বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৫৬ পি.এম
বলিউডের বর্ষীয়ান অভিনেতা সুনীল শেঠির গ্লুটেন অ্যালার্জি রয়েছে। তিনি এই তথ্যটি অনেক বেশি বয়সে এসে জানতে পারেন। প্রায় প্রতিদিন তিনি মাথা যন্ত্রণায় ভুগতেন, যা পরিপাকতন্ত্রের কারণে ঘটছিল। জীবনের দীর্ঘ পথ চলার পর অভিনেতা বুঝতে পারেন, খাদ্যতালিকায় গ্লুটেন থাকার জন্যই তার এই সমস্যা সৃষ্টি হয়েছে।
গ্লুটেন অ্যালার্জি আমাদের অনেকের মধ্যেই বিদ্যমান। কিন্তু অনেকেই এটি বুঝতে পারেন না। গ্লুটেন হলো একটি প্রোটিন, যা গম, রাই, বার্লির মতো খাদ্যে থাকে। ময়দার তৈরি সব খাবারে গ্লুটেন থাকে। এমনকি বিভিন্ন ধরনের সস ও বিয়ারে গ্লুটেনের উপস্থিতি রয়েছে। তাই, আপনি কীভাবে বুঝবেন গ্লুটেন থাকা এসব খাবার খাওয়া যাবে না।
চলুন জেনে নেওয়া যাক, আপনার গ্লুটেনে অ্যালার্জি রয়েছে কিনা—
১. গ্লুটেন অ্যালার্জির অন্যতম লক্ষণ হলো— ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম। গ্লুটেনযুক্ত খাবার খেলে ঘন ঘন পেটের সমস্যা দেখা দিতে পারে। পেট ফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও পেট খারাপের মতো নানা সমস্যা হতে পারে। ল্যাক্টোজ ইনটলারেন্ট হলেও এ উপসর্গগুলো দেখা দিতে পারে। তবে এটি সবসময় ঘটবে এমনটি নয়।
২. গ্লুটেন অ্যালার্জির আরেকটি লক্ষণ হলো— ত্বকে র্যাশ বেরোনো। গ্লুটেনযুক্ত খাবার খেলে গায়ে লাল দাগ দেখা দেয়। একে কেরাটোসিস পিলারিস বলা হয়। এ ধরনের র্যাশ দেখা দিলে ময়দার তৈরি খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত।
৩. আঙুল ও হাঁটুর গাঁট ফুলে ওঠা এবং অসহ্য যন্ত্রণা হওয়া গ্লুটেন অ্যালার্জির প্রধান লক্ষণগুলোর মধ্যে একটি।
৪. গ্লুটেন অ্যালার্জি থাকলে শরীর খাবার থেকে প্রোটিন সঠিকভাবে শোষণ করতে পারে না। এর ফলে শরীরের বিভিন্ন অংশে পর্যাপ্ত পুষ্টি পৌঁছায় না এবং ক্লান্তি বৃদ্ধি পায়। অনেক সময় পুষ্টির ঘাটতিও দেখা দেয়।
৫. গ্লুটেন অ্যালার্জির কারণে মাথার যন্ত্রণা হতে পারে। মাইগ্রেনের সমস্যা থাকলে সেটি বাড়তে পারে। মস্তিষ্কের স্নায়ুতে প্রদাহ হওয়ার কারণে এ ধরনের সমস্যা দেখা দেয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার ঘটনায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার পর তারা ট্রাইব্যুনালে হাজির হন। আজকের দিনটি ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানির জন্য নির্ধারিত হয়েছে।
আইনজীবীদের মধ্যে একজন হলেন হাসানুজ্জামান তুষার এবং অপরজন ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরী।
গত ১৬ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্টের এই দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে প্রসিকিউশন আবেদন করে। পরে ট্রাইব্যুনাল-২ তাদের সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে তলব করে। একইসঙ্গে আজকের দিন শুনানির জন্য নির্ধারণ করা হয়।
প্রসিকিউশন জানায়, ১৫ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় নিয়ে আইনজীবী তুষার ও হাসান ফেসবুকে আলাদা আলাদা পোস্ট করেন। তাদের পোস্টটি ট্রাইব্যুনালের নজরে আসে, যার পরিপ্রেক্ষিতে দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।
এদিকে, সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার প্রতিবাদে আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে অবস্থান নেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নাগোয়ায় বুধবার নারীদের ৪৯ কেজি বিভাগে তিনটি বিশ্বরেকর্ড গড়ে রি সং গুম উত্তর কোরিয়াকে এশিয়ান গেমসের প্রথম সোনা এনে দিয়েছেন।
এই অসাধারণ কীর্তির মাধ্যমে তিনি টানা তিনটি এশিয়ান গেমসে সোনা জয়ী মাত্র চারজন ভারোত্তোলকের এক বিশেষ তালিকায় স্থান করে নিলেন। এর আগে জাকার্তা এবং হাংজু আসরেও সোনা জিতেছিলেন রি।
স্ন্যাচ বিভাগে ৯৪ কেজি ওজন তুলে প্রথম বিশ্বরেকর্ড গড়েন রি। আগের বিশ্বরেকর্ড ছিল ৯৩ কেজির, যা তিনি এক কেজি বেশি তুলে ভেঙে দেন।
এরপর ক্লিন অ্যান্ড জার্কে ১১৫ কেজির বিশ্বরেকর্ড দুই দফায় ভেঙে ফেলেন তিনি। প্রথমে ১১৬ কেজি এবং পরে ১২১ কেজি ওজন তোলেন রি।
সব মিলিয়ে ২১৫ কেজি ওজন তুলে আগের বিশ্বরেকর্ডকে সাত কেজি ব্যবধানে ভেঙে দেন তিনি।
২০২১ সালে টোকিও অলিম্পিকে রৌপ্যপদক জয়ী ভারতের মীরাবাই চানু তৃতীয় প্রচেষ্টায় অবশেষে এশিয়ান গেমসে পদক জিতেছেন। স্ন্যাচে ৮৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি মিলিয়ে তিনি সর্বমোট ১৯৮ কেজি ওজন তুলেছেন। অন্যদিকে, স্ন্যাচে ৮৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৩ কেজি মিলিয়ে সর্বমোট ১৯১ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতেছেন ইন্দোনেশিয়ার দিয়ানা ত্রি উইজায়ানা।
এশিয়ান গেমসে ভারোত্তোলনে টানা তিনটি সোনা জয়ী চতুর্থ এবং প্রথম নারী ভারোত্তোলক হিসেবে ইতিহাস গড়লেন রি। এই তালিকায় তার আগে আছেন ইরানের মোহাম্মদ নাসিরি (১৯৬৬-৭৪), দক্ষিণ কোরিয়ার কিম তায়ে-হিউন (১৯৯০-৯৮) এবং ইরানের বেহদাদ সালিমি (২০১০-২০১৮)। এই তিনজনও টানা তিনটি করে সোনা জিতেছিলেন। তবে এখন পর্যন্ত কেউই টানা চারটি সোনা জিততে পারেননি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল প্রদেশের একটি আবাসিক বাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে ডারবানের দক্ষিণে কোয়ামাখুথা টাউনশিপে এই হামলার ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকার টেলিভিশন সংবাদ চ্যানেল ইএনসিএ জানায়, নিহতদের মধ্যে অন্তঃসত্ত্বা এক নারীও অন্তর্ভুক্ত রয়েছেন।
হামলার সময় ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আহত একজনের মৃত্যু ঘটে।
স্থানীয় সময় রাত ১১টার আগে একটি আবাসিক বাড়িতে হামলাটি সংঘটিত হয়। ওই সময় টাউনশিপের বাড়িটিতে কয়েকজন অবস্থান করছিলেন। অজ্ঞাতপরিচয় হামলাকারীরা সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।
হামলার পর বন্দুকধারীরা পালানোর আগে বাড়ির মালিকের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত বা গ্রেফতার করার বিষয়ে কর্তৃপক্ষ কোনো তথ্য জানায়নি।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মিছিলের ঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে, যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে মামলাটি দায়ের করেন।
মামলায় শেখ হাসিনাসহ জেলা ও কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন, কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের আলামত জব্দের ঘটনায় এসআই মুজাহিদুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে এই মামলায় পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিনসহ ১৫ থেকে ২০ জনকে ব্যানার নিয়ে মিছিল করতে দেখা যায়।
পুলিশের দাবি, ২১ সেপ্টেম্বর ভোরে কোটচাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় কালীগঞ্জ-জীবননগর সড়কে ১০ থেকে ১৫ জন লোক নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ আটটি লাঠি জব্দ করে, যা মামলার আলামত হিসেবে দেখানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ