মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০১:০৯ পি.এম
জাহাঙ্গীর আলম
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : আদালতের পরিবেশ মানেই দীর্ঘ সময় অপেক্ষা, অনিশ্চয়তা ও ক্লান্তি। মামলার একটি নির্ধারিত তারিখের জন্য দূর-দূরান্ত থেকে আসা মানুষদের ঘণ্টার পর ঘণ্টা বারান্দায় দাঁড়িয়ে, সিঁড়িতে বসে কিংবা রোদের মধ্যে অপেক্ষা করতে হয়।
পুরুষদের জন্য এই ভোগান্তি কষ্টকর হলেও, নারী ও শিশুদের জন্য তা আরও বেশি কঠিন হয়ে ওঠে। এই বাস্তবতার প্রেক্ষাপটে ঢাকার আদালতপাড়ায় রেবতী ম্যানশনে নারী ও শিশু বিচারপ্রার্থীদের জন্য নির্ধারিত বিশ্রামাগারটি একটি মানবিক উদ্যোগের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছে।
বিশ্রামাগারটি বাস্তবায়নে সহযোগিতা করেছে জুডিসিয়াল স্ট্রেনদেনিং প্রজেক্ট, ইউএনডিপি।
বিশ্রামাগারের বাইরে একটি নীল সাইনবোর্ডে লেখা রয়েছে- বিচারপ্রার্থী নারী ও শিশু বিশ্রামাগার। পাশের একটি ছোট বোর্ডে উল্লেখ আছে - এই রুমের ভিতরে পুরুষদের প্রবেশ নিষেধ।
সরেজমিনে দেখা যায়, বিশ্রামাগারের ভেতরে ৩ জনের বসার জন্য ৮টি স্টিলের চেয়ার এবং ৪ জনের বসার জন্য ১টি কাঠের সিট রয়েছে। একসঙ্গে প্রায় ২৮ জন নারী ও শিশু এখানে বসতে পারেন। গরম থেকে স্বস্তি দেওয়ার জন্য ২টি ফ্যান রয়েছে এবং ব্যবহারের জন্য ৩টি টয়লেটও রয়েছে। পুরুষদের প্রবেশ নিষেধ থাকায় নারীদের জন্য একটি সম্পূর্ণ নিরাপদ ও ব্যক্তিগত পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
বিশ্রামাগারের দায়িত্বে থাকা ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের নাজির মতিউর রহমান বাসসকে বলেন, ‘আমরা বিশ্রামাগারটি যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করি। সকাল সাড়ে ৮টায় বিশ্রামাগারের দরজা খুলে দেওয়া হয়, বিকেল ৫টায় বন্ধ করে দেওয়া হয়। নারী ও শিশু বিচারপ্রার্থীরা যাতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসতে পারেন, সেজন্য পুরুষদের প্রবেশ নিষেধ রাখা হয়েছে এবং এটি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।’
এ বিষয়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইকবাল হোসেন বাসসকে বলেন, ‘রেবতী ম্যানশনে নারী ও শিশু বিচারপ্রার্থীদের জন্য যে বিশ্রামাগারটি রয়েছে, তা অত্যন্ত কার্যকরভাবে চলছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা নারী ও শিশু বিচারপ্রার্থীরা এখানে নিরাপদে বসছেন, বিশ্রাম নিচ্ছেন। পুরুষ প্রবেশ নিষেধ থাকায় তারা স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আদালত প্রাঙ্গণে নারী ও শিশুদের জন্য এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।’
আদালতে আগত নারী বিচারপ্রার্থীরা জানান, পূর্বে তাদের বারান্দা বা সিঁড়িতে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই বিশ্রামাগার হওয়ায় ছোট শিশু নিয়ে আসা মায়েরা এখন নিরাপদে বসে শুনানির জন্য অপেক্ষা করতে পারছেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এখানে বিশুদ্ধ খাবার পানি, ব্রেস্টফিডিং কর্নার ও তথ্য সহায়তা ডেস্ক যুক্ত করা হলে এই বিশ্রামাগার দেশের অন্যান্য আদালতের জন্য একটি মডেল হতে পারে। ছোট এই উদ্যোগই প্রমাণ করে— একটু যত্ন আর সদিচ্ছা থাকলে বিচারাঙ্গনকে আরও মানবিক করা সম্ভব।
একটি মামলায় হাজিরা দিতে আসা কুমিল্লার মমতাজ বেগম ও চেক ডিজঅনার মামলার বাদী কেরানীগঞ্জ থেকে আসা রেহানা খাতুন জানান, আদালতের কার্যক্রম দুপুরের পর শুরু হবে। তাই ৩/৪ ঘন্টা অপেক্ষার জন্য এ বিশ্রামাগার আমাদের জন্য নিরাপদ ও স্বস্তির জায়গা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভোলা জেলা যুবদলের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে মো. ফখরুল ইসলাম ফেরদৌস এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মনির হোসেনকে মনোনীত করা হয়েছে।
এটি সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দফতর সম্পাদকের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই কমিটি অনুমোদন করেছেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জ্বল এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার।
ভোলা জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী ৩০ দিনের মধ্যে গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার ফলে ভোলা জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : সিটি করপোরেশনের মর্যাদা লাভের পর সিলেট ও বগুড়ায় নিম্ন আয়ের পরিবারের জন্য ৪০ হাজার নতুন কার্ড বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
যদি এই প্রস্তাব অনুমোদিত হয়, তাহলে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির আওতায় কার্ডধারীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে এক কোটি এক লাখে পৌঁছাতে পারে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজ বাসসকে এ তথ্য জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, সিলেট সিটি করপোরেশনের মর্যাদা পাওয়ার পর সেখানে নতুন কার্ডের প্রয়োজন দেখা দিয়েছে। এই কারণে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। একইভাবে বগুড়াও সিটি করপোরেশনে উন্নীত হওয়ায় ওই অঞ্চলের জন্য অতিরিক্ত কার্ড চাওয়া হয়েছে।
বর্তমানে টিসিবির কার্ড কর্মসূচির আওতায় এক কোটি পরিবারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৮০ লাখ কার্ড বিতরণ করা হয়েছে। বাকি প্রায় ২০ লাখ কার্ড বিতরণের কাজ চলছে। নতুন প্রস্তাবের পাশাপাশি ভবিষ্যতে আরও কিছু কার্ড যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে মোট উপকারভোগীর সংখ্যা প্রায় এক কোটি এক লাখে পৌঁছাতে পারে। তবে এই সংখ্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও চূড়ান্ত বরাদ্দ সমন্বয়ের ওপর নির্ভর করবে।
টিসিবির চেয়ারম্যান জানান, অবশিষ্ট কার্ড দ্রুত বিতরণ করার জন্য জেলা প্রশাসনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও সহযোগিতা চাওয়া হয়েছে যাতে তারা নিজ নিজ এলাকায় যোগ্য পরিবার চিহ্নিত করে কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে পারে।
তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তাই প্রকৃত উপকারভোগীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
কার্ড বিতরণে অনিয়ম এবং একই পরিবারের নামে একাধিক কার্ড থাকার মতো সমস্যা এড়াতে টিসিবি উপকারভোগীদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়াও জোরদার করেছে। গত বছর ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে প্রায় ৬০ লাখ কার্ড বাতিল করা হয়েছে।
ফয়সল আজাদ বলেন, ডিজিটাল যাচাইয়ের ফলে একই ব্যক্তি বা পরিবারের নামে একাধিক কার্ড থাকার সুযোগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নিয়মিত যাচাই-বাছাইয়ের মাধ্যমে অযোগ্যদের বাদ দেওয়া হচ্ছে এবং নতুন করে যোগ্য পরিবারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে সময়ের সঙ্গে কার্ডের সংখ্যা পরিবর্তিত হচ্ছে।
তবে ডিজিটাল যাচাইয়ের পাশাপাশি মাঠপর্যায়ে সরেজমিন যাচাইও প্রয়োজন বলে তিনি জানান। বর্তমানে প্রায় ৮০ লাখ কার্ডধারীর সবার তথ্য সরেজমিনে যাচাইয়ের কাজ এখনো সম্পন্ন হয়নি।
টিসিবির চেয়ারম্যান বলেন, উপকারভোগীদের যোগ্যতা যাচাইয়ের দায়িত্ব জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অন্যদিকে, টিসিবির আঞ্চলিক কার্যালয়গুলো নমুনাভিত্তিক যাচাই করে থাকে।
তিনি বলেন, এসব উদ্যোগের উদ্দেশ্য হলো কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা, একই ব্যক্তি বা পরিবারের নামে একাধিক কার্ড কিংবা অনুপযুক্ত ব্যক্তির কার্ড পাওয়ার ঝুঁকি কমানো এবং সরকারি সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া।
সিলেট ও বগুড়ার জন্য অতিরিক্ত কার্ডের প্রস্তাব মূলত প্রশাসনিক পরিবর্তনের সঙ্গে উপকারভোগীর সংখ্যা সমন্বয়ের অংশ। ভবিষ্যতে যদি আরও কোনো এলাকা সিটি করপোরেশনে উন্নীত হয় অথবা সরকার কর্মসূচির আওতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে কার্ডের বরাদ্দ পুনর্বিন্যাসের প্রয়োজন হতে পারে। এই লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অবশিষ্ট কার্ড বিতরণ ও উপকারভোগীদের তথ্য হালনাগাদের কাজ চালিয়ে যাচ্ছে টিসিবি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চুয়াডাঙ্গায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। হামলার সময় তাদের মোবাইল ফোন, টাকা-পয়সা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নেওয়া হয়। সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় এই ঘটনা ঘটে।
রেল ও পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকার ট্রেন (PSIK 6 DOWN) ওই এলাকায় দাঁড়িয়ে ছিল ক্রসিংয়ের জন্য। এ সময় একদল দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিন রুমের কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা লোকোমাস্টার নজরুল ইসলাম এবং সহকারী লোকোমাস্টার কবীর হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এক পর্যায়ে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ টাকা এবং পরনের কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ট্রেনটি উথলী স্টেশনে অবস্থান করছে। ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে বলে জানা গেছে।
দামুড়হুদা থানার ওসি রাসেল মিয়া জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছেন। এলাকাটি নির্জন। এটি ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা, এর কারণ অনুসন্ধান করা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন মোতায়েন করা বিজিবি সদস্যরা।
এতে আরও উল্লেখ করা হয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ