০৭:২৬ পি.এম
দাখিল পরীক্ষায় জিপিএ-৪ পাওয়ার পর সাকিরুল ইসলাম (১৮) মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, পরবর্তী পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করতেই হবে। শারীরিক প্রতিবন্ধকতা ও অসুস্থতার সঙ্গে লড়াই করে আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন তিনি। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক এবং এলাকাবাসী আনন্দিত হয়েছে।
উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে মেধাবী এই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাকিরুলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান ইউএনও। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি এবং প্রয়োজনীয় খরচের জন্য তাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
সাকিরুল পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী ছালেহিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই তিনি এবারের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন। তবে পরীক্ষার দিনগুলো তার জন্য মোটেও সহজ ছিল না। পরীক্ষা চলাকালে একাধিকবার অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অসুস্থতা উপেক্ষা করে সাহস ও মনোবল নিয়ে সব পরীক্ষা শেষ করেন।
পরীক্ষা শেষ হওয়ার পর ফলাফলের অপেক্ষা শুরু হয়। সেই অপেক্ষার দিনগুলোতেও দুশ্চিন্তা পিছু ছাড়েনি। কাঙ্ক্ষিত ফলাফল হবে কিনা, তা নিয়ে অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়েন সাকিরুল। অবশেষে ফল প্রকাশের পর জিপিএ-৫ অর্জনের খবর তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে।
সাকিরুলের বাড়ি বাউফল সদর ইউনিয়নের হোসনাবাদ এলাকায়। তার বাবা মাওলানা মো. মোশাররফ হোসাইন স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। মা মোসা. সাকিরা বেগম গৃহিণী। দুই ছেলের মধ্যে সাকিরুল বড়। ছোট ভাই আব্দুল্লাহ আল মাশরাফি (১১) একই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
ইউএনও সালেহ আহমেদ বলেন, "সাকিরুলকে অভিনন্দন জানাই। আমি আশা করি, ভবিষ্যতে সে আরও ভালো জায়গায় পৌঁছবে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তাকে জীবনে ভালো কিছু করতে হবে। মনোবল শক্ত রাখতে হবে।"
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সাকিরুল ইসলাম বলেন, "ইউএনও স্যার আমাকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছেন এবং ১০ হাজার টাকা পুরস্কার দিয়েছেন। এ জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন