ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ছুটিতে গিয়েও কেন মনে পড়ে অফিসের কথা?


ছুটিতে গিয়েও কেন মনে পড়ে অফিসের কথা?

ছুটি মানে অফিসের ব্যস্ততা থেকে দূরে থাকার সময়। পাহাড়, সমুদ্র অথবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর কথা ভাবা হয়। কিন্তু অনেকের জন্য ছুটির সময়েও অফিসের চিন্তা যেন পিছু ছাড়ে না। সমুদ্রের তীরে বসে হঠাৎ মনে পড়ে, ‘কালকের কাজটা কে শেষ করবে?’ আবার কিছুক্ষণ পর মুঠোফোন হাতে নিয়ে মনে হয়, ‘অফিসের বার্তাটা একবার দেখি।’

একবার অফিসের বার্তা দেখতে গিয়ে কখন যে আধা ঘণ্টা কেটে যায়, তা বোঝা যায় না। শরীর ছুটিতে থাকলেও মন পড়ে থাকে অফিসের কাজে। কিন্তু কেন এমনটি ঘটে?

মনোবিজ্ঞানের গবেষণায় এর পেছনে কয়েকটি কারণ উঠে এসেছে।

আরও পড়ুন: পূজার ছুটিতে প্রকৃতির অপরূপ দ্বীপ চর হেয়ার ঘুরে আসুন

অসমাপ্ত কাজ মাথায় ঘুরতেই থাকে

ছুটিতে গিয়েও অফিসের কথা মনে পড়ার একটি প্রধান কারণ হলো অসমাপ্ত কাজ। মানুষের মস্তিষ্ক শেষ হয়ে যাওয়া কাজের তুলনায় অসমাপ্ত কাজ বেশি মনে রাখতে পারে।

তাহলে, যদি কোনো কাজ শেষ না করে ছুটিতে যান, সেটি মনের মধ্যে খোলা হিসাবের মতো থেকে যায়। আপনি সমুদ্রের ঢেউ দেখছেন, কিন্তু মস্তিষ্কের এক কোণে পড়ে থাকা কাজটি বারবার মনে করিয়ে দিচ্ছে—এখনো কাজটি শেষ হয়নি।

হঠাৎ চাপ কমলেও মস্তিষ্ক মানিয়ে নিতে পারে না।

আরও পড়ুন: কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে সাধু-গুরু ও লালন অনুসারীদের মিলনমেলা শেষ হচ্ছে আজ

প্রতিদিন নির্দিষ্ট সময়ে অফিসে যাওয়া, কাজের চাপ সামলানো, বার্তা পাওয়া, মুঠোফোনে খবর আসা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া—এসব ধীরে ধীরে দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়।

হঠাৎ ছুটিতে গিয়ে যখন এসব ব্যস্ততা বন্ধ হয়ে যায়, তখন মস্তিষ্ক সহজে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না। ফলে কাজের সেই পরিচিত ব্যস্ততা না থাকলেও মস্তিষ্ক নিজেই অফিসের চিন্তা তৈরি করতে পারে।

মুঠোফোনও ফিরিয়ে আনে অফিসের চিন্তা

অফিস থেকে ছুটি মানে সত্যিই অফিস থেকে দূরে থাকা। বর্তমানে মুঠোফোনের কারণে অফিস যেন পকেটের মধ্যে চলে এসেছে।

আরও পড়ুন: স্বপ্নের নারীকে বিয়ে করতে ১২০০ মাইল পাড়ি, প্রেমিকা এআই জানালেন

সারাদিন বার্তা, বৈদ্যুতিক চিঠি অথবা ফোনকলের অভ্যাস তৈরি হলে ছুটির দিনেও বারবার মুঠোফোন দেখার প্রবণতা তৈরি হতে পারে। এমনকি কোনো বার্তা না এলেও মনে হতে পারে, হয়তো নতুন কিছু এসেছে।

কাজের সঙ্গে মস্তিষ্কের এই অভ্যাসগত সম্পর্কের কারণে ছুটির দিনেও পুরোনো কর্মজীবনের অভ্যাস সহজে ফিরে আসে।

‘আমি না থাকলে অফিস চলবে তো?’

কিছু মানুষের কাছে নিজের কাজ শুধু দায়িত্ব নয়, বরং পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফলে ছুটিতে গিয়েও মনে হতে পারে, ‘আমি না থাকলে কাজগুলো ঠিকভাবে হবে তো?’

আরও পড়ুন: আজ নতুন বন্ধু বানানোর দিন, পুরোনো বন্ধুত্বের গুরুত্বও তুলে ধরা হচ্ছে

নিজের কাজের প্রতি ভালোবাসা বা দায়িত্ববোধ অবশ্যই ইতিবাচক বিষয়। কিন্তু যখন এই দায়িত্ববোধ ছুটির সময়ও মস্তিষ্ককে বিশ্রাম নিতে দেয় না, তখন সমস্যা তৈরি হতে পারে।

কাজের কথা মনে পড়া সব সময় খারাপ নয়।

ছুটিতে হঠাৎ কাজের কথা মনে পড়লে সেটিকে সমস্যা বলা যাবে না। কোনো ভালো চিন্তা মাথায় আসতে পারে, অথবা কোনো কাজের সমাধানও মনে পড়তে পারে। গবেষণায় দেখা গেছে, কাজ নিয়ে ইতিবাচকভাবে ভাবা এবং কাজ থেকে কিছু সময়ের জন্য মানসিকভাবে দূরে থাকা—দুই ধরনের অভ্যাসই নেতিবাচক অনুভূতি কমাতে সাহায্য করতে পারে।

সমস্যা তখনই হয়, যখন ছুটির প্রায় পুরো সময়জুড়ে অফিসের চিন্তা মাথায় ঘুরতে থাকে।

আরও পড়ুন: পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু

সমুদ্র দেখতে গিয়ে অফিসের কথা, পরিবারের সঙ্গে বসে কাজের কথা, রাতে ঘুমানোর সময় পরদিনের কাজের কথা—এভাবে যদি পুরো ছুটিতেই কর্মজীবনের চিন্তা চলতে থাকে, তাহলে বুঝতে হবে শরীর ছুটিতে গেলেও মন এখনো অফিসেই আটকে আছে।

কাজ থেকে দূরে থাকতে পারলে ছুটিও অধিক উপভোগ্য।

২০১৬ সালের একটি গবেষণায় ৭৭৭ জন মার্কিন অংশগ্রহণকারীর ছুটির অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, যারা ছুটির সময় কাজ থেকে মানসিকভাবে দূরে থাকতে পেরেছেন, স্বস্তি পেয়েছেন এবং নিজেদের সময় ও কাজের ওপর নিয়ন্ত্রণ অনুভব করেছেন, তাদের ছুটির অভিজ্ঞতা ও সামগ্রিক জীবনসন্তুষ্টি বেশি ছিল।

আরেকটি বিশ্লেষণে ৩৮ হাজারের বেশি কর্মীর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, কাজ থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন থাকার সঙ্গে কম ক্লান্তি, ভালো ঘুম, বেশি জীবনসন্তুষ্টি এবং উন্নত মানসিক সুস্থতার সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন: লালন স্মরণোৎসবের দ্বিতীয় দিনে সাধুসঙ্গে নিজেদের ও অজানাকে জানছেন ভক্তরা

অর্থাৎ, শুধু অফিসে না যাওয়াই ছুটি নয়। কিছু সময়ের জন্য অফিসের চিন্তা থেকেও নিজেকে দূরে রাখা জরুরি।

ছুটিতে অফিস থেকে দূরে থাকার উপায়

ছুটিতে যাওয়ার আগে কয়েকটি বিষয় গুছিয়ে নিলে অফিসের চিন্তা অনেকটাই কমানো সম্ভব।

ছুটিতে গিয়ে হঠাৎ অফিসের কথা মনে পড়তেই পারে। এতে দুশ্চিন্তার কিছু নেই। তবে সেই চিন্তা যদি পুরো ছুটির আনন্দ নষ্ট করে দেয়, তাহলে নিজের মানসিক বিশ্রামের দিকেও নজর দেওয়া দরকার।

কারণ ছুটির আসল উদ্দেশ্য শুধু অফিসে না যাওয়া নয়। কিছুদিনের জন্য কাজের চিন্তা থেকে নিজেকেও মুক্ত রাখা। তাই পাহাড়, সমুদ্র অথবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর মুহূর্তে মুঠোফোনটা একটু দূরে রাখুন। অফিসের কাজ অপেক্ষা করতেই পারে—আপনার বিশ্রামটাও জরুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামের রাজারহাটে এক স্বামীকে নিয়ে দুই স্ত্রীর তুলকালাম কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


কুড়িগ্রামের রাজারহাটে এক স্বামীকে নিয়ে দুই স্ত্রীর তুলকালাম কাণ্ড

কুড়িগ্রামের রাজারহাটে এক স্বামীকে কেন্দ্র করে দুই নারীর মধ্যে প্রকাশ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লালমনিরহাটের তিস্তা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দুই নারীকে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার পশ্চিম দেবোত্তর মৌজার চায়না বাজার এলাকার মৃত ফজল কমান্ডারের ছেলে লিটন সরকারকে নিজের স্বামী দাবি করে দুই নারীর মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। লিটন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

দ্বিতীয় স্ত্রী দাবি করেন, লিটন তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করেছেন। তিনি জানান, এ সংক্রান্ত তালাকনামা তার কাছে রয়েছে। তবে প্রথম স্ত্রী দাবি করছেন, তাকে তালাক দেওয়া হয়নি এবং লিটন দ্বিতীয় বিয়েও করেননি।

এ নিয়ে তিস্তা বাসস্ট্যান্ডে দুই নারীর মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তারা চুল ধরে টানাটানি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শী হামিদুল হক বলেন, "দুজনে মারামারি করছিল। একে অপরকে বলছিল, তোকে তালাক দিয়েছে লিটন।"

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দুই নারীকে থামিয়ে গোকুন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য রিপন মেম্বারের জিম্মায় দেন। পরে তাদের চায়না বাজার এলাকায় নিয়ে যাওয়া হলে সেখানেও উৎসুক জনতার ভিড় জমে যায়।

গোকুন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য রিপন বলেন, "তিস্তা বাসস্ট্যান্ডে দুই নারী মারামারি করছে শুনে সেখানে যাই। পরে দুজনকেই চায়না বাজারে নিয়ে আসি। তারা দুজনেই লিটনের বউ বলে দাবি করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের আমার জিম্মায় রাখা হয়।"

গোকুন্ডা ইউনিয়নের মিঠু মিয়া বলেন, "বাসস্ট্যান্ডে দুইটা মেয়ে চুল ধরে মারামারি শুরু করে। আমরা তাদের ঝগড়া থামিয়ে নিয়ে আসি।"

লিটনের দ্বিতীয় স্ত্রী দাবি করেন, লিটনের সঙ্গে ফোনে কথা বলার পর তিনি জানতে পারেন, লিটন ঢাকায় নেই। পরে লিটন তার প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন কি না, তা যাচাই করতেই তিনি তিস্তা বাসস্ট্যান্ডে আসেন। তার কাছে তালাকনামা রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, "লিটন আমাকে বলেছিল, সে তার বউকে ডিভোর্স দিয়েছে। সেটি যাচাই করার জন্য এসেছি।"

ওই নারী আরও জানান, এর আগে তার একটি সংসার ছিল। সেই সংসার ত্যাগ করে তিনি লিটনের সঙ্গে সম্পর্কে জড়ান। তার দাবি, লিটন নিজেকে ঢাকা মেডিকেল কলেজে ফাইনাল ও ইন্টার্নি করা ব্যক্তি হিসেবে পরিচয় দিয়েছিলেন।

অন্যদিকে লিটন সরকার বিয়ে করার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিস্তা বাসস্ট্যান্ড ও চায়না বাজারে দুই নারীর মারামারির বিষয়ে জানতে চাইলে তিনি বিস্তারিত কোনো বক্তব্য না দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনাটি ছড়িয়ে পড়লে চায়না বাজারসহ রাজারহাটজুড়ে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের কেউ ঘটনাটিকে পারিবারিক বিরোধ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টির আইনগত ও সামাজিক দিক নিয়ে প্রশ্ন তুলেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অষ্টম শ্রেণি পাসেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৩৭ জনের চাকরি নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


অষ্টম শ্রেণি পাসেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৩৭ জনের চাকরি নিয়োগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩টি স্থায়ী শূন্য পদের জন্য মোট ৩৭ জনকে নিয়োগ প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন করার আহ্বান জানিয়েছে এই লক্ষ্যে।

নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণি পাস থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি পর্যন্ত। বেতনের পরিমাণ ৮ হাজার ৮০০ টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

যেসব পদে নিয়োগ

নিয়োগের জন্য সহকারী প্রকৌশলী (সিভিল) পদে একজন, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে চারজন, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে একজন, সাউন্ড সিস্টেম অপারেটর পদে একজন, ইলেক্ট্রিশিয়ান পদে চারজন, এয়ারকুলার টেকনিশিয়ান পদে একজন, বৈদ্যুতিক সাব-স্টেশন কেয়ারটেকার পদে একজন, ফটোকপিয়ার অপারেটর/ফটোকপিয়ার টেকনিশিয়ান পদে দুজন, লিফটম্যান পদে পাঁচজন, কার্পেন্টার/কাঠমিস্ত্রি পদে দুজন, প্লাম্বার পদে একজন, রাজমিস্ত্রি পদে একজন, জেনারেটর টেকনিশিয়ান পদে একজন, ফায়ারম্যান পদে একজন, পাম্প ড্রাইভার পদে একজন, প্রজেক্টর ও মাইক্রোফোন অপারেটর পদে একজন, সহকারী ইলেক্ট্রিশিয়ান পদে দুজন, জেনারেটর অপারেটর পদে দুজন, কার্পেন্টার হেলপার/কাঠমিস্ত্রি হেলপার পদে একজন, সহকারী প্লাম্বার পদে দুজন, সহকারী ফায়ারম্যান পদে একজন, সহকারী রাজমিস্ত্রি পদে একজন এবং সহকারী ফটোকপি টেকনিশিয়ান পদে একজন নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বেতন

সহকারী প্রকৌশলী (সিভিল) পদে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি আবশ্যক। এই পদের জন্য বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত।

উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ও উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। এসব পদের জন্য বেতন ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সাউন্ড সিস্টেম অপারেটর পদে এসএসসি (ভোকেশনাল) বা এসএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এই পদের বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

ইলেক্ট্রিশিয়ান, এয়ারকুলার টেকনিশিয়ান, বৈদ্যুতিক সাব-স্টেশন কেয়ারটেকার, ফটোকপিয়ার অপারেটর/টেকনিশিয়ান, লিফটম্যান, কার্পেন্টার, প্লাম্বার, রাজমিস্ত্রি, জেনারেটর টেকনিশিয়ান ও ফায়ারম্যানসহ বিভিন্ন পদে বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত।

পাম্প ড্রাইভার, প্রজেক্টর ও মাইক্রোফোন অপারেটর, সহকারী ইলেক্ট্রিশিয়ান, জেনারেটর অপারেটর, কার্পেন্টার হেলপার, সহকারী প্লাম্বার, সহকারী ফায়ারম্যান, সহকারী রাজমিস্ত্রি ও সহকারী ফটোকপি টেকনিশিয়ান পদে বেতন ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

অষ্টম শ্রেণি পাসেও আবেদন

পদভেদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক পর্যন্ত। প্লাম্বার, রাজমিস্ত্রি, পাম্প ড্রাইভার, কার্পেন্টার হেলপার, সহকারী প্লাম্বার ও সহকারী রাজমিস্ত্রি পদে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এসব পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।

বয়সসীমা

সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী পদে প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩২ বছর হতে হবে। অন্যান্য পদে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

আবেদন শুরু ও শেষ

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরির ওয়েবসাইটে এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি পদের ক্রমিক অনুযায়ী ৫০, ১০০ ও ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অবৈধ, ত্রুটিপূর্ণ বা ভুল তথ্যসম্বলিত আবেদন বাতিল করা হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। প্রয়োজনে কর্তৃপক্ষ পদের সংখ্যা কমাতে বা বাড়াতে পারে।

বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটোরিকশাচালকদের টার্গেট করে হত্যা, সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


অটোরিকশাচালকদের টার্গেট করে হত্যা, সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে দুটি পৃথক হত্যার রহস্য উদঘাটনের পাশাপাশি পুলিশ আব্দুল ওয়াদুদ ওরফে মানিককে গ্রেপ্তার করেছে, যিনি ‘সিরিয়াল কিলার’ হিসেবে পরিচিত। পুলিশের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকদের টার্গেট করে হত্যার ঘটনায় মানিক জড়িত।

গ্রেপ্তার হওয়া মানিক নাঙ্গলকোট উপজেলার নাথেরপেটুয়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ১২ আগস্ট নাঙ্গলকোট থানার আটিয়াবাড়ি এলাকায় একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে ওই মরদেহটির পরিচয় শনাক্ত করে জানা যায়, নিহত ব্যক্তি ১৮ বছর বয়সী মো. মেহেদী। তিনি একজন অটোরিকশাচালক ছিলেন। এ ঘটনায় তদন্ত শুরু করে নাঙ্গলকোট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা।

তদন্তে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আব্দুল ওয়াদুদ ওরফে মানিক, শাহেদ, ফাহিম ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা মেহেদীকে হত্যা ও তার অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। এ ঘটনার প্রেক্ষিতে মানিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এরপর গত ২৪ আগস্ট নাঙ্গলকোটে অটোরিকশাচালক মো. আরমান হোসেন (১৫) নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। পরে একটি অটোরিকশা কাটা অবস্থায় উদ্ধার করা হয় এবং মো. জোবায়ের হোসেন সুজন, নূর আলম ও মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে আরমানকে অপহরণ করে হত্যার তথ্য পাওয়া যায়। পরে মানিককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও আরমানকে হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মনোহরগঞ্জ উপজেলার বিনয়ঘর এলাকার একটি পুকুর থেকে আরমানের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুই হত্যাকাণ্ডের পেছনে অটোরিকশা ছিনতাই ছিল মূল উদ্দেশ্য। তদন্তে উঠে এসেছে যে, মানিক অটোরিকশাচালকদের টার্গেট করে হত্যা ও অটোরিকশা ছিনতাই করতেন।

এছাড়া ২০২৪ সালের ২ সেপ্টেম্বর অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহজাহান ওরফে সাইমন (১৭) নামে এক কিশোরকে শ্বাসরোধে হত্যা করেন মানিক। ওই হত্যাকাণ্ডের মামলাটিও আদালতে বিচারাধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল সোনার খনির সন্ধান চীনা বিজ্ঞানীদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল সোনার খনির সন্ধান চীনা বিজ্ঞানীদের

চীনের একটি বিজ্ঞানী দলের দ্বারা পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রে বিশাল এক খনিজ ভান্ডারের সন্ধান পাওয়া গেছে। গবেষকরা জানিয়েছেন, নতুন আবিষ্কৃত এই অঞ্চলে স্বর্ণ ও রূপার উপস্থিতি স্থলভাগের অনেক খনির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

‘সিয়াংইয়াংহং ১০’ গবেষণা জাহাজ থেকে ১৮ দিনের অভিযানে এই খনিজ ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়, যা চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭০০ থেকে ১ হাজার ৫০০ মিটার গভীরে অনুসন্ধান চালানোর জন্য ডুবোযানের সাহায্য নেওয়া হয়।

অভিযানের সময় হাইড্রোথার্মাল ভেন্ট বা উত্তপ্ত সামুদ্রিক জলউৎসের আশপাশ থেকে আকরিকের নমুনা সংগ্রহ করা হয়। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, কিছু নমুনায় প্রতি টন আকরিকে সর্বোচ্চ ১৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণ এবং ১ হাজার ২৭১ গ্রাম রূপার উপস্থিতি রয়েছে।

গবেষকদের মতে, এই খনিজ ভান্ডারে স্বর্ণ ও রূপার পাশাপাশি তামা, দস্তা এবং বিপুল পরিমাণ পলিমেটালিক সালফাইডও রয়েছে। এসব খনিজের ঘনত্ব ও বৈশিষ্ট্য বিশ্বমানের সমুদ্রগর্ভস্থ খনিজ আমানতের সঙ্গে তুলনীয় বলে মনে করা হচ্ছে।

অভিযান চলাকালে গভীর সমুদ্রের এই চরম পরিবেশের আশপাশে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীর উপস্থিতিও লক্ষ্য করেন গবেষকরা। এর ফলে খনিজ সম্পদের পাশাপাশি গভীর সমুদ্রের জীববৈচিত্র্য নিয়ে নতুন তথ্য পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে গবেষকরা জানিয়েছেন, বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এখনই এসব খনিজ উত্তোলন সম্ভব নয়। সমুদ্রের তলদেশে প্রচণ্ড চাপ, অন্ধকার এবং জটিল পরিবেশের কারণে গভীর সমুদ্র থেকে খনিজ উত্তোলন এখনও বড় ধরনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

বিজ্ঞানীরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে উন্নত প্রযুক্তির মাধ্যমে গভীর সমুদ্রের এই খনিজ সম্পদ নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে কাজে লাগানোর পথ তৈরি হতে পারে।

সূত্র: গ্লোবাল টাইমস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%