০৭:৪২ পি.এম
খুলনা, ২৪ অক্টোবর, ২০২৬ : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ দৃঢ় মনোবল নিয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়েছে।
তিনি উল্লেখ করেন, জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলে মানবিক পুলিশ এবং জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান। জন-আস্থা পুনরুদ্ধার এবং সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা কাজ করছেন।
আইজিপি আজ খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আওতাধীন এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি
এ অনুষ্ঠানে কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধী সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আইজিপি আরও বলেন, বিগত সতেরো বছরে পুলিশ এবং জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা দূর করাই তাদের প্রধান লক্ষ্য।
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে; যাতে সমাজে কোনো মাদক, চাঁদাবাজ বা কিশোর গ্যাং না থাকে। আইজিপি আশা প্রকাশ করেন, তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এসব অপরাধ নির্মূল করবেন।
পুলিশ প্রধান জানান, বর্তমানে কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। বর্তমান সরকার এ কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার ওপর গুরুত্ব আরোপ করেছে। এ লক্ষ্যে কমিউনিটি পুলিশের কার্যক্রমকে একটি কাঠামোর মধ্যে পরিচালনার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমনে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত
সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে আইজিপি বলেন, তারা কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সহযোগিতা করুন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠন সম্ভব হবে।
পরে আইজিপি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে খুলনাস্থ বিভিন্ন ইউনিটে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন