০২:৫৭ পি.এম
নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া এবং পুরোনো সম্পর্কের বন্ধন অটুট রাখার বার্তা নিয়ে সোমবার (১৯ অক্টোবর) পালিত হচ্ছে নতুন বন্ধু দিবস। নতুন বন্ধু জীবনে নতুন অভিজ্ঞতা ও সম্ভাবনার দুয়ার খুলে দেয়, এবং পুরোনো বন্ধুরা হয়ে থাকেন সুখ-দুঃখের চিরচেনা সঙ্গী।
মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বন্ধুত্ব। সময়ের সাথে অনেক বন্ধু দূরে সরে যান, আবার জীবনের নানা পর্যায়ে যুক্ত হন নতুন মানুষ। শৈশবের পাড়ার গলি, স্কুলের মাঠ কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গড়ে ওঠা বন্ধুত্ব, যদিও সময়ের ব্যবধানে দূরত্ব তৈরি হয়, অনেক ক্ষেত্রে তা অটুট থাকে। পাশাপাশি কর্মক্ষেত্র, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা নতুন পরিবেশে তৈরি হয় নতুন বন্ধুত্ব।
নতুন বন্ধু দিবসের মূল বার্তা হলো, নতুন সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি পুরোনো বন্ধুত্বকেও গুরুত্ব দেওয়া। একটি ইংরেজি গানের কথার বাংলা অর্থ ‘নতুন বন্ধু তৈরি করো, তবে পুরোনো বন্ধুদেরও ধরে রাখো। একজন রুপার মতো, অন্যজন সোনার মতো।’ এই কথাটি বন্ধুত্বের দুই ধরনের সম্পর্কের মূল্যকে তুলে ধরে।
আরও পড়ুন: পূজার ছুটিতে প্রকৃতির অপরূপ দ্বীপ চর হেয়ার ঘুরে আসুন
নতুন বন্ধু মানে নতুন অভিজ্ঞতা, নতুন চিন্তা ও ভিন্ন এক জগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। একজন নতুন বন্ধু জীবনের আনন্দ-বেদনা ভাগ করে নেওয়ার পাশাপাশি চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনতে সক্ষম। তবে নতুন বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব কখনো কখনো জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও আন্তরিকতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন অনেকে।
হলিডে ক্যালেন্ডারের তথ্যানুযায়ী, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে নতুন বন্ধু দিবসের আনুষ্ঠানিক উদ্যোগ শুরু হয়। ২০০৭ সালে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। পরে ২০১২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দিবসটি আরও জনপ্রিয়তা লাভ করে।
দিবসটি উপলক্ষে নতুন কারও সঙ্গে পরিচিত হওয়া, বন্ধুত্বের প্রস্তাব দেওয়া কিংবা নতুন বন্ধুর সঙ্গে কিছুটা সময় কাটানো যেতে পারে। একই সঙ্গে পুরোনো বন্ধুদের খোঁজ নেওয়া, তাঁদের সঙ্গে স্মৃতি ভাগ করে নেওয়া এবং সম্পর্কের যত্ন নেওয়ারও সুযোগ রয়েছে।
বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে ভৌগোলিক দূরত্ব পেরিয়ে মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম নতুন বন্ধুত্ব তৈরির পথ সহজ করেছে। তবে বন্ধুত্বের স্থায়িত্ব নির্ভর করে পারস্পরিক বিশ্বাস, সম্মান ও আন্তরিকতার ওপর।
আরও পড়ুন: কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে সাধু-গুরু ও লালন অনুসারীদের মিলনমেলা শেষ হচ্ছে আজ
নতুন বন্ধু দিবস তাই শুধু নতুন সম্পর্ক তৈরির উপলক্ষ নয় বরং জীবনের সব বন্ধুত্বকে নতুন করে মূল্যায়ন করারও দিন। নতুন বন্ধুর আগমনে জীবন হোক আনন্দময়, আর পুরোনো বন্ধুত্বের বন্ধন থাকুক অটুট।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন