয়সে তার ধারাবাহিকতা সত্যিই প্রশংসনীয়।

গোলের পর রোনালদো আরেকটি সুযোগ পেয়েছিলেন। আল নাসর একটি পেনাল্টি পায়। কিন্তু স্পট কিক থেকে গোল করতে পারেননি এই পর্তুগিজ ফরোয়ার্ড। ফলে লিড বাড়ানোর সুযোগ তিনি হাতছাড়া করেন।

এরপরই আল নাসরকে এর খেসারত দিতে হয়। কিছুক্ষণ পর তারা লিডটি হারিয়ে ফেলে। আল আহলি দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ৪৫ মিনিটে ইভান টনির বাড়ানো বল থেকে গোল করেন ওয়েন্ডারসন গালেনো। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে আল আহলিকে এগিয়ে দেন টনি। ৭৫ মিনিটে রজার ইবানিয়েস গোল করে আল নাসরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। ঘরের মাঠে ৩-১ গোলের জয় নিশ্চিত করে আল আহলি।

এই পরাজয়ের পর আল নাসর লিগের প্রতিযোগিতায় আরও পিছিয়ে পড়েছে। ১২ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ২৮। শীর্ষে থাকা আল হিলাল এক ম্যাচ কম খেলেই ৩০ পয়েন্ট সংগ্রহ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা নির্বাচনে সরে দাঁড়ানোর পরিকল্পনা নেই তাশিমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


ফিফা নির্বাচনে সরে দাঁড়ানোর পরিকল্পনা নেই তাশিমার

ঢাকা, ২১ নভেম্বর ২০২৬ : ফিফা সভাপতি পদপ্রার্থী কোজো তাশিমা জানিয়েছেন, তিনি আপাতত ফ্রান্সের ফিলিপ দিয়ালোকে এককভাবে লড়াইয়ের সুযোগ করে দিতে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন না। তিনি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জাপানের তাশিমা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় ‘স্বচ্ছতা ও সততা’ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী মার্চের নির্বাচনে বর্তমান সভাপতি ইনফান্তিনো এবং ফরাসি ফুটবলপ্রধান দিয়ালোর সঙ্গে তাঁর নামও রয়েছে প্রার্থী তালিকায়।

ইনফান্তিনো বেসরকারি বিনিয়োগের সুযোগ দেওয়ার ব্যর্থ পরিকল্পনা নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছেন। তবে তিনি চতুর্থ ও শেষ মেয়াদে নির্বাচিত হওয়ার প্রচেষ্টায় এখনও যথেষ্ট সমর্থন পাচ্ছেন।

দিয়ালোর প্রতি ইউরোপের সমর্থন রয়েছে। ইনফান্তিনোকে হটাতে তাঁকেই তুলনামূলক সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। কিন্তু তাশিমা বলেছেন, প্রতিদ্বন্দ্বীতার পথ পরিষ্কার করে দিতে আপাতত সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তাঁর নেই।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সাবেক সভাপতি তাশিমা সাংবাদিকদের জানান, “আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলব। দিয়ালোর প্রশাসনিক ও পরিচালনাগত অভিজ্ঞতা যথেষ্ট। তাই তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা আমার রয়েছে।”

“তবে এই মুহূর্তে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছি না।”

দিয়ালো তাশিমার সঙ্গে আলোচনা করতে চান বলে ইঙ্গিত দিয়েছেন, যাতে ‘একজোট হওয়ার’ লক্ষ্যে কাজ করা যায়।

তাশিমা জানিয়েছেন, দিয়ালো যে নির্বাচনে প্রার্থী হবেন, তা তিনি শেষ মুহূর্তে জানতে পেরেছেন। এ বিষয়ে তাঁর সঙ্গে সরাসরি কোনো কথাও হয়নি।

তবে ফরাসি এই প্রার্থীর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন তিনি। তাশিমা বলেন, “আমি ফিলিপ দিয়ালোকে প্রতিপক্ষ হিসেবে দেখছি না, আমি শুধু ফিফায় পরিবর্তন চাই।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, তিনিও মূলত আমার মতো একই লক্ষ্যে লড়াই করবেন। সে অর্থে তাঁর মতো একজনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আসা আমাকে উৎসাহিত করেছে।”

ফিফা কাউন্সিলের সদস্য তাশিমা জোর দিয়ে বলেছেন, তিনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে চান। স্বচ্ছতা ও সততাকে নির্বাচনী প্রচারের মূল ভিত্তি করার কথাও জানিয়েছেন।

২০১৬ সালে সভাপতি হওয়ার পর ইনফান্তিনো ‘বেশ কিছু ভালো কাজ করেছেন’ বলে স্বীকার করেছেন তাশিমা।

তবে চলতি বছরের বিশ্বকাপ ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলো তাঁকে পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর মার্কিন খেলোয়াড় ফোলারিন বালোগুনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ফিফার আকস্মিক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন তাশিমা।

৬৯ বছর বয়সী তাশিমা বলেন, “আমি শুধু ফিফা সভাপতি হতে চাই বলেই নির্বাচনে প্রার্থী হইনি। ফিফার উন্নতির জন্য সভাপতি হওয়াকেই সবচেয়ে কার্যকর উপায় মনে করেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তাশিমা। বর্তমানে তিনি সংস্থাটির অনারারি প্রেডিডেন্ট।

খেলোয়াড়, কোচ ও প্রশাসক- তিন ভূমিকাতেই কাজ করেছেন তিনি। দায়িত্বশীল ও নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে তাঁর সুনাম রয়েছে।

আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানিয়েছেন তিনি।

তাশিমা বলেন, “ফিফা সভাপতিকেই যে সব সময় আলোচনার কেন্দ্রে থাকতে হবে, তা আমি মনে করি না।”

তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, সবচেয়ে বেশি দৃশ্যমান হওয়া উচিত খেলোয়াড়, রেফারি ও দলগুলো। তাঁদেরই সামনে থাকা উচিত। আর সেটি নিশ্চিত করতে আমাদের সংস্থাটিকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%