মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০১:০৭ পি.এম
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ তৈরির উদ্দেশ্যে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূর্বে ১৬ নভেম্বর সভাটি অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল, তবে সেটি স্থগিত করা হয়। নতুন তারিখ নির্ধারণের ফলে মজুরি নির্ধারণের প্রক্রিয়া আবারও এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৩ নভেম্বর (সোমবার) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের নিজস্ব সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বোর্ডের তৃতীয় সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে। বিশেষত শ্রমিকপক্ষের প্রস্তাবের বিপরীতে মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপন এবং উভয় পক্ষের অবস্থান পর্যালোচনা সভার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।
এর আগে ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার নতুন মজুরি কাঠামোর প্রস্তাব জমা দেন। প্রস্তাবে সর্বনিম্ন চতুর্থ গ্রেডের জন্য ৩২ হাজার, তৃতীয় গ্রেডের জন্য ৩৮ হাজার, দ্বিতীয় গ্রেডের জন্য ৪৩ হাজার এবং প্রথম গ্রেডের জন্য ৪৮ হাজার টাকা মাসিক মজুরির সুপারিশ করা হয়। নতুন ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাবও রয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিতে পারেনি এবং তারা সময় চেয়েছে। পরে বোর্ড তাদের প্রস্তাব প্রস্তুত ও জমা দেওয়ার জন্য চার কর্মদিবস সময় দেয়। ফলে আগামী সভায় মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপন এবং শ্রমিকপক্ষের দাবির সঙ্গে তা পর্যালোচনার বিষয়টি গুরুত্ব পাবে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ তৈরির জন্য সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। এতে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও নিরপেক্ষ সদস্য রয়েছেন।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ এ মজুরি কাঠামো কার্যকর হয়। এরপর জীবনযাত্রার ব্যয়, বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে নতুন করে মজুরি বাড়ানোর দাবি জোরালো হয়েছে। শ্রমিকদের পক্ষ থেকে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিও জানানো হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাহমুদুল হাসান রাজু
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়া শিশুদের জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা পাওয়ার সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে একটি বড় জাতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা দেশের শিশু বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এটি নিশ্চিত করার জন্য যে কোনো শিশুকে যথাযথ আইনি প্রতিনিধিত্ব, সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক দিকনির্দেশনা ছাড়া জটিল আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে না হয়, আইনজীবীদের একটি বিশেষ নেটওয়ার্ক এবং শিশুবান্ধব আইনি সেবা চালুর মাধ্যমে শিশুদের অধিকার সুরক্ষায় বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোকে জোরদার করা হবে।
এই উদ্যোগটি আইনি ব্যবস্থার অধীনে আসা শিশুদের জন্য অত্যন্ত কার্যকর হবে। এর আওতায় বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযুক্ত শিশু-কিশোরদের পাশাপাশি রাষ্ট্রীয় আইনি সুরক্ষার প্রয়োজন রয়েছে এমন শিশুরা বিশেষভাবে উপকৃত হবে। শিশুদের উপযোগী এই কাঠামোর মাধ্যমে আইনি সহায়তা সহজলভ্য ও বোধগম্য করে তোলা হবে এবং বিচারিক কার্যক্রমের প্রতিটি পর্যায়ে তাদের সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।
আইনি প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে মৌলিক অধিকার সুরক্ষা সন্নিবেশিত করার মাধ্যমে এই কাঠামো শিশুসংবেদনশীল আচরণ নিশ্চিত করবে। একই সঙ্গে, ঝুঁকিপূর্ণ ও অসহায় শিশুরা প্রয়োজনে যেকোনো সময় পূর্ণাঙ্গ আইনি সহায়তা পাওয়ার সুযোগ পাবে।
এ উদ্যোগের বাস্তবায়নে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর (ডিবিএলএ) ও ইউনিসেফ বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে উভয় প্রতিষ্ঠান তাদের নিজ নিজ দায়িত্ব ও কারিগরি অবদানের কিছু রূপরেখা নির্ধারণ করেছে।
এ কার্যক্রমের আওতায় ইউনিসেফ বিভিন্ন জেলায় বিশেষায়িত শিশুবান্ধব ডেস্ক প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহায়তা ও কাঠামোগত সহযোগিতা প্রদান করবে। অন্যদিকে, ডিবিএলএ অংশগ্রহণকারী জেলাগুলোতে নির্ধারিত আইনজীবী প্যানেল ও শিশুবান্ধব ডেস্ক গঠন করবে, যাতে শিশুদের সংশ্লিষ্ট আইনি মামলাগুলো কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হয়।
এছাড়া, এই কর্মসূচির আওতায় শিশু আদালতে দায়িত্বরত বিচারকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ছয়টি জেলায় এই কার্যক্রম চালুর পরিকল্পনা করেছে এবং পর্যায়ক্রমে সারা দেশে এর পরিধি বিস্তারের লক্ষ্য নির্ধারণ করেছে।
এ উদ্যোগের সংশ্লিষ্ট সকল কার্যক্রম বাস্তবায়নের মূল কৌশলের ওপর আলোকপাত করে ডিবিএলএ-এর মহাপরিচালক মঞ্জুরুল হোসেন আইনজীবী ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বাসস’কে বলেন, ‘শিশু-সংশ্লিষ্ট মামলাগুলো পরিচালনায় দক্ষ করে তুলতে প্রতিটি জেলা থেকে কয়েকজন আইনজীবীকে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি শিশু আদালতের বিচারকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।’
মহাপরিচালক আরও জানান, কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ছয়টি জেলায় উদ্যোগটি শুরু করতে চায়। এরপর পর্যায়ক্রমে পুরো দেশে এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে, যাতে দেশজুড়ে প্রাতিষ্ঠানিক আইনি সহায়তা নিশ্চিত করা যায়।
বাংলাদেশে শিশুরা যেন প্রয়োজনে আইনি সহায়তা পায়, তা নিশ্চিত করার লক্ষ্যে গত ২৭ অক্টোবর ইউনিসেফ বাংলাদেশ এবং ডিবিএলএ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই আইনি সহায়তা কাঠামোটি সেই সমঝোতারই অংশ।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি জিলিয়ান মেলসপ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগীয় কর্মকর্তা এবং সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাহাঙ্গীর আলম
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : আদালতের পরিবেশ মানেই দীর্ঘ সময় অপেক্ষা, অনিশ্চয়তা ও ক্লান্তি। মামলার একটি নির্ধারিত তারিখের জন্য দূর-দূরান্ত থেকে আসা মানুষদের ঘণ্টার পর ঘণ্টা বারান্দায় দাঁড়িয়ে, সিঁড়িতে বসে কিংবা রোদের মধ্যে অপেক্ষা করতে হয়।
পুরুষদের জন্য এই ভোগান্তি কষ্টকর হলেও, নারী ও শিশুদের জন্য তা আরও বেশি কঠিন হয়ে ওঠে। এই বাস্তবতার প্রেক্ষাপটে ঢাকার আদালতপাড়ায় রেবতী ম্যানশনে নারী ও শিশু বিচারপ্রার্থীদের জন্য নির্ধারিত বিশ্রামাগারটি একটি মানবিক উদ্যোগের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছে।
বিশ্রামাগারটি বাস্তবায়নে সহযোগিতা করেছে জুডিসিয়াল স্ট্রেনদেনিং প্রজেক্ট, ইউএনডিপি।
বিশ্রামাগারের বাইরে একটি নীল সাইনবোর্ডে লেখা রয়েছে- বিচারপ্রার্থী নারী ও শিশু বিশ্রামাগার। পাশের একটি ছোট বোর্ডে উল্লেখ আছে - এই রুমের ভিতরে পুরুষদের প্রবেশ নিষেধ।
সরেজমিনে দেখা যায়, বিশ্রামাগারের ভেতরে ৩ জনের বসার জন্য ৮টি স্টিলের চেয়ার এবং ৪ জনের বসার জন্য ১টি কাঠের সিট রয়েছে। একসঙ্গে প্রায় ২৮ জন নারী ও শিশু এখানে বসতে পারেন। গরম থেকে স্বস্তি দেওয়ার জন্য ২টি ফ্যান রয়েছে এবং ব্যবহারের জন্য ৩টি টয়লেটও রয়েছে। পুরুষদের প্রবেশ নিষেধ থাকায় নারীদের জন্য একটি সম্পূর্ণ নিরাপদ ও ব্যক্তিগত পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
বিশ্রামাগারের দায়িত্বে থাকা ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের নাজির মতিউর রহমান বাসসকে বলেন, ‘আমরা বিশ্রামাগারটি যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করি। সকাল সাড়ে ৮টায় বিশ্রামাগারের দরজা খুলে দেওয়া হয়, বিকেল ৫টায় বন্ধ করে দেওয়া হয়। নারী ও শিশু বিচারপ্রার্থীরা যাতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসতে পারেন, সেজন্য পুরুষদের প্রবেশ নিষেধ রাখা হয়েছে এবং এটি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।’
এ বিষয়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইকবাল হোসেন বাসসকে বলেন, ‘রেবতী ম্যানশনে নারী ও শিশু বিচারপ্রার্থীদের জন্য যে বিশ্রামাগারটি রয়েছে, তা অত্যন্ত কার্যকরভাবে চলছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা নারী ও শিশু বিচারপ্রার্থীরা এখানে নিরাপদে বসছেন, বিশ্রাম নিচ্ছেন। পুরুষ প্রবেশ নিষেধ থাকায় তারা স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আদালত প্রাঙ্গণে নারী ও শিশুদের জন্য এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।’
আদালতে আগত নারী বিচারপ্রার্থীরা জানান, পূর্বে তাদের বারান্দা বা সিঁড়িতে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই বিশ্রামাগার হওয়ায় ছোট শিশু নিয়ে আসা মায়েরা এখন নিরাপদে বসে শুনানির জন্য অপেক্ষা করতে পারছেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এখানে বিশুদ্ধ খাবার পানি, ব্রেস্টফিডিং কর্নার ও তথ্য সহায়তা ডেস্ক যুক্ত করা হলে এই বিশ্রামাগার দেশের অন্যান্য আদালতের জন্য একটি মডেল হতে পারে। ছোট এই উদ্যোগই প্রমাণ করে— একটু যত্ন আর সদিচ্ছা থাকলে বিচারাঙ্গনকে আরও মানবিক করা সম্ভব।
একটি মামলায় হাজিরা দিতে আসা কুমিল্লার মমতাজ বেগম ও চেক ডিজঅনার মামলার বাদী কেরানীগঞ্জ থেকে আসা রেহানা খাতুন জানান, আদালতের কার্যক্রম দুপুরের পর শুরু হবে। তাই ৩/৪ ঘন্টা অপেক্ষার জন্য এ বিশ্রামাগার আমাদের জন্য নিরাপদ ও স্বস্তির জায়গা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভোলা জেলা যুবদলের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে মো. ফখরুল ইসলাম ফেরদৌস এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মনির হোসেনকে মনোনীত করা হয়েছে।
এটি সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দফতর সম্পাদকের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই কমিটি অনুমোদন করেছেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জ্বল এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার।
ভোলা জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী ৩০ দিনের মধ্যে গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার ফলে ভোলা জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : সিটি করপোরেশনের মর্যাদা লাভের পর সিলেট ও বগুড়ায় নিম্ন আয়ের পরিবারের জন্য ৪০ হাজার নতুন কার্ড বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
যদি এই প্রস্তাব অনুমোদিত হয়, তাহলে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির আওতায় কার্ডধারীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে এক কোটি এক লাখে পৌঁছাতে পারে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজ বাসসকে এ তথ্য জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, সিলেট সিটি করপোরেশনের মর্যাদা পাওয়ার পর সেখানে নতুন কার্ডের প্রয়োজন দেখা দিয়েছে। এই কারণে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। একইভাবে বগুড়াও সিটি করপোরেশনে উন্নীত হওয়ায় ওই অঞ্চলের জন্য অতিরিক্ত কার্ড চাওয়া হয়েছে।
বর্তমানে টিসিবির কার্ড কর্মসূচির আওতায় এক কোটি পরিবারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৮০ লাখ কার্ড বিতরণ করা হয়েছে। বাকি প্রায় ২০ লাখ কার্ড বিতরণের কাজ চলছে। নতুন প্রস্তাবের পাশাপাশি ভবিষ্যতে আরও কিছু কার্ড যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে মোট উপকারভোগীর সংখ্যা প্রায় এক কোটি এক লাখে পৌঁছাতে পারে। তবে এই সংখ্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও চূড়ান্ত বরাদ্দ সমন্বয়ের ওপর নির্ভর করবে।
টিসিবির চেয়ারম্যান জানান, অবশিষ্ট কার্ড দ্রুত বিতরণ করার জন্য জেলা প্রশাসনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও সহযোগিতা চাওয়া হয়েছে যাতে তারা নিজ নিজ এলাকায় যোগ্য পরিবার চিহ্নিত করে কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে পারে।
তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তাই প্রকৃত উপকারভোগীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
কার্ড বিতরণে অনিয়ম এবং একই পরিবারের নামে একাধিক কার্ড থাকার মতো সমস্যা এড়াতে টিসিবি উপকারভোগীদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়াও জোরদার করেছে। গত বছর ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে প্রায় ৬০ লাখ কার্ড বাতিল করা হয়েছে।
ফয়সল আজাদ বলেন, ডিজিটাল যাচাইয়ের ফলে একই ব্যক্তি বা পরিবারের নামে একাধিক কার্ড থাকার সুযোগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নিয়মিত যাচাই-বাছাইয়ের মাধ্যমে অযোগ্যদের বাদ দেওয়া হচ্ছে এবং নতুন করে যোগ্য পরিবারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে সময়ের সঙ্গে কার্ডের সংখ্যা পরিবর্তিত হচ্ছে।
তবে ডিজিটাল যাচাইয়ের পাশাপাশি মাঠপর্যায়ে সরেজমিন যাচাইও প্রয়োজন বলে তিনি জানান। বর্তমানে প্রায় ৮০ লাখ কার্ডধারীর সবার তথ্য সরেজমিনে যাচাইয়ের কাজ এখনো সম্পন্ন হয়নি।
টিসিবির চেয়ারম্যান বলেন, উপকারভোগীদের যোগ্যতা যাচাইয়ের দায়িত্ব জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অন্যদিকে, টিসিবির আঞ্চলিক কার্যালয়গুলো নমুনাভিত্তিক যাচাই করে থাকে।
তিনি বলেন, এসব উদ্যোগের উদ্দেশ্য হলো কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা, একই ব্যক্তি বা পরিবারের নামে একাধিক কার্ড কিংবা অনুপযুক্ত ব্যক্তির কার্ড পাওয়ার ঝুঁকি কমানো এবং সরকারি সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া।
সিলেট ও বগুড়ার জন্য অতিরিক্ত কার্ডের প্রস্তাব মূলত প্রশাসনিক পরিবর্তনের সঙ্গে উপকারভোগীর সংখ্যা সমন্বয়ের অংশ। ভবিষ্যতে যদি আরও কোনো এলাকা সিটি করপোরেশনে উন্নীত হয় অথবা সরকার কর্মসূচির আওতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে কার্ডের বরাদ্দ পুনর্বিন্যাসের প্রয়োজন হতে পারে। এই লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অবশিষ্ট কার্ড বিতরণ ও উপকারভোগীদের তথ্য হালনাগাদের কাজ চালিয়ে যাচ্ছে টিসিবি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ