০৭:৪০ পি.এম
দিনাজপুর, ২৪ অক্টোবর, ২০২৬ : তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির উন্নয়ন এবং যুবকদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে আগামী মঙ্গলবার ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’ শুরু হতে যাচ্ছে।
জেলার বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই জব ফেয়ার অনুষ্ঠিত হবে, যা সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ।
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে আগামী মঙ্গলবার মেলার আয়োজন করা হচ্ছে।
আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জনের চাকরির সুযোগ, নতুন পে স্কেলে বেতন
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে যে, সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো দেশের তরুণ ও যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। সেই লক্ষ্যকে সামনে রেখে, বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় দেশের উৎপাদন ও সেবা খাতের শীর্ষস্থানীয় প্রায় ৮০টি দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ করবে।
এ জব ফেয়ারে আন্তর্জাতিক, উন্নয়ন সংস্থা ও এনজিও'র মধ্যে অংশ নিচ্ছে, ইউনিসেফ, ডব্লিউএফপি, কম্প্যাশন ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, উদ্দীপন ও আরডিআরএস।
শিল্প, এফএমসিজি ও কনগ্লোমারেট খাতে অংশগ্রহণ করবে প্রাণ, আরএফএল, বসুন্ধরা গ্রুপ, স্কয়ার, বেক্সিমকো গ্রুপ, ওয়ালটন, এসিআই, মেঘনা গ্রুপ (ফ্রেশ), লিরা গ্রুপ, কাজী ফার্মস ও নাবিল গ্রুপ।
আরও পড়ুন: ওয়েভ ফাউন্ডেশনে ফিল্ড কোঅর্ডিনেটর পদের জন্য চাকরির সুযোগ, বেতন ৪৭ হাজার টাকা
ফিনটেক ও ব্যাংকিং খাত থেকে অংশগ্রহণ করবে বিকাশ, নগদ, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক এবং ইউসিবি ব্যাংক।
ওষুধ ও স্বাস্থ্যসেবা খাত থেকে অংশ নেবে ইনসেপ্টা, একমি ল্যাবরেটরিজ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনিমেড ইউনিহেলথ, নুভিস্তা ফার্মাসিউটিক্যালস ও নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল।
তথ্যপ্রযুক্তি, টেলিকম, আবাসন ও অন্যান্য সেবা খাত থেকে রবি আজিয়াটা, পাঠাও, ব্রেইন স্টেশন ২৩, নূর টেলিকম, ডায়মন্ড ওয়ার্ল্ড, এইচএল রিয়েল এস্টেট, অঞ্জনা, শিক্ষা ২.০, কমুরসহ দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানসমূহ অংশ নেবে।
এ জব ফেয়ারে তরুণ-তরুণীদের জন্য সরাসরি স্পট ইন্টারভিউ ও তাৎক্ষণিক চাকরির সুযোগ থাকবে। পাশাপাশি, কর্মসংস্থান উপযোগী ক্যারিয়ার গাইডলাইন প্রদান এবং সমকালীন প্রতিযোগিতামূলক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী তরুণদের স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা উন্নয়ন বিষয়ে অভিজ্ঞ পরামর্শকদের মাধ্যমে দিকনির্দেশনাও প্রদান করা হবে।
আরও পড়ুন: স্কয়ার টেক্সটাইলসে চাকরি, বেতন আলোচনা সাপেক্ষে
এ জব ফেয়ারের মূল লক্ষ্য হলো, স্থানীয় পর্যায়ে চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী এবং করপোরেট ও উন্নয়ন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা। এর মাধ্যমে যুবসমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে তাদের স্বাবলম্বী করা, তরুণদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে একটি স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণ এবং পিছিয়ে পড়া জনপদকে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধির মূল স্রোতোধারায় যুক্ত করা।
দিনাজপুর-৬ আসনসহ উত্তরাঞ্চলের যুবসমাজকে কর্মমুখী করে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে এই জব ফেয়ার কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ইতোমধ্যে ১৬ হাজার ৩ জন চাকরি প্রত্যাশী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। ধারণা করা হচ্ছে ২০ হাজার চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী এ জব ফেয়ারে অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ, আবেদনের শেষ সময় ১৭ নভেম্বর
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন