ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা


মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একযোগে মধ্যপ্রাচ্যের তিন দেশের দূতাবাস থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে, যা ইঙ্গিত করে যে, যেকোনো সময় নতুন হামলার পরিকল্পনা করতে পারে ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলো।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ফ্লাইট বাতিল ও আকাশসীমা বন্ধের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিতে বলেছে। একইসঙ্গে, সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনাও উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ড এবং আনাদোলু এজেন্সি এর পৃথক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

দূতাবাসগুলো আরও সতর্ক করেছে যে, হুতি বিদ্রোহীরা দ্রুত সংঘাত বৃদ্ধি করতে পারে। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর গোষ্ঠীটির পূর্বের হামলাগুলোর উল্লেখও করা হয়েছে সতর্কবার্তায়।

অন্যদিকে, আলাদা প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, জটিল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবে হামলা চালাচ্ছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে।

এই হামলায় বেসামরিক মানুষের হতাহতের পাশাপাশি ভ্রমণব্যবস্থায় গুরুতর বিঘ্ন ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে, “এই সংঘাত দ্রুত ওই নির্দিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।”

এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নজর রাখতে এবং আগেভাগেই বিকল্প পরিকল্পনা তৈরি করে রাখার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান এবং ইরানের সমর্থক গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য স্থাপনা কিংবা বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট স্থানে হামলা চালাতে পারে। এর মধ্যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশভিত্তিক সর্বশেষ নিরাপত্তা সতর্কতা জানতে দেশটির পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরোর সরকারি ভ্রমণবিষয়ক ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

মূলত, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুতিদের মধ্যে সংঘাতের ক্রমবর্ধমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে। ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলার লক্ষ্যবস্তুতে দেশের রাজধানী সানাও রয়েছে। অন্যদিকে, সৌদি আরবের তেল স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আরও হামলার হুমকি দিয়েছে ইরান সমর্থিত হুতিরা।

আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং কাঙ্ক্ষিত সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের জন্য কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি—এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং ইউনিসেফের যৌথ আয়োজনে ‘ফ্রম দ্য ফিল্ড টু রিফর্ম: অ্যাডভান্সিং প্রাইমারি এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সংলাপ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার প্রতিটি ক্ষেত্র পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। একটি ক্ষেত্রকে উপেক্ষা করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনার আলোকে প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ, শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী দক্ষতা অর্জনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

মাঠপর্যায়ের ৩ হাজারের বেশি অংশীজনের মতামত পর্যালোচনা করার কথা উল্লেখ করে তিনি জানান, ২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর লক্ষ্যে শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এই ব্যবস্থায় বাংলা, গণিত ও ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি, খেলনাভিত্তিক শিক্ষা, ডিজিটাল কনটেন্ট এবং ব্যবহারিক শিখন কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত ‘শিক্ষক নীতিমালা’ প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।

মনিটরিং ব্যবস্থার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তদারকি আরও কার্যকর করার জন্য ১১ ধাপের বিদ্যালয় পরিদর্শন পদ্ধতি এবং ডিজিটাল তথ্যব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া, নদীভাঙনপ্রবণ ও পাহাড়ি অঞ্চলসহ ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় শিশুবান্ধব অবকাঠামো নির্মাণের ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের মর্যাদা, বেতন-ভাতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অগ্রাধিকার দেওয়া জরুরি।

তিনি জানান, শিক্ষাখাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে এবং প্রথম অর্থবছরেই এ খাতে ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। এতে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. মোক্তার আলী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রেজা কিবরিয়া ও বীথিকা বিনতে হোসাইন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী।

জাতীয় সংলাপে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

রংপুরে মোট ২৬টি মামলার পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী রাজীব হোসেন সুমন, যিনি ‘মেরিল সুমন’ নামেও পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে নগরীর সিও বাজার এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ও অভিযানের বিস্তারিত তুলে ধরতে সোমবার দুপুরে এসআরবি-১৩-এর রংপুর সদর দপ্তরে একটি বিশেষ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে গণমাধ্যমের সামনে বিস্তারিত জানাতে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম।

তিনি জানান, মেরিল সুমনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র আইন, চাঁদাবাজি, মাদক চোরাচালান এবং অপহরণসহ মোট ২৬টি গুরুতর মামলা রয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালে আলোড়ন সৃষ্টিকারী জাপানি নাগরিক কুনিও হোসি হত্যার মামলায় তার জড়িত থাকার অভিযোগে পূর্বে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া, বিভিন্ন সময় অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলায় তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে জানায় এসআরবি-১৩ কর্তৃপক্ষ। তারা জানায়, চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা, বিভিন্ন প্রার্থীর ওপর হামলা চালানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কার্যক্রমে সে জড়িত ছিল।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও গ্যাং কালচার সম্পূর্ণরূপে নির্মূল করতে এসআরবি-১৩ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৫১ জন নতুন রোগী।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেঙ্গু সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডেঙ্গুতে মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির দুইজন, ঢাকা উত্তর সিটির একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই বিভাগে ৩৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনায় ২৫৩, রাজশাহী ২৩৩, ঢাকা দক্ষিণ সিটি ২৩১, চট্টগ্রামে ২২০, বরিশালে ১৯২, ঢাকা উত্তর সিটিতে ১৪৮, রংপুরে ৯৩ এবং ময়মনসিংহে ৯২ জন ভর্তি হয়েছেন।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ২৫১ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজিৎ হত্যা মামলার আপিলের চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


বিশ্বজিৎ হত্যা মামলার আপিলের চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর

২০১২ সালে পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলার বিরুদ্ধে হাইকোর্টের রায়ের আপিল শুনানি আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (১৯ অক্টোবর) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করেন ৮ ডিসেম্বর।

রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচির সময় বাহাদুর শাহ পার্কের কাছে পথচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এই হত্যা মামলায় রায় প্রদান করে। বিচারিক আদালতের রায়ে ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। উল্লেখ্য, আসামিদের সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ দল) কর্মী ছিলেন।

এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে ২০১৭ সালের ৬ আগস্ট হাইকোর্ট রায় প্রদান করে। ওই রায়ে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আট আসামির মধ্যে দু’জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়, চারজনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন দেওয়া হয় এবং অপর দু’জনকে খালাস দেওয়া হয়। এছাড়া, নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১৩ আসামির মধ্যে দুইজন আপিল করলে তারা হাইকোর্টে খালাস পান।

হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখা দু’জন হলেন রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদার। খালাস পাওয়া আসামিরা হলেন সাইফুল ইসলাম ও কাইয়ুম মিঞা টিপু।

এছাড়া, হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন এবং মীর মো. নূরে আলম লিমনকে।

বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফা। অন্যদিকে, হাইকোর্টের রায়ে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে, তারা হলেন খন্দকার ইউনুস আলী, তারেক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশাররফ হোসেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%