০৪:৪৫ এম
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের ৩০০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল করেছেন। পাসের হার দাঁড়িয়েছে ১৭.৬৭%। এই ঘটনার প্রতিবাদে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতারা শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
রোববার (১ নভেম্বর) সকালে কলেজ অফিস কক্ষে উপজেলা ছাত্রদলের নেতারা উপস্থিত হয়ে প্রিন্সিপাল নাজমা বেগমসহ সকল শিক্ষকদের ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত, নীলকান্ত সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: যবিপ্রবি রোটার্যাক্ট ক্লাবের সভাপতি মাশফি, সাধারণ সম্পাদক শিমুল
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী জানান, এমন বিপর্যয়ের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারে না। এর প্রতিবাদে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অধ্যক্ষ ও সম্মানিত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
তিনি বলেন, ‘আজ সম্মানিত শিক্ষকদের স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে- ভবিষ্যতে রাজনৈতিক বিবেচনায় কোনো শিক্ষার্থীর ফরম ফিলাপ, তদবির নিয়ে ছাত্রদল কিংবা বিএনপির কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মী কলেজে যাবে না। মেধার মূল্যায়ন করতে হবে। মেধার ভিত্তিতেই শিক্ষার্থীদের ফরম ফিলাপ হবে। কোনো রাজনৈতিক পরিচয় নয়।’
তিনি আরও বলেন, ফুল আমাদের প্রতিবাদের ভাষা। শিক্ষার মান ও শিক্ষার্থীদের ভবিষ্যতে ভালো ফলাফল করতে ছাত্রদলের সহযোগিতা থাকবে।
এ বিষয়ে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজমা বেগমের মোবাইলে একাধিকবার কল দিয়েও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন