ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৬০ লাখ ডলারের গয়না লুটের ঘটনায় কার্দাশিয়ানকে আদালত দিলেন মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ


৬০ লাখ ডলারের গয়না লুটের ঘটনায় কার্দাশিয়ানকে আদালত দিলেন মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ

২০১৬ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে সশস্ত্র ডাকাতির শিকার হয়েছিলেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। ওই ঘটনায় ৬০ লাখ ডলারের বেশি মূল্যের গয়না লুট করা হয়েছিল। প্রায় ১০ বছর পর প্যারিসের একটি আদালত কার্দাশিয়ানকে মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে তিনি এই ১ ইউরো ক্ষতিপূরণই চেয়েছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেওয়া এই রায়কে অর্থের দৃষ্টিকোণ থেকে দেখছেন না কার্দাশিয়ান। সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানানো হয়েছে, তার এবং তার রূপসজ্জাশিল্পী সিমন হারুশের যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই রায় মূলত জবাবদিহি এবং ঘটনার স্বীকৃতির প্রতীক।

কার্দাশিয়ান বলেন, ২০১৬ সালের ওই ডাকাতির ঘটনা ছিল তার জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা। এর দীর্ঘস্থায়ী প্রভাব তার এবং পরিবারের ওপর রয়ে গেছে। তবে বর্তমানে তিনি সেই ঘটনা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

২০১৬ সালের ২ অক্টোবর প্যারিসে ফ্যাশন সপ্তাহ চলাকালে একটি হোটেলে অবস্থান করছিলেন কার্দাশিয়ান। ওই সময় পুলিশের পোশাক পরা দুই ডাকাত জোর করে তার কক্ষে ঢুকে পড়ে।

ডাকাতরা জিপ টাই ও টেপ দিয়ে কার্দাশিয়ানকে বেঁধে ফেলে। এরপর তার কাছ থেকে ৬০ লাখ ডলারের বেশি মূল্যের গয়না নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া গয়নার মধ্যে একটি হীরার আংটিও ছিল, যেটি ওই রাতে একটি ফ্যাশন প্রদর্শনীতে পরেছিলেন তিনি।

বয়স বেশি হওয়ায় ফ্রান্সে ডাকাত দলের সদস্যদের ‘দাদু ডাকাত’ নামে পরিচিতি দেওয়া হয়েছিল। বিচার চলাকালীন তাদের মধ্যে ছয়জনের বয়স ছিল ৬০ থেকে ৭০ বছরের মধ্যে।

গত বছর এই ডাকাতির ঘটনায় আটজনকে দোষী সাব্যস্ত করেন আদালত। বিচার-পূর্ব আটক অবস্থায় তাদের মধ্যে কেউ নতুন করে কারাগারে যেতে হয়নি। রায়ের বিরুদ্ধে তাদের কেউ আপিলও করেননি।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

এরপর ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।

আদালত কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি তার রূপসজ্জাশিল্পী সিমন হারুশকেও ১ ইউরো দিয়েছে। ডাকাতির সময় হারুশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এছাড়া ওই হোটেলের সাবেক এক কর্মীকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো এবং হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সাবেক ওই কর্মী মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কথা জানিয়ে ক্ষতিপূরণ ও সুদ বাবদ সাড়ে ৫ লাখ ইউরো দাবি করেছিলেন। তার আইনজীবী আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

রায়ের পর কার্দাশিয়ান এবং হারুশ যৌথ বিবৃতিতে ফ্রান্সের বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

তারা বলেন, ওই অভিজ্ঞতা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং এর প্রভাব এখনো তাদের মনে রয়েছে। তাদের মতে, আদালতের এই সিদ্ধান্ত শুধু ক্ষতিপূরণের বিষয় নয়; বরং এটি জবাবদিহি এবং ভুক্তভোগীদের প্রতি স্বীকৃতির প্রমাণ।

কার্দাশিয়ান আরও বলেন, ঘটনাটি তিনি কখনো ভুলতে পারবেন না। তবে মানুষের মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং জবাবদিহির শক্তিতে তিনি বিশ্বাস করেন। বর্তমানে তিনি এবং তার পরিবার এই ঘটনা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সব মাদরাসা মনিটরিংয়ের আওতায় আসছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


দেশের সব মাদরাসা মনিটরিংয়ের আওতায় আসছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশের সব মাদরাসাকে মনিটরিংয়ের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: নারী ও শিশুর অধিকার সুরক্ষায় সরকারের ১৮০ দিন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই তথ্য প্রকাশ করেন।

ববি হাজ্জাজ উল্লেখ করেন, সরকারের প্রধান লক্ষ্য হলো সব শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া। এই লক্ষ্য অর্জনের জন্য সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার শিশুদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়, এ কথা উল্লেখ করে তিনি বলেন, সমাজে নারীর বহুমাত্রিক পরিচয় ও সক্ষমতাকে স্বীকৃতি দিতে হবে। গণতান্ত্রিক রাজনীতিতে শারীরিক শক্তির চেয়ে যোগ্যতা, অংশগ্রহণ এবং জনগণের আস্থা অধিক গুরুত্বপূর্ণ। একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সমাজে সঠিক ও ইতিবাচক ন্যারেটিভ প্রতিষ্ঠা করা অপরিহার্য।

তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্যানিটারি সামগ্রী সরবরাহ এবং স্বাস্থ্য সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এমপি দেখেন প্রধান ফটকে ঝুলছে তালা, বেড়া টপকে ঢুকে স্বাস্থ্যকর্মীরা আড্ডায় ব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এমপি দেখেন প্রধান ফটকে ঝুলছে তালা, বেড়া টপকে ঢুকে স্বাস্থ্যকর্মীরা আড্ডায় ব্যস্ত

গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আকস্মিক পরিদর্শনকালে প্রধান ফটকসহ পুরো স্বাস্থ্যকেন্দ্র তালাবদ্ধ অবস্থায় দেখতে পান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। কিছু সময় অপেক্ষার পর কাঁটাতারের বেড়া সরিয়ে তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন তিনি এবং সেখানে আড্ডায় ব্যস্ত কয়েকজন স্বাস্থ্যকর্মীকে দেখতে পান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে যান। এ সময় ভেতরে কোনো চিকিৎসক বা মেডিকেল কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে কয়েকজন স্বাস্থ্যকর্মীকে সেখানে বসে গল্প করতে দেখা যায়।

পরিদর্শন শেষে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম মন্তব্য করেন, ‘হাসপাতালের গেট দেখে মনে হয়েছে, এই তালা কত বছর আগে লাগানো হয়েছে কে জানে। তালায় একেবারে মরিচা ধরে গেছে। এটি অনেক দিন আগে লাগানো তালা বলে মনে হয়েছে। আমি অনেক সময় অপেক্ষা করে এক পাশের দেয়াল টপকে কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করি।’

তিনি আরও বলেন, ‘এখানে কোনো স্বাস্থ্যকর্মী নেই, চিকিৎসক নেই, মেডিকেল অফিসারও নেই। কয়েকজন কর্মচারী ভেতরে বসে গল্প-আড্ডায় মেতেছেন। গাজীপুর ইউনিয়ন একটি প্রত্যন্ত অঞ্চল। এখানকার মানুষের স্বাস্থ্যসেবা পাওয়া জরুরি। উপজেলা ও জেলা শহরে গিয়ে চিকিৎসাসেবা নেওয়াও তাদের জন্য কষ্টসাধ্য।’

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে মহাপরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটকের চাবি কেন তার কাছে ছিল না— এ বিষয়ে ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং ইনস্পেক্টর হাসান আল মামুন জানান, ‘স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটকের চাবি ভুলবশত বাড়িতে রেখে এসেছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আপেল মাহমুদ বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রের পাঁচটি পদের বিপরীতে বর্তমানে একজনও কর্মরত নেই। কয়েকজন মাঠকর্মী মাঠে যাওয়ার আগে সেখানে মিটিং করেন। হঠাৎ করে এমপি মহোদয় সেখানে যাওয়ার কারণে এমন পরিস্থিতি হয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রী ট্রাস্ট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রী ট্রাস্ট

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দুর্ঘটনায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এককালীন চিকিৎসা অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্দেশ্যে সেপ্টেম্বর-অক্টোবর প্রান্তে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩১ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি বিজ্ঞপ্তিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুযায়ী এই অনুদান প্রদান করা হবে। চিকিৎসাধীন শিক্ষার্থীদের ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়ার জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ৩১ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। একজন শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় একবারই চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময়টি বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা এর আগের এক বছরের মধ্যে হতে হবে।

বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত শর্তাবলী পূরণ করতে হবে। মেধাবী শিক্ষার্থী হিসেবে আবেদন করতে হলে আগের শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পর্যায়ে জিপিএ-৫-এর ক্ষেত্রে ন্যূনতম ৩.৫০ এবং স্নাতক ও সমমান পর্যায়ে জিপিএ-৪-এর ক্ষেত্রে ন্যূনতম ৩.০০ প্রাপ্তির প্রমাণপত্র আপলোড করতে হবে।

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানদের আবেদনের সঙ্গে অফিসপ্রধানের কাছ থেকে বাবা-মা বা অভিভাবকের বেতন গ্রেডসংক্রান্ত প্রত্যয়নপত্রের কপি দিতে হবে। অন্য শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে বাবা-মা বা অভিভাবক দরিদ্র—এ মর্মে প্রত্যয়নপত্র আপলোড করতে হবে। অন্যান্য ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে।

দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার প্রমাণ হিসেবে জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দেওয়া ‘গুরুতর আহত’ মর্মে প্রত্যয়নসহ চিকিৎসা সনদের কপি আপলোড করতে হবে।

কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ডকপি ট্রাস্টে পাঠাতে হবে না। অনলাইনে আবেদনের সময় নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়ন, শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর এবং অনলাইন ব্যাংক হিসাবের তথ্যসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের স্পষ্ট কপি আপলোড করতে হবে।

এসব তথ্য বা কাগজপত্র যথাযথভাবে আপলোড না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন করার সময় শিক্ষার্থী অথবা বাবা-মায়ের নিজস্ব অনলাইন ব্যাংক হিসাবের পূর্ণাঙ্গ নম্বর ও ব্যবহৃত মোবাইল নম্বর দিতে হবে। ব্যাংক হিসাবের প্রমাণ হিসেবে চেকের ভেতরের পাতা অথবা ব্যাংক স্টেটমেন্টের তথ্যও অনলাইনে আপলোড করতে হবে।

শিক্ষার্থী বা বাবা-মায়ের ব্যাংক হিসাব ছাড়া অন্য কারও হিসাব নম্বর বিবেচনা করা হবে না। তবে বাবা-মায়ের মৃত্যু বা অন্য কোনো কারণে শিক্ষার্থী সম্পূর্ণভাবে কোনো অভিভাবকের ওপর নির্ভরশীল হলে সেই অভিভাবকের ব্যাংক হিসাব বিবেচনা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর দেওয়া ব্যাংক হিসাবের তথ্য অবশ্যই পূর্ণাঙ্গ ও সচল হতে হবে। অসম্পূর্ণ বা ভুল ব্যাংক হিসাবের কারণে অনুদানের টাকা ব্যাংক থেকে ফেরত এলে তা পুনরায় পাঠানো সম্ভব হবে না।

আবেদনের ওয়েবসাইট:

https://www.eservice.pmeat.gov.bd/medical

বিজ্ঞপ্তি দেখুন এখানে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুমন্ত শাশুড়িকে কোপালেন নববধূ, দায় গেল ‘জিনের ঘাড়ে’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


ঘুমন্ত শাশুড়িকে কোপালেন নববধূ, দায় গেল ‘জিনের ঘাড়ে’

চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মাত্র আড়াই মাস পর শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক প্রবাসী যুবকের স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত পুত্রবধূ আকলিমা আক্তার (১৯) কে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটে গত ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুনার গাজির বাড়িতে। আহত শাশুড়ির নাম শাহেদা বেগম (৫৩)। অভিযুক্ত আকলিমা রোসাংগিরি ইউনিয়নের মনুর বাপের বাড়ির বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রবাসী মঈন উদ্দিন ফয়সালের সঙ্গে গত ১৯ জুন আকলিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে আকলিমা তার শাশুড়ির সঙ্গেই একই ঘরে বসবাস করছিলেন। ঘটনার রাতে খাবার শেষে তারা একসঙ্গে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে আকলিমা ধারালো ছুরি নিয়ে ঘুমন্ত শাহেদা বেগমের ওপর অতর্কিত হামলা চালান এবং মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে শাহেদা বেগম মারাত্মক জখম হন। আত্মরক্ষার্থে শাশুড়ি পুত্রবধূর হাতে কামড় দেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।

আহত শাহেদা বেগমকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, পুত্রবধূর কোনো পরকীয়া সম্পর্ক শাশুড়ি দেখে ফেলার কারণে আকলিমা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। তবে আকলিমার বাবার পক্ষ থেকে পরকীয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। তার বাবার দাবি, তার মেয়েকে কেউ তন্ত্রমন্ত্র করেছে এ কাজ করার জন্য।

এ ঘটনায় আহত শাহেদা বেগমের মেয়ে ফারজানা আকতার পপি বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছেন (মামলা নং-১৯, তারিখ: ১৫/০৯/২০২৬ ইং)।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, এখন পর্যন্ত পরকীয়া সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। মামলার তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%