০৮:০৮ পি.এম
প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে এক বধূকে ‘শাস্তি’ ও ‘শুদ্ধকরণের’ নামে প্রকাশ্যে যৌন নির্যাতনে বাধ্য করার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের সুরেন্দ্রনগরে।
অভিযোগ রয়েছে যে, ওই বধূর প্রেমিককেও মারধর করা হয় এবং তাকে অপমানজনক নানা নির্যাতনের শিকার হতে হয়। পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। পুলিশ এ ঘটনায় ওই নারীর স্বামীসহ শ্বশুরবাড়ির নয়জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনার সূত্রপাত ঘটে ৪ অক্টোবর। অভিযোগ করা হয়েছে যে, সুরেন্দ্রনগরের ওই নারীর এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বাপি নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়েছিল। সংসারে বনিবনা না হওয়ায় ওই নারী বাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে চোটিলা এলাকায় চলে যান। সেখানে প্রায় তিন মাস থাকার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার সন্ধান পান এবং তাকে ফিরিয়ে নিয়ে আসেন।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
অভিযোগ রয়েছে যে, বাড়িতে ফিরিয়ে নেওয়ার পর ওই নারীকে আটকে রেখে নির্যাতন করা হয়। প্রায় এক সপ্তাহ আগে তিনি কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আবার প্রেমিকের কাছে চলে যান।
পরে, সুরেন্দ্রনগরের একটি বাড়িতে ওই নারী ও তার প্রেমিকের অবস্থান জানতে পেরে তার স্বামী ও স্বজনেরা সেখানে যান। অভিযোগ করা হয়েছে যে, সেখানে গিয়ে দুজনকে ধরে নিজেদের বাড়িতে নিয়ে আসা হয়। এরপর ‘শুদ্ধকরণের’ নামে তাদের ওপর নির্যাতন শুরু হয়। প্রথমে দুজনকে কাঠের বাটাম দিয়ে মারধর করা হয়। পরে অভিযোগ করা হয়েছে যে, ওই নারী ও তাঁর প্রেমিককে প্রকাশ্যে যৌন নির্যাতনে বাধ্য করা হয়।
ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় কয়েকজন পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারী ও তাঁর প্রেমিককে উদ্ধার করে।
সুরেন্দ্রনগরের ডেপুটি পুলিশ সুপার প্রেমসুখ ডেলু জানিয়েছেন, ঘটনার একটি ভিডিও পুলিশের হাতে এসেছে। স্থানীয় কয়েকজন ফোন করে পুলিশকে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার অনুরোধ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে ওই নারীর স্বামীসহ শ্বশুরবাড়ির নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন