বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:০১ পি.এম
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি ভ্রাতৃসংঘের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে নতুন তথ্য প্রকাশিত হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদের লিখিত নথি এবং ঘটনার দুই দিন পর পাঠানো কিছু খুদে বার্তা সামনে আসার পর ২০২৪ সালের ঘটনার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় কৌঁসুলির দপ্তর মামলাটির ফৌজদারি তদন্ত নতুনভাবে শুরু করেছে।
মামলার নথিতে ২০ বছর বয়সী সাবেক শিক্ষার্থীকে ‘জেন ডো’ নামে উল্লেখ করা হয়েছে। তার অভিযোগ, ২০২৪ সালের অক্টোবরে কর্নেল বিশ্ববিদ্যালয়ের চি ফাই ভ্রাতৃসংঘের (Chi Phi fraternity) বাড়িতে তাকে মাদক খাওয়ানো হয় এবং একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের পুলিশের কাছে অভিযোগ করেন। সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয় এবং ওই সময়ের সাত ভ্রাতৃসংঘ সদস্যের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন।
সিবিএস নিউজ নিউইয়র্কের হাতে আসা পুলিশের জিজ্ঞাসাবাদের নথি অনুযায়ী, ঘটনার তিন সপ্তাহের বেশি সময় পর ১৪ নভেম্বর জেন ডোর সাক্ষাৎকার নেওয়া হয়। পরবর্তী দিনও তার জিজ্ঞাসাবাদ চলে। সেখানে বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগের একজন তদন্তকারী উপস্থিত ছিলেন। প্রথম দিনের সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি-সংক্রান্ত তদন্তকারী, একজন ভুক্তভোগী সহায়তাকারী এবং জেন ডোর একজন পরামর্শদাতাও ছিলেন।
নথিতে উল্লেখ করা হয়েছে, জেন ডো ওই রাতে মদ্যপান ও মাদক গ্রহণের কথা জানান এবং তার স্মৃতিতে কিছু অংশ অস্পষ্ট ছিল বলে উল্লেখ করেন। প্রথমে ঘটে যাওয়া যৌন কর্মকাণ্ড এবং পরে যা ঘটেছে—দুটিকে তিনি আলাদা করে বর্ণনা করেন।
প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক যৌন কর্মকাণ্ডে তিনি সম্মত ছিলেন কি না জানতে চাইলে তিনি জানান, তখন তিনি খুব মাতাল ছিলেন, তবে ওই অংশ নিয়ে তিনি মোটামুটি স্বস্তিতে ছিলেন। একই সঙ্গে তিনি বলেন, সে সময় তাকে খুব জোরে শারীরিকভাবে আঘাতও করা হচ্ছিল। পরে রাতের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি পুলিশকে বলেন, তিনি শতভাগ নিশ্চিত যে তাকে ধর্ষণ করা হয়েছিল।
জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারী তার বক্তব্য লিখিত আকারে তৈরি করেন এবং প্রতিটি অংশ পড়ে শোনান। নথি অনুযায়ী, জেন ডোকে বক্তব্যের কোনো অংশ পরিষ্কার বা সংশোধনের সুযোগও দেওয়া হয়।
দ্বিতীয় দিনে তিনি ছয় পৃষ্ঠার সংশোধিত বক্তব্যটি পড়ে দেখেন। স্বাক্ষর করার আগে তার পরামর্শদাতা তাকে আরও একজনের সঙ্গে বক্তব্যটি পর্যালোচনা করার সুযোগ দেওয়ার কথা বলেন। নথি অনুযায়ী, স্বাক্ষরের আগে জেন ডো জানান, নিজের বক্তব্য নিয়ে তিনি খুবই আত্মবিশ্বাসী।
এদিকে সিবিএস নিউজ নিউইয়র্কের হাতে আসা কিছু খুদে বার্তায়ও ঘটনার নতুন তথ্য উঠে এসেছে। সূত্রের দেওয়া ওই বার্তাগুলো জেন ডো ও মামলার এক অভিযুক্তের মধ্যে আদান-প্রদান হয়েছিল বলে দাবি করা হয়েছে। বার্তাগুলো কথিত ঘটনার মাত্র দুই দিন পর পাঠানো হয়েছিল।
বার্তায় ওই ব্যক্তি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং জানান, তার নিজের স্মৃতিও পুরোপুরি পরিষ্কার নয়। তিনি আরও লেখেন, তিনি ও আরেক ব্যক্তি অতিরিক্ত মদ্যপ অবস্থায় থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি।
জবাবে জেন ডো লেখেন, তার নিজেরও স্মৃতি খুব অস্পষ্ট এবং সবাই অতিরিক্ত নেশাগ্রস্ত ছিল। প্রকাশিত বার্তায় তিনি ওই সময়ের যৌন কর্মকাণ্ডকে অবৈধ মনে হয়নি বলেও লেখেন। পাশাপাশি তিনি ওই ব্যক্তির সঙ্গে আবার ধূমপান করার প্রস্তাব দেন, তবে অতিরিক্ত লোকজন ও কেটামিন ছাড়া।
তবে জেন ডোর আইনজীবী থমাস জিউফ্রা জানান, তার মক্কেল ঘটনার পর ওই ব্যক্তির সঙ্গে বার্তা আদান-প্রদান করেছিলেন বলে তিনি নিশ্চিত, কিন্তু প্রকাশিত ছবিগুলোই সেই নির্দিষ্ট বার্তা কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি। তাঁর দাবি, ঘটনার পর জেন ডো মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং কী ঘটেছিল তা বোঝার চেষ্টা করছিলেন।
কেন তদন্ত আবার শুরু হলো
টম্পকিন্স কাউন্টির জেলা অ্যাটর্নি ম্যাথিউ ভ্যান হাউটেন জানিয়েছেন, ২০২৪ সালের নভেম্বরে দেওয়া জেন ডোর শপথ করা বক্তব্য এবং সম্প্রতি করা দেওয়ানি মামলার অভিযোগের মধ্যে পার্থক্য রয়েছে। তার মতে, আগের বক্তব্যে জেন ডোকে জোর করে মাদক খাওয়ানো বা একাধিক ব্যক্তি ধর্ষণ করেছে—এমন অভিযোগ ছিল না। বরং সেই বক্তব্যে মাদক গ্রহণ ও যৌন কর্মকাণ্ডে তার অংশগ্রহণকে স্বেচ্ছাসম্মত হিসেবে বর্ণনা করা হয়েছিল। ওই বক্তব্য পর্যালোচনার পর তখন অভিযোগ আনা হয়নি বলে জেলা অ্যাটর্নি জানান।
তবে সম্প্রতি দেওয়ানি মামলা দায়ের হওয়ার পর এবং বিষয়টি নতুন করে আলোচনায় আসার পর ২৮ সেপ্টেম্বর জেলা অ্যাটর্নির দপ্তর ফৌজদারি তদন্ত পুনরায় শুরু করার ঘোষণা দেয়। নতুন তদন্তে জেন ডোর বক্তব্যের পাশাপাশি দেওয়ানি মামলায় উঠে আসা নতুন তথ্যও বিবেচনা করা হবে। পরে বিষয়টি গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপনের কথা জানিয়েছেন জেলা অ্যাটর্নি।
বিশ্ববিদ্যালয়ের তদন্তেও শাস্তি
কর্নেল বিশ্ববিদ্যালয়ও ২০২৪ সালের ঘটনায় আলাদা তদন্ত করেছিল। বিশ্ববিদ্যালয়ের ভাষ্য অনুযায়ী, তদন্ত ও শুনানি শেষে অভিযুক্তদের কয়েকজনকে বহিষ্কার ও সাময়িক বরখাস্তসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়। ভ্রাতৃসংঘটির শাখাটিও ২০২৪ সালে বন্ধ করে দেওয়া হয় এবং এখনও ক্যাম্পাসে নিষিদ্ধ রয়েছে।
অন্যদিকে মামলায় অভিযুক্ত দুজনের আইনজীবীরা তাদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের একজনের আইনজীবীর দাবি, ভ্রাতৃসংঘের কথোপকথনে আপত্তিকর বার্তা থাকলেও সেটিকে যৌন নিপীড়নের প্রমাণ হিসেবে দেখা যায় না।
জেন ডোর আইনজীবী অবশ্য দাবি করেছেন, ঘটনার পর তার মক্কেল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং তদন্তকারীরা মামলার গুরুত্বপূর্ণ প্রমাণগুলো যথাযথভাবে অনুসরণ করেননি।
মামলাটির ফৌজদারি তদন্ত এখন পুনরায় শুরু হয়েছে। জেন ডোর চূড়ান্ত ছয় পৃষ্ঠার লিখিত বক্তব্য সিবিএস নিউজ নিউইয়র্ক দেখেনি বলে জানিয়েছে। ফলে প্রকাশিত জিজ্ঞাসাবাদের নথি ও খুদে বার্তাগুলো মামলার সামগ্রিক প্রমাণের একটি অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে।
সূত্র: সিবিএস নিউজ , সিবিএস নিউজ ২
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যশোরে মসজিদের মাইকে ডাকাত সন্দেহে পাঁচ যুবককে গণপিটুনির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টার দিকে একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে বেশ কয়েকজন যুবক বালিয়াডাঙা গ্রামে প্রবেশ করেন। তাদের আচরণ দেখে স্থানীয়দের মধ্যে ডাকাত হওয়ার সন্দেহ সৃষ্টি হয়। এ সময় বালিয়াডাঙা বিসিক এলাকা থেকে তাদের ধাওয়া করা হয়। এক পর্যায়ে মান্দারতলায় প্রাইভেটকারটি ফেলে তারা বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করেন।
পরে মালোপাড়া এলাকায় স্থানীয়রা পাঁচজনকে ধরে ফেলেন। তাদের গণপিটুনি দেওয়া হয় এবং পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। একইসাথে মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন ঝিকরগাছা উপজেলার বাইশা চাঁদপুর গ্রামের রাসেল, নাহিদ, নিরব, সুজন ও তানজিম। তাদের পুলিশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের মধ্যে কেউ কেউ দাবি করেছেন, আটককৃতদের সঙ্গে একজন নারীও ছিলেন, কিন্তু তাকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে, হাসপাতালে নেওয়ার পর আটক ব্যক্তিরা ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করতে থাকেন। একজন দাবি করেন, তারা এক আদম ব্যবসায়ীর কাছে পাওনা টাকা নিতে সেখানে গিয়েছিলেন। অপর একজন বলেন, তাদের একজনের স্ত্রীকে নিতে তারা এলাকায় এসেছিলেন, কিন্তু গ্রামবাসী তাদের ডাকাত মনে করেন। অন্য একজন জানান, তিনি কিছুই জানেন না।
আটক ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে ঘটনার রহস্য সৃষ্টি হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন গণমাধ্যমকে বলেন, "তারা ছিনতাইকারী চক্রের সদস্য হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ডাকাতির কোনো ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত) ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মার্কিন প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান, কারণ জিএসএফ হাইতি মিশনে ডিএমপির সোয়াট সদস্য ও বোম্ব টেকনিশিয়ান সরবরাহ করা হয়েছে।
ভবিষ্যতে পূর্বের মতো প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেন। একইসঙ্গে রাজধানীর পুরো কূটনৈতিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্পিয়ার টিম গঠন করায় ডিএমপির প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
এ সময় ডিএমপি কমিশনার সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন (ক-৯) টিমের মতো বিশেষায়িত টিম গঠন এবং বাংলাদেশে উগ্রবাদ দমনে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতার জন্য মার্কিন প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।
সৌজন্য সাক্ষাৎ শেষে মার্কিন প্রতিনিধিদল ডিএমপির সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন টিমের কার্যক্রম পরিদর্শন করে। এ সময় সংশ্লিষ্ট ইউনিটগুলোর কার্যক্রম, সক্ষমতা ও ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে তাদের অবহিত করা হয়।
মার্কিন প্রতিনিধিদলে আরও ছিলেন আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপমিশন প্রধান লোগান কলিন্স, সহকারী আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা স্টুয়ার্ট সুলিভান এবং জ্যেষ্ঠ নিরাপত্তা তদন্ত কর্মকর্তা জাহিদ হাবিব।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে জেনারেল ও অ্যাডমিরালের সংখ্যা কমানোর একটি নতুন পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে মেরিন বাহিনীর ঘাঁটিতে সামরিক কর্মকর্তাদের সামনে দেওয়া এক বিরল ভাষণে তিনি এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি সূত্র জানিয়েছে।
এই পরিকল্পনার আওতায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জেনারেল ও অ্যাডমিরাল পদসংখ্যা ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের নেতৃত্ব কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর আগে, ২০২৫ সালের মে মাসে হেগসেথ সশস্ত্র বাহিনীর জেনারেল ও পতাকাবাহী কর্মকর্তাদের সংখ্যা অন্তত ১০ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছিলেন। একই সঙ্গে ন্যাশনাল গার্ডের জেনারেল কর্মকর্তাদের ২০ শতাংশ কমানোর নির্দেশনাও দেওয়া হয়েছিল। নতুন পরিকল্পনায় সামগ্রিক কাটছাঁটের লক্ষ্য দ্বিগুণ করে ২০ শতাংশ করা হচ্ছে।
হেগসেথের পূর্ববর্তী নির্দেশনায় উল্লেখ করা হয়েছিল যে, সামরিক বাহিনীর নেতৃত্বে অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক স্তর কমিয়ে কার্যকারিতা বৃদ্ধি করা এবং নেতৃত্ব কাঠামোকে আরও সহজ করা অপরিহার্য। তাঁর মতে, অতিরিক্ত পদ ও কাঠামো কমানোর মাধ্যমে সামরিক বাহিনীতে নতুনত্ব এবং কার্যকর নেতৃত্বের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে সেনাবাহিনী, নৌবাহিনী, মেরিন বাহিনী, বিমানবাহিনী ও মহাকাশ বাহিনী মিলিয়ে সক্রিয় দায়িত্বে থাকা জেনারেল ও অ্যাডমিরালের সংখ্যা ছিল ৮৫১ জন। এক বছর আগে এই সংখ্যা ছিল ৮৪৮। দেশটির আইনে সক্রিয় দায়িত্বে থাকা এ ধরনের কর্মকর্তার সর্বোচ্চ সংখ্যা ৮৫৭ নির্ধারিত রয়েছে।
হেগসেথের এবারের বক্তব্যের সময়টিও তাৎপর্যপূর্ণ। ঠিক এক বছর আগে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত জেনারেল ও অ্যাডমিরালকে কোয়ান্টিকোতে ডেকেছিলেন। ওই বৈঠকে তিনি সামরিক বাহিনীর বিভিন্ন মানদণ্ড নিয়ে সমালোচনা করেন এবং শীর্ষ পর্যায়ের নেতৃত্বে আরও কঠোর শৃঙ্খলা ও মান বজায় রাখার কথা বলেন।
হেগসেথ প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পর থেকে অন্তত ২০ জন জেনারেল, অ্যাডমিরাল ও বেসামরিক সামরিক কর্মকর্তা তাদের পদ হারিয়েছেন বা পদ ছেড়েছেন। তাঁদের মধ্যে যৌথ বাহিনীর প্রধান এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর শীর্ষ ইউনিফর্মধারী কর্মকর্তারাও রয়েছেন। সেনা ও নৌবাহিনীর বেসামরিক শীর্ষ কর্মকর্তাদেরও পরিবর্তন করা হয়েছে।
সামরিক বাহিনীতে জেনারেল ও অ্যাডমিরালের সংখ্যা কমানো প্রয়োজন কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্রে মতভেদ রয়েছে। কংগ্রেসের গবেষণা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, সমালোচকদের মতে শীর্ষ পর্যায়ে অতিরিক্ত কর্মকর্তা থাকলে সিদ্ধান্ত গ্রহণ ধীর হতে পারে এবং সামরিক ব্যবস্থায় আমলাতান্ত্রিক জটিলতা বাড়তে পারে।
অন্যদিকে, এর বিপরীত মত হলো—আন্তর্জাতিক জোটের সঙ্গে সামরিক সমন্বয়, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি এবং জটিল প্রতিরক্ষা ব্যবস্থাপনা পরিচালনার জন্য পর্যাপ্ত সংখ্যক অভিজ্ঞ শীর্ষ কর্মকর্তা প্রয়োজন।
ডেমোক্র্যাট দলীয় সিনেটর মার্ক কেলি হেগসেথের পরিকল্পনার সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের অভিজ্ঞ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। তবে এটি তার রাজনৈতিক মতামত; হেগসেথ প্রশাসন শীর্ষ নেতৃত্বের কাঠামোকে ছোট ও কার্যকর করার প্রয়োজনীয়তার কথা বলছে।
সূত্র: সিবিএস নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গানের প্রতিযোগিতা ‘আমেরিকান আইডল’-এর সাবেক প্রতিযোগী ক্যালেব ফ্লিন তার স্ত্রী অ্যাশলি ফ্লিনকে হত্যার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ওহাইওর মিয়ামি কাউন্টির আদালতে জুরি বোর্ড তাকে হত্যা, হামলা ও প্রমাণ নষ্টের অভিযোগসহ মোট নয়টি ধারায় দোষী সাব্যস্ত করে।
৩৭ বছর বয়সী অ্যাশলি ফ্লিনকে চলতি বছরের ফেব্রুয়ারিতে ওহাইওর টিপ সিটির নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। ক্যালেব শুরু থেকেই দাবি করে আসছিলেন, একজন ডাকাত বাড়িতে ঢুকে তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আদালতে রায় ঘোষণার পর ক্যালেবকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তিনি বারবার চোখ ও নাক মুছছিলেন। পরে হাতকড়া পরিয়ে তাকে আদালত থেকে নিয়ে যাওয়া হয়।
জুরি বোর্ডের সিদ্ধান্ত দিতে দুই ঘণ্টার কিছু বেশি সময় লাগে। আগামী ৫ অক্টোবর তাঁর সাজা ঘোষণা করা হবে। হত্যার মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এবং প্যারোলে মুক্তির সুযোগ নাও থাকতে পারে।
কিন্তু ক্যালেবের আইনজীবী প্যাট্রিক মুলিগান জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। তিনি বলেন, আপিল আদালতে রায়টি বিস্তারিতভাবে চ্যালেঞ্জ করা হবে।
ঘটনার দিন ক্যালেব জরুরি সেবা নম্বরে ফোন করে জানান, তার স্ত্রীকে এক অনুপ্রবেশকারী মাথায় একাধিকবার গুলি করেছে। ওই ব্যক্তি তখনও বাড়ির ভেতরে আছে কি না, তিনি জানেন না বলেও জানান।
পুলিশের জিজ্ঞাসাবাদে ক্যালেব দাবি করেন, তিনি বসার ঘরের সোফায় ঘুমাচ্ছিলেন। গুলির শব্দে তার ঘুম ভাঙে। তিনি আরও জানান, হত্যার এক দিন আগে এক ব্যক্তি তাদের বাড়িতে এসে অ্যাশলির হাতে একটি মার্কিন পতাকা দিয়েছিল এবং আমেরিকা নিয়ে অদ্ভুত ধরনের পণ্য বিক্রির কথা বলেছিল।
তবে পুলিশ বাড়িতে পৌঁছে দেখতে পায়, গ্যারেজের দরজা, পাশের দরজা এবং ক্যালেবের গাড়ির মাঝের বাক্স খোলা ছিল। ক্যালেব জানান, ওই বাক্সে তিনি একটি আগ্নেয়াস্ত্র রাখতেন। কিন্তু সেখানে কোনো অস্ত্র পাওয়া যায়নি।
কৌঁসুলিরা অভিযোগ করেন, ক্যালেবই হত্যাকাণ্ডকে ডাকাতির ঘটনা হিসেবে দেখানোর জন্য বাড়িতে সাজানো পরিস্থিতি তৈরি করেছিলেন। হত্যায় ব্যবহৃত অস্ত্রও শেষ পর্যন্ত উদ্ধার করা যায়নি।
সহকারী কৌঁসুলি ম্যাথিউ সি. জোসেফ আদালতে বলেন, ক্যালেব পুলিশের কাছে যে বক্তব্য দিয়েছিলেন, প্রমাণের সঙ্গে তার মিল নেই। তার ইলেকট্রনিক যন্ত্রপাতির তথ্যও হত্যার আগের কয়েক ঘণ্টায় তাঁর চলাফেরা ও সক্রিয় থাকার প্রমাণ দিয়েছে বলে দাবি করেন তিনি।
মামলার শুনানিতে ক্যালেবের সঙ্গে তার তৎকালীন প্রেমিকা অ্যালেইঘা বটনারের আদান-প্রদান করা খুদে বার্তাও আদালতে উপস্থাপন করা হয়।
বটনার জানান, তিনি ২০ বছর বয়সে ক্যালেবের সঙ্গে পরিচিত হন। তখন তিনি ক্যালেবের গির্জায় শিক্ষানবিশ হিসেবে কাজ করতেন। পরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়।
আদালতে বটনার দাবি করেন, ক্যালেব তার স্ত্রীকে ঘৃণা করার কথা বলতেন এবং তাকে হত্যার চিন্তাও করতেন। একটি বার্তায় বটনার লিখেছিলেন, ‘আমি তাকে হত্যা করতে চাই।’ জবাবে ক্যালেব লিখেছিলেন, ‘আমরাও দুজন একই কথা ভাবছি।’
আরেকটি বার্তায় ক্যালেবের বিরুদ্ধে অভিযোগ ওঠে, ২০২৫ সালের আগস্টে তিনি লিখেছিলেন যে, আগের রাতে ভোর ৪টা পর্যন্ত জেগে স্ত্রীকে কীভাবে হত্যা করা যায় এবং কারাগারে না যেতে কী করা যায়, তা ভাবছিলেন।
তবে বটনার পরে আদালতে জানান, তিনি ওই সময়ের সম্পর্ক ও নিজের অনুভূতি নিয়ে এখন ভিন্ন অবস্থানে আছেন। ক্যালেবকে তিনি ঘৃণা করেন বলেও জানান। কেন ঘৃণা করেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিশ্বাস ক্যালেবই তার স্ত্রীকে হত্যা করেছেন।
মামলার শুনানিতে ক্যালেবের আইনজীবী তার বিরুদ্ধে সরাসরি হত্যার প্রমাণ নেই বলে দাবি করেন। আইনজীবী মুলিগান বলেন, কারও সঙ্গে অবিশ্বস্ত আচরণ করা আর হত্যা করা এক বিষয় নয়।
তিনি দাবি করেন, মামলাটিতে হত্যার সঙ্গে ক্যালেবকে সরাসরি যুক্ত করার মতো যথেষ্ট সুনির্দিষ্ট প্রমাণ নেই। তবে জুরি বোর্ড শেষ পর্যন্ত তাকে সব নয়টি অভিযোগেই দোষী সাব্যস্ত করে।
২০১৩ সালে ‘আমেরিকান আইডল’-এর দ্বাদশ মৌসুমে শিকাগোতে টেলিভিশন অডিশনে গান করেছিলেন ক্যালেব। তবে তিনি মূল প্রতিযোগিতার পরবর্তী ধাপে যেতে পারেননি। পরে তিনি গির্জায় সংগীতের দায়িত্বেও কাজ করেন।
অ্যাশলি ফ্লিন ছিলেন একজন স্কুলশিক্ষক ও ভলিবল প্রশিক্ষক। হত্যাকাণ্ডের পর তার পরিবার জানিয়েছে, তিনি মা হিসেবে সন্তানদের নিয়ে খুবই যত্নশীল ছিলেন।
মিয়ামি কাউন্টির কৌঁসুলি পল ওয়াটকিনস পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতি পড়ে শোনান। সেখানে বলা হয়, রায়টি অ্যাশলির জন্য ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করেছে। তবে কোনো রায়ই অ্যাশলিকে ফিরিয়ে দিতে পারবে না বা তার সন্তানদের কাছ থেকে মাকে কেড়ে নেওয়ার কষ্ট মুছে দিতে পারবে না।
পরিবার অ্যাশলির জীবন, বিশ্বাস, দয়া ও সন্তানদের প্রতি ভালোবাসার কথা তুলে ধরে জানায়, তার জীবন কেড়ে নেওয়া ঘটনার মধ্যেই অ্যাশলির গল্পের শেষ হতে দেওয়া হবে না।
সূত্র: এনবিসি নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ