শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
০৫:২১ পি.এম
প্রশান্ত মহাসাগরে উদ্ভূত শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন চাম্পির প্রভাবে কার্যত অচল হয়ে পড়েছে তাইওয়ান। আজ শুক্রবার (২৩ অক্টোবর) ঝড়টির সম্ভাব্য আঘাতের আশঙ্কায় দ্বীপটির প্রায় সব এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাতিল করা হয়েছে প্রায় এক হাজার ফ্লাইট।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী, একপর্যায়ে সুপার টাইফুনে পরিণত হওয়া চাম্পি এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে। ঝড়টির কেন্দ্রের কাছাকাছি বাতাসের সর্বোচ্চ দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় প্রায় ১৯১ কিলোমিটার।
আজ শুক্রবার ঝড়টি তাইওয়ানের পূর্ব উপকূল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। যদিও এটি দুর্বল হয়ে এসেছে, তবুও তাইওয়ানে সরাসরি আঘাত হানার আশঙ্কা রয়ে গেছে।
পূর্বাভাস অনুযায়ী, টাইফুনটি তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলের পাশ দিয়ে অতিক্রম করে উত্তর দিকে অগ্রসর হতে পারে। এরপর চীনের উপকূলের দিকে মোড় নিয়ে শেষ পর্যন্ত দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঝড়ের প্রভাবে তাইওয়ানে এরই মধ্যে একজনের মৃত্যু ঘটেছে এবং আহত হয়েছেন ১৭১ জন। এছাড়া পাহাড়ি এলাকার ঝুঁকিপূর্ণ স্থান থেকে ২ হাজার ৬৩৯ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান তাইপাওয়ার জানিয়েছে, ঝড়ের কারণে ৭৭ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। তবে এরই মধ্যে অধিকাংশ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।
টাইফুন মোকাবিলায় তাইওয়ানের প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা তুলনামূলকভাবে শক্তিশালী। ফলে এ ধরনের ঝড়ে সাধারণত প্রাণহানি কম হয়। গ্রীষ্মকালে টাইফুনের প্রকোপ বেশি থাকলেও শরৎকালেও এ ধরনের ঝড় আঘাত হানতে পারে।
এদিকে টাইফুন চাম্পি প্রথমে জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের পশ্চিমাঞ্চলের সর্বপশ্চিমে অবস্থিত জনবসতিপূর্ণ দ্বীপ ইয়োনাগুনির ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়টির গতিপথ ও শক্তির পরিবর্তনের ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: চ্যানেল নিউজ এশিয়া
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের কালিয়াকৈরে হাইওয়ে পুলিশের হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে বোর্ডঘর এলাকায় তারা এই সড়ক অবরোধের কর্মসূচি পালন করেন। প্রায় আধাঘণ্টা পর তারা সড়ক থেকে সড়ে গেলে যানচলাচল স্বাভাবিক হয়ে ওঠে।
ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা জানান, দীর্ঘ সময় ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী অটোরিকশা চালকদের নানাভাবে হয়রানি করে আসছে হাইওয়ে পুলিশ। মাঝে মাঝে অটোরিকশা আটক করে তা ডাম্পিং করা হয়। এছাড়া, ২৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসব অভিযোগ ও হয়রানির বিরুদ্ধে শুক্রবার বেলা ১১টার দিকে তারা মহাসড়ক অবরোধ করেন।
এদিকে, সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে হাজারো যাত্রী ও গাড়ি চালকরা ভোগান্তিতে পড়েন।
অটোচালক ইসরাফিল বলেন, ‘আমি কিস্তি তুলে ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছি। হাইওয়ে পুলিশ শুধু শুধু রাস্তায় হয়রানি করে, আবার মাঝে মাঝে ২৬০০ টাকার মামলা দেয়। মামলা দিলেও মামলার কোনো রশিদ দেয় না। প্রতিবাদ করলে রিকশা ডাম্পিংয়ে দেওয়ার হুমকি দেয় পুলিশ। আমরা এর প্রতিকার চাই।’
খবর পেয়ে কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
ওসি শহিদুল ইসলাম জানান, ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা আন্দোলন করছেন এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখেছেন, "আর কত দিন আর্জেন্টিনা-ব্রাজিলের দিকে তাকিয়ে থাকব।" তিনি বলেন, দেশের খেলোয়াড়দের দক্ষতা উন্নত করে আন্তর্জাতিক মঞ্চে দেশের মর্যাদা রক্ষা করা প্রয়োজন।
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন কর্তৃক আয়োজিত কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি এসব মন্তব্য করেন।
রাষ্ট্রপতি এ আয়োজনের প্রশংসা করে উল্লেখ করেন, তরুণ সমাজকে মাদক, হতাশা এবং মোবাইল আসক্তি থেকে রক্ষা করতে খেলা ও খেলার মাঠ অপরিহার্য। তিনি মাঠগুলো অবৈধ দখলমুক্ত করে সংরক্ষণ এবং নতুন মাঠ চিহ্নিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময়, বিশ্বমানের অ্যাথলেট তৈরির লক্ষ্যে রাষ্ট্রপতি সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান।
একই আয়োজনে উপস্থিত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সরকার খেলাধুলাকে অধিক গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেছে। এ উদ্দেশ্যে ‘নতুন কুঁড়ি’সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, সরকার তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়।
মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এ প্রতিযোগিতায় ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশগ্রহণ করছেন। পুরুষদের ২২টি ও নারীদের ১৮টি সহ মোট ৪০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাথলেটরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এ মাসের মধ্যে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুটি টেস্টের সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৮ অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দর্শকদের জন্য এই টেস্টটি বিনামূল্যে উপভোগের সুযোগ প্রদান করেছে।
দর্শকরা টেস্টের পুরো পাঁচ দিন উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বিনামূল্যে খেলা দেখতে পারবেন। বিসিবি আজ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
এমন সুবিধা শুধুমাত্র এই দুই গ্যালারিতে থাকবে। গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মোস্তাক স্ট্যান্ড, হসপিটালিটি এবং অন্যান্য ভিআইপি গ্যালারিতে খেলা দেখতে হলে টিকিট কিনে মাঠে প্রবেশ করতে হবে।
১ নভেম্বর মিরপুর টেস্ট শেষ হওয়ার পর দুই দল সিলেটে চলে যাবে। ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চাঁদাবাজি, আইনশৃঙ্খলার অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে এনসিপির ঘোষিত গণবিক্ষোভ কর্মসূচির জন্য সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই দাবি তুলে ধরেন।
রাজধানীর কারওয়ান বাজারে জনসংযোগ কর্মসূচির সূচনা করার সময় নাহিদ ইসলাম বলেন, ‘কারওয়ান বাজার এলাকা সবচেয়ে বেশি চাঁদাবাজির শিকার হয়। তাই এখান থেকেই আমরা এই গণসংযোগ কর্মসূচি শুরু করছি। সারা দেশে যে সন্ত্রাস ও চাঁদাবাজ সিন্ডিকেট গড়ে উঠেছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।’
সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘দেশে আজ গণমাধ্যমের স্বাধীনতাহীনতা চরম আকার ধারণ করেছে। সাংবাদিকদের ওপর প্রকাশ্যে হামলা করার উসকানি দেয়া হচ্ছে। সরকারের সমালোচনা করার কারণে এরইমধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনকে নাম বদলে সাইবার নিরাপত্তা আইন বানিয়ে আগের মতোই দমনপীড়ন চালানো হচ্ছে।’
দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “বাজেট অধিবেশনে বিএনপি সরকার বলেছিল যে পণ্যের দাম বাড়বে না। কিন্তু বাস্তবে অকটেন ও ডিজেলের দাম পরপর তিনবার বাড়ানো হলো। ‘জনগণ আজ অসহায়’, সরকারের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। এই পরিস্থিতির পূর্ণ দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং মন্ত্রিপরিষদ পুনর্গঠন করতে হবে।”
অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলার ক্রমাবনতি নিয়ে সরকার কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। এই কারণে আজ থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ অক্টোবর ঢাকা মহানগরের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।’
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের সমালোচনা করে বলেন, ‘নির্বাচনের পর সাধারণ মানুষ পরিস্থিতির উন্নতির আশা করেছিল, কিন্তু বাজারে সবজি কিনতে গেলে মাংসের দাম এবং মুরগি কিনতে গেলে গরুর মাংসের দাম দিতে হচ্ছে। জ্বালানির মূল্য বৃদ্ধির রেকর্ড হয়েছে। জনগণের এ সমস্যা সমাধানে সরকার দায়িত্বশীল আচরণ করছে না। রাজপথ এবং সংসদ–দুই জায়গাতেই আমরা জনগণের কথা তুলে ধরব।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ