প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোরে মসজিদের মাইকে ডাকাত সন্দেহে পাঁচ যুবককে গণপিটুনির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টার দিকে একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে বেশ কয়েকজন যুবক বালিয়াডাঙা গ্রামে প্রবেশ করেন। তাদের আচরণ দেখে স্থানীয়দের মধ্যে ডাকাত হওয়ার সন্দেহ সৃষ্টি হয়। এ সময় বালিয়াডাঙা বিসিক এলাকা থেকে তাদের ধাওয়া করা হয়। এক পর্যায়ে মান্দারতলায় প্রাইভেটকারটি ফেলে তারা বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করেন।
পরে মালোপাড়া এলাকায় স্থানীয়রা পাঁচজনকে ধরে ফেলেন। তাদের গণপিটুনি দেওয়া হয় এবং পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। একইসাথে মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন ঝিকরগাছা উপজেলার বাইশা চাঁদপুর গ্রামের রাসেল, নাহিদ, নিরব, সুজন ও তানজিম। তাদের পুলিশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের মধ্যে কেউ কেউ দাবি করেছেন, আটককৃতদের সঙ্গে একজন নারীও ছিলেন, কিন্তু তাকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে, হাসপাতালে নেওয়ার পর আটক ব্যক্তিরা ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করতে থাকেন। একজন দাবি করেন, তারা এক আদম ব্যবসায়ীর কাছে পাওনা টাকা নিতে সেখানে গিয়েছিলেন। অপর একজন বলেন, তাদের একজনের স্ত্রীকে নিতে তারা এলাকায় এসেছিলেন, কিন্তু গ্রামবাসী তাদের ডাকাত মনে করেন। অন্য একজন জানান, তিনি কিছুই জানেন না।
আটক ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে ঘটনার রহস্য সৃষ্টি হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন গণমাধ্যমকে বলেন, "তারা ছিনতাইকারী চক্রের সদস্য হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ডাকাতির কোনো ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন