ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

হাড়ের ক্ষয়জনিত রোগ প্রতিরোধে দেশজুড়ে স্ক্রিনিংয়ের আহ্বান জুবাইদা রহমানের


হাড়ের ক্ষয়জনিত রোগ প্রতিরোধে দেশজুড়ে স্ক্রিনিংয়ের আহ্বান জুবাইদা রহমানের

বাংলাদেশে অস্টিওপোরোসিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৬০ লাখ বলে ধারণা করা হচ্ছে। এই হাড়ের ক্ষয়জনিত রোগের প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে দেশের ৬৪ জেলায় সমন্বিত সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রম চালুর আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি উল্লেখ করেছেন, রোগটির প্রকৃত চিত্র জানতে আরও গবেষণা এবং নিয়মিত পরীক্ষা প্রয়োজন। পাশাপাশি কন্যাশিশু ও তরুণীদের জন্য আগেভাগে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবনের কনভেনশন হলে বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ‘অস্টিওপোরোসিস: প্রতিরোধযোগ্য মহামারি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করেছে।

অস্টিওপোরোসিসকে তিনি নীরব রোগ হিসেবে উল্লেখ করে বলেন, এ রোগে হাড় দুর্বল, পাতলা ও ছিদ্রযুক্ত হয়ে পড়ে। ফলে সামান্য আঘাতেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। আক্রান্ত ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং দৈনন্দিন কাজ করার সক্ষমতা কমে যায়। অনেককে হাড় ভাঙার পর দীর্ঘমেয়াদি দুর্ভোগ ভোগ করতে হয়।

আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি

ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশে এ রোগে আক্রান্ত মানুষের প্রকৃত সংখ্যা ধারণার চেয়েও বেশি হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের সব অঞ্চলের মানুষের কাছে রোগ প্রতিরোধ, শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব।

সেমিনারে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একটি পরিসংখ্যানে বাংলাদেশে প্রায় ৬০ লাখ মানুষ অস্টিওপোরোসিসে আক্রান্ত বলে ধারণা করা হয়েছে। বয়স্কদের মধ্যে এ রোগে আক্রান্ত নারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

উত্তর-মধ্য বাংলাদেশের ৪৫ থেকে ৮০ বছর বয়সী নারীদের ওপর পরিচালিত একটি গবেষণার তথ্য তুলে ধরে ডা. জুবাইদা রহমান জানান, সেখানে অস্টিওপোরোসিসের প্রাদুর্ভাব ছিল ৪০ শতাংশ। অস্টিওপেনিয়ার হার ছিল ৪৩ দশমিক ৫ শতাংশ। গবেষণায় অংশ নেওয়া ৮৩ শতাংশের বেশি নারীর হাড়ের ঘনত্বে ঘাটতি পাওয়া যায়।

অস্টিওপেনিয়া হলো হাড়ের ঘনত্ব স্বাভাবিকের চেয়ে কমে যাওয়ার একটি অবস্থা, যা অস্টিওপোরোসিসের আগের পর্যায় হতে পারে। অন্যদিকে অস্টিওপোরোসিসে হাড় আরও দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে বাসের নিচে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, অবরোধ ছয় দফা দাবি

শহরাঞ্চলের ৪৬ থেকে ৬৫ বছর বয়সী নারীদের ওপর পরিচালিত একটি পুরোনো হাসপাতালভিত্তিক গবেষণাতেও একই ধরনের উদ্বেগজনক চিত্র উঠে আসে। ওই গবেষণায় অস্টিওপোরোসিসের প্রাদুর্ভাব পাওয়া যায় ৪১ দশমিক ৮ শতাংশ এবং অস্টিওপেনিয়ার হার ছিল ৪০ দশমিক ৭ শতাংশ।

ডা. জুবাইদা রহমান বলেন, উন্নয়নশীল দেশগুলোর নারীরা উন্নত দেশগুলোর নারীদের তুলনায় এ রোগে বেশি আক্রান্ত হন বলে বিভিন্ন গবেষণায় দেখা যায়। তবে বাংলাদেশে কতসংখ্যক নারী অস্টিওপোরোসিসে ভুগছেন, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান নির্ধারণ করা কঠিন। এই কারণে রোগটির প্রকৃত বিস্তার বুঝতে আরও গবেষণা এবং নিয়মিত স্ক্রিনিং প্রয়োজন।

তিনি জানান, কন্যাশিশু ও তরুণীদের জন্য যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা গেলে ভবিষ্যতে অস্টিওপোরোসিসের প্রকোপ এবং এর জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।

অস্টিওপোরোসিস প্রতিরোধে একটি অস্টিওপোরোসিস সোসাইটি গঠনের প্রস্তাব দেন ডা. জুবাইদা রহমান। তাঁর মতে, এ ধরনের সংগঠনের মাধ্যমে দেশের ৬৪ জেলায় সমন্বিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা যাবে। কোনো অঞ্চলের মানুষ যেন সচেতনতা ও স্ক্রিনিংয়ের সুযোগের অভাবে রোগটির ব্যথা ও দীর্ঘমেয়াদি দুর্ভোগে না ভোগেন, তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে মধ্য রাতে গ্যারেজে আনন্দ পরিবহনের বাসে আগুন

এ ক্ষেত্রে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। চিকিৎসক সমাজ রোগটির ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করতে পারে।

দেশজুড়ে কর্মরত এক লাখ স্বাস্থ্যকর্মীকেও এ কাজে যুক্ত করার প্রস্তাব দেন তিনি। তাঁদের মাধ্যমে রোগটির লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি।

প্রতিবছর অস্টিওপোরোসিস সচেতনতা মাস পালনেরও আহ্বান জানান ডা. জুবাইদা রহমান। এ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি এবং জনসচেতনতামূলক প্রচারাভিযানের আয়োজন করা যেতে পারে। জেলা হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য আধুনিক রোগ নির্ণয় পদ্ধতিবিষয়ক সেমিনার আয়োজনের ওপরও গুরুত্ব দেন তিনি।

অস্টিওপোরোসিস প্রতিরোধে জনস্বাস্থ্য এবং পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ভিটামিন ডি-এর ঘাটতি, হাড়ের খনিজ ঘনত্ব কমে যাওয়া এবং শৈশবে ক্যালসিয়াম গ্রহণের সঙ্গে সম্পর্কিত পুষ্টিগত বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুন: গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর: তিন মামলায় ৩৬০০ আসামি, গ্রেফতার ৩২

এসব বিষয়ে শিক্ষাবিদ এবং চিকিৎসা অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিরা সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করতে পারেন বলে উল্লেখ করেন তিনি।

হাড়ের খনিজ ঘনত্ব নির্ণয়ের জন্য স্ক্রিনিং ক্যাম্প আয়োজন এবং নির্দিষ্ট বিরতিতে কমিউনিটিভিত্তিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরির আহ্বান জানান তিনি। যেসব এলাকায় হাড়ের খনিজ ঘনত্ব পরিমাপের ব্যবস্থা নেই, সেখানে ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট টুল ব্যবহার করে হাড় ভাঙার ঝুঁকি মূল্যায়নের প্রস্তাবও দেন।

ডা. জুবাইদা রহমান বলেন, অস্টিওপোরোসিসের ক্ষতিকর প্রভাব কমাতে দেশব্যাপী সমন্বিত উদ্যোগ, রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং সংসদ সদস্য ডা. আব্দুস সালাম।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে গতির প্রতিযোগিতায় প্রাণ গেল ২ তরুণের

অনুষ্ঠানে বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব, প্যানেল আলোচনা এবং কুইজ অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনায় অংশ নেন অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, অধ্যাপক ডা. ফারুক কাশেম, অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, অধ্যাপক ডা. শামীম আহমেদ, ডা. শেখ ফরিদ আহমেদ এবং অধ্যাপক মোহাম্মদ বেলালুল ইসলাম।

‘আজীবন হাড় গড়ুন, সুরক্ষা দিন ও শক্তিশালী করুন’ প্রতিপাদ্যে এবারের কর্মসূচি পালিত হচ্ছে। এতে বৈজ্ঞানিক সহযোগিতা দিচ্ছে ইনসেপ্টা।

হাড়ের ক্ষয়জনিত রোগ অস্টিওপোরোসিস সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর ২০ অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালন করা হয়। এ রোগে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যাওয়ায় হাড় ভাঙার ঝুঁকি বেড়ে যায়।

আরও পড়ুন: নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে চান সাংবাদিক পনির খন্দকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২৪ এম


কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে চান সাংবাদিক পনির খন্দকার

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলমুক্ত করে একটি আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক ও রাজনীতিবিদ মো. পনির খন্দকার। তিনি এ লক্ষ্যে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

রাজনৈতিক জীবনে মো. পনির খন্দকার দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে তিনি বিশ্বাসী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলনের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যুক্ত থেকে তিনি দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।

দলীয় সূত্রে জানা যায়, পনির খন্দকার কালীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য ও কালীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এবং গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত রয়েছেন।

রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা পেশায়ও সক্রিয় পনির খন্দকার। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘ভোরের আকাশ’ পত্রিকা ও ‘রাজধানী টেলিভিশন’-এ কর্মরত রয়েছেন। তাছাড়া, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কালীগঞ্জ উপজেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের পক্ষে প্রচার-প্রচারণা পরিচালনার লক্ষ্যে জাসাসের কালীগঞ্জ উপজেলা নির্বাচনী কমিটির আহ্বায়কের দায়িত্বও পালন করেন।

আসন্ন কালীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নিজের নির্বাচনী ভাবনা তুলে ধরে মো. পনির খন্দকার বলেন, “কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আমার জন্মভূমি, আমার ভালোবাসার জায়গা। মানুষের কল্যাণে কাজ করাই আমার রাজনীতি ও জনসেবার মূল লক্ষ্য। ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের সেবা করতেই আমি কাউন্সিলর পদে নির্বাচন করতে চাই।” তিনি মনে করেন, একটি এলাকার প্রকৃত উন্নয়ন শুধুমাত্র রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত জনসেবা নিশ্চিত করার মধ্য দিয়েই একটি এলাকার টেকসই উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, “কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মানুষ শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন চায়। জনগণের ভালোবাসা, দোয়া ও সহযোগিতায় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলমুক্ত পরিবেশ গড়ে তুলতে কাজ করব। পাশাপাশি ওয়ার্ডকে একটি আধুনিক, সুশৃঙ্খল, নিরাপদ ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করব।”

জনগণের প্রত্যাশা পূরণ, নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়ন এবং এলাকার সার্বিক কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গজারিয়ায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ১০০ রোগীর সেবা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২৫ এম


গজারিয়ায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ১০০ রোগীর সেবা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে কাকরাইল ইসলামি চক্ষু হাসপাতালের উদ্যোগে একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এই ক্যাম্পটি মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলেছে। ইমামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা প্রদান করেন কাকরাইল ইসলামি চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার হাসিবুল ইসলাম শান্ত (এমবিবিএস, পিজিটি-চক্ষু)।

ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীদের মধ্যে ২০ জনকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়, যাদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। এছাড়া, ক্যাম্পে আগত রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিতরণ করা হয়েছে।

উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: সবুজ শিকদার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, গ্রেফতার-২

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২৬ এম


নিকলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, গ্রেফতার-২

কিশোরগঞ্জের নিকলীতে সাবেক সংসদ সদস্য মরহুম আমির উদ্দিন আহমেদের নামে প্রতিষ্ঠিত মার্কেটে হামলা ও ব্যাপক ভাংচুরের ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রাফি (২১) এবং অনিক (২০) অন্তর্ভুক্ত রয়েছে। জানা যায়, গত রবিবার রাতে আনুমানিক ৮ টার দিকে নিকলী সদরের সাবেক এমপি মার্কেটে হামলা চালানো হয়। এই হামলার ফলে মার্কেটের বেশ কয়েকটি দোকান ভাংচুরের শিকার হয়। মার্কেটটি সাবেক সংসদ সদস্যের ছেলে উপজেলা বিএনপির সভাপতি এড. বদরুল মোমেন মিঠুর মালিকানাধীন। এটি তার বাবার নামে প্রতিষ্ঠিত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র চিহ্নিত কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে মার্কেটটিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। হামলার ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। হামলাকারীরা মার্কেটের কয়েকটি দোকানের সার্টার এবং এড. মাসুদের চেম্বারে ভাংচুর চালায়। এই ঘটনার পর রাতেই ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই ঘটনার পর নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, "অপরাধী যেই হোক তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার জন্য প্রশাসনকে বলেছেন।" এই বিষয়ে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ গণমাধ্যম কর্মীদের জানান, এই ঘটনার পরপরই তার বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্যমন্ত্রী আফরোজা খানমের উদ্যোগে খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ এম


খাদ্যমন্ত্রী আফরোজা খানমের উদ্যোগে খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার

দীর্ঘ কর্মজীবনের প্রথমবার দুর্গাপূজার উপহার হিসেবে মানিকগঞ্জের ঘিওর খাদ্যগুদামের শ্রমিক সর্দার জিতেন পেয়েছেন। তিনি স্ট্রোকের কারণে দৃষ্টিশক্তি হারালেও, দায়িত্ব থেকে সরে যাননি। এখনও তিনি তরুণ শ্রমিকদের নেতৃত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। পূজার উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই শ্রমিক, যিনি খাদ্য বিভাগের সঙ্গে তিন যুগেরও বেশি সময় ধরে যুক্ত আছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা তার বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের হাতে পূজার শুভেচ্ছা খাম তুলে দেন। মানিকগঞ্জের খাদ্য বিভাগের ৩১ জন সনাতন ধর্মাবলম্বী শ্রমিকের জন্য এই উপহারের ব্যবস্থা করা হয়েছে। খাদ্যমন্ত্রী জিতেন সর্দার ও বলরাম সর্দারের হাতে শ্রমিকদের উপহার তুলে দেন।

জিতেন সর্দারের কর্মজীবনের একটি বড় অংশ খাদ্য বিভাগের কাজে কাটিয়েছেন। স্ট্রোকের পর দৃষ্টিশক্তি হারানোর পরও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। খাদ্যগুদামের কার্যক্রম সচল রাখতে শ্রমিকদের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুস সাকিব, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাল হোসেন এবং ঘিওর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুস সাকিব যুগান্তরকে জানান, "যাদের শ্রমে-ঘামে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয়, সেই শ্রমিকদের কথা বিশেষভাবে বিবেচনা করেছেন খাদ্যমন্ত্রী।" তিনি আরও বলেন, "বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের জন্য এ উদ্যোগ খাদ্য বিভাগের বড় প্রাপ্তি।"

তিনি আরও জানান, খাদ্যগুদামে কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%