০৩:১৭ পি.এম
এক ব্যক্তি রাস্তার ধারে পড়ে থাকা একটি ছোট্ট বেড়ালছানা ভেবে সেটিকে বাড়িতে নিয়ে আসেন। তিনি প্রায় এক বছর ধরে প্রাণিটিকে সাধারণ পোষা বেড়াল হিসেবে লালন-পালন করেন। তবে পরবর্তীতে জানা যায়, প্রাণীটি পরিচিত কোনো বেড়াল প্রজাতির অন্তর্ভুক্ত নয়। দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় এই প্রাণিকে নতুন প্রজাতি হিসেবে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।
ঘটনাটি ঘটেছে বলিভিয়ার ইয়ুঙ্গাস অঞ্চলে। জঙ্গলের নিকটবর্তী স্থানে পাওয়া প্রাণিটির গায়ে ছিল কালচে ছোপ। সাধারণ বেড়ালের মতো দেখতে হওয়ায় এক ব্যক্তি সেটিকে বাড়িতে নিয়ে যান। কিন্তু সময়ের সাথে সাথে প্রাণিটির আচরণে বন্য স্বভাব স্পষ্ট হয়ে ওঠে। পরে সেটিকে স্থানীয় একটি বন্যপ্রাণী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
আশ্রয়কেন্দ্রে প্রাণিটিকে দেখে এক জীববিজ্ঞানী কৌতূহলী হয়ে ওঠেন। তিনি পরিচিত টাইগার ক্যাটের সাথে এর শারীরিক বৈশিষ্ট্যের কিছু পার্থক্য লক্ষ্য করেন। এরপর প্রাণিটির পরিচয় নিশ্চিত করার জন্য গবেষণা শুরু হয়।
আরও পড়ুন: শুষ্ক মৌসুমে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি বাড়ে, নিরাপদ থাকতে মেনে চলুন অগ্নিনিরাপত্তার নিয়ম
গবেষকেরা দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা ৩৮টি বেড়ালের জিনগত তথ্য বিশ্লেষণ করেন। সেই বিশ্লেষণ থেকেই উঠে আসে চমকপ্রদ তথ্য। প্রাণীটি পরিচিত কোনো টাইগার ক্যাট প্রজাতির অন্তর্ভুক্ত নয়, বরং এটি একটি স্বতন্ত্র প্রজাতি।
বিজ্ঞানীরা নতুন প্রজাতিটির নাম দিয়েছেন ‘লিওপার্ডাস টিলকাও’। গবেষণা অনুযায়ী, প্রায় ১৪ লাখ বছর আগে অন্য টাইগার ক্যাটদের পূর্বপুরুষের বংশধারা থেকে আলাদা হয়ে যায় এই প্রাণির বংশধারা। এত দীর্ঘ সময় ধরে স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে টিকে থাকলেও এতদিন প্রাণিটির পৃথক প্রজাতিগত পরিচয় অজানা ছিল।
গবেষণাটি গত ১৭ সেপ্টেম্বর বিজ্ঞান সাময়িকী কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের দাবি, এক শতাব্দীরও বেশি সময় পর জীবিত বেড়ালজাতীয় প্রাণীদের মধ্যে সম্পূর্ণ নতুন একটি প্রজাতিকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করার ঘটনা এটি।
তবে বলিভিয়ার ইয়ুঙ্গাস অঞ্চলের জঙ্গলে এই নতুন প্রজাতির কতটি প্রাণী রয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ফলে প্রাণিটির বিস্তার, সংখ্যা ও সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন