০৩:৪০ পি.এম
ভারতের পাঞ্জাবের মোগা জেলায় ধানের জমিতে ট্রান্সফরমার চুরি করার উদ্দেশ্যে এসে চোরদের ব্যবহৃত প্রাইভেট গাড়িটি কাদায় আটকে গেছে। কেবল এটি নয়, গাড়িটি উদ্ধার করতে নিয়ে আসা ভারী রিকভারি ট্রাকটিও কাদায় অচল হয়ে পড়ে। শেষ পর্যন্ত একটি চোর গ্রামবাসীদের হাতে ধরা পড়েছেন। খবর এনডিটিভির।
মোগার তখতুপুরা গ্রামের কৃষক হরজিন্দর সিংয়ের জমিতে গভীর রাতে তিন চোর ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করতে গিয়ে প্রাইভেট কার নিয়ে আসেন। কিন্তু খেতের কাদা ও পানি জমে থাকা নরম মাটিতে তাদের গাড়িটি মারাত্মকভাবে আটকে যায়। অনেক চেষ্টা করেও গাড়িটি বের করতে না পেরে রাতের আঁধারে সেটিকে খেতেই ফেলে রেখে চলে যায় চোরের দল।
পরের দিন সকালে গাড়িটি টেনে বের করতে একটি বড় রিকভারি ট্রাক নিয়ে আসা হয়। কিন্তু কাদার কাছে হার মানে সেই ভারী ট্রাকটিও। প্রথম গাড়িটির পাশে দাঁড়িয়ে যায় এবং কাদার গভীরে আটকে যায়।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
মাঝমাঠে দুটি গাড়ি অচল হয়ে পড়ে থাকার দৃশ্য দেখে স্থানীয়দের সন্দেহ তৈরি হয়। তারা সেখানে গিয়ে টানা জেরা শুরু করেন। চোরদের বিভ্রান্তিকর উত্তরের মুখে একপর্যায়ে তাদের মূল ঘটনা ফাঁস হয়ে যায়।
গ্রামবাসীরা ঘটনাস্থলেই লাভপ্রীত সিং নামের এক চোরকে ধরে ফেলে, যাকে পরে পুলিশে সোপর্দ করা হয়। পলাতক বাকি দুই সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন