শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৩৯ পি.এম
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিসা প্রদান করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং অন্যান্য কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তাকে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানায় বার্তাসংস্থা এপি ।
প্রতিবেদন অনুসারে, আগামী সপ্তাহে নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ও প্রতিনিধি দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই তাদেরকে ভিসা প্রদান করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, "আয়োজক দেশ হিসেবে আমাদের বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান সরকারের মূল প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবে।"
তবে, সাধারণ পরিষদের সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্য দেশের প্রতিনিধিদের তুলনায় ইরানি প্রতিনিধি দলকে কিছু অতিরিক্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। ওই মুখপাত্র আরও বলেছেন, "কেবল একটি সীমিত আকারের প্রতিনিধিদলকেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে এবং আমাদের নীতি অনুযায়ী তাদেরকে যুক্তরাষ্ট্রের ভেতর কঠোর ভ্রমণ বিধিনিষেধ ও বিলাসবহুল পণ্য ক্রয় বিষয়ক নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।"
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এবং কূটনৈতিক সম্পর্কের অচলাবস্থার মধ্যেই আগামী ২২ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। এই অধিবেশনে যোগ দিতে ভিসার জন্য আবেদন করেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও; কিন্তু মার্কিন প্রশাসন তাকে ভিসা দেয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদ জানিয়েছে, যদি ফিলিস্তিনের প্রেসিডেন্ট তার বক্তব্যের ভিডিও পাঠান, তবে তা অধিবেশনে প্রচার করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।
পরে সারগুলো থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
জানা গেছে, ভ্যান গাড়িতে করে ২৩ বস্তা ডিএডিসির সার ইসলামপুর উপজেলায় পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেরুরচর ইউনিয়নের টুপকারচর এলাকায় অভিযান পরিচালনা করেন ইউএনও মুরাদ হোসেন।
এ সময় ভ্যান গাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করেন তিনি। পরে জব্দকৃত সারগুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, সারগুলো কোথায় থেকে এসেছে তা জানার চেষ্টা চলছে। এব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কৃষকরা জানান, ডিলার পয়েন্টে সার নিতে গেলে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় সার না পেয়ে ফিরে যেতে হয় কৃষকদের। এর মধ্যে কিছু ডিলার বিভিন্ন কৌশলে সংকট দেখিয়ে সার চড়া দামে বিক্রি করছে এবং বিভিন্ন জায়গায় পাচার করছে।
তবে ডিলারদের সার বিতরণে অনিয়ম ঠেকাতে অনলাইন ভিত্তিক অ্যাপস-এর মাধ্যমে সার বিতরণ পদ্ধতি চালু করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ। ফলে আগের মতো সার বিতরণে অব্যবস্থাপনা বা অনিয়মের সুযোগ পাবেন না ডিলাররা। অ্যাপস এর মাধ্যমে সার বিতরণ শুরু হওয়ায় একজন কৃষকের যা সার প্রয়োজন তিনি ততটুকুই পাবেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। এতে অনিয়মের সুযোগ নেই।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর অফিসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার উৎসর্গীকৃত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক-এই কামনা করি।’
প্রধানমন্ত্রীর অফিসের ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি কার্ড প্রকাশ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বার্তা তুলে ধরা হয়।
এই পোস্ট দেওয়ার আধা ঘণ্টার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। এক্সে তারেক রহমানের পোস্ট শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’
উল্লেখ্য, নরেন্দ্র মোদি ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন। তরুণ বয়স থেকে রাজনীতিতে সক্রিয় থাকা মোদি ২০০১ সালের অক্টোবরে প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এরপর থেকে তার রাজনৈতিক ক্যারিয়ারের সাফল্য শুরু হয়। দীর্ঘ ১৩ বছর দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনার পর ২০১৪ সালে তিনি বিপুল জনসমর্থন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বর্তমানে তিনি টানা তৃতীয় মেয়াদে দেশটির সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রতি বছর ১৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সমমজুরি দিবস পালিত হয়, যার উদ্দেশ্য হলো নারী ও পুরুষের আয়ের বৈষম্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বিশ্বব্যাপী নারীরা এখনও পুরুষদের তুলনায় কম মজুরি পান। ধারণা করা হয়, গড়ে নারী ও পুরুষের মজুরির ব্যবধান প্রায় ২০ শতাংশ।
এই বৈষম্য বোঝাতে বলা হয় যে, পুরুষরা বছরের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যে পরিমাণ আয় করেন, নারীদের একই পরিমাণ আয় করতে বছরের শেষ পর্যন্ত কাজ করতে হয়। অর্থাৎ, পুরুষ সহকর্মীর এক বছরের সমান আয় করতে নারীদের প্রায় আরও তিন মাস কাজ করতে হতে পারে।
কেন মজুরিতে পিছিয়ে নারীরা?
নারী-পুরুষের মজুরি ব্যবধানের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো গভীরভাবে প্রোথিত বৈষম্য। বিশেষ করে অভিবাসী নারীদের একটি বড় অংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। এর ফলে তাদের কম মজুরি, অনিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষার অভাবের মুখোমুখি হতে হয়।
এছাড়া, নারীরা পুরুষদের তুলনায় প্রতিদিন গড়ে তিন ঘণ্টা বেশি অবৈতনিক যত্নের কাজ করেন, যার মধ্যে গৃহস্থালির কাজ, শিশু ও বয়স্কদের দেখাশোনার মতো দায়িত্ব অন্তর্ভুক্ত রয়েছে।
মাতৃত্বও মজুরি ব্যবধান বৃদ্ধির একটি কারণ। কর্মজীবী মায়েরা অনেক ক্ষেত্রে তুলনামূলক কম মজুরি পান। সন্তানের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যবধান আরও বাড়তে পারে।
নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত সামাজিক ধারণা, নিয়োগের ক্ষেত্রে বৈষম্য এবং পদোন্নতির সিদ্ধান্তেও বৈষম্য মজুরি ব্যবধান তৈরিতে ভূমিকা রাখে।
কমছে ব্যবধান, তবে গতি ধীর
নারী-পুরুষের সমান মজুরির নীতির প্রতি ব্যাপক সমর্থন থাকলেও বাস্তবে তা নিশ্চিত করার অগ্রগতি ধীর। নারী ও মেয়েদের সমতা ও ক্ষমতায়নের পথে ঐতিহাসিক ও কাঠামোগত বৈষম্য, দারিদ্র্য এবং সম্পদ ও সুযোগ পাওয়ার ক্ষেত্রে অসমতা এখনো বড় বাধা হয়ে রয়েছে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাতেও নারী-পুরুষের সমতা ও সব নারী ও মেয়ের ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে, সব নারী ও পুরুষের জন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান, শোভন কাজ এবং সমান মূল্যের কাজের জন্য সমান মজুরি নিশ্চিত করার কথা বলা হয়েছে।
সমান মজুরি কেন জরুরি?
সমান মূল্যের কাজের জন্য সমান মজুরি নিশ্চিত করা শুধুমাত্র অর্থনৈতিক বিষয় নয়, এটি মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের সঙ্গেও সম্পর্কিত। এর মাধ্যমে কর্মক্ষেত্রে বৈষম্য কমানোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ তৈরি হয়।
আন্তর্জাতিক শ্রম সংস্থার সমান মজুরি কনভেনশনে সমান মূল্যের কাজের জন্য নারী ও পুরুষের সমান মজুরির নীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শ্রমিক ও মালিক সংগঠনের মধ্যে আলোচনা, সংগঠন করার স্বাধীনতা এবং যৌথ দর-কষাকষিকে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখা হয়।
জাতিসংঘ, জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ও আন্তর্জাতিক শ্রম সংস্থা সরকার, নাগরিক সমাজ, নারী সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠান, শ্রমিক ও মালিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে সমান মজুরি নিশ্চিত করার উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে।
সমান মজুরি আন্তর্জাতিক জোট
বিশ্বজুড়ে নারী ও পুরুষের সমান মজুরি নিশ্চিত করতে কাজ করছে সমান মজুরি আন্তর্জাতিক জোট। এটি আন্তর্জাতিক শ্রম সংস্থা, জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ও অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগ।
এই জোট সরকার, নিয়োগকর্তা, শ্রমিক এবং তাদের সংগঠনকে একসঙ্গে নিয়ে নারী-পুরুষের মজুরি ব্যবধান কমানোর জন্য বাস্তব ও সমন্বিত পদক্ষেপে সহায়তা করে।
বর্তমানে বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে নারী-পুরুষের মজুরি ব্যবধান কমাতে কাজ করা অন্যতম প্রধান বহু-পক্ষীয় উদ্যোগ হিসেবে এই জোট কাজ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেওয়ার পরিকল্পনা করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরটি সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে, ২৪ সেপ্টেম্বর বক্তৃতা দেওয়ার পরদিন, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ২১ থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরের আয়োজন করা হয়েছিল। নিউইয়র্ক থেকে তার সান ফ্রান্সিসকো যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
এদিকে, যুক্তরাষ্ট্রে এই সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকা ছোট করা হয়েছে। অতীতের সরকারগুলোর তুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরটি একটি ছোট প্রতিনিধিদল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে, যা প্রধানমন্ত্রীর কৃচ্ছ্রসাধনের প্রতিফলন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিউইয়র্কে অবস্থানের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশগ্রহণ করবেন। পাশাপাশি, বাংলাদেশ আয়োজিত আলোচনা এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে পৃথক আলোচনা করবেন তিনি।
জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকগুলোর মধ্যে উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরমাণু নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সমস্যা সহ একাধিক আলোচনার আয়োজন করবে বাংলাদেশ।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও উপস্থিত থাকবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ