ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

লাইভ সম্প্রচারে প্রার্থনার সময় ক্রুশ পড়ে যাজক পাত্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারির মৃত্যু


লাইভ সম্প্রচারে প্রার্থনার সময় ক্রুশ পড়ে যাজক পাত্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারির মৃত্যু

ইকুয়েডরের একটি গির্জায় প্রার্থনার অনুষ্ঠান চলাকালীন সরাসরি সম্প্রচারের সময় একটি বড় কাঠের ক্রুশ পড়ে যাওয়ার ফলে এক যাজকের মৃত্যু ঘটেছে। এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (১৭ অক্টোবর) গুয়ায়াকিল শহরের নুয়েস্ত্রা সেনোরা দেল পেরপেতুয়ো সোকোরো গির্জায়।

নিহত যাজকের নাম পাত্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারি। তিনি গির্জার বেদিতে দাঁড়িয়ে পবিত্র কমিউনিয়ন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, যখন হঠাৎ করে তার পেছনে থাকা বড় কাঠের ক্রুশটি সামনের দিকে পড়ে গিয়ে তার ওপর আঘাত হানে।

ঘটনার সময়ের ভিডিওতে দেখা যায়, গির্জার ভেতরে উপস্থিত লোকজন চিৎকার করছে এবং যাজককে উদ্ধার করার জন্য ছুটে যাচ্ছে। এ সময় এক নারীর কণ্ঠে অ্যাম্বুলেন্স ডাকার অনুরোধও শোনা যায়।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

গুয়ায়াকিলের আর্চডায়োসিস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করে যাজকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সানচেজ মোলিনারি ওই গির্জার দায়িত্বপ্রাপ্ত যাজক ছিলেন।

ইকুয়েডরের সংবাদমাধ্যম প্রিমিসিয়াসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনার এক দিন আগে ধর্মযাজক হিসেবে তার অভিষেকের বার্ষিকী উপলক্ষে আর্চডায়োসিস তাকে অভিনন্দন জানিয়েছিল।

সানচেজ মোলিনারি রেডেম্পটরিস্ট নামে একটি ধর্মীয় সংগঠনের সদস্য ছিলেন। এর আগে তিনি দেশের লস রিওস প্রদেশের ভিনসেস শহরের সান লরেঞ্জো গির্জায় কয়েক বছর দায়িত্ব পালন করেছেন।

তবে, বড় কাঠের ক্রুশটি কেন পড়ে গিয়েছিল, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। গির্জা কর্তৃপক্ষও এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রদান করেনি।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

সূত্র: ফক্স নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

টি-টোয়েন্টির যুগে যেখানে ব্যাটারদের লক্ষ্য দ্রুত রান তোলা এবং চার-ছক্কার বৃষ্টিতে ভাসা, সেখানে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটার ম্যাক্স ফিল্ড ১৩২ বল খেলে এক রানও না করেও আলোচনায় উঠে এসেছেন। ব্যাট হাতে রানের খাতা খোলার সুযোগ না পেলেও, তিনি উইকেট রক্ষা করে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে ম্যাচের নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন।

সম্প্রতি নিউ সাউথ ওয়েলসের লর্ন পার্কে দ্বিতীয় গ্রেডের জেলা ক্রিকেটে নর্দার্ন সাবআর্বস ও ইস্টার্ন সাবআর্বস মুখোমুখি হয়। ম্যাচের শেষের দিকে দলের বিপর্যয় সামাল দিতে ক্রিজে অবিচল ছিলেন ইস্টার্নের ওপেনার ফিল্ড। প্রতিপক্ষের বোলাররা দ্রুত উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করতে চেয়েছিল, অন্যদিকে ফিল্ডের লক্ষ্য ছিল যতটা সম্ভব উইকেট রক্ষা করা।

ফিল্ড তার লক্ষ্যে সফল হয়েছেন। ১৩২ বল মোকাবিলা করে কোনো রান না করলেও, আধুনিক ক্রিকেটের দ্রুত রান তোলার প্রবণতার বিপরীতে, তার কাছে দলের উইকেট রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নর্দার্ন সাবআর্বস ৭ উইকেটে ৪৫৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। এর জবাবে, ইস্টার্ন সাবআর্বস তাদের প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হয় এবং ফলে তারা ফলোঅনে পড়ে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফিল্ডের দৃঢ়তায় ইস্টার্ন সাবআর্বস ম্যাচ বাঁচানোর লড়াই চালিয়ে যায়। ৪৬ ওভার ব্যাট করে তারা ৬৬ রান সংগ্রহ করার পর দুই দলের অধিনায়ক ড্র মেনে নেন। ফলে ইস্টার্ন সাবআর্বস পরাজয়ের হাত থেকে রক্ষা পায়।

ফিল্ডের ধৈর্যশীল ব্যাটিং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তাকে ‘টেস্ট ক্রিকেটের আসল নায়ক’ হিসেবে আখ্যা দিচ্ছেন। রান না করেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার এই উদাহরণ ১৩২ বলের ইনিংসে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যানসার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


ক্যানসার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ক্যানসার চিকিৎসার জন্য মেশিন স্থাপন ও অপসারণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা থাকবে না। ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে এবং মেশিন ক্রয়ের ক্ষেত্রে শুল্কমুক্ত করার ব্যবস্থা করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর মহাখালীস্থ জাতীয় ক্যানসার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে ‘জাতীয় ক্যানসার সম্মেলন ২০২৬-এ ‘সবার জন্য ক্যানসার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারনের সমন্বয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপন করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে রোগীরা আধুনিক চিকিৎসাসেবা নিজের দেশে পেতে পারেন।

তিনি উল্লেখ করেন, ক্যানসার প্রতিরোধে যা কিছু করণীয়, সরকার তার সবকিছু করবে। স্বাস্থ্যখাতের বাজেটের একটি বড় অংশ ক্যান্সারের চিকিৎসায় ব্যয় করা হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছে। প্রয়োজন হলে তাদের আগামী তিন মাস প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়।

স্বাস্থ্য খাতে অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে সাখাওয়াত হোসেন বলেন, ১৭ বছরের শাসনামল স্বাস্থ্য খাতকে অনেক পিছিয়ে দিয়েছে। এখন এ খাতে কারও গাফিলতি সহ্য করা হবে না।

তিনি সতর্ক করে বলেন, দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না।

অনুষ্ঠানে জাতীয় ক্যানসার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদত্যাগের ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


পদত্যাগের ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জনের পর।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে এসে আনুষ্ঠানিকভাবে তিনি মন্ত্রিসভা ছাড়ার সিদ্ধান্ত জানান।

গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। ব্যাপক বিতর্কের পর রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন।

সেই নির্দেশনা অনুযায়ী, সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, অভিযানে গিয়েছিলেন এমন এলাকায় মাদক ডিস্ট্রিবিউশন হাব হিসেবে পরিচিত হয়ে উঠেছে। সেখানে তাদের কাছে অর্থ ও অস্ত্র সবই রয়েছে।

তিনি জানান, যে অস্ত্রটি নিয়ে আলোচনা হচ্ছে, তা বৈধ এবং আত্মরক্ষার্থে কিছু সময়ের জন্য হাতে নিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, পুলিশ সেখানে যেতে চায় না।

মিডিয়াকে বিতর্ক সৃষ্টির জন্য দায়ী করে ইশরাক বলেন, "আমি জমি দখল বা চাঁদাবাজি করতে যাইনি। মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম। মিডিয়া সেই অবজেক্টিভ ধ্বংস করেছে।"

তিনি আরও বলেন, "আমি মাদককে নির্মূল করতে চাই— এই জায়গা থেকে পুরো দৃষ্টি সরিয়ে দেওয়া হয়েছে। নিজের নিরাপত্তার জন্য বৈধ অস্ত্রটি হাতে রেখেছিলাম। কিন্তু নানা মহলে এই বিষয়টিকে ভিন্নভাবে প্রচার করা হয়েছে।"

ইশরাক হোসেন বলেন, অভিযানে যাওয়ার দিন সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছিলেন। তিনি জানান, "কোন সময় তারা আসবে, সেটিও তাদের জানিয়ে দিয়েছিলাম। আমার সেখানে প্রবেশ করার পর প্রায় ২৫-৩০ জন লোক ছুটাছুটি শুরু করে। আর একদল আমাদের দিকে আসতে থাকে। ওই সময় আমার নিরাপত্তার জন্য যে অস্ত্র সেটি আমার সঙ্গে ছিল, সেটি ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে হাতে রাখি, যাতে কোনোকিছু ঘটলে নিজেকে রক্ষা করতে পারি। কিন্তু কিছু গণমাধ্যমে ন্যারিটিভ তৈরি করে মূল ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করা হয়েছে।"

তিনি বলেন, ভাইরাল ভিডিওর মাধ্যমে তার ব্যক্তিগত ও দলের ইমেজ ক্ষুণ্ন করা হয়েছে, তাই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পদত্যাগের ইচ্ছার কথা জানান।

পদত্যাগের পরেও তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর আগে, সকালেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেবেন বলে জানান তিনি।

ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’

নিজের ফেসবুক পোস্টে মন্ত্রিসভা ছাড়লেও ভবিষ্যতে বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন বলে ঘোষণা করেন ইশরাক। তিনি বলেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’

ইশরাক আরও জানান, পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা হবে। পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারবেন।

পোস্টের শেষে ইশরাক লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

এর আগে, রোববারের রাতে ইশরাকের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে, প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিরিরবন্দরে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, দেয়ালে আবেগঘন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


চিরিরবন্দরে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, দেয়ালে আবেগঘন বার্তা

দিনাজপুরের চিরিরবন্দরে এক গৃহবধূ ও তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত ঘরের দেয়ালে হাতে লেখা কিছু আবেগঘন ও স্পর্শকাতর বার্তা পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে রয়েছেন, মোস্তফাপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে শাকিলের স্ত্রী স্বর্ণা আক্তার (২৩), তার চার বছর বয়সী ছেলে সাফায়েত হোসেন এবং এক বছর বয়সী মেয়ে রাইসা আক্তার।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের কারণে রোববার বিকেলে স্বর্ণা নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে ধারণা করা হচ্ছে, তিনি দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করার পর নিজে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

তবে নিহতের স্বজনরা এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন। তাদের দাবি, স্বর্ণা ও তার দুই সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

এদিকে, নিহতের শোয়ার ঘরের দেয়ালে হাতে লেখা কয়েকটি বার্তা পাওয়া গেছে। একটি দেয়ালে লেখা ছিল, ‘আজ থেকে এই গল্প শেষ। আমার সন্তানদের পুলিশের কাছে দিয়েন না। আমি অভাগি মা নিজে মারছি। আমাদের লাশ পলাশবাড়ি মাটি দেন। সাকিল যেন না ছোঁয়। মা-বাবা সরি, আই লাভ ইউ।’

অন্য একটি দেয়ালে লেখা ছিল, ‘সাফায়াত রাইসা-মনি, আই লাভ ইউ কলিজা পাখিরা আমার।’

ঘটনার পর পুলিশ নিহত স্বর্ণার স্বামী শাকিল, শ্বশুর মাহাতাব উদ্দিন এবং শাশুড়ি ইসমত আরাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঝুলন্ত মরদেহ নিচে নামিয়ে মাটিতে শোয়ানো অবস্থায় পাওয়া যায়। বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সিআইডি, ডিবি ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন জানিয়েছেন, মরদেহগুলোর ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%