০২:৪৭ পি.এম
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য এবং ওজনে কারচুপি—বাজারে এই ধরনের অনিয়মের অভিযোগ নতুন নয়। ক্রেতারা দাম দিয়ে পণ্য কিনলেও নিশ্চিন্ত থাকতে পারছেন না। অতিরিক্ত মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ীর কর্মকাণ্ড মানুষের স্বাস্থ্য ও ভোক্তা অধিকারকে হুমকির মুখে ফেলছে। এই বাস্তবতায় আজ ১৪ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং মানসম্মত পণ্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরাই দিবসটির মূল লক্ষ্য।
প্রতিবছর ১৪ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। এবছর ৫৭তম বিশ্ব মান দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য হলো, ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।
বিশেষজ্ঞদের মতে, বাজারের অনিয়ম বন্ধ করতে শুধু অভিযান ও জরিমানা যথেষ্ট নয়। মানহীন ও ভেজাল পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, নিয়মিত পণ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষা এবং পরীক্ষার ফলাফল প্রকাশ নিশ্চিত করা জরুরি। পণ্যের মোড়কে লেখা ওজনের সঙ্গে প্রকৃত ওজনের মিল খুঁজে বের করতে হবে। ভেজাল ও ওজনে কারচুপি করার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা আবশ্যক।
আরও পড়ুন: শুষ্ক মৌসুমে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি বাড়ে, নিরাপদ থাকতে মেনে চলুন অগ্নিনিরাপত্তার নিয়ম
বিশেষজ্ঞদের মতে, বিশ্ব মান দিবস কেবল আনুষ্ঠানিকতার জন্য নয়; এটি নিরাপদ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির একটি উপলক্ষ। পণ্যের মানের ক্ষেত্রে ছাড় দিলে তা শুধু ক্রেতার অর্থের ক্ষতি নয়, বরং স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে।
এবারের প্রতিপাদ্যে জ্বালানির গুরুত্ব তুলে ধরা হয়েছে। বিশ্বের তিনটি প্রধান মান নির্ধারণকারী সংস্থা—আন্তর্জাতিক মান সংস্থা, আন্তর্জাতিক তড়িৎপ্রযুক্তি কমিশন এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন যৌথভাবে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে। এতে সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু জ্বালানি উৎপাদন করাই যথেষ্ট নয়; উৎপাদিত জ্বালানির প্রতিটি এককের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও জাতীয় দায়িত্ব।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সপ্তম লক্ষ্য অর্জনে সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানিতে সবার প্রবেশাধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মান কার্যকর ভূমিকা রাখছে। উন্নত, টেকসই ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে প্রয়োজন অভিন্ন দৃষ্টিভঙ্গি ও সম্মিলিত উদ্যোগ।
আরও পড়ুন: পোষা বেড়াল ভেবে এক বছর লালন-পালন, নতুন প্রজাতি ‘লিওপার্ডাস টিলকাও’ শনাক্ত
সৌরবিদ্যুতের মান নিশ্চিত করতে ৭৯টি মান প্রণয়ন করা হয়েছে। বিএসটিআই জানিয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিত করতে সৌর প্যানেল, ইনভার্টার, চার্জ নিয়ন্ত্রক ও ব্যাটারির জন্য এসব মান প্রণয়ন করা হয়েছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মান নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৪ হাজার ৬৩১টি বাংলাদেশি মান প্রণয়ন করেছে।
পণ্যের মান যাচাইয়ের জন্য বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে সৌর প্যানেল পরীক্ষাগার রয়েছে। সেখানে জার্মানির অত্যাধুনিক প্রযুক্তির সূর্যালোক অনুকরণকারী যন্ত্রের সাহায্যে সর্বোচ্চ ১ হাজার ওয়াট ক্ষমতার সৌর প্যানেল পরীক্ষা করা যায়।
প্রতিষ্ঠানটির ভাষ্য, আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করে উন্নত আলোর উৎস ও নির্ভুলভাবে যাচাই করা যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে পরীক্ষাগারটি সৌর প্যানেলের কার্যক্ষমতা ও গুণগত মান নির্ভরযোগ্যভাবে যাচাই করে।
দিবস উপলক্ষে নানা কর্মসূচি
আরও পড়ুন: সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
বিশ্ব মান দিবস উপলক্ষে আজ সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বক্তব্য দেবেন।
বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়গুলোতেও আলোচনা সভা ও প্রচারমূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক আলোচনা অনুষ্ঠান প্রচার করা হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মাধ্যমে বিভিন্ন মুঠোফোনে খুদে বার্তা পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্রচারফলক স্থাপন করা হয়েছে।
বিশ্ব মান দিবসের মূল বার্তা হলো—মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করা, ক্রেতার অধিকার রক্ষা করা এবং নিরাপদ ও টেকসই উন্নয়নে মানের গুরুত্ব তুলে ধরা। তবে বাজারে ভেজাল ও ওজনে কারচুপি বন্ধে এসব অঙ্গীকার বাস্তবে কতটা কার্যকর হয়, সেটিই এখন বড় প্রশ্ন।
আরও পড়ুন: নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো চিঠি প্রকাশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন